মারা গেছেন ‘হ্যারি পটার’-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল’

মারা গেছেন ‘হ্যারি পটার’-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল’ হলিউডের জনপ্রিয় শিশুতোষ সিনেমা ‘হ্যারি পটার’-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল’ চরিত্রে অভিনয় করা খ্যাতনামা ব্রিটিশ অভিনেত্রী ম্যাগি স্মিথ মারা গেছেন। শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেত্রী। হ্যারি পটার হচ্ছে ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত সাত খন্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ। এই সিরিজের উপন্যাসগুলোর মূল বিষয় জাদুকরদের দুনিয়া নিয়ে। এর কাহিনী আবর্তিত হয়েছে হ্যারি পটার নামে এক কিশোর জাদুকরকে ঘিরে যে তার দুই প্রিয় বন্ধু রন উইজলি ও হারমায়নি গ্রেঞ্জারকে সাথে নিয়ে নানা অ্যাডভেঞ্চারে অংশ নেয়। গল্পের বেশিরভাগ ঘটনা ঘটেছে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ডরিতে। মূল চরিত্র হ্যারি পটারের বড় হওয়ার পথে যেসব ঘটনা ঘটে, তার শিক্ষাজীবন, সম্পর্ক ও অ্যাডভেঞ্চার নিয়েই কাহিনী রচিত হয়েছে। ৭টি বইয়ের কাহিনী নিয়ে তৈরি হয় আটটি সফল চলচ্চিত্র। এই হ্যারি পটার সিরিজে ‘প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল’ চরিত্রে অভিনয় করেছেন ম্যাগি স্মিথ। এ চরিত্রের কারণে জন্য বর্তমান প্রজন্মের কাছে তিনি প্রফেসর ম্যাকগোনাগেল নামেই অধিক পরিচিত। স্মিথের ক্যারিয়ারের শুরু ১৯৫০-এর দশকে। তিনি ট্রেবল অ্যাওয়ার্ড জয়ী (অস্কার, এমি ও টনি অ্যাওয়ার্ড) অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম। দীর্ঘদিনের ক্যারিয়ারে তার ঝুলিতে উঠেছে দুটি অস্কার, চারটি এমি অ্যাওয়ার্ড ও টনি অ্যাওয়ার্ড। ১৯৬৫ সালে লরেন্স অলিভিয়ারের ‌‘ওথেলো’ সিনেমায় ডেসডিমোনা চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো তিনি একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। ১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অব মিস জিন ব্রডি’-তে এডিনবার্গ স্কুলশিক্ষিকার চরিত্রে অভিনয় তাকে অস্কার এনে দেয়। দ্বিতীয় অস্কার জেতেন ১৯৭৮ সালে ‘ক্যালিফোর্নিয়া সুইট’-এ সিনেমায় অভিনয়ের জন্য। ১৯৯০ সালে রানি এলিজাবেথ তাকে সম্মানসূচক ‘ডেম’ উপাধিতে ভূষিত করেন। ডেম উপাধি মূলত নারীদের দেওয়া হয়। এটি যুক্তরাজ্যের রাজার দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক ‘নাইট’ উপাধির সমতুল্য।

কাকে ‘শাকচুন্নি’ বললেন বিদ্যা বালান

কাকে ‘শাকচুন্নি’ বললেন বিদ্যা বালান বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমায় মঞ্জুলিকা চরিত্রে পর্দায় হাজির হয়েছিলেন ডার্টি পিকচার খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। ‘ভুল ভুলাইয়া’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তারই রেশ ধরে বলিউডে তৈরি হয়েছিল ‘ভুল ভুলাইয়া টু’- এতে অবশ্য বিদ্যা বালানকে দেখা যায়নি। এবার পর্দায় আসতে চলেছে ‘ভুল ভুলাইয়া থ্রি’।  এতে আবার মঞ্জুলিকা চরিত্রে ফিরছেন বিদ্যা। শুক্রবার প্রকাশ হয়েছে ভুল ভুলায়িা থ্রি -এর টিজার। দেখে যতটা বোঝা গেলো তাহলো হরর, রোমান্স ও কমেডি ঘরানার সিনেমা হতে চলেছে ‘ভুল ভুলাইয়া থ্রি’। টিজারের একেবারে শুরুতেই বাংলা ভাষায় শাকচুন্নি বলতে শোনা গেছে বিদ্যা বালানকে। তবে বিদ্যা বালান কাকে শাকচুন্নি বললেন তা এই টিজারে বোঝা গেলো না।  ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই টিজারটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১ কোটি ৯২ লাখ মানুষ দেখেছেন । টিজারে কার্তিক আরিয়ানকে বলতে শোনা যায়, ‘কী ভাবছেন গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয়েই যায় খোলার জন্য’। সিনেমার টিজারে রোমান্স করতে দেখা গেছে, কার্তিক এবং তৃপ্তিকে। আসন্ন দীপাবলিতে মুক্তির কথা রয়েছে ‘ভুল ভুলাইয়া থ্রি’। এর আগে ‘ভুল ভুলাইয়া’ সিনেমায় মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। বন্ধু সাইনি আহুজার স্ত্রী বিদ্যা বালানের ‘ভুতুড়ে’ রোগ সারাতে অট্টালিকায় হাজির হয়েছিলেন অক্ষয়। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় দর্শকের মন জয় করেছিল। ‘ভুল ভুলাইয়া টু’ তে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানিকে দেখা গিয়েছিল। আরও ছিলেন টাবু।

