সাইফের ওপর হামলা: গৃহকর্মী থানায়, ঘটনার বর্ণনা দিয়ে পুলিশের বিবৃতি

সাইফের ওপর হামলা: গৃহকর্মী থানায়, ঘটনার বর্ণনা দিয়ে পুলিশের বিবৃতি মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। আজ তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সাইফ আলী খানের গৃহকর্মীকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে বান্দ্রা থানা পুলিশ। বান্দ্রা থানা পুলিশ আনুষ্ঠানিক একটি বিবৃতি প্রকাশ করেছে। গতকাল রাতে কী ঘটেছিল তার বর্ণনাও এতে দেওয়া হয়েছে। বিবৃতিতে পুলিশ বলেছে, “রাত ২টার দিকে ডাকাতটিকে প্রথম দেখে সাইফ আলী খানের গৃহপরিচারিকা এলিয়ামা ফিলিপস ওরফে লিমা। তিনি চিৎকার করে খান পরিবারের অন্য সদস্যদের সতর্ক করেন। এরপর ঘুম থেকে উঠেন খান (সাইফ আলী খান) এবং ডাকাতটির সঙ্গে ধস্তাধস্তি করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে খানের ওপরে আক্রমণ করে। প্রাথমিক তদন্তে এসব তথ্য জানা গেছে।” সাইফ আলী খানের গৃহকর্মীকে মুম্বাইয়ের বান্দ্রা থানায় নেওয়া হয়েছে। এ তথ্য উল্লেখ করে পুলিশ বিবৃতিতে বলেছে, “গৃহকর্মী লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় আনা হয়েছে। তার ডান হাতের কব্জিতে আঘাত লেগেছে। অনুপ্রবেশকারী প্রথমে তাকেই আক্রমণ করে।” সাইফ আলী খানের অস্ত্রোপচারের পর লীলাবর্তী হাসপাতালের মেডিকেল টিম একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, “অস্ত্রোপচার করে সাইফ আলী খানের মেরুদণ্ডে আটকে থাকা ছুরিটি বের করা হয়েছে। মেরুদণ্ড থেকে যে তরল পদার্থ বের হচ্ছিল, তা বন্ধ করার জন্য এই অস্ত্রোপচার। আরো দুটি আঘাত রয়েছে, একটি বাম হাতে এবং অন্যটি ঘাড়ে। এসব জায়গায় প্লাস্টিক সার্জারি করা হয়েছে।” গতকাল বুধবার মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়; সেখানেই তার চিকিৎসা চলছে।
নিজের বাড়ি পুড়ে ছাই, তবু ৮ লাখ ডলার ত্রাণ দিলেন অভিনেত্রী

নিজের বাড়ি পুড়ে ছাই, তবু ৮ লাখ ডলার ত্রাণ দিলেন অভিনেত্রী হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্যারিস হিলটন। একজন ব্যবসায়ী হিসেবেও সুপরচিতি ও প্রতিষ্ঠিত তিনি। ১১:১১ মিডিয়া ইমপ্যাক্ট নামে তার একটি অমুনাফাভোগী সংস্থা রয়েছে। এর মাধ্যমে লস অ্যাঞ্জেলেসে দাবানল ত্রাণ কার্যক্রমের জন্য ৮ লাখ ডলার সংগ্রহ করেছেন তিনি। মিডিয়া ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী প্যারিস নিজেও চলমান দাবানলের ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা মালিবুতে ছিল তার বিলাসবহুল বাড়ি। দাবানলে তার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সে দৃশ্য টিভিতে দেখে হাউমাউ করে কেঁদেছেন এই অভিনেত্রী। তবে এই ক্ষতিতে তিনি গুটিয়ে যাননি। বরং অসহায়দের জন্য ত্রাণ সংগ্রহ করতে মাঠে নেমেছেন। আশ্রয় হারানো শিশু ও তাদের পরিবারগুলোর সাহায্যের জন্য একটি জরুরি তহবিল চালু করেন। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে সেই তহবিলে ৮ লাখ ডলার জমা হয়েছে। এছাড়াও হিলটন গোফান্ডমির ওয়াইল্ডফায়ার রিলিফ ফান্ডে দেড় লাখ ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই অর্থ দিয়ে ১৫০টি পরিবারে নগদ সহায়তা প্রদান করা হবে। হিলটন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘একজন মা হিসেবে আমি কল্পনাও করতে পারি না যে শিশুরা অনিরাপদ রয়েছে। এটা আমাকে খুবই বিপর্যস্ত করে দিচ্ছে। তাদের নিরাপদ স্থানের ব্যবস্থা না করা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। আমি সবাইকে আহ্বান করবো আসুন বাস্তুহারা পরিবারগুলোর পাশে থাকি। বিশেষ করে যেসব পরিবারে শিশুরা ভয় ও ঝুঁকির মধ্যে সময় পার করছে।’ প্যারিস হিলটন দাবানালে আহত এবং ভীত পশুগুলোর প্রতি সদয় হতেও মানবিক আহ্বান জানিয়েছেন। নিজের পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ দেখতে গিয়েছিলেন প্যারিস হিলটন। সেসবের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্যারিস হিলটন। সেখানে ক্যাপশন লিখেছেন, ‘আমি এখন সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যেটা আমার স্বপ্নের বাড়ি ছিল। কতটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারব না। প্রথম যখন খবরটা পেলাম, আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিছুতেই বিশ্বাস করতে পারিনি প্রথমে।’ অভিনেত্রীর কথায়, ‘এটা শুধু আমার বাড়ি ছিল না। এই সেই বাড়ি যেখানে আমরা একসঙ্গে স্বপ্ন দেখেছি, হেসেছি-কেঁদেছি। পুরো পরিবারকে নিয়ে কত সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করেছি। যে বাড়ির প্রতিটা কোণায় কোণায় ভালোবাসার চিহ্ন রয়েছে। সেই বাড়ি এভাবে ছাইয়ে পরিণত হয়ে গেছে।’
সালমানের সঙ্গে জুটি বাঁধবেন যীশুর কন্যা, নীরবতা ভাঙলেন সারা

