আবারো মা হলেন ইলিয়ানা

আবারো মা হলেন ইলিয়ানা দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ‘বারফি’ খ্যাত বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তার কোলজুড়ে এসেছে একটি ছেলে সন্তান। খবরটি সামাজিক যোগাযোমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তার ছোট্ট সন্তানের একটি মিষ্টি ছবি দিয়ে খুশির খবরটি শেয়ার করেছেন। ইলিয়ানা ডি’ ক্রুজ এবং মাইকেল ডোলান দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন কিয়ানু রাফে ডোলান। ছবিতে একটি একরঙা পোস্টকার্ড রয়েছে যেখানে কিয়ানু রাফে ডোলান আরামে ঘুমাচ্ছেন, একটি তোয়ালে জড়িয়ে। তিনি একটি সুন্দর টুপিও পরেছেন। ছবির টেক্সট লেআউটে লেখা আছে, ‘কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয় করিয়ে  দিচ্ছি। জন্ম ১৯ জুন, ২০২৫। ’ইলিয়ানা পোস্টটি স্বামী মাইকেল ডোলানকেও ট্যাগ করেছেন। তার সাইড নোটে লেখা, ‘আমাদের হৃদয় এত পূর্ণ। ’এমন দারুণ খবরে ইলিয়ানাকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘অভিনন্দন সুন্দরী!’ বিদ্যা বালান লেখেন, ‘অভিনন্দন এবং ঈশ্বর তোমাদের মঙ্গল করুণ। ’ইলিয়ানা ডি’ ক্রুজ এবং মাইকেল ডোলান ২০২৩ সালে বিয়ে করেন। একই বছরের এই অভিনেত্রী প্রথম গর্ভাবস্থার ঘোষণা দেন। ২০২৩ সালের আগস্টে ইলিয়ানা তার প্রথম সন্তান কোয়া ফিনিক্স ডোলানের জন্মের খবর জানান। এদিকে ইলিয়ানা ডি’ক্রুজকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে ‘দো অর দো পেয়ার’ সিনেমায়। শীর্ষা গুহ ঠাকুরতা পরিচালিত এই রোমান্টিক কমেডি সিনেমাতে আরও অভিনয় করেছিলেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী এবং সেন্ধিল রামমূর্তি।

দেবের নায়িকা হওয়া হলো না ফারিণের!

দেবের নায়িকা হওয়া হলো না ফারিণের! ভারতীয় বাংলা সিনেমার নায়ক দেবের আলোচিত সিনেমা ‘প্রজাপতি’। অভিজিৎ সেন নির্মিত এ সিনেমা ২০২২ সালে মুক্তি পায়। বাবা-ছেলের চরিত্র রূপায়ন করে দর্শকদের মুগ্ধ করেন মিঠুন-দেব। এতে দেবের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার ছোট পর্দার পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্য। গত বছরের মাঝামাঝি সময়ে পরিচালক অভিজিৎ সেন ঘোষণা দেন ‘প্রজাপতি টু’ সিনেমা নির্মাণের। পাশাপাশি জানান, সিনেমাটিতে দেবের নায়িকা রূপে হাজির হবেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ। তারপর নানা সময়ে এ সিনেমাকে কেন্দ্র করে খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের শুরুতেও ফারিণকে বাদ দিয়ে নতুন মুখ নেওয়ার গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো! ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘প্রজাপতি টু’ সিনেমায় তাসনিয়া ফারিণের পরিবর্তে কলকাতার জ্যোতির্ময় কুণ্ডুকে চূড়ান্ত করেছেন নির্মাতারা। সিনেমাটির শুটিং ভারত ও বিদেশে হবে। বিশ্ব অস্থির অবস্থায় যাচ্ছে। ফলে নির্মাতারা ঠিক করেছেন, প্রথমে কলকাতায় শুটিং করার। পরিস্থিতি স্বাভাবিক হলে বাইরের অংশের শুটিং হবে। ফারিণকে চূড়ান্ত করার পরও তাকে কেন বাদ দেওয়া হলো? স্বাভাবিকভাবে এ প্রশ্ন উঠেছে। গণমাধ্যমটি জানিয়েছে, গত বছর গণঅভ্যত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি বদলে যায়। ভিসা জটিলতার কারণে ভারতে আসতে পারেননি ফারিণ। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখন ফারিণ। দর্শকদের ভালোবাসার সঙ্গে সমালোচকদেরও প্রশংসা কুড়ান। সিনেমাটিতে অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসরে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন ফারিণ।

শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান প্রাক্তন স্বামী রাজীব, যা বলেছেন শ্রাবন্তী

শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান প্রাক্তন স্বামী রাজীব, যা বলেছেন শ্রাবন্তী টলিউডের অনেক ব্যবসাসফল বাণিজ্যিক সিনেমার পরিচালক রাজীব বিশ্বাস। তার পরিচালিত একাধিক সিনেমায় অভিনয় করে টলিউডে নিজের আসন পাকাপোক্ত করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। কাজ করতে করতেই দুইজনের মধ্যে এক সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৩ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই তারকা দম্পতির সংসারে জন্ম নেয় একমাত্র পুত্র ঝিনুক। তবে সময়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েন বাড়তে থাকে এবং শেষমেশ ২০১৬ সালে আইনি বিচ্ছেদে রূপ নেয়। এরপর শ্রাবন্তীর আরও দুইটি বিয়ে হয়েছে কিন্তু সেগুলোও টেকে নি। বর্তমানে রাজীব-শ্রাবন্তী দুইজনই সিঙ্গেল। শ্রাবন্তীকে নিয়ে অনেক পজেটিভ কথাবার্তা বলতে শোনা যায় রাজীবকে। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে রাজীবের কাছে জানতে চাওয়া হয়েছিলো, শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান কি না? রাজীব বলেন, ‘‘ চাই। দেব-শ্রাবন্তীকে নিয়ে ছবি করতে চাই। শ্রাবন্তী-জিৎকে নিয়ে ছবি করতে চাই। শ্রাবন্তী-অঙ্কুশকে নিয়ে ছবি করতে চাই। সেটা শ্রাবন্তীর সঙ্গে আগে ছবি করছি বলে বলছি না। আমার মনে হয় ও যে ধরণের অ্যাকট্রেস, তাতে ওরও কোনো সমস্যা হবে না। আমার মনে হয় না ও নার্ভাস অভিনেত্রী।’’ রাজীব আরও বলেন, ‘‘বাইরে থেকে একজন প্রোডিউসার এসেছিলেন। তিনি বলেছিলেন যে, শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে অসুবিধা আছে? আমি বলেছিলাম না। ওর সাথেও তারা কথা বলেছিলো। আমি যতদূর জানি যে, ও বলেছিলো যে আমার কোনো অসুবিধা নাই।’’ উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধিক ব্যবসাসফল সিনেমা পরিচালনা করেছেন রাজীব যেগুলোর নায়িকা ছিলেন শ্রাবন্তী। যেমন ‘দুজনে’, ‘অমানুষ’, ‘ইডিয়ট’, ‘বিন্দাস’ প্রভৃতি।

হঠাৎ কেন ভক্তদের সাবধান করলেন শ্রুতি?

হঠাৎ কেন ভক্তদের সাবধান করলেন শ্রুতি? সাবধান! আমি ভেবে ভুল করেও কোনও পোস্টে সাড়া দেবেন না। ’ সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এমন বার্তা দিলেন ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা শ্রুতি হাসান। শুধু তাই নয় ভক্তদের সাবধান করে কমল হাসান কন্যা আরও বলেন, তার প্রোফাইল থেকে কোনওরকম মাইক্রোব্লগিং লিংক পাঠানো হলে অনুরাগীরা যেন সেটি কোনওভাবেই অ্যাকসেপ্ট না করেন। মঙ্গলবার (২৪ জুন) দেওয়া ওই পোস্টে শ্রুতি লেখেন, আপনাদের সবাইকে জানাচ্ছি যে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে যাবতীয় যা পোস্ট করা হচ্ছে তা আমি করছি না। সুতরাং কোনও পোস্ট দেখে কোনওরকম আলাপ-আলোচনায় যাবেন না ওই প্রোফাইলে। শ্রুতি তার এক্স হ্যান্ডেলে শেষবার পোস্ট করেন সোমবার। সেখানে তিনি লিখেছিলেন, আমিই কি একমাত্র যে বিষণ্ণ ও বৃষ্টিবহুল আবহাওয়ায় অনেক বেশি উৎফুল্ল ও পজিটিভ থাকি? এটাই ছিল অভিনেত্রীর করা শেষ পোস্ট। তারপরেই তার এক্স হ্যান্ডেল হ্যাক হয়। সম্প্রতি ‘ঠগ লাইফ’র অডিওতে একটি ধামাকা পারফর্ম্যানসের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন শ্রুতি। সিনেমার পুরো কাস্টের সঙ্গে চেন্নাইয়ে অডিও প্রকাশনার সময় মঞ্চ ভাগ করে নিয়েছেন শ্রুতি। ছিলেন বিশিষ্ট সুরকার এ আর রহমানও। সামনে লোকেশ কানাগরাজের ‘কুলি’ সিনেমায় দেখা মিলবে শ্রুতিকে। এই সিনেমায় শ্রুতি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন রজনীকান্ত, নাগার্জুনার মতো তারকারা।

৪ দিনে আমিরের সিনেমার আয় ১৩৪ কোটি টাকা

৪ দিনে আমিরের সিনেমার আয় ১৩৪ কোটি টাকা বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ২০২২ সালের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন। ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণায় চমকে যান তার ভক্তরা। এক বছর বিরতি নিয়ে ‘সিতারে জমিন পার’ সিনেমা দিয়ে অভিনয়ে ফিরেন আমির। অবশেষে সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে ফিরলেন এই তারকা। ২০ জুন মুক্তি পেয়েছে ‘সিতারে জমিন পার’ সিনেমা। এটি পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন। চলতি বছরে বেশ কিছু বলিউড সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘সিতারে জমিন পার’-এর অবস্থান ৬ষ্ঠ। মুক্তির পর চলচ্চিত্র বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ৩.৫ (৫) রেটিং দিয়েছে। চলুন জেনে নিই, বক্স অফিসে কতটা সাড়া ফেলেছে সিনেমাটি। স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘সিতারে জমিন পার’ আয় করেছে ১০.৬ (নিট) কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ২০ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করে ২৭ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৮.৭৯ কোটি রুপি। ৪ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৯৫.৭৫ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ১৩৪ কোটি ১৮ লাখ টাকার বেশি। আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এ সিনেমার সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’। সিনেমাটিতে আমির খা‌নের সহশিল্পী হিসেবে রয়েছেন জেনেলিয়া ডিসুজা। এতে ১০ জন নতুন মুখ র‌য়ে‌ছেন। তারা হলেন— আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। অভিনয়ের পাশাপাশি সি‌নেমা‌টি প্রযোজনাও করছেন আমির খান। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৯০ কোটি রুপি।

জনের সঙ্গে ‘দুর্ঘটনামূলক বিয়ে’ নিয়ে মুখ খুললেন জেনেলিয়া

জনের সঙ্গে ‘দুর্ঘটনামূলক বিয়ে’ নিয়ে মুখ খুললেন জেনেলিয়া নিশিকান্ত কামাত পরিচালিত সিনেমা ‘ফোর্স’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন জেনেলিয়া ডিসুজা ও জন আব্রাহাম। ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসেও সাড়া ফেলেছিল এটি। ২০১২ সালে গুঞ্জন চাউর হয়, ‘ফোর্স’ সিনেমার শুটিংয়ে সত্যি সত্যি বিয়ে করেন জেনেলিয়া-জন। মূলত, এটিকে দুর্ঘটনামূলক বিয়ে বলে উল্লেখ করা হয়। কারণ সিনেমাটিতে বিয়ের একটি দৃশ্য রয়েছে। দৃশ্যটির জন্য সত্যি সত্যি তারা মালা বদল, মঙ্গলসূত্র বিনিময় করেছিলেন। আর বিয়ের কাজটি সম্পন্ন করেন প্রকৃত একজন পুরোহিত।  দীর্ঘ এক যুগের বেশি সময় পর পুরোনো গুঞ্জন নিয়ে মুখ খুললেন জেনেলিয়া ডিসুজা। সিদ্ধার্থ কানানকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, “এ গুঞ্জনের কোনো সত্যতা নেই। আমরা বিয়ে করিনি। বিয়ের এই গল্প ছড়িয়েছিল জনসংযোগ বিভাগ থেকে। কেন তারা এটি করেছিলেন, এ বিষয়ে তাদেরই প্রশ্ন করা উচিত।”এরপর এই গুঞ্জন ছড়ানোর কারণ ব্যাখ্যা করে জেনেলিয়া দাবি করেন— “এই গুঞ্জন ছড়ানো হয়েছিল প্রচারের কৌশল হিসেবে।” জেনেলিয়া ও জন আব্রাহামের বয়সের ব্যবধান ১৫ বছর। ২০১২ সালে অভিনেতা রীতেশ দেশমুখের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন জেনেলিয়া। এ সংসারে তাদের দুটো পুত্রসন্তান রয়েছে। অন্যদিকে, ২০১৪ সালে প্রিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জন।

আমি গর্বিত আমি একজন মুসলিম: আমির খান

আমি গর্বিত আমি একজন মুসলিম: আমির খান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে নিয়ে রাজকুমার হিরানি নির্মাণ করেন আলোচিত সিনেমা ‘পিকে’। ২০১৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে সুপারডুপার হিট হয়। এ সিনেমা মুক্তির আগে প্রকাশিত হয় আমিরের পোস্টার। সিনেমাটিতেও নগ্ন আমিরের দেখা মেলে। তারপর দারুণ আলোচনায় উঠে আসেন এই অভিনেতা। সমালোচনাও কম সইতে হয়নি তাকে। এখানেই শেষ নয়, হিন্দু ধর্মের প্রতি কটাক্ষ করার অভিযোগে তীব্র সমালোচনা মুখে পড়েন আমির। ভাঙচুর করা হয় প্রেক্ষাগৃহ। প্রায় এক যুগ পর এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন আমির খান। ইন্ডিয়া টিভি চ্যানেলের ‘আপ কি আদালত’ শোয়ে এসব বিষয় নিয়ে কথা বলেন আমির। তার ভাষায়— “ধর্ম নয়, ধর্মের নামে যারা প্রতারণা করে ‘পিকে’ সেসব লোকদের সমালোচনা করেছে।” ব্যাখ্যা করে আমির খান বলেন, “তারা ভুল। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই। আমরা সমস্ত ধর্ম ও সমস্ত ধর্মের মানুষদের শ্রদ্ধা করি। যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা কামায়, তাদের বিষয়ে সচেতন করাই ‘পিকে’ সিনেমার উদ্দেশ্য ছিল। প্রতিটি ধর্মেই এমন লোক পাওয়া যায়।” ‘পিকে’ সিনেমায় পাকিস্তানি এক মুসলিম ছেলেরি প্রেমে পড়ে ভারতীয় হিন্দু ধর্মের অনুসারী এক নারী (আনুশকা শর্মা)। এটাকে ‘লাভ জিহাদ’ বলে অনেকে অভিযোগ করেন। এ বিষয়ে আমির খান বলেন, “সবসময়ই এটিকে লাভ জিহাদ বলা উচিত নয়। এটি মানবতা। মানবতা ধর্মের উর্ধ্বে।” গত ৭-৮ বছরে দেশদ্রোহী, হিন্দুবিরোধী হওয়ার অভিযোগের মুখোমুখি হয়েছেন আমির খান। এ বিষয়ে তিনি বলেন, “আমি গর্বিত আমি একজন মুসলিম। আমি গর্বিত আমি একজন ভারতীয়। দুটোই একসঙ্গে সত্যি হতে পারে।” আমির খান পরিচালিত ও অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জমিন পার’। ২০০৭ সালে এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এ সিনেমার সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’। এর মাধ্যমে রুপা‌লি পর্দায় ফিরেছেন আমির। আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সিনেমাটিতে আমির খা‌নের সহশিল্পী হিসেবে রয়েছেন জেনেলিয়া ডিসুজা। এতে ১০ জন নতুন মুখ র‌য়ে‌ছেন। তারা হলেন- আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর। অভিনয়ের পাশাপাশি সি‌নেমা‌টি প্রযোজনাও করছেন আমির খান। এটি পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন।

