উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস- এমপি ড. মিজানুর রহমানের

উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস- এমপি ড. মিজানুর রহমানের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। তিনি বলেন, হাসপাতালের বিদ্যমান সংকটগুলো পর্যায়ক্রমে দূর করে স্বল্প সময়ের মধ্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। আজ বেলা ১২ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান শেষে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন পাল জাতীয় সংসদ সদস্যকে স্বাগত জানান। পরে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন মিজানুর রহমান। আগামী ৬ মাসের মধ্যে হাসপাতালে ডিজিটাল এক্স-রে সেবা চালু করা হবে বলে জানান। এছাড়া জেনারেটর পরিচালনার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১০০ লিটার জ্বালানির সমমূল্যের অর্থ প্রদান করেন। পরে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিনি এবং কর্তৃপক্ষকে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা শামসুজ্জামান আলকাশ, ভোলাহাট থানার ওসি একরামুল হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লোকমান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাচোলে এমপি ড. মু. মিজানুর রহমান-কে গণসংবর্ধনা

নাচোলে এমপি ড. মু. মিজানুর রহমান-কে গণসংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নির্বাচনের পর এলাকায় এসে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। রোববার বেলা সাড়ে ১২টার দিকে নেজামপুর বাজারে স্থানীয় ব্যবসায়ী সমিতি, আলিম মাদ্রাসা, গ্রিনভ্যালি অ্যাকাডেমি এবং বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে এমপিকে বরণ করেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরপর তিনি বরেন্দা গ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গ্রামবাসীর সঙ্গে আলোচনায় সূতিহার দিঘি সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে কথা বলেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পরে হাটবাকইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি। এছাড়া মুরগীডাঙ্গা, বকুলতলা বাজার, গোসাইপুর ও দোগাছী গ্রামেও তাকে সংবর্ধনা দেওয়া হয়।
ভাষা শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজন

ভাষা শহিদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজন চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জেলার সর্বস্তরের মানুষ। বক্তারা প্রমিত বাংলার শুদ্ধ চর্চা, বাংলা ভাষাকে প্রযুক্তির সঙ্গে আরও সম্পৃক্ত করা, সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। দিবসটি পালন করতে জেলা প্রশাসনসহ শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, পৌরসভা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। জেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। এ সময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শনিবার ভোর থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরি শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, শিশুদের আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা অফিসার আব্দুল মাতিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনূর রহমান, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এবং জেলা আনসার কমান্ড্যান্ট আরিফুর রহমান। আলোচনায় বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন এবং বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা একুশভিত্তিক কবিতা আবৃত্তি করে উপস্থিতদের মুগ্ধ করে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মের কাছে ভাষা শহিদদের বীরত্বগাঁথা তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন। শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ভোলাহাটে আগুনে পুড়ে শেষ চার পরিবার

ভোলাহাটে আগুনে পুড়ে শেষ চার পরিবার ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা ঈদগাহপাড়ায় আগুনে পুড়ে শেষ হয়ে গেছে চারটি পরিবার। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর পৌনে দুইটার দিকে জিয়াউর রহমানের শোয়ার ঘরে মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় আগুন লেগে মুহূর্তেই ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মৃত রাইনুদ্দীনের ছেলে জিয়াউর রহমান, মৃত এস্তাব আলীর স্ত্রী চাঁদ ও ছেলে তরিকুলের বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত টিম লিডার ও স্টেশন অফিসার শ্রীকৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৯ লাখ টাকা ধরা হয়েছে।
ভোলাহাটে নবনির্বাচিত এমপি ড.মিজানুর রহমানের সৌজন্য সাক্ষাত

ভোলাহাটে নবনির্বাচিত এমপি ড.মিজানুর রহমানের সৌজন্য সাক্ষাত ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার প্রবেশ দ্বার দলদলী ক্লাববাজার থেকে শুরু করে ঘাইবাড়ী, পীরগাছী, বারইপাড়া, দলদলী কাউন্সিল মোড়, মুশরীভূজা বাজার, আলী মোড়, আদাতলা বাজার, ময়ামারী মোড়, বৃহত্তর পোল্লাডাংগা, মেডিকেল মোড়, বৃহত্তর বজরাটেকসহ উপজেলার বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে সকল স্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁকে ভোট দিয়ে বিজয়ী করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের ১৪টি সহ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১১৫ টি