সালমানের সঙ্গে জুটি বাঁধবেন যীশুর কন্যা, নীরবতা ভাঙলেন সারা ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্ত। ব্যক্তিগত জীবনে নীলাঞ্জনার সঙ্গে ঘর বেঁধেছেন। এ সংসারে সারা-জারা সেনগুপ্ত নামে দুটো কন্যাসন্তান রয়েছে। এরই মধ্যে সারা সেনগুপ্ত মডেলিং শুরু করেছেন। শুধু তাই নয়, সৃজিত মুখার্জি নির্মিত ‘উমা’ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন এই তারকা সন্তান। গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউডে পা রাখতে যাচ্ছেন সারা সেনগুপ্ত। তা-ও বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সালমান খানের সঙ্গে জুটি বেঁধে তার এই যাত্রা শুরু হবে। ভারতীয় একাধিক গণমাধ্যম এ নিয়ে খবরও প্রকাশ করেছে। গত কয়েক দিন খবরটি নিয়ে আলোচনা চললেও নীরব ছিলেন সারা ও যীশু সেনগুপ্ত। এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন সারা। সারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে বিস্তারিত জানিয়ে এ অভিনেত্রী লেখেন, “কয়েকটি বিষয় পরিষ্কার করতে এলাম। আমার বলিউডে অভিষেক নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন দেখলাম। আমি ভবিষ্যতে অভিনয়ই করতে চাই, তবে আপাতত মডেলিংটাই মূল লক্ষ্য। আমি জানি না, এই গুঞ্জনের সূত্রপাত কীভাবে হলো। তবে আমার মনে হলো বিষয়টি পরিষ্কার করা উচিত।” ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় সালমানের বিপরীতে যার অভিনয়ের কথা ছিল গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার সংসার। তবে এখনো এ ব্যাপারে পরিষ্কার কোনো ঘোষণা পাওয়া যায়নি। জানা গেছে, যীশু তার বোনের সঙ্গে বসবাস করছেন। আর নীলাঞ্জনা দুই মেয়েকে নিয়ে মুম্বাইয়ে আলাদা থাকছেন।
‘আয়নাবাজি’র পর প্রেক্ষাগৃহে আসছে অমিতাভের ‘রিকশা গার্ল’

‘আয়নাবাজি’র পর প্রেক্ষাগৃহে আসছে অমিতাভের ‘রিকশা গার্ল’ ‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন ‘রিকশা গার্ল’। দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পুরস্কারও জিতেছে। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাবে এটি। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘রিকশা গার্ল’ সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা। রবিবার (১২ জানুয়ারি) সিনেমাটির নতুন ট্রেইলার প্রকাশিত হয়েছে। এ সময় মুক্তির তারিখও ঘোষণা করা হয়। শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প আবর্তিত। সে ছবি আঁকতে পছন্দ করে। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাঈমা কোনো উপায় না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায়, নাঈমা কীভাবে তার স্বপ্নপূরণ করবে! ‘রিকশা গার্ল’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়াও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ। নাঈমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে। ‘রিকশা গার্ল’ সিনেমার ডিজিটাল পার্টনার হিসেবে আছে বঙ্গ।
বিয়ের খবর প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী পড়শী