এক সিনেমাতেই ৪২৩ কোটি টাকা পারিশ্রমিক দাবি শাহরুখের

এক সিনেমাতেই ৪২৩ কোটি টাকা পারিশ্রমিক দাবি শাহরুখের বলিউড বাদশা শাহরুখ খান। তার অভিনীত ‘জিরো’ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এটি। এরপর কয়েকটি সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় শাহরুখ খানকে। মূলত, ‘জিরো’ সিনেমা মুক্তির পর বিরতি নেন তিনি। প্রস্তুতি নিয়ে ২০২০ সালের শেষ লগ্নে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন শাহরুখ। সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পায় সিনেমাটি। দীর্ঘ চার বছর পর এ সিনেমার মাধ্যমে রাজকীয়ভাবে প্রেক্ষাগৃহে ফিরেন শাহরুখ। আর ফিরেই বক্স অফিসে ঝড় তুলেন শাহরুখ; পাশাপাশি দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান। এ সিনেমা এক হাজার কোটি রুপির বেশি আয় করে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’ সিনেমা। এরপর প্রায় সাড়ে সাত মাসের বিরতি নেন শাহরুখ। একই বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পায় তার অভিনীত ‘জওয়ান’ সিনেমা। এটি মুক্তির পরও বক্স অফিসে নতুন করে ঝড় তুলে। ‘পাঠান’ সিনেমার মতো ‘জওয়ান’-এর জন্য ভালোবাসা কুড়ান শাহরুখ। সিনেমাটি ১১৬০ কোটি রুপি আয় করে। ২০২৩ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমা। মুক্তির পর দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা যেমন কুড়ায়, তেমনি বক্স অফিসেও সিনেমাটি ভালো সাড়া ফেলে। এরপর তার আর কোনো সিনেমা মুক্তি পায়নি। বর্তমানে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে জোরালো গুঞ্জন উড়ছে, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স শাহরুখকে নিয়ে প্যান-ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আর এজন্য ক্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন কিং খান। ইন্ডিয়া ডটকমের তথ্য অনুসারে, মিথরি মুভি মেকার্সের ব্যানারে নির্মিত হয়েছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমা। এই প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন শাহরুখ। সর্বশেষ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন কিং খান। তবে শাহরুখ খান এ প্রজেক্টের জন্য ৩০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪২৩ কোটি টাকার বেশি) পারিশ্রমিক দাবি করেছেন। তবে শাহরুখ খানের ঘনিষ্ঠ একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, “শাহরুখ খান বর্তমানে ‘কিং’ সিনেমার উপর পুরোপুরি মনোযোগ দিয়েছেন। বলা যায়, তার সমস্ত শক্তি ব্যয় করছেন। চলতি বছরের শেষ নাগাদ নতুন সিনেমার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মিথরি মুভির সঙ্গে কোনো বৈঠক করেননি, চিত্রনাট্যের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি শাহরুখ।” মিথরি মুভি মেকার্সের সঙ্গে শাহরুখের প্রজেক্ট নিয়ে শোবিজ অঙ্গনে জোর চর্চা চললেও এ নিয়ে টু-শব্দ করেননি শাহরুখ খান। শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। এতে তার সহশিল্পী দীপিকা পাড়ুকোন। মাতৃত্বকালীন ছুটিতে থাকার কারণে সিনেমাটির কাজ পিছিয়ে নেন শাহরুখ। চলতি বছরের দ্বিতীয়ার্ধে ‘কিং’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করবেন— অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত। আগামী বছরের দ্বিতীয়ার্ধে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

সম্পর্ক মানেই বড় দায়িত্ব: শুভশ্রী

সম্পর্ক মানেই বড় দায়িত্ব: শুভশ্রী টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে সম্পর্ক মানেই বড় দায়িত্ব। প্রেম যতই রোমান্টিক হোক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে তার দায়বদ্ধতা বাড়ে বলে মনে করেন তিনি। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত নতুন ছবি ‘গৃহপ্রবেশ’–এ অভিনয় করছেন শুভশ্রী। ছবির গল্প, চরিত্র এবং নির্মাণ শৈলী নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, এটি সম্পর্ক এবং অপেক্ষার গল্প-যা আজকের দিনেও সমান প্রাসঙ্গিক। ট্রেলার দেখে দর্শকের একাংশ ছবিটিকে ঋতুপর্ণ ঘোষের ঘরানার বলেও মনে করছেন। শুভশ্রী বলেন, ভালোবাসার কোনো প্রজন্ম হয় না। কেউ ভালোবেসে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতে পারেন, আবার সম্পর্ক যদি কাজ না করে, সম্মান বজায় রেখে আলাদা হওয়াও অপরাধ নয়। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য সত্ত্বেও প্রতিযোগিতার ভেতর নিজেকে হারিয়ে ফেলার ভয় আছে কি? এমন প্রশ্নে স্পষ্ট জবাব শুভশ্রী বলেন, জীবনে উত্থান-পতন স্বাভাবিক। আমি বেশি কিছু চাই না। কখনো ক্যারিয়ার নিচে গেছে, আবার ওপরে উঠেছে। তাই এসব নিয়ে বিচলিত হই না। ঋতুপর্ণ ঘোষ প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী। জানান, ঋতুদা ‘পরাণ যায় জ্বলিয়া রে’ দেখেছিলেন এবং আমার জন্য একটি চরিত্র ভাবছিলেন। কিন্তু কাজটা আর হয়নি। ‘দোসর’ আর ‘উনিশে এপ্রিল’ আমার প্রিয় ছবি। ঋতুপর্ণ ঘোষ এমন অনেক কথা বলতেন, যা আমাদের অজানা, কিন্তু পর্দায় খুব সহজে তুলে ধরতেন। এদিকে, বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’-র মুক্তির ঘোষণায় অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়ালেও এ বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ শুভশ্রী। বলেন, এখনই কিছু বলতে চাই না। প্রচারের সময় অবশ্যই কথা বলব।

সন্ধ্যা ৬টায় ডিনার, সাড়ে ৯টায় ঘুম, কারিনার অন্যরকম জীবন

সন্ধ্যা ৬টায় ডিনার, সাড়ে ৯টায় ঘুম, কারিনার অন্যরকম জীবন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ব্যক্তিগত জীবনে সাইফ আলী খানের সঙ্গে ঘর বেঁধেছেন। সংসার আলো করে জন্ম নিয়েছে দুই পুত্রসন্তান। স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন। তবে ৪৪ বছর বয়সি কারিনার জীবনযাপন পুরোপুরি বদলে গেছে। বন্ধু-সহকর্মীদের সঙ্গে আড্ডা-পার্টিকে ‘না’ বলতে শিখেছেন। কোভিডের অভিজ্ঞতা তার জীবনে এই পরিবর্তন এনে দিয়েছে। নড ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন কারিনা কাপুর খান। খাবার খাওয়া, ঘুমানো ও ঘুম থেকে ওঠার রুটিন বর্ণনা করে ‘ক্রু’ তারকা বলেন, “সন্ধ্যা ৬টায় রাতের খাবার খাই। রাত সাড়ে ৯টার মধ্যে লাইট বন্ধ হয়। পৃথিবীর ঘুম ভাঙার আগে উঠে ওয়ার্কআউট করি।” পার্টিতে যান না কারিনা কাপুর খান। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “আমার বন্ধুরা আমাকে পার্টিতে আশা করে না। তারা এটাকে সম্মান করে।” এভাবে জীবনযাপন করার কারণ ব্যাখ্যা করে কারিনা কাপুর খান বলেন, “আমি যদি ওয়ার্কআউট না করি, তাহলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। কোভিডের পর বুঝতে পেরেছি ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ। এটা অহংকারের জন্য নয় বরং সুস্থতার জন্য। এটি আমার মেজাজ স্থিতিশীলকারী, আমার নোঙর।” বাড়িতে সবাই মিলে রান্না করেন কারিনা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “পরিবারের সদস্যরা মিলে রান্না করতে খুব ভালোবাসি। সাইফ, বাচ্চারা, আমি— রান্না ঘরেই থাকি। সাইফ কেরালা খাবারের ভক্ত। সে সবসময় নতুন রেসিপি রান্নার চেষ্টা করে। যেমন: ইডিয়াপাম, নারিকেল দিয়ে তৈরি স্টু ইত্যাদি। আমার প্রতিদিন একটি ভারতীয় খাবার দরকার।” অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন করেন এই জুটি।  ২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় পুত্র সন্তান। কারিনা কাপুর খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিংহম এগেন’। গত বছরের ১ নভেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে রয়েছে ‘ডায়রা’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে অভিনয় করছেন মালায়ালাম সিনেমার অভিনেতা-নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। এটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে