ভোলাহাটে নবাগত ওসি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ১

ভোলাহাটে নবাগত ওসি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ১ ভোলাহাট থানায় যোগদানের প্রথম কর্মদিবসে নবাগত ওসি’র নির্দেশে অবৈধ ৯৮ বোতল মাদক ভারতীয় মাদকদ্রব্য সহ ১ জনকে আটক করা হয়েছে| আটক ব্যক্তি মুশরিভুজা গ্রামের মাদক ব্যবসায়ী জালাল উদ্দিনের ছেলে গোলাম রব্বানী| পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ভোলাহাট থানার ওসি আব্দুল বারিকের নির্দেশে পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়| এসময় মাদক ব্যবসায়ী জালাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইসকাপ সিরাপসহ হাতেনাতে রাব্বানীকে আটক করা হয়| ওসি আব্দুল বারিক জানান, এবিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে|

৩ উপজেলায় একযোগে শুরু হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি

৩ উপজেলায় একযোগে শুরু হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। গতকাল রবিবার সকাল ৯টায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদসহ অন্যরা। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রায় তিন সপ্তাহব্যাপী টানা এই টিকা দেয়া হবে। এ জন্য জেলা হাসপাতাল ও  জেলার দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি স্থায়ী  ও এই ৩ উপজেলায় ৩৬টি অস্থায়ী কেন্দ্র খোলা হয়েছে। জেলার অন্য শিশুদের পর্যায়ক্রমে এ টিকার আওতায় আনা হবে।  দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা প্রথম পর্যায়ে টিকার আওতায় এসেছে। চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন জানান, সরকার সারা দেশে ৩০টি উপজেলায় বিশেষ এ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাট রয়েছে। আজ উদ্বোধনী দিনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, চরঅনুপনগর ও আলাতুলি ইউনিয়নে, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, মনাকষা, বিনোদপুর, পাঁকা ও উজিরপুর এবং ভোলাহাট উপজেলায় ভোলাহাট ও গোহালাবাড়ি ইউনিয়নে টিকা দেয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের এই তিনটি উপজেলায় ১ লাখ ৬৭ হাজার ২৮৭ জন শিশুকে টিকা দেওয়া হবে। তিনি আরো জানান, এর মধ্যে সদর উপজেলার ১৪ ইউনিয়নে ৫৬ হাজার ৩১৮ জনকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৬ হাজার ২০৮ জনকে, শিবগঞ্জ উপজেলায় ৭৩ হাজার ৭৭ হাজার জনকে ও ভোলাহাট উপজেলায় ১২ হাজার ৬৮৪ জনকে টিকার আওতায় আনা হয়েছে। অন্যদিকে নাচোল ও গোমস্তাপুর উপজেলার পূর্বে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকা দেয়া হবে। এদিকে টিকাদান কর্মসূচির উদ্বোধনের পর জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার এবং সরকারের স্বাস্থ্যবিভাগসহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আরো কোনো শিশু যেন হাম রোগে আক্রান্ত না হয়। আপনারা খেয়াল রাখবেন কোনোভাবে যেন প্যানিক না ছড়ায়।

একটি শোক সংবাদ ———— ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

একটি শোক সংবাদ ———— ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক রাধানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ইন্তেকাল করেছেন – ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। তিনি ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৭৮ বছর বয়সী নি:সন্তান নাজিম উদ্দিন মৃত্যুকালে স্ত্রী সহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ২টায় বজরাটেক সবজা ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে বজরাটেক বড় জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার নামাজের পর সংলগ্ন গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক, ভোলাহাটের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ভোলাহাট ইউপির সাবেক চেয়ারম্যান ইয়াজদানী আল রাজী, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, মনিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ভোলাহাটে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি ও অর্থ বিতরণ

ভোলাহাটে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি ও অর্থ বিতরণ ভোলাহাট উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমানের মাধ্যমে গরিব, অসহায় ও দুঃস্থ ১’শ ৮ জনকে শাড়ি ও ৭২ জনকে দুই হাজার করে টাকা বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মিজানুর রহমান বলেন, নির্বাচনের আগে বলেছিলাম আমি প্রার্থী হয়েছিলাম জামায়াতে ইসলামী থেকে কিন্তু যদি নির্বাচিত হতে পারি তাহলে সকল মানুষের জন্য কাজ করবো। আপনাদের অধিকারের একটি পয়সাও আমার পকেটে নিবো না। আপনাদের জন্য কোনো বরাদ্দ আসলে আপনারাই পাবেন। আমি অবৈধভাবে ভোগ করবো না। যারা সহযোগীতা পাওয়ার প্রকৃতি হকদার তাদেরকে বাছাই করে এখানে নিয়ে এসেছি। পরিবর্তিতে আরো যত অনুদান আসবে দুঃস্থ মানুষ যারা পাওয়ার হকদার তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে শামসুজামান আলকেসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লোকমান আলী, তৌহিদুর রহমান, অর্থ সম্পাদক ক্বারী মাওলানা আলাউদ্দিন, ভোলাহাট থানার এসআই কামাল উদ্দিনসহ অন্যরা।

ভোলাহাটে অসহায় মানুষের দরজায় খাদ্য পৌঁছে দিলেন ইউএনও

ভোলাহাটে অসহায় মানুষের দরজায় খাদ্য পৌঁছে দিলেন ইউএনও ভোলাহাট উপজেলার অসহায় দুটি পরিবারের বাড়ির দরজায় গিয়ে খাবার পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার। আজ দুপুরে উপজেলার হলিদাগাছী স্লূইচ গেট সংলগ্ন অসহায় দু’পরিবারের বাড়ির দরজায় গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ। তিনি তাদের চাল, ডাল, তেল, চিনি, লবণসহ বিভিন্ন প্রকার মসলার গুঁড়া তাদের বাড়িতে পৌঁছে দেন। এসময় স্থানীয় দরিদ্র পরিবারে লোক জন বিশুদ্ধ পানির জন্য মটারসহ বিভিন্ন প্রকার নাগরিক সুবিধার দাবী জানালে সুবিধা মত সময় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম কবির, তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া খাতুন, প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী সাইদুর রহমান। পরে গত ১২ মার্চ রাত ১২ টার দিকে জমসেদ আলীর ছেলে জসিমউদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন। উল্লেখ্য, এ গ্রামের দিনমজুর বেলাল শেখ গত ৯ মাস পূর্বে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কাজ করতে না পেরে ভিক্ষা করছেন। অপর একজন বৃদ্ধা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন এ খবর পেয়ে ইউএনও নিজেই তাদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন।

ভোলাহাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা

ভোলাহাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা ভোলাহাটে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান। সংসদ সদস্য মনোযোগ দিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সকলের সহযোগিতা নিয়ে সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা ভোগান্তির শিকার না হন সে বিষয়ে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও মানবিক, দায়িত্বশীল ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি উপজেলার সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করে ভোলাহাট উপজেলাকে একটি উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, কৃষকদের স্বার্থ সবার আগে বিবেচনায় নিতে হবে। নির্ধারিত মূল্য সময়মতো ও পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে চাষাবাদে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় এবং উৎপাদন ব্যাহত না হয়। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো ডিলার সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই অসাধু চক্রের কারণে কৃষকরা যেন ভোগান্তির শিকার না হন সে বিষয়টি প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি একটি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারীকে কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, উপজেলা এলজিইডি প্রকৌশলী আহরাম আলী, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা শোভন পাল, সমাজসেবা কর্মকতা নাসিম উদ্দিন, বিএম ডিএ কর্মকর্তা লোকমান হাকিম, জনস্বাস্থ্য প্রকৌশলী আজমির শেখ, এস আই খাইরুল ইসলাম, ভোলাহাট উপজেলা ৪টি ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার জাহান, ইয়াসিন আলী শাহ, মোজাম্মেল হক চুটু, আফাজউদ্দিন পানু মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

ভোলাহাটে বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৩৫ দিন বয়সী ধানগাছ : পাল্টাপাল্টি অভিযোগ

