সন্ধ্যা ৬টায় ডিনার, সাড়ে ৯টায় ঘুম, কারিনার অন্যরকম জীবন

সন্ধ্যা ৬টায় ডিনার, সাড়ে ৯টায় ঘুম, কারিনার অন্যরকম জীবন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ব্যক্তিগত জীবনে সাইফ আলী খানের সঙ্গে ঘর বেঁধেছেন। সংসার আলো করে জন্ম নিয়েছে দুই পুত্রসন্তান। স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন। তবে ৪৪ বছর বয়সি কারিনার জীবনযাপন পুরোপুরি বদলে গেছে। বন্ধু-সহকর্মীদের সঙ্গে আড্ডা-পার্টিকে ‘না’ বলতে শিখেছেন। কোভিডের অভিজ্ঞতা তার জীবনে এই পরিবর্তন এনে দিয়েছে। নড ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন কারিনা কাপুর খান। খাবার খাওয়া, ঘুমানো ও ঘুম থেকে ওঠার রুটিন বর্ণনা করে ‘ক্রু’ তারকা বলেন, “সন্ধ্যা ৬টায় রাতের খাবার খাই। রাত সাড়ে ৯টার মধ্যে লাইট বন্ধ হয়। পৃথিবীর ঘুম ভাঙার আগে উঠে ওয়ার্কআউট করি।” পার্টিতে যান না কারিনা কাপুর খান। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “আমার বন্ধুরা আমাকে পার্টিতে আশা করে না। তারা এটাকে সম্মান করে।” এভাবে জীবনযাপন করার কারণ ব্যাখ্যা করে কারিনা কাপুর খান বলেন, “আমি যদি ওয়ার্কআউট না করি, তাহলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। কোভিডের পর বুঝতে পেরেছি ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ। এটা অহংকারের জন্য নয় বরং সুস্থতার জন্য। এটি আমার মেজাজ স্থিতিশীলকারী, আমার নোঙর।” বাড়িতে সবাই মিলে রান্না করেন কারিনা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “পরিবারের সদস্যরা মিলে রান্না করতে খুব ভালোবাসি। সাইফ, বাচ্চারা, আমি— রান্না ঘরেই থাকি। সাইফ কেরালা খাবারের ভক্ত। সে সবসময় নতুন রেসিপি রান্নার চেষ্টা করে। যেমন: ইডিয়াপাম, নারিকেল দিয়ে তৈরি স্টু ইত্যাদি। আমার প্রতিদিন একটি ভারতীয় খাবার দরকার।” অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন করেন এই জুটি।  ২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় পুত্র সন্তান। কারিনা কাপুর খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিংহম এগেন’। গত বছরের ১ নভেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে রয়েছে ‘ডায়রা’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে অভিনয় করছেন মালায়ালাম সিনেমার অভিনেতা-নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। এটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

শাকিব-নিশোর কাঁধে কাঁধ, জয় বললেন ‘ব্যবসায়ীদের হাতের পুতুল’

