টাইগারদের স্পিন চ্যালেঞ্জে প্রস্তুত নিউজিল্যান্ড, আত্মবিশ্বাসী কিউই অধিনায়ক

টাইগারদের স্পিন চ্যালেঞ্জে প্রস্তুত নিউজিল্যান্ড, আত্মবিশ্বাসী কিউই অধিনায়ক বাংলাদেশ সফরকে সামনে রেখে স্পিনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিয়েই আসছে নিউজিল্যান্ড দল। অধিনায়ক টম ল্যাথাম মনে করছেন, উপমহাদেশের কন্ডিশনে তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষাই হবে স্পিন সামলানো, তবে সে চ্যালেঞ্জ নেওয়ার মতো প্রস্তুতি ও আত্মবিশ্বাস দলটির রয়েছে।তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি কুড়ি ওভারের ম্যাচ খেলতে ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে নিউজিল্যান্ড। দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমে ল্যাথাম বলেন, বাংলাদেশে গরম আবহাওয়া একটি চ্যালেঞ্জ হলেও তার দৃষ্টি বেশি ক্রিকেটীয় দিকেই, বিশেষ করে স্পিন বোলিং মোকাবিলায়। ল্যাথামের নেতৃত্বে এবার তুলনামূলক অনভিজ্ঞ একটি দল এসেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগের ব্যস্ততা, পাশাপাশি চোট ও বিশ্রামের কারণে মূল দলের অনেক ক্রিকেটার অনুপস্থিত। ফলে নতুন ও কম অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে এই স্কোয়াড। তবে অধিনায়ক মনে করিয়ে দেন, দলের সদস্যরা অনভিজ্ঞ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন নন। তার মতে, এই সফর তরুণদের জন্য বড় সুযোগ, যা ভবিষ্যতে দলের গভীরতা বাড়াতে সহায়ক হবে। গত বছর নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করা কয়েকজন ক্রিকেটারও রয়েছেন এই দলে, যা কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সহায়তা করতে পারে। বাংলাদেশের উইকেট নিয়ে ল্যাথাম বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ম্যাচে পিচ স্পিন সহায়ক না হলেও ঐতিহাসিকভাবে এখানে স্পিন বড় ভূমিকা রাখে। তাই সেই দিকেই বেশি গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে তার দল। স্পিন মোকাবিলায় দলের বড় ভরসাও ল্যাথাম নিজেই। ১৬০টির বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অভিজ্ঞ ব্যাটসম্যান জানান, কঠিন কন্ডিশনে নিজের অভিজ্ঞতার ওপর নির্ভর করেই এগোতে চান তিনি। একই সঙ্গে দলের অন্যদেরও দ্রুত মানিয়ে নেওয়ার ওপর জোর দেন। ল্যাথাম আশাবাদী, প্রায় তিন সপ্তাহের এই সফরে একদিনের আন্তর্জাতিক ও কুড়ি ওভারের দুই ধরনেই দল উন্নতির সুযোগ পাবে এবং এটি একটি রোমাঞ্চকর সিরিজ হতে যাচ্ছে। নিউজিল্যান্ড ওডিআই দল: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং। নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, বেন লিস্টার, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

চোট নিয়ে পিএসএল থেকে ফিরলেন ইমন

চোট নিয়ে পিএসএল থেকে ফিরলেন ইমন বিসিবি থেকে পাওয়া অনাপত্তিপত্র অনুযায়ী প্রথম দফায় আগামী ২১ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল পারভেজ হোসেন ইমনের। তবে কাধের চোট পাওয়ায় এক সপ্তাহ আগেই ফিরতে হয় তাকে। দেশে ফেরার পর তার চোট পর্যবেক্ষণ করেছেন বিসিবির ফিজিওরা। এরপর আশার কথা শুনিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, ‘পাকিস্তানে ওরা আঘাত পাওয়ার ৩-৪ দিন পর স্ক্যান করেছিল। আর আমরা আজকে দেখেছি তাকে (ইমন)। তেমন মেজর কোনো সমস্যা নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ২৭ এপ্রিল। তার আগেই ইমন খেলার জন্য সুস্থ হয়ে যাবেন বলে আশা করছেন দেবাশীষ। তিনি বলেন, ‘আশা করছি সে (ইমন) এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা আশাবাদী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে। আমাদের প্ল্যানই এটা (নিউজিল্যান্ড সিরিজের আগে ইমনে সুস্থ করে তোলা। এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন ইমন। প্রথম দুই ম্যাচে ১২ ও ১৪ রানে আউট হলেও তৃতীয় ম্যাচে পাঁচ ছক্কায় ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন এই বাহাতি ব্যাটার। তবে চোট পাওয়ায় আগেভাগেই ফিরতে হয় তাকে।

আম্পায়ারকে মারলে শাস্তি কী জানতে চেয়ে নিষিদ্ধ নেপালের ক্রিকেটার

আম্পায়ারকে মারলে শাস্তি কী জানতে চেয়ে নিষিদ্ধ নেপালের ক্রিকেটার ক্রিকেট মাঠে আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারের তর্কের ফলে শাস্তির ঘটনা হরহামেশাই দেখা যায়। তবে এবার আম্পায়ারকে মারার হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি। নেপালের চলমান পিএম কাপে ঘটেছে এমন ঘটনা। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারকে মৃত্যুর হুমকি দিয়েছিলেন কারান। এ কারণে নেপালের এই অলরাউন্ডারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। নেপালের পিএম কাপে গত শুক্রবার মুখোমুখি হয়েছিল বাগমাতি ও মাধেশ। এই ম্যাচে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানান বাগমাতির অধিনায়ক সন্দীপ লামিচানে। আম্পায়ার ও অধিনায়কের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতেও দেখা যায়। ম্যাচের পর এই ঘটনার একটি ছবি পোস্ট করে ‘ট্রল ক্রিকেট নেপাল’ নামের একটি মিম পেজ। সেই পোস্টের নিচে কমেন্ট করেন কারান। তিনি লিখেন, ‘কোনো ক্রিকেটার যদি ভুলবশত একজন আম্পায়ারকে মারে, তখন কয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হবে? এমনিই জিজ্ঞেস করছি। মূলত ক্রিকেটারদের নিরাপত্তা ও জানার জন্য। এমন মন্তব্যের প্রতিবাদ জানান নেপালের আম্পায়ার ও স্কোরার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ফলে ঘটনাটি চোখে পড়ে সিএনএনের। ইতোমধ্যেই এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কারান। তারপরও শাস্তি পেতেই হচ্ছে তাকে।

আসন্ন বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

আসন্ন বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড| প্রায় ২ বছর পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা ˆতরি হয়েছে বাঁহাতি পেসার বেন লিস্টারের| অকল্যান্ড এসেসের এই পেসারকে দলে নেওয়া হয়েছে ডান হাতের আঙুলে গুরুতর চোট পাওয়া ক্রিস্টিয়ান কার্কের পরিবর্তে| বর্তমানে শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে থাকা লিস্টার আগামী রবিবার বাংলাদেশে এসে মূল দলের সঙ্গে যোগ দেবেন| এরপর শুক্রবার মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ| অন্যদিকে পাকিস্তান সুপার লিগে রাওয়ালপিন্ডি রাইডার্সের দলে অন্তর্ভুক্ত হওয়ায় এই সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন পেসার বেন সিয়ার্স| তবে টি-টোয়েন্টি সিরিজে দলে যোগ দেবেন সিয়ার্স| চট্টগ্রামে ৩০ এপ্রিল থেকে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ|

পিএসএলে নাহিদ রানার জাদুতে বড় জয়ে পেশোয়ার

পিএসএলে নাহিদ রানার জাদুতে বড় জয়ে পেশোয়ার পাকিস্তান সুপার লিগ-পিএসএলের অভিষেক ম্যাচে নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা| তার গতিময় ও আগ্রাসী বোলিংয়ে করাচি কিংসকে ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে পেশোয়ার জালমি| গতকাল রাতের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৬ রানের পাহাড় গড়ে পেশোয়ার| বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদের বোলিং তোপে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় করাচি| দলের পক্ষে ৪ ওভার বল করে একটি মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নাহিদ| এর মাধ্যমে জালমির সফলতম বোলার হিসেবে ম্যাচ শেষ করেন তিনি|

টি-টোয়েন্টিতে ৬০০ ছক্কা হাঁকানোর মাইলফলকে বাটলার

টি-টোয়েন্টিতে ৬০০ ছক্কা হাঁকানোর মাইলফলকে বাটলার অনেক দিন ধরে নিজের ছায়া হয়ে থাকা জস বাটলার অবশেষে ব্যাট হাতে স্বরূপে ফিরলেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঝড়ো ফিফটি করার পথে দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন ইংলিশ ব্যাটসম্যান।আইপিএলের ১৯তম আসরে ৮ এপ্রিল গুজরাট টাইটান্সের তৃতীয় ম্যাচে ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন বাটলার। পাঁচ ছক্কা ও তিন চারে গড়া তার ইনিংসটি। দিল্লিতে এদিন ওয়েস্ট ইন্ডিজের বাইরে প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ বা এর বেশি ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন তিনি। ৪৯৬ ম্যাচে তার ছক্কা এখন ঠিক ৬০০টি। ওয়েস্ট ইন্ডিজের চার ক্রিকেটার পেয়েছেন এই স্বাদ। ৪৪৪ ম্যাচে ৭১২ ছক্কা নিয়ে তালিকার চার নম্বরে আছেন নিকোলাস পুরান। ৫৯০ ম্যাচে ৭৮৪ ছক্কা নিয়ে তিনে আন্দ্রে রাসেল। তার ওপরে কাইরন পোলার্ডের ছক্কা ৭৩৫ ম্যাচে ৯৮২টি। টি-টোয়েন্টির অনেক রেকর্ডের মতো এখানেও চূড়ায় ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। এক হাজার ৫৬টি ছক্কা মেরেছেন তিনি ৪৬৩ ম্যাচ খেলেই। গুজরাট টাইটান্সের তৃতীয় ম্যাচে তৃতীয় ওভারে সাই সুদার্শানের বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বাটলার। প্রথম তিন বলে তিনি কোনো রান নিতে পারেননি। চতুর্থ বলে মুকেশ কুমারকে ছক্কায় উড়িয়ে ডানা মেলেন তিনি। চতুর্থ ওভারে তিনি পরপর চার ও ছক্কা মারেন আকসার প্যাটেলকে। পঞ্চম ওভারে ঝড় বইয়ে দেন মুকেশের ওপর। প্রথম পাঁচ বলে মারেন তিনটি ছক্কা ও একটি চার। ফিফটি পূর্ণ করেন তিনি ২৪ বলে। স্পিনার কুলদিপ ইয়াদাভের বলের লাইন মিস করে বোল্ড হন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থ হওয়া বাটলার ২০ ওভারের ক্রিকেটে ফিফটির দেখা পেলেন ১৬ ইনিংস পর। এই সংস্করণে চলতি বছর ১৯ ইনিংসে তার কেবল দ্বিতীয় ফিফটি এটি। এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচে তিনি করেছিলেন ৩৮ ও ২৬ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক থেকে আর ৩৯ রান দূরে আছেন বাটলার। এখন পর্যন্ত এই স্বাদ পেয়েছেন ডেভিড ওয়ার্নার, আলেক্স হেলস, পোলার্ড ও গেইল।

নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ

নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ চলতি মাসের ১৭ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। এই সিরিজের সবকটি ম্যাচ ছিল দিবারাত্রির। তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে খেলার সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বিসিবি জানিয়েছে, ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ শুরু হবে বেলা ১১টা থেকে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। এই সিরিজেরও সবকটি ম্যাচ হবে দিনের আলোতে। ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটা থেকে। গতকাল বুধবার বিসিবির এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে এই সিরিজের সময় পরিবর্তন করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট দেশের সবচেয়ে বড় স্কুল ক্রিকেট উৎসব ফের শুরু হতে যাচ্ছে। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এবার একাদশবারের মতো আয়োজন হচ্ছে। ৬৪ জেলার ৩৫০টি স্কুল অংশগ্রহণ করবে, খেলবে প্রায় ৮,৭০০ ক্রিকেটার এবং মোট ৬৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের খেলা শুরু হবে শুক্রবার, ১০ এপ্রিল থেকে। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের নতুন আসর উদ্বোধন করা হয়। একই সঙ্গে জার্সি উন্মোচন এবং স্কুল ক্রিকেটের বৃত্তি প্রাপ্ত ২৫ ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জাতীয় ক্রিকেটার তাওহিদ হৃদয় এবং প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী। হাবিবুল বাশার বলেন, ‘স্কুল ক্রিকেট শুধুমাত্র ভবিষ্যতের ক্রিকেটার তৈরির জায়গা নয়, এটি শিশুদের মনের আনন্দের মাধ্যম। আমরা চাই আরও বেশি ছেলেরা খেলুক, প্রতিটি স্কুল অংশগ্রহণ করুক এবং প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে আনা হোক।’ তিনি ফাইনাল ম্যাচটি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনার কথাও জানান। প্রাইম ব্যাংকের নাজিম এ চৌধুরী বলেন, ‘আমরা স্কুল ক্রিকেটের পাশে থাকব যতদিন সম্ভব। শুধু ছেলে নয়, মেয়েদের স্কুল ক্রিকেটেও অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।’ তাওহিদ হৃদয় আবেগ প্রকাশ করে বলেন, ‘আমার ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল স্কুল ক্রিকেট থেকে। বগুড়া পুলিশ লাইন্স হাই স্কুলে খেলেছি, চার বছর খেলেছি এবং একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। স্কুল ক্রিকেটই অনেক ক্রিকেটারের পাথেয়।’ নাজমুল হোসেন শান্তও অভিজ্ঞতা শেয়ার করেন, ‘স্কুল ক্রিকেট থেকে আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পাওয়া যায়। ভবিষ্যতে স্কুল ক্রিকেটের সেরা খেলোয়াড়দের বিদেশেও খেলানোর ব্যবস্থা করা উচিত।’ এ বছর বৃত্তিপ্রাপ্ত ক্রিকেটারদের সংখ্যা ১৫ থেকে ২৫-এ বৃদ্ধি করা হয়েছে, আর্থিক পরিমাণ ৬০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা।

ভারতকে ছাড়াই ইউরো নেশনস কাপ আয়োজনের পরিকল্পনা

ভারতকে ছাড়াই ইউরো নেশনস কাপ আয়োজনের পরিকল্পনা আইপিএল, পিসিএলসহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রসার ঘটায় বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড বহুজাতিক টুর্নামেন্টের প্রতি আগ্রহ বেড়েছে। সম্প্রতি ক্রিকেট আয়ারল্যান্ড ‘ইউরো নেশনস কাপ’ নামে একটি নতুন বহুজাতিক টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা করছিল। এর মূল উদ্দেশ্য ছিল এশিয়া কাপের মতো ভাবধারার একটি প্রতিযোগিতা তৈরি করা, যা ইউরোপীয় দলগুলোকে কেন্দ্র করে আয়োজিত হবে। এই ধারণাটির পেছনে ছিলেন ব্রায়ান ম্যাকনিস। যিনি বিশ্বাস করেন, একটি নিয়মিত টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার জন্য এই অঞ্চলে যথেষ্ট প্রতিযোগিতামূলক দল রয়েছে। ইউরো নেশনস কাপের প্রস্তাবটি সম্প্রতি উত্থাপন করা হয়। ইউরো নেশনস কাপের প্রস্তাবিত অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং ইতালি। তবে ভারত ছিল না। টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে পুরুষ ও মহিলা উভয় বিভাগের প্রতিযোগিতা থাকবে। এ বিষয়ে ম্যাকনিস বলেন, আমি বেশ কিছুদিন ধরে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার জন্য এই বিষয়টি টেবিলে রেখেছি। এটি এমন একটি বিষয় যা নিয়ে আমি অত্যন্ত আগ্রহী এবং যা আমি মৌলিকভাবে বিশ্বাস করি। তনি আরও বলেন, আলোচনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী যে এটি অনুষ্ঠিত হতে চলেছে। যথাসময়ে একাধিক অংশীদার এর সঙ্গে যুক্ত হবেন। তবে আমি আশা করছি, এটি ‘২৭-এর গ্রীষ্মে শুরু হবে এবং এর সঠিক বিন্যাস ও বিস্তারিত বিবরণ যথাসময়ে ঘোষণা করা হবে। আমি আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই তা হবে। ইউরো নেশনস কাপের প্রস্তাব সত্ত্বেও, একটি বড় বাধা দেখা দেয়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাদের ইতোমধ্যেই ঠাসা সূচিতে আরেকটি টুর্নামেন্ট যোগ করার বিষয়ে আপত্তি জানিয়েছিল। প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড স্বীকার করেছেন, ধারণাটির যৌক্তিকতা আছে, কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইংল্যান্ডের ক্যালেন্ডারে অতিরিক্ত কোনো প্রতিশ্রুতির জন্য খুব কম জায়গা রয়েছে। আন্তর্জাতিক সফর এবং বৈশ্বিক ইভেন্টগুলো ইতোমধ্যেই নির্ধারিত থাকায়, আরেকটি বহু-দলীয় টুর্নামেন্টের ব্যবস্থা করা কঠিন বলে মনে হচ্ছে। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকনিস বলেন, আমি বেশ কিছুদিন ধরে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার জন্য এই বিষয়টি টেবিলে রেখেছি। এটি এমন একটি বিষয় যা নিয়ে আমি অত্যন্ত আগ্রহী এবং যা আমি মৌলিকভাবে বিশ্বাস করি। আলোচনাগুলো এখন এমন একটি পর্যায়ে বিকশিত ও পরিবর্তিত হয়েছে যে, এটি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। যথাসময়ে একাধিক অংশীদার এর সঙ্গে যুক্ত হবেন, তবে আমি আশা করছি যে এটি ‘২৭-এর গ্রীষ্মে শুরু হবে। টুর্নামেন্টটির বাণিজ্যিক সাফল্যের জন্য বিশেষ করে সম্প্রচারকারী ও পৃষ্ঠপোষকদের আকৃষ্ট করার ক্ষেত্রে, ইংল্যান্ডের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাদের ছাড়া প্রতিযোগিতাটি প্রচারের আলোয় আসতে হিমশিম খেতে পারত।

আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি তামিম

আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি তামিম তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রথম সভা করেছে। সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে প্রধান সিদ্ধান্ত, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সভা ও কার্যক্রমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। এছাড়া আইসিসির পরামর্শ অনুযায়ী বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)কেও প্রতিনিধিত্ব করার অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে ছোট বক্তব্যে তামিম জানান, অ্যাডহক কমিটির সদস্যরা ইচ্ছেমতো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না। বোর্ডের মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখবেন তানজিল চৌধুরি। তানজিল চৌধুরি সভার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, বোর্ডের ব্যাংক সিগনেটরি সংক্রান্ত নিয়মিত কার্যক্রম বজায় রাখার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের সিগনেটরির দায়িত্ব দুই গ্রুপে ভাগ করা হয়েছে, ম্যানেজমেন্ট গ্রুপে সিইও ও হেড অব ফাইন্যান্স থাকবেন, আর বোর্ড বা অ্যাডহক কমিটি থেকে প্রেসিডেন্ট ও ফাইন্যান্স কমিটির প্রধান দায়িত্ব পালন করবেন। আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধিত্বের ব্যাপারেও তানজিল বলেন, ‘বাই ট্রাডিশন ও ডিজাইনের মাধ্যমে বোর্ড প্রেসিডেন্টই অংশগ্রহণ করেন। আমাদের ক্ষেত্রে এই দায়িত্বে মনোনীত হয়েছেন তামিম ইকবাল। পাশাপাশি আইসিসির পরামর্শে সিইওকে যুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।’ তানজিল আরও জানিয়েছেন, অ্যাডহক কমিটি নিয়েও আইসিসি আপত্তি রাখেনি। নতুন কমিটি ইতিমধ্যেই ঘরের মাঠে আসন্ন আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতির খোঁজ নিয়েছে। আগামী সোমবার বাংলাদেশে আসছে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। সভায় লিগাল কাউন্সিল সম্পর্কিত বিষয়ও আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সভা বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।