ভোলাহাটে বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৩৫ দিন বয়সী ধানগাছ : পাল্টাপাল্টি অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৩৫ দিন বয়সের বোরো ধানগাছে বিষ প্রয়োগ করে ৩০ শতাংশ জমির ধান পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁচটিকরি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. তরিকুল ইসলাম ভোলাহাট থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, একই গ্রামের ইসরাইলের ছেলে তোফাজ্জুল হক বাবু (৪৫) গত ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে সোলগাড়ী জিয়া ক্যানেলের পশ্চিম পাশে তার জমিতে বিষ প্রয়োগ করেন। পরে ধান গাছগুলো ধীরে ধীরে পুড়ে গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ভোলাহাট থানায় এজহার দায়ের করেছেন বলে জানান। অন্যদিকে তোফাজ্জুল হক বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি আমাদের। আমরা জমিতে ধান লাগিয়েছি। ধান পুড়িয়ে মেরেছে তরিকুলেরা। আমরা ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এদিকে পুলিশের এসআই বশির আহমেদ গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় কৃষকদের ভাষ্য, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই ধান নষ্ট করা হয়েছে বলে তারা ধারণা করছেন।

ভোলাহাটে গাঁজাসহ আটক ১

ভোলাহাটে গাঁজাসহ আটক ১ ভোলাহাটে অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল অফিসার ইনচার্জ একরামুল হোসাইনের নির্দেশে সাব ইন্সপেক্টর খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এদিন রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দিপুর গ্রামের মৃত মুন্টুর ছেলে সমিরুল ইসলামকে ৩’শ ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩ হাজার ১৯০টাকাসহ আটক হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে নারীসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে নারীসহ আটক ২ শিবগঞ্জ ও ভোলাহাটে পৃথক অভিযানে ৩৯ বোতল নেশাকারক সিরাপসহ এক ব্যক্তি এবং ১ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন, শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্নাপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে রফিকুল ইসলাম এবং ভোলাহাটের ছোট গোপিনাথপুর গ্রামের মাতিন আলীর স্ত্রী হাসনাহেনা। আজ সকালে র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে মনাকষা শেখপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় বহনকালে ৩৯ বোতল নেশার সিরাপসহ হাতেনাতে আটক হন রফিকুল। এদিকে, প্রায় একই সময় ভোলাহাটের ছোট গোপিনাথপুর গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক হন হাসনা হেনা। এসময় তাঁর স্বামী পালিয়ে যান বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। এ সব ঘটনায় সংশ্লিস্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা।

ভোলাহাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মিজানুর

ভোলাহাটে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মিজানুর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার উল্লাডাঙ্গা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার পাশাপাশি ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন— ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শামসুজ্জামান আলকাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, অর্থ সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন, মাওলানা আব্দুল খালেক, দলদলী ইউনিয়ন জামায়াতের আমির মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত রবিবার দুপুর ২টার দিকে উপজেলার উল্লাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পাশের তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে তিনটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এদিকে বেলা ১২টার দিকে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি ড. মিজানুর রহমান। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়। মতবিনিময়কালে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি বলেন, হাসপাতালের বিদ্যমান সংকটগুলো পর্যায়ক্রমে দূর করে স্বল্প সময়ের মধ্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন পাল জাতীয় সংসদ সদস্যকে স্বাগত জানান। পরে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন মিজানুর রহমান। আগামী ছয় মাসের মধ্যে হাসপাতালে ডিজিটাল এক্স-রে সেবা চালু করা হবে বলে জানান তিনি। এছাড়া জেনারেটর পরিচালনার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১০০ লিটার জ্বালানির সমমূল্যের অর্থ প্রদান করেন। পরে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এবং কর্তৃপক্ষকে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দেন এমপি মিজানুর। এসময় উপস্থিত ছিলেন— জামায়াতের উপজেলা আমির মাওলানা শামসুজ্জামান আলকাশ, ভোলাহাট থানার ওসি একরামুল হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, জামায়াতের সেক্রেটারি তোহিদুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।