বিয়ের খবর প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী পড়শী জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শীর গোপনে বিয়ের খবর সংবাদ শিরোনামে চলে আসে। এরপর তার ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছু জানাতে অস্বীকৃতি জানায়। তবে পড়শী আর বেশিক্ষণ রহস্য রাখলেন না। তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনের মাধ্যমে বিয়ের খবরে সিলমোহর দিলেন। পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটি হবহু তুলে ধরা হলো- স্বামীর সঙ্গে নিজের হাতের এই ছবিটি পোস্ট করেছেন পড়শী ‘‘আসসালামুআলাইকুম, আমি আপনাদের স্নেহের/ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি। আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে। গত বছর ৪ মার্চ, ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও। সব ঠিক থাকলে খুব শীঘ্রই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।’’ প্রসঙ্গত, পড়শীর স্বামী নীলয় একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শী ও নীলয় দুজনই। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর।পড়শীর ব্যস্ততা বেড়েছে গান ও অভিনয়ে। কিন্তু নীলয় ২০১০ সালে বাবা-মায়ের সাথে তাকে পাড়ি দিতে হয় সুদূর আমেরিকায়। সেখানেই স্থায়ী হন। ব্যস্ত হয়ে পড়েন পড়ালেখায়। দেশ কিংবা নিজের চেনা পরিমণ্ডল ছেড়ে গেলেও সংগীত ছাড়েননি নিলয়। পড়ালেখার পাশাপাশি সংগীত চর্চা করে গেছেন তিনি। স্টেজ শো কিংবা পারফর্ম না করলেও নিমগ্নচিত্রে গানের কথা লিখে গেছেন। শুধু তাই নয়, পরিবারের সমর্থন থাকায় নিউ ইয়র্কের সিটি কলেজে লেখাপড়া করেছেন মিউজিকের উপরেই!
সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাশমিকার

সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাশমিকার রাশমিকা মান্দানার ভক্তদের জন্য খারাপ খবর! ‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’-এর মতো পরপর ব্লকবাস্টার উপহার দিয়ে আপাতত সাফল্যের শীর্ষে এই দক্ষিণি অভিনেত্রী। বলিউড সিনেমায় রণবীরের পর এবার তাঁর নায়ক সালমান খান। ‘সিকান্দার’ নামের ওই সিনেমার শুটিংয়েই ব্যস্ত ছিলেন রাশমিকা। তবে সম্প্রতি ঘটল দুর্ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাশমিকা সম্প্রতি জিমে চোট পেয়েছেন। তাই চিকিৎসকের পরামর্শে এখন তিনি বিশ্রামে আছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। জানা গেছে, সালমান খানের সঙ্গে সিকান্দারের শুটিং করছিলেন রাশমিকা। শুটিং শিডিউলের মাঝে একদিন জিম করতে গিয়ে মারাত্মক আঘাত পান। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যাবতীয় শুটিং বন্ধ রাখতে। সে অনুযায়ী চলছেন রাশমিকা। চিকিৎসকেরা ছাড়পত্র দিলেই কাজে ফিরবেন অভিনেত্রী। সিকান্দার সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। সালমান-রাশমিকা ছাড়াও এতে আছেন কাজল আগারওয়াল, সত্যরাজ, শরমন যোশি, প্রতীক বাব্বারসহ অনেকে। ৪০০ কোটি রুপি বাজেটে তৈরি হচ্ছে সিকান্দার। ঈদ উপলক্ষে ৩০ মার্চ সিনেমাটি মুক্তি পাবে। সিকান্দারের শুটিং শেষ করে তেলুগু সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর শুটিংয়ে যোগ দেওয়ার কথা রাশমিকার। গত মাসে সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে। এতে রাশমিকার উপস্থিতি নজর কেড়েছে সবার।
বিশ্বাস করুন -আমি খুবই রোমান্টিক

