আজ শুরু সুপার এইটের লড়াই

আজ শুরু সুপার এইটের লড়াই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ছিল অস্ট্রেলিয়া। অথচ তারাই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। শুধু তা-ই নয়, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে বড় দলগুলোর চোখে চোখ রেখে দারুণ লড়াই করেছে ছোট দলগুলোও। জমজমাট সেই লড়াই শেষে এখন সবার নজর সুপার এইট পর্বে। সেরা আট দলের এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে আজ। পাল্লেকেলেতে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে দুই দলের পারফরম্যান্সেই ছিল ওঠানামা। ‘ডি’ গ্রুপ থেকে চার ম্যাচের তিনটিতে জয় পেয়ে সুপার এইটে ওঠে কিউইরা। একমাত্র হারটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে জয় পাওয়া তিন ম্যাচেও নিজেদের সেরাটা খেলতে পারেনি নিউজিল্যান্ড। একই চিত্র ছিল পাকিস্তানের ক্ষেত্রেও। ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচের তিনটিতে জয় পেলেও ভারতের বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি দলটি। তাই আজ পাকিস্তান ও নিউজিল্যান্ড—দুই দলই খুঁজবে নিজেদের সেরা ছন্দ। সুপার এইট শুরু হওয়ার দিনে সেমিফাইনালে কোন চার দল জায়গা করে নেবে, তা নিয়েও চলছে আলোচনা। সুপার এইট পর্ব ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ ১-এ রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। এই গ্রুপে সবচেয়ে বড় চমক জিম্বাবুয়ে, অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেরা আটে উঠেছে তারা। জিম্বাবুয়ের দাপটেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মনে করেন, এই গ্রুপ থেকে সেমিফাইনালে যেতে পারে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সেরা চারের লড়াইয়ে ভারতের চেয়েও এই দুই দলকে এগিয়ে রাখছেন তিনি। আমিরের ব্যাখ্যা, ‘আপনি যদি তাদের (ভারত) ম্যাচগুলো দেখেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া প্রায় সব ম্যাচেই ব্যাটিংয়ে ধস নেমেছে। সুপার এইটের ম্যাচগুলোতে চাপ আরো বাড়বে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকে হারাতে পারে।’ অন্যদিকে গ্রুপ-২ থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন আমির। এই গ্রুপের অন্য দুই দল হলো ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, পাকিস্তান দল আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ। সিরিজটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে দল গঠন ও প্রস্তুতির জন্য এটি হবে বড় পরীক্ষা।
হতাশায় নিমজ্জিত অস্ট্রেলিয়াকে ভয় দেখাচ্ছে ওমানও

হতাশায় নিমজ্জিত অস্ট্রেলিয়াকে ভয় দেখাচ্ছে ওমানও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ম্যাচেই হেরেছে ওমান। এর আগে ২০২৪ আসরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র দেখায় বড় ব্যবধানে হেরেছিল দলটি। সেই ওমানই কিনা এবার ভয় দেখাচ্ছে অস্ট্রেলিয়াকে! আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ওমান। অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। হতাশায় নিমজ্জিত এই অস্ট্রেলিয়াকেই শেষ ভয়টা দেখাতে চায় ওমান।
পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ‘বাঘিনীরা’

পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া কাপের ফাইনালে ‘বাঘিনীরা’ ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে যেন চলল ফাহিমা খাতুনের ‘ওয়ান ম্যান শো’। তার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ ‘এ’ দল। উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের পুঁজি পায় বাংলাদেশ। ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাঘিনীরা

এশিয়ান কাপ খেলতে রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাঘিনীরা বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য বড় মঞ্চে নিজেদের পরিচয় দেখানোর সময় শুরু হয়ে গেছে। আজ রাতে ঢাকা ছাড়ছেন আফঈদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমার। আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহরে অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপ খেলতে যাচ্ছেন তারা। বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে রয়েছে ৯ বার চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, তিনবারের চ্যাম্পিয়ন চীন এবং উজবেকিস্তানের সঙ্গে। সিডনিতে ৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে পিটার বাটলারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। অনুশীলনের ফাঁকে ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে রিকশায় চড়ার ছবি পোস্ট করে জানিয়েছেন, তাদের অস্ট্রেলিয়া যাত্রার খবর। অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ খেলার পর পুরো দল একসঙ্গে অনুশীলন করেছেন কোচ বাটলার। দলে আছেন সুইডেনপ্রবাসী আনিকা। তবে বিদেশে ক্যাম্প আয়োজন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যা বড় মঞ্চে শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতির জন্য প্রয়োজন ছিল। প্রাথমিক পরিকল্পনায় দলের ক্যাম্প থাইল্যান্ডে হওয়ার কথা থাকলেও তা বাতিল হওয়ায় এবার সরাসরি অস্ট্রেলিয়ায় যাচ্ছে মনিকা চাকমা ও মারিয়া মান্দারা। সিডনিতে গিয়ে স্থানীয় কোনো ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গ্রুপের তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের মূল লক্ষ্য উজবেকিস্তানের বিপক্ষে ৯ মার্চ পার্থে জয় নিশ্চিত করা। এই ম্যাচ জিতলে সেরা দুই রানার্সআপের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করলো ভারত

অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করলো ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট ধরে রাখল ভারত। ভারত বুধবার নেদারল্যান্ডসকে ১৭ রানে হারিয়ে গ্রুপ পর্বে টানা চার জয় নিশ্চিত করেছে। সব মিলিয়ে বিশ্বকাপে গত আসরের চ্যাম্পিয়নদের এটি টানা ১২তম জয়।নরেন্দ্র মোদী স্টেডিয়াম-এ টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৯৩ রান তোলে ভারত। জবাবে ডাচরা থামে ১৭৬ রানে। শুরুটা ভালো হয়নি ভারতের। অফ স্পিনার আরিয়ান দত্তকে মারতে গিয়ে বোল্ড হন আভিশেক শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচেই শূন্য রানে আউট হওয়ার তেতো অভিজ্ঞতার মুখে পড়েন র্যাঙ্কিংয়ের এক নম্বর এই ব্যাটার। ইশান কিষান ৭ বলে ১৮ রানের ঝড়ো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। তিলক ভার্মা (২৭ বলে ৩১) ও সূর্যকুমার যাদব (২৮ বলে ৩৪) ত্রিশ ছুঁলেও বড় স্কোরে রূপ দিতে ব্যর্থ হন। পাঁচ নম্বরে নেমে ৩১ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শিভাম দুবে। ছয়টি ছক্কা ও চারটি চারে সাজানো এই ঝড়ো ইনিংসেই ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে। পরে বল হাতে ৩৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে। শেষ ওভারে টানা দুই বলে দুটি ক্যাচ হাতছাড়া হলেও পরের বলেই উইকেট নিয়ে ঘুরে দাঁড়ান তিনি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ৩৫ বলে ৭৬ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পান্ডিয়া করেন ২১ বলে ৩০ রান। রান তাড়ায় নেদারল্যান্ডসের প্রথম চার ব্যাটসম্যানই ২০ ছুঁলেও কেউ ইনিংস লম্বা করতে পারেননি। তিন নম্বরে বাস ডে লিডে ২৩ বলে ৩৩ রান করে দলের সর্বোচ্চ সংগ্রাহক। রহস্য স্পিনার ভারুন চক্রবর্তী ১৪ রানে ৩ উইকেট নিয়ে ডাচদের চাপে ফেলেন। নিজের প্রথম ওভারেই ফেরান ম্যাক্স ও’ডাউডকে। ইনিংসের ত্রয়োদশ ও নিজের তৃতীয় ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ভারতের নিয়ন্ত্রণ পাকাপোক্ত করেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য ২৮ রান দরকার ছিল ডাচদের। তবে নিতে পারে মাত্র ১০ রান। চার ম্যাচে এক জয় ও তিন হারে আসর শেষ করল নেদারল্যান্ডস, আর নিখুঁত গ্রুপ পর্ব শেষ করে আত্মবিশ্বাস নিয়ে সুপার পর্বে পা রাখল ভারত।
ভারত থেকে বৈশ্বিক টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি

ভারত থেকে বৈশ্বিক টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভবিষ্যতে ভারতের ভেন্যু পরিবর্তনের বিষয়টি ভাবছে। চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ও রাজনৈতিক কারণে বাংলাদেশের ভারত সফর বাতিল এবং পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ঘোষণা জনিত জটিলতার পরিপ্রেক্ষিতে এই পরিকল্পনা উঠে এসেছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড’র প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৯ সালে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ ভারতের ভেন্যুতে হওয়ার কথা। বিশ্বকাপে ভারত ও বাংলাদেশ সহ-আয়োজক হলেও রাজনৈতিক কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে পারেনি। পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ না খাওয়ার ঘোষণা দেয়ায় আইসিসি বিপাকে পড়ে। বিষয়টি মীমাংসার জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনায় আইসিসির ডেপুটি চেয়ারম্যান লাহোরে যান। পরে পাকিস্তান অবস্থান পরিবর্তন করায় নির্ধারিত সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার পর ক্রিকেট প্রশাসকদের মধ্যে বিস্তৃত বিকল্প পরিকল্পনার আলোচনা শুরু হয়েছে। সূত্রের বরাতে বলা হয়েছে, ভবিষ্যতে রাজনৈতিক বা নিরাপত্তাজনিত জটিলতা এড়াতে ভারতভিত্তিক টুর্নামেন্টের বিকল্প ভেন্যু হিসেবে অস্ট্রেলিয়াকে বিবেচনা করা হতে পারে। অস্ট্রেলিয়া ইতোমধ্যেই ২০২৮ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে আছে, যেখানে সহ-আয়োজক হিসেবে নিউজিল্যান্ডও রয়েছে। আইসিসি চাইছে, ভবিষ্যতে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো যাতে নির্বিঘ্নে অংশ নিতে পারে, সেই জন্য বিকল্প ভেন্যু নিয়ে চিন্তাভাবনা করছে। ক্রিকেটের আর্থিক শক্তির কেন্দ্র হিসেবে ভারত সম্প্রতি বেশিরভাগ বড় টুর্নামেন্টের আয়োজক। তবে আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের কারণে এই আয়োজক স্বত্ব পুনর্বিবেচনার বিষয়ও উঠতে পারে।
টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে দুর্দান্ত ছন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজ টানা চার ম্যাচ জিতে অপরাজিত থেকেই সুপার এইটে উঠেছে। ইতালির বিপক্ষে ৪২ রানের জয়ে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়েছে শাই হোপের দল। ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং (৪) ও সিমরন হেটমায়ার (১) দ্রুত বিদায় নিলে ৩১ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা। সেখান থেকে দলকে টেনে তোলেন শাই হোপ। ৪৬ বলে ৭৫ রানের মারকুটে ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। রস্টন চেজ করেন ২৫ বলে ২৪ রান, আর শেষদিকে শেরফান রাদারফোর্ডের ১৫ বলে ২৪ ও ম্যাথিউ ফোর্ডের ৮ বলে অপরাজিত ১৬ রানে ৬ উইকেটে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ইতালির হয়ে বেন মানেন্তি ও ক্রিসান কালুগামাগে নেন দুটি করে উইকেট। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ইতালি। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। জে জে স্মাটস ২৭ বলে ২৪ এবং বেন মানেন্তি ২১ বলে ২৬ রান করলেও অন্যরা বড় ইনিংস গড়তে পারেননি। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয় ইতালি। ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ নেন ৪টি এবং ম্যাথিউ ফোর্ড নেন ৩টি উইকেট। টানা চার জয়ে গ্রুপপর্ব শেষ করে দারুণ ছন্দে সুপার এইটে পা রাখল ওয়েস্ট ইন্ডিজ।
জিতলে সুপার এইট, হারলেই বিদায় পাকিস্তানের

জিতলে সুপার এইট, হারলেই বিদায় পাকিস্তানের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয়, এরপর যুক্তরাষ্ট্রকে হারানো, তবে সবশেষে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ। এমন ওঠানামার মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সুপার এইটে ওঠার ভাগ্য এখন ঝুলে আছে শেষ ম্যাচের ওপর। কলম্বোর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে আজ বিকেলে নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে এটিই তাদের শেষ ম্যাচ। সুপার এইট নিশ্চিত করতে হলে এই ম্যাচে অন্তত পরাজয় এড়াতেই হবে সালমান আলি আগার দলকে। এখন পর্যন্ত তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় দল হিসেবে শেষ আটে ওঠার লড়াইয়ে রয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। চার ম্যাচে দুই জয় নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র। সমান দুই জয় থাকলেও তিন ম্যাচ খেলা পাকিস্তান নেট রান রেটে পিছিয়ে থাকায় রয়েছে তৃতীয় স্থানে। এ অবস্থায় নামিবিয়ার বিপক্ষে জয় পেলেই যুক্তরাষ্ট্রকে টপকে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট নিশ্চিত করবে পাকিস্তান। তবে হারলে পরিস্থিতি হবে ভিন্ন। নেট রান রেটে আগে থেকেই পিছিয়ে থাকায় পরাজয় আরও বড় ধাক্কা দেবে তাদের সম্ভাবনায়। সেক্ষেত্রে তিন নম্বরেই থেকে বিদায় নিতে হবে। কাগজে-কলমে শক্তির বিচারে নামিবিয়ার চেয়ে এগিয়ে পাকিস্তান। তবে আগের বিশ্বকাপে সহযোগী সদস্য দেশের বিপক্ষে হারের অভিজ্ঞতা তাদের সতর্ক রাখবে নিশ্চিতভাবেই। তাই মাইক হেসনের দল এই ম্যাচে বাড়তি মনোযোগ নিয়েই নামবে। সুপার এইটের লড়াই সামনে রেখে একাদশে পরিবর্তন আনতে পারে পাকিস্তান। বাবর আজম, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি বাদ পড়তে পারেন। সুযোগ পেতে পারেন খাওয়াজা নাফে, ফাখার জামান ও নাসিম শাহ। পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম অথবা খাওয়াজা নাফে, শাদাব খান অথবা ফাখার জামান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, উসমান তারিক, আবরার আহমেদ। নামিবিয়ার সম্ভাব্য একাদশ ইয়ান ফ্রাইলিংক, লরেন স্টিনকেম্প, ইয়ান নিকোল লফটি-ইটোন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেজে স্মিট, জেন গ্রিন (উইকেটরক্ষক), ডায়লান লেচার, রুবেন ট্রাম্পলম্যান, উইলেম মাইবার্গ, বার্নার্ড স্কোলজ, জ্যাক ব্রাসেল।
হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাঘিনীরা

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাঘিনীরা শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়াকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাংককে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল। ম্যাচ সেরা হয়েছেন লতা মণ্ডল। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন লতা মণ্ডল। পাঁচ নম্বরে নেমে ৪৪ বল মোকাবেলা করে হাঁকান চারটি চার। এছাড়া অধিনায়ক ফাহিমা খাতুন ২৪ বলে করেন ২৯ রান। ২৫ বলে ৩০ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে। ১১ বলে ১৯ রান করেন সাদিয়া আক্তার। এছাড়া ১১ বলে ১৪ রান করেন রুবিয়া হায়দার। জবাব দিতে নেমে মালয়েশিয়ার নারীরা শুরু থেকেই ছিলেন চাপে। মালয়েশিয়া ‘এ’ দলের পক্ষে দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু নূর আরিয়ান্না নাতসিয়া। ২৪ বল খেলে ২২ রান করে তিনি থাকেন অপরাজিত। এ ছাড়া বাকি সবাই থেমেছেন এক অঙ্কের ঘরে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬১ রান দাঁড়ায় মালয়েশিয়ার সংগ্রহ। বাঘিনীদের পক্ষে ফাতেমা জাহান তিনটি ও শরিফা খাতুন দুটি উইকেট পান। হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নারীরা আগামী ২০ ফেব্রুয়ারি সেমিফাইনালে লড়বে পাকিস্তানের বিপক্ষে।