চাঁপাইনবাবগঞ্জে চরাঞ্চলের ১৪টি সহ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১১৫ টি চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার তিনটি সংসদীয় আসনে এবাওে মোট ভোট কেন্দ্র রয়েছে ৫১৫টি। পোষ্টাল ব্যালটের নিবন্ধিত ১৮ হাজার ৬৭৫ জন ভোটার ছাড়া কেন্দ্রের ভোটার ১৪ লক্ষ ২৯ হাজার ৬৬০ জন। ইতিমধ্যে প্রশাসন ১১৫টি ভোট কেন্দ্রকে ঝঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। জেলার চরাঞ্চল সমূহে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৪টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে ২৩টি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৬৬টি। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এই তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে গোমস্তাপুরে ৩২টি,নাচোলে ২১টি ও ভোলাহাটে ১৪টি কেন্দ্রকে ঝঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের ২৫ কেন্দ্র ঝূঁকিপূর্ণ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ওয়াসিম ফিরোজ ও জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল এ সব তথ্য নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রতিটি সাধারণ কেন্দ্রে নূন্যতম ১ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ন্যূণতম ২ জন সশস্ত্র পুলিশ ফিক্সড দায়িত্ব পালন করবে। জেলার ৫টি থানা এলাকায় ১হাজার ৮২ জন পুলিশ দায়িত্বরত থাকবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন শিবগঞ্জে ২৯২ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (গোমস্তাপুরে-১৯০,নাচোলে-১২৬ ও ভোলাহাটে-৯০ জন) ৪০৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন সদরে ৩৮৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট আরিফুর রহমান বলেন, ঝূঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন সশস্ত্র আনসার, ৬ জন লাঠিদারী আনসার ও ৪ জন নারী আনসার ও ভিডিপি সদস্য( মোট-১৩ জন) ফিক্সড দায়িত্ব পালন করবে। সাধারণ কেন্দ্রে ফিক্সড দায়িত্বে থাকবে ২জন অস্ত্রধারী আনসার,৭ জন পুরুষ ও ৪ জন নারী আনসার সদস্য। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন হবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জে ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের ভোলাহাটে ৪ প্লাটুন, নাচোলে ২ প্লাটুন ও গোমস্তাপুরে ২ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে ১ প্লাটুন রিজার্ভ সহ ৪ প্লাটুন বিজিবি মোতায়েন হবে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রির্টার্নিং কর্মকর্তার দপ্তরে স্থাপিত নির্বাচন সেলে দায়িত্বরত এক্্িরকিউটিভ ম্যাজিষ্টেট আজামাইন মাহতাব বলেন, জেলাব্যাপী নির্বাচনী দায়িত্বে যুক্ত করা হয়েছে ১০ জন জুডিশিয়াল এবং ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেটকে। কর্মকর্তারা বলছেন, এর বাইরে প্রয়োজনীয় সংখ্যক র্যাব ও সেনাবাহিনী স্ট্রাইকিং পোর্ষ হিসেবে ও মোবাইল টিম নিয়ে মাঠে থাকবে। চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে যথা সময়ে ভোট সামগ্রী প্রেরণ ও ভোটগ্রহণ শেষে নিয়ে আসা হবে বলেও জানানো হয়েছে বিভাগীয় কমিশনার ও ডিআইজি,রাজশাহীর উপস্থিতিতে সর্বশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বিশেষ সভায়। মানুষের শংকা কাটাতে ভোটের দিন সামনে রেখে বাহিনীগুলো ক্রমান্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও ওই সভায় জানানো হয়।
ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ২০ হাজার টাকা অর্থদণ্ড

ভোলাহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ২০ হাজার টাকা অর্থদণ্ড আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মো. এরফান আলী নামে এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক। শনিবার ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দণ্ডিত ব্যক্তি ওই গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে। মোবাইল কোর্টের বিচারক মো. শামীম হোসেন জানান, শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী এরফান আলী বীরেশ্বরপুর গ্রামে নিজ বাসভবনে খাবারের আয়োজন করেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন— এমন সংবাদ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ২১(খ) ধারা লঙ্ঘনের অপরাধে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী মো. এরফান আলীকে ২৭ (ক) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়।
ভোলাহাটে কৃষক প্রশিক্ষণ

ভোলাহাটে কৃষক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোলাহাট কৃষক প্রশিক্ষণ হলরুমে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্পের আওতায় মাল্টিডাইমেনশনাল এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণে ৬০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। সোমবার প্রশিক্ষণ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী। এসময় উপস্থিত ছিলেন— এসএসিপি প্রকল্পের রিজিওনাল প্রজেক্ট অফিসার কৃষিবিদ মো. সাইফুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) বুলবুল আহমেদ, ভোলাহাট উপজেলা কৃষি অফিসার মো. সুলতান আলীসহ অন্যরা।
ভোলাহাটে ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহি নিহত

ভোলাহাটে ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহি নিহত ভোলাহাট উপজেলায় মাটি ভর্তি ট্রলি চাকায় পিষ্ট হয়ে মিলন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমিনগর গ্রামের বিকল ওরফে মিন্টুর ছেলে। তিনি কৃষিকাজে জড়িত ছিলেন। ঘটনার পর পুলিশ ট্রলি ও এর চালককে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে জামবাড়িয়া ইউনিয়নের ফতেপুর খাসপাড়া মোড়ে মোটরসাইকেল নিয়ে সড়কে পিছলে পড়েন মিলন। এসময় পেছন থেকে আসা একটি ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ।
চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই শেষে জাতীয় পার্টির দুইজন ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটি সংশোধন সাপেক্ষে বৈধ ঘোষণার অপেক্ষায় রয়েছে (পেন্ডিং)। বাকি ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ। তিনি বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন রয়েছেন। তার আয়কর রিটার্নে আয়ের তথ্যের সঙ্গে অসঙ্গতি এবং একটি সম্পত্তি উল্লেখ না করার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. খুরশিদ আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি দলীয় মনোনয়নপত্রের মূল কপি দাখিল না করে স্ক্যান কপি জমা দেন এবং ২০১৬ সালের নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্রের দালিলক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জেএসডি প্রার্থী ফজলুর ইসলাম খাঁনের মনোনয়নপত্র ঋণ খেলাপের কারণে বাতিল করা হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় তা পেন্ডিং রাখা হয়েছে। প্রয়োজনীয় স্বাক্ষর ও তথ্য প্রদান করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার তালিকা অনুযায়ী—চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বৈধ প্রার্থী পাঁচজন: বিএনপির শাহাজাহান মিঞা, জামায়াতের কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বৈধ প্রার্থী চারজন: বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতের ড. মিজানুর রহমান, কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থী তিনজন: বিএনপির হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল এবং গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম। বাতিল হওয়া জাতীয় পার্টির দুই প্রার্থীই জানিয়েছেন, তারা আইন অনুযায়ী আপিল করবেন।