বিশ্বাস করুন -আমি খুবই রোমান্টিক বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আবার বহুরূপীও বটে! কারণ রুপালি পর্দায় রোমান্টিক হিরো হিসেবেও কড়তালি কুড়িয়েছেন তিনি। এ খোলস ছাড়িয়ে খ্যাপাটে আমিরকেও দেখেছেন তার ভক্ত-অনুরাগীরা। এসবই রুপালি পর্দার গল্প। ব্যক্তিগত জীবনে আমির খান ‘রোমান্টিক’ মানুষ। অন্তত এমনটাই দাবি তার। এ বিষয়ে আমির খান বলেন, “আমি খুবই রোমান্টিক। আমার কথা বিশ্বাস না হলে আমার দুই স্ত্রীকে জিজ্ঞাসা করুন। এ কারণে আমার প্রিয় সব সিনেমাই রোমান্টিক; আমি রোমান্টিক সিনেমায় নিজেকে হারিয়ে ফেলি।” সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী আমির খান বলেন, “আমি সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী। আমাদের বয়স যত বাড়ে, ভালোবাসা সম্পর্কে আমাদের বোধগম্যতাও তত বিকশিত হয়। আমি এখন উপলদ্ধি করতে পারি, কোথায় আমার ভুল ছিল। আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি।” আমির খান তার দৃষ্টিভঙ্গিতে ভালোবাসার সংজ্ঞা ব্যাখ্যা করেছেন। তার ভাষায়— “আমার কাছে ভালোবাসা হলো, এমন একজন আত্মার সঙ্গীকে খুঁজে পাওয়া; যা তোমাকে অনুভব করাবে— তুমি তোমার জীবনের গন্তব্যে পৌঁছে গেছো।” ব্যক্তিগত জীবনে ভালোবেসে অভিনেত্রী রিনা দত্তর সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন আমির খান। ১৯৮৬ সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনায়েদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। এ সংসারে আজাদ রাও খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালের ৩ জুলাই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল।
এ আর রহমান সম্পর্কে সনুর বিস্ফোরক অভিযোগ

এ আর রহমান সম্পর্কে সনুর বিস্ফোরক অভিযোগ ভারতীয় সংগীতশিল্পী, পরিচালক, গায়ক ও প্রযোজক এ আর রহমান। যিনি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্ব মহলে তুলে ধরেছেন সুউচ্চ অবস্থানে। এখনও উপমহাদেশের সংগীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর তকমা তার। জিতেছেন অস্কার ও গ্র্যামির মত বড় অ্যাওয়ার্ড। এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এ আর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। যে রহমানের সুরে একাধিক সুপারহিট গান গেয়েছেন সোনু, সেই রহমানকে নিয়ে সমালোচনা করেছেন। সাক্ষাৎকারে সোনু বলেন, ‘এআর রহমান এমন একটা মানুষ, যিনি সম্পর্ক বানান না বা সম্পর্ক তৈরিতেও কোনো রকম আগ্রহও থাকে না। সবার সঙ্গে খুব কম কথাবার্তা বলেন। অন্তত যখন আমি তার সঙ্গে কথা বলেছি তারপর এমনটাই মনে হয়েছে।’ তার কথায়, ‘হয়ত রহমানের আলাদা পরিচিত মহল রয়েছে। রহমান একেবারেই মিশুকে নয়। কাজ ছাড়া কিছু বোঝেন না। কোনও গসিপ নেই। রহমান এমনই, উনি নিজেও চান না ওর ব্যক্তিগত বিষয়ে কেউ কিছু জানুক। সারাক্ষণ নিজের মতো থাকেন, তিনি খুবই অদ্ভুত।’ প্রসঙ্গত, এ আর রহমান হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তবে তিনি ২০ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল এ এস দিলীপ কুমার। নয় বছর বয়সে পিতার মৃত্যুর পর, তার পরিবার কঠিন সময় অতিবাহিত করছিল। পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পরেছিল। ১৯৮৮ সালে তিনি ও তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে।
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবা*নলে পুড়ছে তারকাদের বাড়িঘর

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবা*নলে পুড়ছে তারকাদের বাড়িঘর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে হঠাৎ দাবানলে পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলাকার শতাধিক বাড়িঘর। বিধ্বংসী এই আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছেন স্থানীয় হাজারো মানুষ। বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও। ছোট পর্দা থেকে বড় পর্দা, একাধিক তারকার বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই! চোখের জলে হাহাকার করছেন হলিউড তারকারা। জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত অভিজাত এলাকা। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসের মতো তারকার বিলাসবহুল বাড়ি। সাধের বাড়ি হারিয়ে মাথায় হাত তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। যদিও এখনও স্পষ্ট নয় ঠিক কীভাবে ছড়াল এই ভয়াবহ আগুন। প্যারিস হিলটনের কথাই ধরুন। মালিবুতে তার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। টিভিতে সরাসরি সম্প্রচার দেখে জেনেছেন সে কথা। হৃদয়বিদারক সেই হাহাকারের কথা জানিয়ে প্যারিস লিখেছেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।’ তিনি আরও জানান, এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তার পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভয়াবহ অভিজ্ঞতা ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেরও। তার বাড়িও পুড়ে ছাই। কোনওমতে প্রাণে বেঁচেছেন পরিবারের সদস্যরা। খ্যাতনামী জেমি লি কার্টিস সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তার পরিবার নিরাপদ রয়েছে। কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি। অভিনেত্রী ঈশ্বর এবং উদ্ধারকারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যাদের জন্য তিনি এবং তার পরিবার প্রাণে বেঁচেছেন। জেমি লির শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কোনো কিছুই আগুনের ছোবল থেকে রক্ষা পায়নি। দাবানল ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর। বাড়ি জ্বলেছে তারও। ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাক্রুদ্ধ তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও ক্রমশ বাড়ছে। এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেক-সহ অনেকে।
১৭ বছর পর যা করেছি, তুমি ৭ বছরেই করে দিলে : রুক্মিণীকে দেব

১৭ বছর পর যা করেছি, তুমি ৭ বছরেই করে দিলে : রুক্মিণীকে দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রর ক্যারিয়ার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। দীর্ঘ মডেলিংয়ের অভিজ্ঞতা নিয়ে ২০১৭ সালে টলিউডে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী। প্রথম বছরেই পর পর দুটি ছবি ‘চ্যাম্প’ ও ‘ককপিট’-এ দেবের সঙ্গে জুটি বেঁধে দর্শকের নজর কেড়েছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে প্রশংসা কুড়িয়েছেন রুক্মিণী। শিগগিরই আসছে রুক্মিণীর পরবর্তী ছবি ‘বিনোদিনী’। বুধবার মুক্তি পেয়েছে সেই বহু প্রতীক্ষিত ছবির প্রথম গান ‘কানহা’। শ্রেয়া ঘোষালের গানের পাশাপাশি রুক্মিণীর নাচ ও অভিনয় দেখে মুগ্ধ দর্শকেরা। ‘বুমেরাং’ হোক বা ‘টেক্কা’ বা ‘বিনোদিনী’, বারবার নিজেকে ভেঙে নতুন করে সামনে আনছেন রুক্মিণী৷ বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। ঝুঁকি নিয়ে নতুন কিছু চেষ্টা করে চলেছেন। যা প্রশংসনীয় বলে মনে করেন দেবও। অভিনেত্রীর কথায়, দেব আমাকে সবসময় বলেন, ‘আমি ১৭ বছর পর যা করছি, তুমি ৭ বছরেই তা করে দিলে।’ আসলে এই ছবির শুটিং যখন শুরু হয় তখন টলিপাড়ায় রুক্মিণীর মাত্র দু বছর হয়েছে। পরিচালক রামকমল প্রথম থেকেই নায়িকাকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, যদিও প্রযোজকরা বিশ্বাস করতে পারেননি। পরে অবশ্য দেব এবং প্রমদ ফিল্মস এগিয়ে আসেন বলে জানিয়েছেন রুক্মিণী। আসলে দেব নিজেকে ভেঙে অন্যধারার ছবি করতে ক্যারিয়ারে কিছুটা সময় নিলেও রুক্মিণী একেবারেই তা করেননি, তাই প্রেমিকার প্রশংসা করতে কখনও পিছপা হননি দেব নিজেও। রুক্মিণী জানিয়েছেন, পায়ের অস্ত্রপচারের পর সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই এই বিশেষ গানের নাচ শেখা শুরু করেন তিনি। অনেকেই ভয় পেলেও অভিনেত্রী থামেননি৷ গানের শুটিংয়ের ক্ষেত্রেও নানা বাধা এসেছে, এসব কিছুর পর অবশেষে গানটি মুক্তি পাওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা। ৫ মিনিটেরও বেশি বড় হওয়ায় প্রথমে গানটি ছোট করার ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। ফলে মুক্তির পর থেকেই ট্রেন্ডিংয়ে রয়েছে এই গান।