শাকিব-নিশোর কাঁধে কাঁধ, জয় বললেন ‘ব্যবসায়ীদের হাতের পুতুল’ বড় পর্দায় আফরান নিশোর অভিষেকের পর থেকেই শাকিব খানের সঙ্গে নানা সময়ে খোঁচাখুঁচি কথাবার্তা নিয়ে উঠে আসেন আলোচনায়। মিডিয়াপাড়ায় জোর গুঞ্জন, শাকিবের সঙ্গে নিশোর সম্পর্ক মোটেও ভালো নয়। এ নিয়ে সামাজিকমাধ্যমে নানা সময়ে তুলনামূলক মন্তব্য করে উত্তাল করে রাখেন দুই তারকার ভক্তরা। সম্প্রতি জমকালো এক অনুষ্ঠানে একই মঞ্চে মজার ছলে একই গানে কোমর দুলিয়ে অবাক করে দেন শাকিব-নিশো। কেউ কেউ ভাবছেন দুজনের মধ্যকার বরফ গলছে। তারপরও কিছু সংখ্যক ভক্ত নিজের চোখকে বিশ্বাস করতে নারাজ। তবে মঙ্গলবার (০৩ জুন) সন্ধ্যায় সব জল্পনা-কল্পনার অবসান হয়। এদিন নির্মাতা রায়হান রাফীর সামাজিকমাধ্যমের পোস্টে কাঁধে কাঁধ মিলিয়ে নজরে আসেন শাকিব ও নিশো। এতেই স্পষ্ট ধারণা পাওয়া যায়, শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় গেস্ট অ্যাপিয়ারেন্সে থাকছেন আফরান নিশো। রাফীর সেই ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন আলোচিত উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। এর ক্যাপশনে জয় লেখেন, ‘মনোমালিন্যের অবসান হয় না রে পাগল। সবই ব্যবসায়ীদের হাতের পুতুল। যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ? যে ভক্তরা গত দুই বছর ধরে যুদ্ধ করল- ওদেরও মিলায়ে দেন। অথবা এরপর বলে দেবেন ভক্তরা যেন মাতামাতি না করে। কারণ দিনশেষে অঙ্কটা আপনারাই মিলান। মাঝে ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ। রায়হান রাফী এবং শাকিব খান জুটির সিনেমা এমনিতেই ব্লকবাস্টার হবে। নিশো তাণ্ডবকে এক্সট্রা মাইলেজ দেবে নিঃসন্দেহে। ’ শুধু তাই নয়, ভবিষ্যতে নিশোর একক নায়ক হিসেবে করা সিনেমাগুলো রিস্কে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন জয়। এ ধরনের বিস্ফোরক মন্তব্যের প্রতিবাদে সামাজিকমাধ্যমে বেশ সমালোচিত হচ্ছেন তিনি। মন্তব্য ঘরে এক ভক্ত লেখেন, ‘জয় ভাই, আপনি হচ্ছেন একজন হিপোক্রেট এবং হিংসাত্মক মনোভাবাপন্ন মানুষ!’ প্রসঙ্গত, রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমাতে নিশোর উপস্থিতি সিনেভক্তদের মনে কতটা ‘তাণ্ডব’ ঘটায় তা সময়ই বলে দেবে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে থাকছেন সাবিলা নূর। এ ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও থাকছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।

বিয়ের ৫২ বসন্ত পূর্ণ করলেন অমিতাভ-জয়া

বিয়ের ৫২ বসন্ত পূর্ণ করলেন অমিতাভ-জয়া অমিতাভের পরনে সোনালি রঙের শেরওয়ানি, গলায় গোলাপি ওড়না। জয়া বচ্চন লাল টুকটুকে লেহেঙ্গায় সেজেছেন। বিয়ের মণ্ডপে হাতে হাত রেখে পরস্পর বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন বরেণ্য এই দুই তারকা। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং বাস্তব জীবনের। ১৯৭৩ সালের ৩ জুন বিয়ের সময়ে এভাবে ফ্রেমবন্দি হন তারা। মঙ্গলবার (৩ জুন) বিবাহিত জীবনের ৫২ বছর পূর্ণ করলেন অমিতাভ-জয়া। সকাল থেকেই এ দম্পতির ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের বিয়ের ছবি পোস্ট করে প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন। অবশেষে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন অমিতাভ বচ্চন। মাইক্রোব্লগিং সাইট এক্সে অমিতাভ বচ্চন লেখেন, “বিবাহবার্ষিকীতে যারা জয়া ও আমাকে অভিনন্দন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে আলাদাভাবে উত্তর দিতে পারব না, দুঃখিত।” একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন অমিতাভ-জয়া। শোনা যায়, হৃষিকেশ মুখার্জির ‘গুড্ডি’ (১৯৭১) সিনেমার শুটিং সেটেই নাকি তাদের সম্পর্কের রসায়ন গভীর হয়েছিল। ১৯৭৩ সালে বিয়ের বছরই তাদের ‘অভিমান’ সিনেমাটি হিট হয়। এটিও পরিচালনা করেন হৃষিকেশ। সেই থেকে তারকা জুটির ব্যক্তিগত রসায়ন যেন আরো গাঢ় হয়ে ওঠে। ‘সিলসিলা’, ‘চুপকে চুপকে’, ‘মিলি’, ‘শোলে’-এর মতো একের পর এক সিনেমা উপহার দিয়ে দর্শক হৃদয়ে দোলা দেন তারা। শেষ ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় একসঙ্গে দেখা যায় অমিতাভ-জয়াকে। এর আগে বিশেষ এই দিনের স্মৃতিচারণ করে অমিতাভ জানিয়েছিলেন, বিয়ের দিন পন্টিয়াক স্পোর্টস গাড়িতে চড়ে ভাড়া বাড়ি ‘মঙ্গল’ থেকে বাবা-মা এবং ড্রাইভার নাগেসকে নিয়ে মালাবার হিলসে জয়ার এক পরিবারিক বন্ধুর অ্যাপার্টমেন্টে রওনা হয়েছিলেন। সেদিন কয়েক ফোটা বৃষ্টিও হয়েছিল। সেই সময় এই অভিনেতার প্রতিবেশীরা চিৎকার করে বলেছিলেন, “তাড়াতাড়ি বিয়ে করতে যাও, বৃষ্টি হচ্ছে, ভালো লক্ষণ।” অমিতাভ-জয়ার দুই সন্তান—ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা। বাবা-মায়ের পথ ধরে রুপালি জগতে পা রেখেছেন অভিষেক। অন্যদিকে, শ্বেতা বিজ্ঞাপনে অভিনয় করলেও সিনেমায় তাকে দেখা যায়নি। অমিতাভ-জয়ার পুত্রবধূ হয়ে এসেছেন বলিউড অভিনেত্রী এবং সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন।

আলিয়ার পর তৃষা, জানালেন ফাহাদের সঙ্গে কাজের ইচ্ছা

আলিয়ার পর তৃষা, জানালেন ফাহাদের সঙ্গে কাজের ইচ্ছা নিঃসন্দেহে বর্তমান ভারতীয় সিনেমার অন্যতম গুণী ও জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। মালয়ালমের গণ্ডি পেরিয়ে তিনি তামিল-তেলেগুতেও দেখিয়েছেন নিজের অভিনয়ের দাপট। ফাহাদের সঙ্গে কাজ করাটা আনন্দদায়ক বলেই উল্লেখ করেছেন অনেক তারকা সহকর্মী। এবার দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণানও জানালেন নিজের এক ইচ্ছার কথা।সম্প্রতি ‘ঠাগ লাইফ’ সিনেমার প্রচার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তৃষা। ফাহাদ ফাসিলের প্রশংসা করেন তৃষা জানান, ‘আবেশাম’ সাম্প্রতিক সময়ে তাঁর দেখা প্রিয় চলচ্চিত্রগুলোর একটি। এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন ফাহাদ। তৃষা বলেন, “আমি ফাহাদ ফাসিলের সঙ্গে কাজ করতে চাই, এতে কোনো সন্দেহ নেই। সিনেমার ঘরানা যাই হোক না কেন, তিনি অসাধারণ অভিনয় করেন। ‘আভেশাম’ আমার অন্যতম প্রিয় সিনেমা।”সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটও ফাহাদের প্রশংসা করেন। ফাহাদ ফাসিলকে একজন দুর্দান্ত অভিনেতা উল্লেখ করে আলিয়া জানান, ‘আবেশাম’ তার অন্যতম প্রিয় সিনেমা। তিনি অবশ্যই কোনো একদিন ফাহাদের সঙ্গে কাজ করতে চান। তৃষাকে সামনে দেখা যাবে কমল হাসানের সঙ্গে ঠাগ লাইফে। সিনেমাটিতে কমল হাসানের সঙ্গে রোমান্সের দৃশ্য করে বেশ বিতর্কিত হয়েছেন এ অভিনেত্রী। তবে এসব গায়ে মাখতে রাজি নন তিনি। অন্যদিকে, ফাহাদ ফাসিল তার চলচ্চিত্র ‘ওদুম কুথিরা চাদুম কুথিরা’র শুটিং শেষ করেছেন। এছাড়া মারিসান এবং মামুত্তির সঙ্গে একটি সিনেমাতেও দেখা যাবে তাকে।

মায়ের মৃত্যুতে পাকিস্তানের ভিসা পাননি আদনান সামি

মায়ের মৃত্যুতে পাকিস্তানের ভিসা পাননি আদনান সামি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি এক সময় ছিলেন পাকিস্তানের নাগরিক। জন্ম পাকিস্তানে, তবে তার শিল্পীজীবনের সর্বোচ্চ স্বীকৃতি ও ভালোবাসা তিনি পেয়েছেন ভারতে। এদেশেই তিনি পেয়েছেন নাগরিকত্ব, পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী। কিন্তু নিজের জন্মভূমি পাকিস্তানের সঙ্গে অভিজ্ঞতা বরাবরই তিক্ত বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ এসে আদনান সামি জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবরে তার মা মারা গেলে তিনি পাকিস্তানে গিয়ে শেষকৃত্যে অংশ নিতে ভিসার আবেদন করেছিলেন। ভারত সরকার তাৎক্ষণিকভাবে তাকে ছাড়পত্র দিলেও পাকিস্তান তাকে ভিসা দেয়নি। আদনান বলেন, “আমি ওদের বললাম, আমার মা মারা গিয়েছেন। কিন্তু তারপরও তারা আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে মায়ের শেষকৃত্য দেখতে হয়েছে আমাকে।” তিনি জানান, “আমি টাকার জন্য ভারতের নাগরিকত্ব নেইনি। পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে এসেছি। ভারতের মানুষের ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে। একজন শিল্পীর কাছে ভালোবাসাই আসল। ভারত সেটা দিয়েছে, পাকিস্তান দেয়নি।” ২০১৬ সালে মোদি সরকারের সময় আদনান সামিকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়। তার আগে তিনি কানাডার নাগরিক ছিলেন। তার বাবা পাকিস্তানি সেনাবাহিনীতে ছিলেন এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বলেও জানান গায়ক। তিনি বলেন, “এখানে এসে আমাকে সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে। কিন্তু এই দেশের মানুষ আমাকে গ্রহণ করেছে, তাদের ভালোবাসা আমাকে গড়ে তুলেছে। পাকিস্তানে সেই সম্মান আমি কখনও পাইনি।”

পুরোদমে কৃষি কাজ করব: বুবলী

পুরোদমে কৃষি কাজ করব: বুবলী ফসলি জমিতে চিত্রনায়িকা শবনম বুবলী। তার পরনে আধুনিক সাজ-পোশাক। মাথার চুলগুলে আলগা করে ছেড়ে দেওয়া, মুখে হাসির ঢেউ। নিড়ানি হাতে ফসলের গোড়া পরিষ্কার করছেন। রবিবার (১ জুন) বিকালে অফিশিয়াল ফেসবুকে বেশ কটি ছবি পোস্ট করেছেন বুবলী; তারই একটিতে এমন লুকে দেখা যায় তাকে।  অন্য ছবিগুলোর কোনোটি কমলা বাগানে, কোনোটি কাঁঠাল গাছের পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন বুবলী। এসব ছবির ক্যাপশনে তিনি লেখেন— “ভবিষ্যতে পুরোদমে কৃষি কাজ করব, ফুল, ফল, শাক-সবজি চাষ করব, হাঁস-মুরগি, গরু-ছাগল পালব। কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।”  বুবলীকে দেখে ও তার ভাবনার কথা জেনে নেটিজেনরা নানা ধরণের মন্তব্য করছেন। অনেকে বুবলীর রূপের প্রশংসা করছেন, কেউ আবার তার ভাবনার কথা জেনে ধন্যবাদ জানিয়েছেন। পেশাগত জীবনের শুরুতে বিমানের কেবিন ক্রু ছিলেন বুবলী। পাশাপাশি সংবাদপাঠিকা হিসেবে বেসরকারি টেলিভিশন চ্যানেলে কয়েক বছর কাজ করেন। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। এরপর কেটে গেছে প্রায় এক দশক। বুবলী তার অভিনয় ক্যারিয়ারে ২৩টির মতো চলচ্চিত্রে কাজ করেছেন। ১০ বছরে শাকিব খানের সঙ্গে ১২টি চলচ্চিত্রে অভিনয় করেন। ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে সর্বশেষ শাকিব খানের সঙ্গে অভিনয় করেন বুবলী। এরপর এ জুটিকে আর দেখা যায়নি।  ঈদুল আজহায় মুক্তি পাবে বুবলী অভিনীত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমা। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। এরই মধ্যে চলচ্চিত্রটি সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে ‘শাপলা শালুক’ সিনেমা অভিনয় করছেন শবনম বুবলী। রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটির শুটিং চলছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায়। ফেসবুকে পোস্ট করা ছবিগুলো সেখানে তোলা।

