চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিজিবির দিনব্যাপী অভিযানে ৮১২ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিজিবির দিনব্যাপী অভিযানে ৮১২ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য জব্দ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তেবর্তী ঠুঠাপাড়া গ্রামে বিজিবির অভিযানে ৩৭৫ বোতল নেশাজতীয় ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়,গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদপুর বিওপির টহল দল অভিযান চালালে, সেখানে একটি ডোবায় ৪টি বস্তায় ভরে পানির নীচে লুকিয়ে রাখা সিরাপগুলো জব্দ করা হয়। গতকাল দিবাগত রাত সোয়া ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, এসব সিরাপের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। সিরাপগুলো শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। তিনি আরও জানান, এ নিয়ে গতকাল দিনব্যাপী বিজিবির ৩টি পৃথক অভিযানে ৮১২ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে হয়েছে। এর আগে ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত দুটি পৃথক অভিযানে বিজিবির মাসুদপুর বিওপির অপর একটি টহল দল ঠুঠাপাড়া গ্রাম থেকে ২৭৮ বোতল চকো প্লাস ও মনাকষা বিওপির একটি টহল দল ১৫৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।
শিবগঞ্জে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

শিবগঞ্জে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন শিবগঞ্জ উপজেলায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস২০২৫ উদয়াপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে রেলী ও উন্মুক্ত আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় আলোচনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাইগেশন প্রোগ্রামের প্রতিনিধি মোঃ বাবুল ইসলাম। রেলিতে সরকারি বেসরকারি এবং মাইগ্রেন্ট জনসাধারণ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলার আইসিটি বিভাগের মোহাম্মদ রাসেল, মোহাম্মদ তহুরুল ইসলাম, এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধি মোঃ বাবুল ইসলামসহ অন্যান্য।
ছত্রাজিতপুরে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপিত

ছত্রাজিতপুরে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপিত শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ফাজিল (স্নাতক) মাদরাসায় বিশ্ব আরবি ভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়। ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার উদ্যোগে “আরবি ভাষার জন্য উদ্ভাবনী পথ : আরো অন্তর্ভুক্তিমূলক ভাষাগত ভবিষ্যতের জন্য নীতিমালা ও চর্চা” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসাটির অধ্যক্ষ মো. এনামুল হক। এসময় শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আরবি ভাষা শুধু একটি ধর্মীয় ভাষাই নয়, বরং এটি বিশ্বসভ্যতা, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনের এক গুরুত্বপূর্ণ বাহক। আধুনিক যুগে আরবি ভাষার বিকাশ ও প্রসারে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি গ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক ভাষানীতি প্রণয়ন অত্যন্ত জরুরি। বক্তারা আরবি ভাষা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণের দাবি জানান।
শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন শিবগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবির। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার মুসাব্বির খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুজয় কুমার, পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেনসহ অন্যরা। আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে অবস্থিত শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। পরে অভিবাধন সালাম গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন ও মুক্তিযুদ্ধের চিত্র ৩৬ জুলাইয়ের চিত্র তুলে ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন করা হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে ৪টি বিদেশী পিস্তলসহ ম্যাগজিন ও গুলি উদ্ধার

৫৩ বিজিবির অভিযানে শিবগঞ্জে ৪টি বিদেশী পিস্তলসহ ম্যাগজিন ও গুলি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চলাকালে এগুলো উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করাকে কেন্দ্র করে বিজিবি সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষে বেশ কিছু পরিমাণ অস্ত্র আনার পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়। সেই ধারণা থেকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের বর্ণনা দিতে গিয়ে অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ৫৩ বিজিবির মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দিলে তারা দ্রুত বাঁক পরিবর্তন করে যাওয়ার সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৪টি আমেরিকার তৈরি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে। দুষ্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ আনার সর্ব্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। তিনি বলেন, বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। অস্ত্র গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
শিবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন

শিবগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর গুলি বর্ষণের ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় অতিরিক্ত ২০টি টহলদল মোতায়েন করেছে। এছাড়াও সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে চেকিং কার্যক্রম। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের চলাচলের ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি। পুরো সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ওসমান শরীফ হাদীর ওপর হামলায় জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, সে জন্য শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের নেতা ও স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সোনামসজিদে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ও শহীদ মেজর নাজমুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবিরসহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোনামসজিদ গণকবর প্রাঙ্গণেও পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাৎ বরণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। পরবর্তীতে তাঁকে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ সভা

সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ সভা সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দরের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের উদ্যোগে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেসব পণ্যের আমদানি-রফতানি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর দাবি জানান তারা। ভারতীয় ব্যবসায়ীরা সভায় জানান, এক সময় মসলা জাতীয় পণ্যের আমদানি-রফতানি এই বন্দর দিয়ে উল্লেখযোগ্য হারে হতো, তবে বর্তমানে তা অনেকটাই কমে গেছে। এ ধরনের পণ্যের বাণিজ্য পুনরুজ্জীবিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক এসবি মাসুম বিল্লাহ, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব রুহুল আমিন। এছাড়াও মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক ভূপ্রতি মন্ডলসহ দুই দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের সীমান্ত বাণিজ্য আরও সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শিবগঞ্জ সীমান্ত এলাকায় আবারো চকো প্লাস সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্ত এলাকায় আবারো চকো প্লাস সিরাপ জব্দ মৌসুমী মাদক ঠেকাতে শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি সদস্যরা সক্রিয় রয়েছেন। তারই ধারাবাহিকতায় আবারো ফেনসিডিলের বিকল্প ৯৪ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করা হয়েছে। গতকাল দিবাগত মধ্যরাতে সীমান্তে বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর উপচাকপাড়া গ্রাম থেকে এগুলো জব্দ করা হয়। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির টহল দল উপচকপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে টহলদল মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ জব্দ করতে সক্ষম হয়। চকো প্লাস সিরাপের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি একটি নতুন সংযোজন, আমরা সীমান্তে সক্রিয় আছি, সকল প্রকার মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শিবগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শিবগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহমেদ। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সুজয় কর্মকার, একেএস রোকন, তারেক রহমান, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক সোনা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুন উর রশিদ এবং শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন আলী প্রমূখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।