ভোলাহাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা

ভোলাহাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা ভোলাহাটে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান। সংসদ সদস্য মনোযোগ দিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সকলের সহযোগিতা নিয়ে সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা ভোগান্তির শিকার না হন সে বিষয়ে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও মানবিক, দায়িত্বশীল ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি উপজেলার সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করে ভোলাহাট উপজেলাকে একটি উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, কৃষকদের স্বার্থ সবার আগে বিবেচনায় নিতে হবে। নির্ধারিত মূল্য সময়মতো ও পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে চাষাবাদে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় এবং উৎপাদন ব্যাহত না হয়। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো ডিলার সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই অসাধু চক্রের কারণে কৃষকরা যেন ভোগান্তির শিকার না হন সে বিষয়টি প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি একটি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারীকে কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, উপজেলা এলজিইডি প্রকৌশলী আহরাম আলী, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা শোভন পাল, সমাজসেবা কর্মকতা নাসিম উদ্দিন, বিএম ডিএ কর্মকর্তা লোকমান হাকিম, জনস্বাস্থ্য প্রকৌশলী আজমির শেখ, এস আই খাইরুল ইসলাম, ভোলাহাট উপজেলা ৪টি ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার জাহান, ইয়াসিন আলী শাহ, মোজাম্মেল হক চুটু, আফাজউদ্দিন পানু মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
চাঁপাইনবাবগঞ্জে মাদক ইনজেকশন মামলায় কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক ইনজেকশন মামলায় কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ২৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় মাহিদুর রহমান নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন করাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় মো. রিপন নামে অপর এক যুবককে বেকসুর খালাস দিয়েছে আদালত। আজ বিকালে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ হায়দার আলী খোন্দকার দন্ডিত আসামীর অনুপস্থিতিতে এ আদেশ প্রদান করেন। দন্ডিত মাহিদুর শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শিবনগর কাইট্টাপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২১ সালের ৭ জুলাই শিবগঞ্জের কানসাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিশ্বনাথপুর মুন্নাপাড়া গ্রামে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে দুইশত পঞ্চাশ এ্যাম্পুল (পিস) নেশাজাতীয় (মাদক) বুপ্রেনরফিন ইনজেকশন সহ হাতেনাতে গ্রেপ্তার হন মাহিদুর। এ ঘটনায় ওইদিন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান শিবগঞ্জ থানায় দু’জনকে আসামী করে মামলা করেন। ২০২১ সালের ৩১ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জুয়েল ইসলাম দু’জনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর আদালত বুধবার একমাত্র মাহিদুরকে (পলাতক) দন্ডিত করে রায় ঘোষনা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.মাসুদ রানা।
ভোলাহাটে বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৩৫ দিন বয়সী ধানগাছ : পাল্টাপাল্টি অভিযোগ

ভোলাহাটে বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৩৫ দিন বয়সী ধানগাছ : পাল্টাপাল্টি অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ৩৫ দিন বয়সের বোরো ধানগাছে বিষ প্রয়োগ করে ৩০ শতাংশ জমির ধান পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাঁচটিকরি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. তরিকুল ইসলাম ভোলাহাট থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, একই গ্রামের ইসরাইলের ছেলে তোফাজ্জুল হক বাবু (৪৫) গত ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে সোলগাড়ী জিয়া ক্যানেলের পশ্চিম পাশে তার জমিতে বিষ প্রয়োগ করেন। পরে ধান গাছগুলো ধীরে ধীরে পুড়ে গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ভোলাহাট থানায় এজহার দায়ের করেছেন বলে জানান। অন্যদিকে তোফাজ্জুল হক বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি আমাদের। আমরা জমিতে ধান লাগিয়েছি। ধান পুড়িয়ে মেরেছে তরিকুলেরা। আমরা ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এদিকে পুলিশের এসআই বশির আহমেদ গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় কৃষকদের ভাষ্য, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই ধান নষ্ট করা হয়েছে বলে তারা ধারণা করছেন।
ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিষয়ক সেমিনার

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিষয়ক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্য বিমোচনে যাকাত ও সরকারিভাবে বিত্তবানদের যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ, ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষে “যাকাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক জেলাপর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম মোস্তফা। শেষে দোয়া পরিচালনা করে মাওলানা আব্দুল মতিন। সেমিনারে ইমাম, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ফেব্রুয়ারীতে সীমান্তে জব্দ পৌনে ১ কোটি টাকার ৩৫ ভারতীয় গবাদিপশু

ফেব্রুয়ারীতে সীমান্তে জব্দ পৌনে ১ কোটি টাকার ৩৫ ভারতীয় গবাদিপশু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ১০টি ভারতীয় গরু জব্দ হয়েছে। বিজিবি জানায়, আজ সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫৩’বিজিবি আওতাধীন এলাকা থেকে গরুগুলো জব্দ হয়। এর আগে গত ফেব্রুয়ারী’ মাসজুড়ে ৫৩ বিজিবি আওতাধীন সদর ও জেলার শিবগঞ্জ উপজেলা সীমান্তে পৃথক অভিযানে প্রায় পৌনে ১ কোটি টাকা মূল্যের ৩৫টি ভারতীয় গবাদিপশু জব্দ করে জেলা শুল্ক কার্যালয়ে জমা করে। ৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সকালে দুটি পৃথক অভিযানে সদরের চরবাগডাঙ্গা বিওপি টহল দল সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রাম হতে ৮টি এবং সদরের বাখের আলী বিওপি টহল দল চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচচুর চর গ্রাম হতে ২টি ভারতীয় গরু জব্দ করে। জব্দ ওই ১০টি গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারী মাসে ৫৩ বিজিবি ৩৩টি গরু এবং ২টি মহিষ জব্দ করে। সীমান্তে বিজিবি চোরচালান রোধে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে বলেও জানান বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভ্রাম্যমান আদালত দুটি রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে। সেই সাথে ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন রেস্তোঁরা ও খাদ্য উৎপানকারী প্রতিষ্ঠানকে আয়োডিনযুক্ত লবনের পরিবর্তে খোলা লবন ব্যবহার না করার জন্য সতর্ক করেছে এবং বিসিক এলাকায় একটি সেমাই কারখানার কিছু খোলা লবণ বিনষ্ট করা হয়েছে। অভিযানকালে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার না করলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আদালত। গতকাল বিকেল ৩টার দিক থেকে বিকাল প্রায় সাড়ে ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত রেস্তোঁরা, খাদ্য উৎপাদন ও বিক্রয়কারি প্রতিষ্ঠান পরিদর্শনকালে এসব দন্ড আরোপ এবং নির্দেশনা প্রদান করেন। আদালতের সাথে থাকা র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেন জানান, অভিযানকালে শান্তিমোড়ে অবস্থিত ওসামান হোটেল এন্ড রেষ্টুরেন্টেকে ১০ হাজার এবং বিশ্বরোড মোড়ের তামান্না সুইট এন্ড রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। সেই সাথে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। অভিযানকালে সংশ্লিস্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে কাব উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে কাব উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে জেলায় কাব শাখার উডব্যাজারদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার কাব শাখার ২০ জন উডব্যাজার অংশ নেন। কর্মশালায় স্কাউটিংয়ের দক্ষতা উন্নয়নে ব্যবহারিক বিভিন্ন দিক উপস্থাপন করেন জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমানসহ অন্যরা। জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ জানান, অংশগ্রহণকারীদের নিজ অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।
গোমস্তাপুরে হিরোইনসহ আটক ১

গোমস্তাপুরে হিরোইনসহ আটক ১ গোমস্তাপুরে ২৩ গ্রাম হিরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে ১৬ বিজিবি নওগাঁ। গতকাল সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিল বাজার থেকে ২৩ গ্রাম হিরোইন ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যবাজার গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে নাইম ইসলাম। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, গতকাল বিকেলে ১৬ বিজিবির রহনপুর বিওপির কমান্ডার সুবেদার আব্দুস সালাম মন্ডল নেতৃত্বে টহল দল বোয়ালিয়া কাউন্সিল বাজার সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী নাইম ইসলামকে আটক করে। পরে তার কাছ থেকে ২৩ গ্রাম হিরোইন জব্দ করা হয়।
ভোলাহাটে গাঁজাসহ আটক ১

ভোলাহাটে গাঁজাসহ আটক ১ ভোলাহাটে অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল অফিসার ইনচার্জ একরামুল হোসাইনের নির্দেশে সাব ইন্সপেক্টর খাইরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এদিন রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দিপুর গ্রামের মৃত মুন্টুর ছেলে সমিরুল ইসলামকে ৩’শ ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩ হাজার ১৯০টাকাসহ আটক হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
শিবগঞ্জে আমবাগানে যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

শিবগঞ্জে আমবাগানে যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে শিহাব আলী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার চণ্ডিপুরের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিহাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় তার খালার বাড়িতে থাকতেন। খালার বাড়িতে থেকে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে জাপানি ভাষা শিখছিলেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শনিবার বিকেলে চণ্ডিপুরের একটি আমবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ পরিদর্শক শাকিল হাসান জানান, শিহাবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে নেশাজাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে। হত্যার আগে শিহাবসহ হত্যাকারীরা মাদক গ্রহণ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।