শাহরুখে মুগ্ধ মাহিরা

শাহরুখে মুগ্ধ মাহিরা বলিউডে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে নিজের জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে গেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। শাহরুখের প্রতি মুগ্ধতার শেষ নেই মাহিরার। গত বছর বলিউড কিং শাহরুখ খানের ফ্যান গার্ল হিসেবে নিজের পরিচয় দিয়ে সমালোচনায় পড়েছিলেন মাহিরা খান। পিএমএলএন নেতা আফনান উল্লাহ বলেছিলেন, ‘মাহিরার মানসিক সমস্যা আছে। টাকার জন্য এই অভিনেত্রী ভারতীয় অভিনেতাদের তোষামোদ করেন।’ এরপরেও শাহরুখের প্রতি মুগ্ধতা প্রকাশে পিছপা হননি পাকিস্তানের অন্যতম ধনী এই অভিনেত্রী। সম্প্রতি মাহিরা মাহির এক অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চেয়েছিলেন, শাহরুখের কাছ থেকে কী শিখেছেন মাহিরা?- এই প্রশ্নের উত্তরে মাহিরা এক বাক্যে লিখেছেন, ‘সুখকে জীবনে আসার একটি সুযোগ দাও বেবি।’উল্লেখ্য, ২০১৭ সালে বলিউডে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় অভিষেক হয় মাহিরার। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেন রাহুল ঢোলাকিয়া। সিনেমাতে আরও দেখা গিয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছির সিনেমাটি। কিন্তু এই সিনেমাটির কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাক-ভারত রাজনৈতিক জটিলতা বাড়তে থাকে। ফলে ভারতে সিনেমার প্রচারণায় আসতে পারেননি মাহিরা। বলিউডে কাজ করার জন্য হুমকির মুখে পড়তে হয়েছিল তাকে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

জয়ের জন্য শাকিবের বার্তা

জয়ের জন্য শাকিবের বার্তা ঢালিউড কিং শাকিব খান। ব্যক্তিগত জীবনে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান আব্রাম খান জয়। পুত্রকে জনসম্মুখে আনার পরই খুদে তারকায় পরিণত হয় জয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জয় ৮ বছর পূর্ণ করলো। বিশেষ দিনে ছেলেকে নিয়ে নানা অনুভূতির কথা ফেসবুকে প্রকাশ করেছেন অপু বিশ্বাস। এবার পুত্রকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশেষ বার্তা দিলেন শাকিব খান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পুত্র জয়ের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট শাকিব খান। ক্যাপশনে ‘তুফান’খ্যাত এ নায়ক লেখেন, ‘শুভ জন্মদিন আব্রাম। মনে রেখ, যখনই তোমার প্রয়োজন পড়বে, তখনই আমি তোমার পাশে আছি। তোমাকে ভালোবাসি পাপা।’ ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-অপু। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর শাকিব-অপুর সম্পর্ক তিক্ততায় রূপ। পরবর্তীতে আলাদা হয়ে যান তারা।

আবারও একসঙ্গে সাইফ-কারিনা

আবারও একসঙ্গে সাইফ-কারিনা একসঙ্গে বেশ কয়েকটি সিনেমাতে দেখা গেছে বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানকে। ২০১২ সালে ‘এজেন্ট বিনোদ’-এ শেষবার জুটি বেঁধেছিলেন তারা। আবারও নতুন সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ‘অ্যানিমেল’ নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমায় অভিনয় করবেন সাইফ-কারিনা। এই তারকা দম্পতিকে নাকি দেখা যাবে খল চরিত্রে। ইতোমধ্যেই ‘স্পিরিট’ নামের সিনেমার প্রস্তুতি শুরু করেছেন সন্দীপ। শোনা যাচ্ছে, সিনেমাতে প্রধান চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী তারা প্রভাসকে। এতে দুই খলনায়কের চরিত্রের জন্য প্রস্তাব গেছে সাইফ ও কারিনার কাছে। এই দম্পতিকে পর্দায় জুটি হিসেবেই তুলে ধরতে আগ্রহী পরিচালক। প্রভাসের সঙ্গেও এটি প্রথম সিনেমা হতে চলেছে পরিচালকের। যদিও নির্মাতারা এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে নারাজ। তবে শোনা যাচ্ছে, আগামী বছরই মুক্তি পেতে পারে সিনেমাটি।

জুনিয়র এনটিআরকে ভীষণ ভয় পাচ্ছিলাম: আলিয়া

জুনিয়র এনটিআরকে ভীষণ ভয় পাচ্ছিলাম: আলিয়া ‘বাহুবলি’ সিনেমা খ্যাত পরিচালক এস এস রাজামৌলি। তার নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআর। সিনেমাটির সীতা চরিত্র রূপায়ন করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২০২২ সালের ২৫ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পায় ‘ট্রিপল আর’। বক্স অফিসে যেমন ঝড় তুলেছিল, তেমনি অস্কার পুরস্কারও লাভ করে এ সিনেমার ‘নাটু নাটু’ গানটি। সিনেমাটি মুক্তির পর কেটে গেছে দুই বছরের বেশি সময়। দীর্ঘ দিন পর এ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন আলিয়া। এ-ও জানালেন, জুনিয়র এনটিআরকে নিয়ে ভয়ে ছিলেন তিনি। এক চ্যাট শোয়ে স্মৃতিচারণ করে আলিয়া ভাট বলেন, ‘আমি জুনিয়র এনটিআরের তারকা খ্যাতির বিষয়ে আগেই শুনেছিলাম। স্বাভাবিকভাবে, আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। মনে করেছিলাম, এক বছর রিহার্সেল করেছি, সেটে যাব হাঁটব এবং সব ভুলে যাব। কিন্তু আমি যা কল্পনা করেছিলাম, তার বিপরীতটা ঘটেছিল। কারণ সে ভয় দেখানোর মতো কিছু করেনি। বরং সে খুবই সহায়ক মানুষ। আমি খুব নার্ভাস ছিলাম। কিন্তু সে আমাকে স্বাচ্ছন্দ্য বোধ করিয়েছে। একজন অভিনেতা হিসেবে তার যে বিষয়টি আমার পছন্দ, তা হলো— তার সম্পর্কে আগে থেকে কিছু বলা মুশকিল।’

আমি এভাবেই নেচে নেচে ফটোশুট করি: মাহি

আমি এভাবেই নেচে নেচে ফটোশুট করি: মাহি পরনে কালো-খয়েরি রঙের শাড়ি। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। চোখে কাজল, মুখে হাসি। ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি গান। এ গানের সঙ্গে নাচছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের ফেসবুকে ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যের একটি পোস্ট করেছেন তিনি। তাতে এমন দৃশ্য দেখা যায়। নেট দুনিয়ায় যা এখন রীতিমতো ভাইরাল। মাহি ভিডিওটির ক্যাপশনে লেখেছেন— ‘এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি।’ ভিডিওতে মাহির লুক, অভিব্যক্তি ও নাচ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা। মিলাদ ভূঁইয়া লেখেন, ‘ইদানীং নাচে মনোযোগী দেখা যাচ্ছে।’ এ মন্তব্যের জবাবে মাহি লেখেন, ‘এটা ফটোশুট।’ সাফা নুজহাত আগুনের ইমোজি দিয়ে লেখেন, ‘উফ!’ সিফাত নুসরাত লেখেন, ‘ওয়াও!’ শিবলি লেখেন, ‘আপনি নাচে অসাধারণ।’ আফিফা লেখেন, ‘গর্জিয়াস আপু।’ ফাহমিদা লেখেন, ‘এইটা একটু বেশি সুন্দর হইছে।’ প্রশ্ন ছুড়ে দিয়ে চিত্রনায়ক জয় চৌধুরী লেখেন, ‘ভালো তো নিষেধ করেছে কে?’ অনেক দিন সিনেমায় নেই মাহিয়া মাহি। চলচ্চিত্রে ফেরার আহ্বান জানিয়ে ওয়াসিম লেখেন,  ‘বাংলাদেশের একজন নাম্বার ওয়ান নায়িকা ধীরে ধীরে এভাবে দর্শকদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, তাতে ভক্তকূল খুবই হতাশা। নতুনভাবে নতুন সিনেমাতে ঝলক দেখতে চান দর্শক।’ মাহি এ মন্তব্যের জবাব দেননি। তবে একটি গণমাধ্যমকে মাহিয়া মাহি বলেন, “আমি ব্যস্ত অভিনেত্রী হতে চাই না। খুব বেশি কাজ আমার দরকার নেই। ভারতে যেমন ‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘কাল্কি’-এর জন্য একজন আল্লু অর্জুন, একজন প্রভাস যেমন বছরের পর বছর অপেক্ষা করে, তেমনি আমি অপেক্ষা করতে চাই। মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রীর তকমা না দেয়, তারা যেন আমার অভিনয়ে মুগ্ধ হয়, তৃপ্ত হয়।”

বিয়ের আগেই মা হওয়ার বাসনার কথা জানালেন নাগার হবু স্ত্রী

বিয়ের আগেই মা হওয়ার বাসনার কথা জানালেন নাগার হবু স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সম্পন্ন করেন। চলতি বছরের শেষের দিকে সাতপাকে বাঁধা পড়বেন তারা। নাগা চৈতন্যর সঙ্গে বাগদানের পর প্রথমবার ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন শোবিতা ঢুলিপালারে। গালাটা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে, বিয়ে ও সন্তান নিয়ে তার কল্পনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। মা হওয়ার বাসনার কথা জানিয়ে শোবিতা বলেন, ‘মাতৃত্বের পুরো অভিজ্ঞতা নেওয়ার কথা আমি সবসময়ই ভেবেছি। এ বিষয়ে আমি পরিষ্কার ছিলাম এবং বিয়ে করছি। আমি সবসময়ই নিজেকে সেই পরিবেশে দেখেছি। এটি এমন বিষয়, যা আমি কল্পনা করেছিলাম।’ বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী শোবিতা ঢুলিপালার। পরবর্তী তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার কাজের ঝুলিতে জমা পড়েছে ‘পোনিয়িন সেলভান’-এর মতো সিনেমা।  

আজকাল দম্পতিরা প্রতি মাসে ডিভোর্স লেটার পাঠায়: আশা ভোঁসলে

আজকাল দম্পতিরা প্রতি মাসে ডিভোর্স লেটার পাঠায়: আশা ভোঁসলে উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। ৯১ বছর বয়সী এই শিল্পীকে এখনও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। কয়েক দিন আগে আধ্যাত্মিক নেতা রবি শঙ্করের সঙ্গে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে যোগ দেন আশা ভোঁসলে। এ আলাপচারিতায় বর্তমান প্রজন্মের প্রেম পড়া, প্রেম ভাঙা এবং বিবাহবিচ্ছেদের কারণ আশা ভোঁসলের কাছে জানতে চান রবি শঙ্কর। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত জীবন টেনে আনেন এই গায়িকা। আশা ভোঁসলে জানান, স্বামী আরডি বর্মনের সঙ্গে তার সমস্যা হতো। এ নিয়ে বিরক্তও হতেন। কিন্তু খুব বেশি হলে রাগ করে মায়ের কাছে চলে যেতেন। তবে কখনো ডিভোর্সের চিন্তাও তার মাথায় আসেনি। এ সময় রবি শঙ্করকে প্রশ্ন ছুড়ে দিয়ে আশা ভোঁসলে বলেন, আজকাল শুনতে পাই, দম্পতিরা প্রতি মাসে ডিভোর্স লেটার পাঠায়। গুরুদেব, এমনটা কেন ঘটছে? এ প্রশ্নের জবাবে রবি শঙ্কর বলেন, আপনি গান গেয়ে সবাইকে আনন্দ দিচ্ছেন। সৃষ্টিকর্তার ওপরে আপনার বিশ্বাস আছে, কষ্ট সহ্য করা এবং সমস্যার মোকাবিলা করার শক্তিও আপনার আছে। কিন্তু আজকালের মানুষজনের কষ্ট সহ্য করার ক্ষমতা নেই বললেই চলে। ’ বর্তমান প্রজন্ম দ্রুত কঠোর পদক্ষেপ নেয় বলে মন্তব্য করেন আশা ভোঁসলে। তার মতে, আমি আমার জীবনের অধিকাংশ বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়েছি, অনেক মানুষকে দেখেছি। এখনকার প্রজন্মের মতো এত দ্রুত কঠোর পদক্ষেপ নিতে আগে দেখিনি। আমার মনে হয়, তারা পরস্পরের প্রতি দ্রুত ভালোবাসা অনুভব করে এবং তারা দ্রুত বিরক্ত হয়ে যায়। সম্ভবত, এ কারণে বিবাহবিচ্ছেদের হার বেড়েছে। আশা ভোঁসলের এ বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে রবি শঙ্কর। তিনি বলেন, আজকাল আকর্ষণ ভালোবাসাকে ছাড়িয়ে গেছে। বড় বোন লতা মঙ্গেশকরের সেক্রেটারি গণপতরাও ভোঁসলেকে প্রথম বিয়ে করেন আশা ভোঁসলে। তখন তার বয়স ছিল ১৬ বছর আর গণপতের বয়স ছিল ৩১ বছর। ১৯৬০ সালে ভেঙে যায় এ সংসার। ১৯৮০ সালে গায়ক আরডি বর্মনকে বিয়ে করেন আশা। ১৯৯৪ সালে মারা যান আশা ভোঁসলের দ্বিতীয় স্বামী আরডি বর্মন।