শাকিবের নায়িকা ইধিকার ‘বহুরূপ’

শাকিবের নায়িকা ইধিকার ‘বহুরূপ’ ছোট ক্যানভাস থেকে বড় পর্দায় পা রেখেছেন কলকাতার ইধিকা পাল। বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। এরপর বদলে যায় ইধিকার ভাগ্যরেখা। শাকিবের সঙ্গে রোমান্টিক চরিত্রে দেখা গেছে ইধিকা পালকে। এরপর দেবের সঙ্গে কাজ করেন। এবার এসব রূপ বদলে বহুরূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। কলকাতায় নির্মিত হচ্ছে ‘বহুরূপ’ নামে সিনেমা। এটি পরিচালনা করছেন আকাশ মালাকার। সিনেমাটির একটি পোস্টারে সাঁওতালি এক মেয়ের রূপে ইধিকা সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন। চরিত্র প্রসঙ্গে ইধিকা পাল বলেন, “সব সময় চেষ্টা করি, প্রতিটি চরিত্র নতুনভাবে তুলে ধরতে। যাতে প্রতিটি চরিত্রই দর্শক আলাদাভাবে মনে রাখেন। তবে হলফ করে বলতে পারি, এই ধরনের চরিত্রে আগে আমাকে ভাবা হয়নি। নিজেও ভাবিনি এমন একটা চরিত্রের প্রস্তাব পাব। অনেককিছু শিখেছি এই সিনেমা থেকে। আশা করি, দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব।” এ সিনেমায় ইধিকার বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। প্রথমবার জুটি বেঁধে রুপালি পর্দায় হাজির হবেন তারা। মজার ব্যাপার হলো, এ সিনেমায় সোহম সাতটি চরিত্র রূপায়ন করবেন। ইধিকা পালকেও বেশ কয়েকটি রূপে দেখা যাবে। সিনেমাটিতে থ্রিলারের পাশাপাশি প্রেম-ভালোবাসা-আবেগের স্বাদও পাবেন দর্শকরা। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন— কমলেশ্বর মুখার্জি, লোকনাথ দে, ভরত কল, দেবলিনা দত্ত প্রমুখ।

ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে নায়ক বাপ্পী

ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে নায়ক বাপ্পী ভয়ংকর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রবিবার (১ জুন) দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। এতে দুমড়ে-মুচড়ে গেছে এ নায়কের গাড়িটি। দুর্ঘটনার বর্ণনা দিয়ে বাপ্পী চৌধুরী গণমাধ্যমে বলেন, “গত রবিবার দিবাগত রাত ১২টার দিকে নারায়াওণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম। গাড়িটি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। হঠাৎ একটি ট্রাক আমার গাড়িতে সজোরে ধাক্কা দেয়। আমরা উলটে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।” দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বাপ্পী চৌধুরী। এতে তার বিপরীতে অভিনয় করেন মাহিয়া মাহি। এরপর বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন বাপ্পী। নায়িকা হিসেবে পেয়েছেন অপু বিশ্বাস, ববি, আঁচল আঁখি, বিদ্যা সিনহা মিম, জাহারা মিতুসহ অনেককে।

 বিরতি ভেঙে ফিরছে ব্ল্যাকপিংক

 বিরতি ভেঙে ফিরছে ব্ল্যাকপিংক আড়াই বছরের বেশি সময় পর নতুন গান নিয়ে ফিরছে দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের দল ‘ব্ল্যাকপিংক’। রোজ, জেনি কিম, লিসা, জিসু কিমকে এবার একসঙ্গে পাওয়া যাবে বলে জানিয়েছে তাদের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট। গত কয়েক বছরে দলের সদস্যরা একক গান গেয়েছেন, কেউ কেউ অভিনয়েও মনোযোগী হয়েছেন। কিন্তু একসঙ্গে গান বাঁধেননি তারা। দ্য কোরিয়া টাইমস লিখেছে, ওয়াইজি এজেন্সির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রযোজক ইয়াং হিউন-সুক একটি ভিডিও বার্তায় বলেন, আমরা খুব শিগগিরই ব্ল্যাকপিংকের নতুন গানের খবর ঘোষণা করতে পারব। তবে গান প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ তিনি ঘোষণা করেননি। ২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশ পায় এই দলের দ্বিতীয় অ্যালবাম ‘বর্ন পিংক’।এর বাইরে কেবল একটি ভিডিও গেইমের জন্য তৈরি ‘দ্য গার্লস’ গানটি প্রকাশ পেয়েছিল। নতুন গান প্রকাশের পাশাপাশি গত ফেব্রুয়ারিতে দলটি ঘোষণা দিয়েছিল চলতি বছরে গান নিয়ে ‘ডেডলাইন’ শিরোনামে বিশ্বভ্রমণে বের হবে তারা। এর উদ্বোধনী দুইটি শো হবে আগামী ৫ ও ৬ জুলাই দক্ষিণ কোরিয়ার গোইয়াং শহরে। ভিডিও বার্তায় ইয়াং হিউন-সুক বলেন, চলতি বছরে একাধিক নতুন শিল্পীকে পাবেন দর্শক শ্রোতারা। এর মধ্যে রয়েছে চার সদস্যের একটি গার্ল গ্রুপ ও একটি বয় গ্রুপ। মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’। তখনই বিলবোর্ড চার্টে শুরু হয়ে যায় তোলপাড়। এক মাসেরও কম সময়ের মধ্যে অ্যালবামটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়। বিলবোর্ডের টপচার্টে শীর্ষস্থান দখল করে নেয় অ্যালবামটি। এরপর ২০১৮ সালের শুরুতে আন্তর্জাতিকভাবে নজরে আসে ব্ল্যাকপিংক। ব্রিটিশ শিল্পী ডুয়া লিপার সঙ্গে ব্যান্ডের গাওয়া ‘কিস অ্যান্ড মেকআপ’ গানটি সে বছর সাড়া ফেলে। ২০২২ সালে ‘বর্ন পিংক’ অ্যালবামের ‘পিংক ভেনম’ শিরোনামের গানটি নতুন করে আলোচনায় আনে দলটিকে।

পুত্র সন্তানের বাবা হলেন অভিনেতা পরমব্রত

পুত্র সন্তানের বাবা হলেন অভিনেতা পরমব্রত পুত্র সন্তানের বাবা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী পিয়া চক্রবর্তী। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন পরমব্রত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরম-পিয়া দম্পতির এই খুশির খবরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। সহশিল্পী থেকে শুরু করে কাছের বন্ধুরা, সবার মুখে একটাই কথা, ‘পরম-পিয়া, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা।’ এর আগে, গত ফেব্রুয়ারিতে একটি আবেগঘন পোস্টে পরমব্রত জানিয়েছিলেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। ২০২৩ সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে খুব কাছের মানুষদের উপস্থিতিতে আইনি বন্ধনে আবদ্ধ হন পরম ও পিয়া। প্রেম নিয়ে বহু আলোচনার পর দুজনে তখন জানিয়েছিলেন, তারা ‘ভালো বন্ধু’। বিয়ের পরও সেই বন্ধুত্ব রয়ে গেছে অটুট। আর এবার তাদের বন্ধুত্বের সেই নীড়ে যোগ হলো এক নতুন প্রাণ এবং এক টুকরো ভালোবাসা।