
রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সংশোধিত কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা-২০২২ এর আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভাপতি তাছমিনা খাতুন। সভায় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক-তদন্ত এসএম নুরুল কাদির সৈকত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল লতিফ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আক্তার, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যানিটারী ইন্সপেক্টর তাজকেরাতন নেসা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. শহীদুল ইসলাম শহীদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহা: সালেহউদ্দীন, এবং জেলা তথ্য অফিসের প্রতিনিধ অলিউল ইসলামসহ অন্যরা। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রযোজক(অনুষ্ঠান ও খবর) নয়ন আলী, সহকারি টেকনিক্যাল অফিসার শাহরিয়ার শিমুল ও সহকারী প্রযোজক(অনুষ্ঠান ও খবর)উম্মে আয়েশা সিদ্দিকা। সভায় মানব পাচার প্রতিরোধ, মাদকাসক্তের কুফল, বাল্যবিয়ে বন্ধসহ অন্যান্য বিষয়ে অনুষ্ঠান নির্মানের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট, নাটক ও গম্ভীরার মাধ্যমে সচেতনতামূলক বার্তা সম্প্রচারের বিষয়ে আলোচনা করা হয়।
শিবগঞ্জে জোড়া খুনের ঘটনায় বায়ান্ন জনের নাম উল্লেখ করে মামলা, দুজন গ্রেপ্তার

শিবগঞ্জে জোড়া খুনের ঘটনায় বায়ান্ন জনের নাম উল্লেখ করে মামলা, দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটিতে দুর্বৃত্তদের হামলায় জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং স্কুলশিক্ষক আব্দুল মতিন নিহতের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন নিহত আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। মামলার প্রধান আসামি করা হয়েছে নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে। গ্রেপ্তার দুজন হলেনÑ মামলার প্রধান আসামি আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৫) ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম ও স্কুলশিক্ষক আব্দুল মতিন হত্যার ঘটনায় ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন নিহত আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। মামলায় নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হককে প্রধান আসামি করা হয়েছে। শিবগঞ্জ থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের সামনে সঙ্গীদের নিয়ে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এসময় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন। এঘটনায় আহত হন আরো দুজন।
গোদাগাড়ীতে র্যাবের অভিযান: প্রায় দুই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে র্যাবের অভিযান: প্রায় দুই কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১ র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় দুই কেজি হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার নাচোল উপজেলার খলশি বাজার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর (২৫)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে। র্যাব-আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গত শুক্রবার রাত ৯টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের ডাইংপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় সেখানে একটি অটোগাড়ি তল্লাশি করে ১ কেজি ৮৯৪ গ্রাম হেরোইনসহ মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে র্যাব জানায়।
চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় জেলা কাব হলিডেতে কাবদের মিলনমেলা

চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় জেলা কাব হলিডেতে কাবদের মিলনমেলা চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ কাব সদস্য অংশগ্রহণ করেন। শনিবার সকালে শহরের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ আয়োজনের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহা. মার্শাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ। এছাড়া জেলা স্কাউটস সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, রিনা আখতার জাহান, নুরুল ইসলাম, সদর উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার, উপজেলা কাব লিডার রকিব উদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে কাবিং কার্যক্রমে অংশ নিয়ে তাদের দক্ষতা অর্জন করেন; যা তাদের আগামী শাপলা অ্যাওয়ার্ড অর্জনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
ডিএনসির অভিযান: শিবগঞ্জে ফেনসিডিলসহ দুজন আটক

ডিএনসির অভিযান: শিবগঞ্জে ফেনসিডিলসহ দুজন আটক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ছত্রাজিতপুর টাওয়ারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। সংস্থাটির জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার জানান, আজ শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছত্রাজিতপুর টাওয়ারপাড়ায় অভিযান চালানো হয়। এসময় মো. লালচাঁন আলী (৩৪) ও উত্তর উজিরপুর এলাকার মো. নাইমুল হক (৫৮)’র বাড়ি হতে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় টাওয়ারপাড়ার মো. রুস্তম আলীর ছেলে মো. লালচাঁন আলী ও উত্তর উজিরপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মো. নাইমুল হককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান ইলিয়াস হোসেন তালুকদার।
নাচোলে ট্রেনের ধাক্কায় রংমিস্ত্রী নিহত

নাচোলে ট্রেনের ধাক্কায় রংমিস্ত্রী নিহত নাচোল উপজেলায় ট্র্রেনের ধাক্কায় শামীম হোসেন নামে এক রংমিস্ত্রী নিহত হয়েছেন। তিনি নাচোলের কসবা ইউনিয়নের কালইর রেলগেটের অদূরে কাঠালঘুন্টি রেলবাগান এলাকার আলতাফ হোসেনের ছেলে। রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে বাড়ির নিকটেই খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শামীম ঘটনাস্থলেই নিহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সদর উপজেলার আমনূরা জংশন রেলওয়ে পুলিশ জিআরপি কর্মকর্তা ও পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক-এসআই নরেশ চন্দ্র দাস বলেন, গতকাল সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, রাতে তারা একসাথেই ঘুমিয়ে ছিলেন। পরে কখন শামীম বাড়ি থেকে বের হয়ে যান তা তিনি টের পান নি। শামীমের স্ত্রী পুলিশকে আরও জানান, শামীম মাদকাসক্ত ছিলেন। জিআরপি কর্মকর্তা আরও বলেন, শামীমের মাথা ও কপালে ট্রেনের ধাক্কা লাগার মত আঘাতের চিহ্ন ছিল। বাম হাতের কব্জিতেও আঘাতের চিহ্ন ছিল। তবে তিনি ট্রেনে কাটা পড়েন নি। রেললাইন থেকে ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে যান বলে ধারণা করা হচ্ছে। জিআরপি কর্মকর্তা নরেশ বলেন, ঘটনার ব্যাপারে রাজশাহী রেলওয়ে থানায় জিডি করে ময়নাতদন্ত শেষে মরদেহ গতকাল বিকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে নিহতের ভাইয়েরা এটি দূর্ঘটনা নয় হত্যা বলে মৌখিক অভিযোগ করেছেন এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার বলেন, রাত ২টার দিকে ট্রেনের ধাক্কায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এ ব্যাপারে জিআরপি থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযোগ করা হয়েছে। আমনুরা জংশন ষ্টেশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, ৫৮৫ আপ ট্রেনে কেটে ১জন নিহত হন বলে তিনি শুনেছেন।
আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে বসবেন ১৩ হাজার ১৬৪ শিক্ষার্থী

আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে বসবেন ১৩ হাজার ১৬৪ শিক্ষার্থী এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। এবার আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষে আজ থেকে আগামী ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৫টি এইচএসসি, ৩টি আলিম এবং ৫টি এইচএসসি (বিএম) ও ২টি এইচএসসি (ভোকেশনাল) কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট পরীক্ষার্থী রয়েছেন ১৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে এইচএসসিতে ৯ হাজার ৯২১ জন, আলিমে ৯০১ জন এবং কারিগরিতে ২ হাজার ৩৪২ জন। জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, এইচএসসিতে নবাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী রয়েছেন ১ হাজার ৬৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ১৪৭ জন, শাহ নেয়ামতুল্লাহ কলেজ কেন্দ্রে ৩৮৩ জন, নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে ৩১২ জন, শিবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ৯১ জন, শিবগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ১ হাজার ১২০ জন, আদিনা সরকারি ফজলুল হক কলেজ কেন্দ্রে ৬৩৪ জন, নাচোল সরকারি কলেজ কেন্দ্রে ৪৯৮ জন, নাচোল মহিলা কলেজ কেন্দ্রে ৪৭৯ জন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজ কেন্দ্রে ৩৪৬ জন, ভোলাহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ২৪৮ জন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ কেন্দ্রে ৯১৮ জন, রহনপুর মহিলা কলেজ কেন্দ্রে ৫১২ জন, গোমস্তাপুর সোলেমান মিয়া কলেজ কেন্দ্রে ৪৩০ জন, চৌডালা জহুর আহম্মদ মিয়া কলেজ কেন্দ্রে ১১০ জনসহ মোট ৯ হাজার ৯২১ জন পরীক্ষায় বসবেন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৯৭ জন, প্রসাদপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৮৩ জন, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩২১ জনসহ মোট ৯০১ জন পরীক্ষায় বসবেন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২৯৬ জন, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ স্বরূপনগর কেন্দ্রে ৫৫৮ জন, গোমস্তাপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে ৩৫৩ জন, নাচোল টিবিএম ইনস্টিটিউট কেন্দ্রে ২২৫ জন, ধাইনগর এনটিএমকে আনক টিবিএম কলেজ (শিবগঞ্জ) কেন্দ্রে ৪১৩ জন, নামোমুশরীভূজা ডা. শামসুর রহমান দাখিল মাদ্রসা কেন্দ্রে ৪৮৭ জন, নাচোল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১০ জনসহ ২ হাজার ৩৪২ জন পরীক্ষায় বসবেন।
চাঁপাইনবাবগঞ্জে ৩২৯ বোতল ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৩২৯ বোতল ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় র্যাবের দুটি পৃথক অভিযানে বিশেষ কায়দায় মোটরসাইকেলে ও আমের ঝুড়িতে লুকিয়ে পাচারকালে ৩২৯ বোতল ফেনসিডিলসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা গ্রামের একরামুল হকের ছেলে জামাল আলী ও শিবগঞ্জের সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে জাকারিয়া। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। আজ সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় অভিযানে অভিনব কায়দায় আমের ক্যারেটে লুকানো ৩০৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় জামাল। এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর রানীহাটী কলেজ মোড় এলাকায় মোটরসাইকেলে লুকানো ২৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয় জাকারিয়া। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। ফেনসিডিলের চালানগলো সীমান্ত এলাকা থেকে দেশ ও জেলার বিভিন্ন স্থানে সরবরাহের জন্য সংগ্রহ করা হয়েছে। এ সব ঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় দুটি পৃথক মামলা হয়েছে।
চাঁপাইনবাবঞ্জে ৭০ গ্রাম হেরোইন মামলায় কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবঞ্জে ৭০ গ্রাম হেরোইন মামলায় কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে সত্তর গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আব্দুল করিম ওরফে পাচু করিম নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ২ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মো: আদীব আলী একমাত্র পলাতক আসামীর অনুপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত করিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শেখালিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ৮ জানুয়ারী শাহজাহানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুজনপাড়া গ্রামে, জেলা ডিবি পুলিশের হাতে ৭০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় করিম। এ ঘটনায় পরদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় করিমকে একমাত্র আসামী করে মামলা করেন, জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক এসআই আরিফুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এসআই আসগার আলী ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারী করিমকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ করিমকে দোষি সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনাা করেন এড. শাহীন আল মামুন।
প্রয়াসের পণ্য চালু উপলক্ষে আলোচনা

প্রয়াসের পণ্য চালু উপলক্ষে আলোচনা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আরটিপি প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদিত সরিষার বোতলজাত ভোজ্য তেল বাজারজাতকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা বাজার কর্মকর্তা মনোয়ার হোসেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ রিফাত আমিন। এসময় তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন ক্ষুদ্র উদ্যোক্তা পিকেএসএফ ও প্রয়াসের সহযোগিতায় কোল্ড ওয়েল প্রেস মেশিনের মাধ্যমে নিরাপদ উপায়ে সরিষার তেল উৎপাদন করে বিক্রি করছেন। সেই তেলের ব্র্যান্ডিং হচ্ছেÑ ‘মোস্তাফিজুর সরিষার তেল’, ‘গৌড় সরিষার তেল’ ও ‘কৃষক সরিষার তেল’। তিনি আরো জানান, এই বোতলজাত তেল বিএসটিআই মানসম্পন্ন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএমটিপি ডেইরি প্রকল্পের বিপণন কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, রেডিও মহানন্দার সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) সোনিয়া শীল, সরিষা উৎপাদনকারী কৃষক, ব্যবসায়ীবৃন্দ, দোকান মালিকসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।