পরনে ২৩ ফুট লম্বা শাড়ি, ৬ ঘণ্টা ওয়াশরুমে যাননি আলিয়া

পরনে ২৩ ফুট লম্বা শাড়ি, ৬ ঘণ্টা ওয়াশরুমে যাননি আলিয়া বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় গুণে অনেক আগেই নিজের জাত চিনিয়েছেন মহেশ কন্যা। ভারতের কাঁটাতার পেরিয়ে ছড়িয়েছে তার খ্যাতি। অভিনয়ের প্রতি যেমন যত্নশীল, তেমনি ফ্যাশনেও সচেতন এই নায়িকা। চলতি বছরের মে মাসে বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালাতে শাড়ি পরে হাজির হয়ে নজর কাড়েন আলিয়া। মেট গালায় তোলা বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া ভাট। তাতে দেখা যায়, ফ্লোরা শাড়ি পরেছেন আলিয়া। এ শাড়ির লম্বা একটি আঁচল পড়ে আছে ফ্লোরে। শরীর থেকে যেন ঠিকরে পড়ছে রূপের দ্যুতি! এই শাড়ির আঁচলের দৈর্ঘ্য ২৩ ফুট। মেট গালার সেই অভিজ্ঞতা নিয়ে বিস্ময়কর তথ্য জানালেন আলিয়া ভাট। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর দ্বিতীয় সিজনে অতিথি হিসেবে উপস্থিত হন আলিয়া ভাট। মূলত, তার পরবর্তী সিনেমা ‘জিগরা’-এর প্রচারের অংশ হিসেবে এ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সিনেমাটির টিমের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় মেট গালার অভিজ্ঞতা জানান আলিয়া ভাট। এ অনুষ্ঠানে সঞ্চালক কপিল শর্মা মেট গালার ছবি প্রদর্শন করেন। এক পর্যায়ে আলিয়ার ছবি সামনে আসে। ওই সময়ে অভিনেত্রী অর্চনা পূরন সিং জানতে চান, এ ধরনের পোশাক পরে মানুষ কীভাবে ওয়াশরুমে যান? এ প্রশ্নের উত্তরে আলিয়া ভাট বলেন, ‘আপনি না! এ পোশাক পরার পর ৬ ঘণ্টা আমি ওয়াশরুমে যাইনি।’এর আগে ইন্ডিয়া টুডে জানায়, আনাইতা শ্রফ আদজানিয়ার স্টাইলে শাড়িটি তৈরি করেন ডিজাইনার সব্যসাচী মুখার্জি। এ শাড়িতে রয়েছে ২৩ ফুট লম্বা এমব্রয়ডারি করা আঁচল। শাড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং, রত্নপাথর, গোলাপী-সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। এসবই হাতের কাজ। শাড়িটির অন্যতম আকর্ষণ সামনের দিকে থাকা রাফলড প্লিট। ১৬৫ জন কর্মী ১ হাজার ৯৬৫ ঘণ্টায় শাড়িটি তৈরি করেন। ‘জিগরা’ সিনেমা ধর্মা প্রোডাকশনের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছেন আলিয়া ভাট। অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন ভাষণ বালা। আগামী ১১ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তা ছাড়া ‘আলফা’নামে একটি সিনেমার কাজ আলিয়ার হাতে রয়েছে। তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল