চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত 

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস  বুধবার পালিত হয়েছে। প্রত্যুষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা উপজেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে। জুলাই আন্দোলনের ওপর নির্মিত দুটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসময় আলোচনা সভায় অংশগ্রহণকারীদের চোখ ছলছল করে ওঠে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ : নিজস্ব প্রতিবেদক : সকালে ‘জুলাই শহীদ দিবস-২০২৫’ উপলক্ষে জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। আব্দুস সামাদ তার বক্তব্যে বলেন, “শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে জুলাই আন্দোলন সফল হয়। তাদের জন্য আমাদের করণীয় আছে। আর তা হলো, জুলাই শহীদরা যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।” জেলা প্রশাসক ছাত্রদের উদ্দেশ্যে বলেন— আপনারা তো কোনো কিছু পাওয়ার আশায় আন্দোলন সংগ্রাম করেননি। আপনারা চেয়েছিলেন, একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ। আমরা যারা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী রয়েছি, তারা চেষ্টা করছি আপনাদের সেই স্বপ্ন পূরণের। আপনাদের তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়, আর যেন কোনো ফ্যাসিস্ট হতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সেজন্য আমাদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। আলোচনা সভায় বক্তব্য দেন— পুলিশ সুপার মো. রেজাউল করিম, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ কামলি মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেনসহ অন্যরা। জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন— বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সাব্বির আহমেদ, আকিব মিঞা, মাহাদি ইসলাম, রাউফুল সিয়াম রাজ ও জুলাই আহত তাহমিদুল হাসান। জুলাই যোদ্ধারা চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনের স্মৃতিচারণ করেন। গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য দেন— ডাবলু কুমার ঘোষ, ফয়সাল আজম অপু ও সেলিম রেজা। ছাত্রদলের স্মরণ সভা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল। বুধবার বিকেলে স্মরণসভার মধ্য দিয়ে তাদের স্মরণ করা হয়। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেন, জেলা ছাত্রদলের সদস্য নাজিব ওয়াদুদ, জাকির হোসেন, আব্দুল রাকিবসহ অন্য নেতৃবন্দ। বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের স্মৃতিচারণ করেন এবং ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্যদিকে আমাদের ভোলাহাট প্রতিনিধি জানিয়েছেন, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলা মডেল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। সভায় বক্তব্য দেন— আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, আন্দোলনে নিহত শহীদ তারেকের বাবা আসাদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, ছাত্রদের মধ্যে নাজমুল হক নাজিম ও হিজবুল্লাহ। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

ভোলাহাটের সেই রোমানের পাশে দাঁড়াল প্রশাসন

ভোলাহাটের সেই রোমানের পাশে দাঁড়াল প্রশাসন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অটোরিকশা চালিয়ে বাবার চিকিৎসা ও সংসারের খরচ যুগিয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া রোমান আলীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাকে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা সহায়তার চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক শিক্ষা খরচ বাবদ তাৎক্ষণিক সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপজেলার মুশরীভূজা গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থী মো. নিয়ামত আলীকেও আর্থিক সহায়তা দেওয়া হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ভর্তির সুযোগ পেয়েছেন। গৌড় বাংলায় রোমান আলীর জীবনসংগ্রাম ও কৃতিত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের নজরে এলে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে অবহিত করে। পরে জেলা প্রশাসক এই উদ্যোগ নেন। উল্লেখ্য, ভোলাহাট উপজেলার তাঁতীপাড়া গ্রামের রোমান আলী বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছোটবেলা থেকেই বাবার অসুস্থতা, সংসারের অভাব-অনটনের মধ্যেও রোমান অটোরিকশা চালানোর পাশাপাশি পড়ালেখা চালিয়ে গেছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার রোমানের পড়ালেখার জন্য আর্থিকভাবে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

অটোরিকশা চালিয়ে পরিবার চালানো রোমান পেলেন জিপিএ-৫

অটোরিকশা চালিয়ে পরিবার চালানো রোমান পেলেন জিপিএ-৫ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার রোমান আলী শিশুবয়সেই ধরেছিলেন সংসারের হাল। পাশাপাশি চালিয়ে গেছেন পড়াশোনা। পরিশ্রমের ফসলও পেয়েছেন তিনি। চলতি বছর এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। রোমান উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেন। রোমানের বাড়ি উপজেলার তাঁতিপাড়ায়। বাবা তোফাজ্জল হক অসুস্থ, শয্যাশায়ী। ২০১৩ সালে নিমগাছের ডাল ভাঙতে গিয়ে পড়ে গিয়ে কোমর ভেঙে যায়। পরে একটি কিডনিও বিকল হয়ে পড়ে। রোমান তখন নিতান্তই শিশু। কয়েক বছর টেনেটুনে সংসার চললেও প্রাথমিকে পড়ার সময়ই রোমানকে নেমে পড়তে হয় জীবনযুদ্ধে। সংসারের খরচ আর বাবার ওষুধের খরচ জোগাতে অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে হয়। পরিশ্রম বেশি হলেও হাসিমুখে তা সয়ে গেছেন। পাশাপাশি পড়াশোনাকে ধরে রাখার চেষ্টা করেন। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে রোমান ভর্তি হন বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে অংশ নেন চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায়। ভাগ্য তাকে নিরাশ করেনি। কঠোর পরিশ্রমের পারিশ্রমিক হিসেবেই সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। রোমান আলী জানান, শিশু বয়সেই সংসারের হাল ধরতে হওয়ায় তার জীবনে হতাশা নেমে এসেছিল। তবে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। মনের মধ্যে পণ করেছিলেন, যতই কষ্ট হউক, পড়াশোনা চালিয়ে যাবেন। রোমান বলেন, পড়ালেখার ফাঁকে ফাঁকে অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়তেন ভাড়া মারার জন্য। উপার্জিত আয় দিয়ে বাবার ওষুধ কেনার পর যা থাকত তা দিয়ে কোনো মতে সংসার চলত। তিনি বলেন, অটোরিকশা চালাতে গিয়ে শিক্ষক, বন্ধুবান্ধব ও পরিচিতদের দেখে প্রথম দিকে লজ্জা লাগছিল। তবে থেমে যাইনি। লক্ষ্য ছিল, যেভাবেই হোক সংসার এবং বাবার ওষুদের টাকা জোগাড় করতে হবে। পড়াশোনাও চালিয়ে যেতে হবে। তাই স্কুল করে অটোরিকশা চালানোর পর যেটুকু সময় পেতাম, সেটুকু সময় পড়াশোনার জন্য ব্যয় করতাম। আগামীতে রোমানের লক্ষ্য, উচ্চ শিক্ষা অর্জনের। তবে বাধা দীনতা। আপাতত লক্ষ্য, এইচএসসির গণ্ডি পার করা। আর এইচএসসি পড়াশোনার খরচ চালানোর দুশ্চিন্তায় তিনি। এক্ষেত্রে কারো সহায়তা নিতেও আপত্তি নেই তার। কথা হয় রোমানের চাচা জহরুল হকের সঙ্গে। তিনি জানান, ছোট ভাই তোফাজ্জলের ২০১৩ সাল থেকে চিকিৎসা চলছে। কোনোভাবে বেঁচে আছে সে। এখন ভাতিজা রোমানই রিকশা চালিয়ে সংসার চালায়। সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত শরীরে রাতে যতটুকু সময় পেয়েছে, সেই সময়টুকু মন দিয়ে পড়েছে। এত প্রতিকূলতার মধ্যেও ভালো রেজাল্ট করেছে সে। তিনি বলেন, কেউ যদি পাশে দাঁড়ায়, তাহলে ছেলেটা উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবে। রোমানের মা রুনা বেগম বলেন, পড়াশোনার তেমন সুযোগ ছিল না। স্কুল থেকে বাড়ি ফিরে অভাবের সংসারের জন্য অটোরিকশা নিয়ে রাস্তায় বের হতো। যেটুকু সময় পেত, পড়াশোনা করত। রোমানের বাবা বলেন, দেশের অনেক জায়গায় চিকিৎসা করতে গিয়ে সর্বস্ব হারিয়ে ফেলেছি। পরে একটি কিডনি নষ্ট হয়ে গেছে। তাই কাজকর্মও করতে পারি না। তিনি বলেন, ছেলে ভালো রেজাল্ট করার পরও তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারব কিনা, সেই দুশ্চিন্তায় আছি। এমনিতেই ঋণগ্রস্ত হয়ে পড়েছি। তার ওপর রোমানের লেখাপড়ার খরচ। তাই একমাত্র সন্তানের আগামী দিনের শিক্ষা অর্জনের জন্য মানুষের পাশাপাশি সরকারিভাবে সহযোগিতা কামনা করেন বাবা তোফাজ্জল।

ভোলাহাটে প্রকৃত ভিডব্লিউবি উপকারভোগীদের তালিকা প্রকাশ

ভোলাহাটে প্রকৃত ভিডব্লিউবি উপকারভোগীদের তালিকা প্রকাশ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সচিবদের হাতে এই তালিকা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। প্রকৃত উপকারভোগীদের খুঁজে বের করতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দফায় দফায় যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে নিজ নিজ কার্যালয়ে নোটিশ বোর্ডে ঝুলিয়ে রাখতে এই তালিকা হস্তান্তর করা হয়। সরকারি নির্দেশনা অনুসারে, নির্বাচিতদের নামের তালিকা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। আবেদনপত্র যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্র ও অসহায় নারীদের অগ্রাধিকার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি প্রকাশিত তালিকায় কোনো সচ্ছল, স্বাবলম্বী কিংবা অনুপযুক্ত ব্যক্তি অনুপ্রবেশ করে থাকেন তথ্য-প্রমাণসহ অভিযোগ দাখিলের জন্য আহ্বান জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান জানান, সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীরা পান সেজন্যই এমন খোলামেলা প্রক্রিয়ার মাধ্যমে তালিকা প্রকাশ এবং আপত্তি গ্রহণের সুযোগ রাখা হয়েছে।

ভোলাহাটে ৯৭০ জনের মাঝে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। এসময় প্রত্যেক কৃষককে বিঘা প্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহজালাল, জনস্বাস্থ্য প্রকৌশলী আজমির শেখ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ন কবির ও আরডিও সবুজ আলী। এ সময় উপজেলার মোট ৯’শ ৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে এ সব উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

ভোলাহাটে কাব কার্নিভাল অনুষ্ঠিত

ভোলাহাটে কাব কার্নিভাল অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ স্কাউট ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউট ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, সহকারী শিক্ষা অফিসার হুমায়ুন কবির, রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোরবান আলী, কাব লিডার কামরুল হাসান বকুল, স্কাউটস লিডার আব্দুর রাকিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খলা ছিঁড়ি এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসসহ অন্যরা।

ভোলাহাটে দিনব্যাপী প্রশিক্ষণ

ভোলাহাটে দিনব্যাপী প্রশিক্ষণ ভোলাহাটে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীল আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি ক্ষুদ্রঋণ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করে আর্থ-সামাজিক উন্নয়ন করার পরামর্শ দেন। তিনি ঋণখেলাপি না হওয়ার পরামর্শ দেন। প্রশিক্ষণে বিস্তারিত তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ঋণগ্রহীতা, সমাজসেবা অফিসের কর্মচারী ও সুধীরা অংশগ্রহণ করেন।

ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদেরকে ঠেলে দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, জেলার ভোলাহাট উপজেলার হোসেনভিটা চাঁনশিকারী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৪ জন নারী ও ৪জন পুরুষ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখালীপুর গ্রামের মো. গোলাবের ছেলে মো. ফায়েক (২৮), খুলনা জেলার দিঘলিয়া থানার ডোমরা গ্রামের আব্দুর রহমান সরদারের ছেলে মো. আজিম সরদার (২৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বেলদহী গ্রামের মো. শফির উদ্দিনের ছেলে রুস্তম আলী (৪৪), রাজশাহী জেলার চারঘাট থানার চকমুক্তাপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে মো. মোফাজ্জেল হোসেন (৩৫), তানোর থানার হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের স্ত্রী দুখী দাস (৫৫), খুলনা জেলার দিঘলিয়া থানার ডোমরা গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী মোছা. মিম খাতুন (১৯), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কাঞ্চনরানীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে মোছা. রত্না আক্তার নুপুর (২২), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পিছি বারইখালী গ্রামের ইব্রাহিমের স্ত্রী মোছা. নাদিরা খাতুন (৩৭)। লে. কর্নেল গোলাম কিবরিয়া আরো বলেন-আটককৃত ব্যক্তিরা ২০১৭ সাল হতে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের জন্য তাদেরকে ভারতীয় পুলিশ বিভিন্ন সময় আটক করে এবং তারা ভারতের মুর্শিদাবাদ কেন্দ্রীয় জেলে আটক অবস্থায় ছিল। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

ভোলাহাটে কর্মমুখর সময় কাটালেন জেলা প্রশাসক

ভোলাহাটে কর্মমুখর সময় কাটালেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত দিন কাটিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বৃহস্পতিবার তিনি উপজেলার পীরগাছি কমিউনিটি ক্লিনিক, ভোলাহাট থানা, তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, ভবানীপুরে মরুর ফসল সাম্মামের ক্ষেত, বজরাটেক শাহী জামে মসজিদের ঈদগাহের মাঠ ভরাটসহ মেহেরাব ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে ঢেউটিন ও কৃষি উন্নয়ন প্রকল্পের হ্যান্ড স্প্রেয়ার মেশিন বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীসহ অন্যরা। সাম্মাম ফসল পরিদর্শন শেষে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসারা মো. মনিরুজ্জামান। সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী।