বাংলাদেশকে অলআউট করে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

বাংলাদেশকে অলআউট করে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা ১৩৫ রানের লক্ষ্যটা বড়ই ছিল বলা যায় বাংলাদেশ ‘এ’ দলের জন্য। ভারতের মেয়েদের বোলিং তোপে মাত্র ৮৮ রানে অলআউট হয়েছে ফাহিমা খাতুনের দল। ৪৬ রানে জিতে আবারও এশিয়া কাপ রাইজিং স্টারের চ্যাম্পিয়ন হয়েছে ভারত ‘এ’ দল। রোববার (২২ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে ভারতের বোলারদের সম্মিলিত আক্রমণে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৮৮ রানে অলআউটে হয়েছ স্বপ্নভঙ্গ। ১১ ব্যাটারের ৭ জনই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি বাংলাদেশের। এরমধ্যে একজন ছিলেন কোনো বল না খেলে শূন্য রানে অপরাজিত। সর্বোচ্চ ২০ রান করেছেন শামিমা সুলতানা। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে শারমিন সুলতানার ব্যাটে। অধিনায়ক ফাহিমা খাতুন করেছেন ১৪ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন প্রেমা রাওয়াত। দুটি করে সোনিয়া মেনধিয়া ও তেনুজা কানওয়ার। একটি করে উইকেট গেছে সাইমা ঠাকুর, মিন্নু মানি ও রাধা যাদবের ঝুলিতে। এর আগে, বাংলাদেশের মেয়েদের সামনে ১৩৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় ভারতের নারীরা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের মেয়েরা। ব্যাট করতে নেমে শুরুতে ভারতের ওপর চাপ সৃষ্টি করে বাংলাদেশের মেয়েরা। ৪৪ রানেই তুলে নেয় ভারতের ৪টি উইকেট। এরপরই ঘুরে দাঁড়ায় ভারতীয় মেয়েরা। তেজাল হাসাবনিস ও রাধা যাদবের ব্যাটে ৭৯ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ায় তারা। ৩০ বলে ৩৬ রান করে রাধা যাদব আউট হয়ে গেলেও তেজাল হাসাবনিস ৩৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। এছাড়া ১৯ রান করেন দিনেশ ব্রিন্দা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে ভারতীয় নারী ক্রিকেট দল। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ৪ ওভারে ২৫ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন ও ফাতিমা জাহান।

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির জয়

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির জয় এ রকম আবহাওয়ায় শ্রীলঙ্কা যে ক্রিকেটের জন্য আদর্শ নয়—এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন নিউজিল্যান্ড নারী দলের সাবেক অধিনায়ক সোফি ডিভাইন। গত বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে যে ১০ ম্যাচ বৃষ্টির কবলে পড়েছিল, তার মধ্যে সাতটিরই ভেন্যু ছিল শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কায় এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও বৃষ্টি জেঁকে বসেছে। আসরের গ্রুপ পর্বে একমাত্র যে ম্যাচটি (জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড) বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল, সেটির ভেন্যু ছিল শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম। আজ সুপার এইট পর্বের প্রথম ম্যাচটাও জিতে নিল বৃষ্টি। রিজার্ভ ডে না থাকায় পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো পাকিস্তান ও নিউজিল্যান্ডকে। এবার ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও অবিরাম বর্ষণে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

বাংলাদেশের ২৩ ক্রিকেটার দ্য হান্ড্রেডের নিলামে  

বাংলাদেশের ২৩ ক্রিকেটার দ্য হান্ড্রেডের নিলামে   ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের আগামী আসরের নিলামের জন্য নাম লিখিয়েছেন প্রায় এক হাজার ক্রিকেটার। এই দীর্ঘ তালিকায় বাংলাদেশের ২৩ ক্রিকেটারও রয়েছেন। এমনটাই জানিয়েছে, ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এই প্রতিযোগিতায় খেলতে নাম লিখিয়েছেন। তবে সাকিব আল হাসান নাম দেননি। নিলামের জন্য নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তালিকার ২১তম স্থানে নাম রয়েছেন মোস্তাফিজুর। তারকা এ পেসারের ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড। আগামী ১১ ও ১২ মার্চ প্রথমবারের মত দ্য হান্ড্রেডের নিলাম অনুষ্ঠিত হবে। আগে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়দের দলে নেওয়া হত। ২১ জুলাই শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৬ আগস্ট পর্যন্ত। দ্য হান্ড্রেডের যাত্রা শুরু হয়েছিল ২০২১ সালে। পাঁচটি আসর হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি। এবার মোস্তাফিজুর দল পান কি না, সেটাই বড় কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। শুধু মোস্তাফিজুরই নন, রিশাদ হোসেনকে নিয়েও আলোচনা আছে। দুজনই ফ্রাঞ্চাইজি ক্রিকেট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ছন্দে আছেন। তাদের দিকে বাড়তি নজর পড়তে পারে দলগুলোর। বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য রিশাদ হোসেনের, ৭৫ হাজার পাউন্ড। বাকি ২১ জনেরই ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে। দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশি ক্রিকেটাররা: মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন , নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

‘বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ২ ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল’

‘বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ২ ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল’ নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোর কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ দল। এ নিয়ে নতুন করে আলোচনা উসকে দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।  বিশ্বকাপ খেলতে না পারার সেই কষ্ট নিয়ে এবার মুখ খুললেন মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, ‘কলকাতা ও শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক দারুণ হতো। আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম। খেলা যেরকম মান হচ্ছে সে অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল।’ তিনি আরো বলেন, ‘এখন আফসোস করে তো লাভ নাই। টি-টোয়েন্টি দল হিসেবে আমাদের দলটা অনেক গোছানো ছিল এবং এই বিশ্বকাপটা ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। কিন্তু আমার মনে হয় যে উইকেটটাও আমাদের ফেভারে ছিল। সবদিক দিয়ে আমার মনে হয় যে আমাদের ভালো করার সুযোগ ছিল।’ দুই জন ক্রিকেটার বিশ্বকাপ খেলতে না পারায় কোমাতে চলে গিয়েছিল বলেও জানালেন সালাউদ্দিন, আমি তো জানি আমার দুইটা খেলোয়াড় প্রায় কোমাতে চলে গেছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। যে সে মাঠে আসছে এবং এসে আবার রান করেছে। সালাউদ্দিন বলেন, ‘একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা বিশ্বকাপ খেলার।

আজ শুরু সুপার এইটের লড়াই

আজ শুরু সুপার এইটের লড়াই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ছিল অস্ট্রেলিয়া। অথচ তারাই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। শুধু তা-ই নয়, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে বড় দলগুলোর চোখে চোখ রেখে দারুণ লড়াই করেছে ছোট দলগুলোও। জমজমাট সেই লড়াই শেষে এখন সবার নজর সুপার এইট পর্বে। সেরা আট দলের এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে আজ। পাল্লেকেলেতে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে দুই দলের পারফরম্যান্সেই ছিল ওঠানামা। ‘ডি’ গ্রুপ থেকে চার ম্যাচের তিনটিতে জয় পেয়ে সুপার এইটে ওঠে কিউইরা। একমাত্র হারটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে জয় পাওয়া তিন ম্যাচেও নিজেদের সেরাটা খেলতে পারেনি নিউজিল্যান্ড। একই চিত্র ছিল পাকিস্তানের ক্ষেত্রেও। ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচের তিনটিতে জয় পেলেও ভারতের বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি দলটি। তাই আজ পাকিস্তান ও নিউজিল্যান্ড—দুই দলই খুঁজবে নিজেদের সেরা ছন্দ। সুপার এইট শুরু হওয়ার দিনে সেমিফাইনালে কোন চার দল জায়গা করে নেবে, তা নিয়েও চলছে আলোচনা। সুপার এইট পর্ব ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ ১-এ রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এই গ্রুপে সবচেয়ে বড় চমক জিম্বাবুয়ে, অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেরা আটে উঠেছে তারা। জিম্বাবুয়ের দাপটেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মনে করেন, এই গ্রুপ থেকে সেমিফাইনালে যেতে পারে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সেরা চারের লড়াইয়ে ভারতের চেয়েও এই দুই দলকে এগিয়ে রাখছেন তিনি। আমিরের ব্যাখ্যা, ‘আপনি যদি তাদের (ভারত) ম্যাচগুলো দেখেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া প্রায় সব ম্যাচেই ব্যাটিংয়ে ধস নেমেছে। সুপার এইটের ম্যাচগুলোতে চাপ আরো বাড়বে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকে হারাতে পারে।’ অন্যদিকে গ্রুপ-২ থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন আমির। এই গ্রুপের অন্য দুই দল হলো ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, পাকিস্তান দল আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ। সিরিজটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে দল গঠন ও প্রস্তুতির জন্য এটি হবে বড় পরীক্ষা।

হতাশায় নিমজ্জিত অস্ট্রেলিয়াকে ভয় দেখাচ্ছে ওমানও

হতাশায় নিমজ্জিত অস্ট্রেলিয়াকে ভয় দেখাচ্ছে ওমানও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ম্যাচেই হেরেছে ওমান। এর আগে ২০২৪ আসরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র দেখায় বড় ব্যবধানে হেরেছিল দলটি। সেই ওমানই কিনা এবার ভয় দেখাচ্ছে অস্ট্রেলিয়াকে! আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ওমান। অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। হতাশায় নিমজ্জিত এই অস্ট্রেলিয়াকেই শেষ ভয়টা দেখাতে চায় ওমান।  

পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ‘বাঘিনীরা’

পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ‘বাঘিনীরা’ ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে যেন চলল ফাহিমা খাতুনের ‘ওয়ান ম্যান শো’। তার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ ‘এ’ দল। উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের পুঁজি পায় বাংলাদেশ। ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।  

এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাঘিনীরা

এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাঘিনীরা বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বড় মঞ্চে নিজেদের পরিচয় দেখানোর সময় শুরু হয়ে গেছে। আজ রাতে ঢাকা ছাড়ছেন আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমার। আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরে অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপ খেলতে যাচ্ছেন তারা। বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে রয়েছে ৯ বার চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, তিনবারের চ্যাম্পিয়ন চীন এবং উজবেকিস্তানের সঙ্গে। সিডনিতে ৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে পিটার বাটলারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। অনুশীলনের ফাঁকে ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে রিকশায় চড়ার ছবি পোস্ট করে জানিয়েছেন, তাদের অস্ট্রেলিয়া যাত্রার খবর। অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ খেলার পর পুরো দল একসঙ্গে অনুশীলন করেছেন কোচ বাটলার। দলে আছেন সুইডেনপ্রবাসী আনিকা। তবে বিদেশে ক্যাম্প আয়োজন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যা বড় মঞ্চে শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতির জন্য প্রয়োজন ছিল। প্রাথমিক পরিকল্পনায় দলের ক্যাম্প থাইল্যান্ডে হওয়ার কথা থাকলেও তা বাতিল হওয়ায় এবার সরাসরি অস্ট্রেলিয়ায় যাচ্ছে মনিকা চাকমা ও মারিয়া মান্দারা। সিডনিতে গিয়ে স্থানীয় কোনো ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গ্রুপের তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের মূল লক্ষ্য উজবেকিস্তানের বিপক্ষে ৯ মার্চ পার্থে জয় নিশ্চিত করা। এই ম্যাচ জিতলে সেরা দুই রানার্সআপের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করলো ভারত

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করলো ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট ধরে রাখল ভারত। ভারত বুধবার নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে গ্রুপ পর্বে টানা চার জয় নিশ্চিত করেছে। সব মিলিয়ে বিশ্বকাপে গত আসরের চ্যাম্পিয়নদের এটি টানা ১২তম জয়।নরেন্দ্র মোদী স্টেডিয়াম-এ টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৯৩ রান তোলে ভারত। জবাবে ডাচরা থামে ১৭৬ রানে। শুরুটা ভালো হয়নি ভারতের। অফ স্পিনার আরিয়ান দত্তকে মারতে গিয়ে বোল্ড হন আভিশেক শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচেই শূন্য রানে আউট হওয়ার তেতো অভিজ্ঞতার মুখে পড়েন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর এই ব্যাটার। ইশান কিষান ৭ বলে ১৮ রানের ঝড়ো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। তিলক ভার্মা (২৭ বলে ৩১) ও সূর্যকুমার যাদব (২৮ বলে ৩৪) ত্রিশ ছুঁলেও বড় স্কোরে রূপ দিতে ব্যর্থ হন। পাঁচ নম্বরে নেমে ৩১ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শিভাম দুবে। ছয়টি ছক্কা ও চারটি চারে সাজানো এই ঝড়ো ইনিংসেই ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে। পরে বল হাতে ৩৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। শেষ ওভারে টানা দুই বলে দুটি ক্যাচ হাতছাড়া হলেও পরের বলেই উইকেট নিয়ে ঘুরে দাঁড়ান তিনি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ৩৫ বলে ৭৬ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পান্ডিয়া করেন ২১ বলে ৩০ রান। রান তাড়ায় নেদারল্যান্ডসের প্রথম চার ব্যাটসম্যানই ২০ ছুঁলেও কেউ ইনিংস লম্বা করতে পারেননি। তিন নম্বরে বাস ডে লিডে ২৩ বলে ৩৩ রান করে দলের সর্বোচ্চ সংগ্রাহক। রহস্য স্পিনার ভারুন চক্রবর্তী ১৪ রানে ৩ উইকেট নিয়ে ডাচদের চাপে ফেলেন। নিজের প্রথম ওভারেই ফেরান ম্যাক্স ও’ডাউডকে। ইনিংসের ত্রয়োদশ ও নিজের তৃতীয় ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ভারতের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য ২৮ রান দরকার ছিল ডাচদের। তবে নিতে পারে মাত্র ১০ রান। চার ম্যাচে এক জয় ও তিন হারে আসর শেষ করল নেদারল্যান্ডস, আর নিখুঁত গ্রুপ পর্ব শেষ করে আত্মবিশ্বাস নিয়ে সুপার পর্বে পা রাখল ভারত।