নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করছে প্রশাসন। এর মধ্যে সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের ১ হাজার ১১৪ পরিবার এবং শিবগঞ্জ উপজেলার পাঁকাসহ অন্যান্য ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসন থেকে এই দুই উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে চালগুলো বিতরণ করা হচ্ছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল-ইমরান গতকাল শনিবার দুপুরে জানান, জেলা প্রশাসন থেকে ২০ টন চাল পাওয়া গেছে। সেই চাল বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারগুলোর মধ্যে শুক্রবার থেকে বিতরণ করা হচ্ছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিড়া, মুড়িসহ শুকনো খাবার দেয়া হচ্ছে। তিনি বলেন, পাঁকা, উজিরপুর, দুর্লভপুর, মনাকষা, ছত্রাজিতপুর, ঘোড়াপাখিয়া ইউনিয়নের কিছু অংশ বন্যার শিকার হয়েছে। তবে পাঁকা সবচেয়ে বেশি। সবমিলিয়ে প্রায় সাড়ে ৮০০ পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। গতকাল শনিবার শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের উপস্থিতিতে পাঁকা ইউনিয়নের চর এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নদী ভাঙন ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়ন। এই দুটি ইউনিয়নের ১ হাজার ১১৪টি পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে, যা ট্যাগ অফিসারের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এছাড়াও শাহজাহনপুর, দেবীনগর, চরবাগডাঙ্গা, সুন্দরপুর, বারঘরিয়া ইউনিয়নের আংশিক বন্যাকবলিত হয়েছে। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব জানান, উদ্ভূত বন্যা পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে  বন্যায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে  বন্যায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে।আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায়  পদ্মার পানি বৃদ্ধিতে পানিবন্দি দূর্গত ৩০০  পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। নৌকা থেকে ও শুকনো এলাকায়  নেমে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে বরাদ্দ পাওয়া  চাল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম আজম সহ সংশ্লিস্টরা। সহকারি কমিশনার বলেন, এই বিতরণ অব্যহত থাকবে। পাঁকা ইউনিয়নে ৮০০ পরিবারের মাঝে চাল ও কিছু পরিবারের মাঝে  উপজেলা পরিষদ থেকে শুকনো খাবার বিতরণ করা হবে। বরাদ্দ থাকা পর্যন্ত এই কর্মসূচী চলবে। এদিকে সদরের ননারায়নপুর ইউনিয়নে নদীভাঙ্গন ও বন্যা উভয় দুর্য়োগে ক্ষতিগ্রস্থ  ৫০০ জনের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত বিতরণ  করা হবে বলে জানা গেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমেছে ও মহানন্দা স্থির রয়েছে। উন্নতি হতে  শুরু করেছে বন্যা পরিস্থিতি। তবে ৩দিন ধরে চলমান বৃষ্টি অব্যহত রয়েছে। বৃষ্টি পানিবন্দি মানুষের দূর্ভোগ বাড়িয়েছে। শুক্রবার(২৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায়  গড়ে ৩৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ। পাউবো সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বিপদসীমা ২২.০৫ মিটার। আজ সন্ধ্যা ৬টায় পদ্মা প্রবাহিত হচ্ছিল ২১.০৯ মিটারে। গত ২৪ ঘন্টায় পদ্মা ৬ সেমি কমেছে। চাঁপাইনবাবগঞ্জের অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার। আজ সন্ধ্যায় নদীটি প্রবাহিত হচ্ছিল ১৯.১২ মিটারে। গত ২৪ ঘন্টায়  মহানন্দার পানি স্থির রয়েছে। তবে জেলার অপর নদী গোমস্তাপুর উপজেলার পূর্ণভবার পানি বৃদ্ধি পেয়েছে ১১ সেমি। এর বিপদসীমা ২১.৫৫ মিটার। শুক্রবার সন্ধ্যায় সন্ধ্যায়  নদীটি ১৯.২৪ মিটারে প্রবাহিত হচ্ছিল। এদিকে বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ শিবগঞ্জের পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, কৃষি বিভাগ জেলায় বন্যায় যে ১ হাজার ৮৮৯ হেক্টর জমির ফসল ও ৬ হাজার ৮১০জন কৃষকের ক্ষতির হিসাব করেছে তার তুলনায় ক্ষতিগ্রস্থ জমির পরিমান ও কৃষকের সংখ্যা আরও অনেক বেশি হবে। সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন বলেন,নারায়নপুর ই্উনিয়নের  ১ নং ওয়ার্ডে ভাঙ্গণ কবলিত  কমুনিটি ক্লিনিকটি সরিয়ে নেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, চলতি মাসের ১২ তারিখ এটি সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়। যা অব্যহত রয়েছে।

ভোলাহাটে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন

ভোলাহাটে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন ভোলাহাট উপজেলায় ভাই-ভাতিজার পারিবারিক কলহ থামাতে গিয়ে ভাতিজা রবিউল ইসলাম ভুটুর ছুরিকাঘাতে বড় চাচা সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন দুলু নিহত হয়েছেন। ঘাতক ভুটু ভোলাহাট সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মিলন আলীর ছেলে। নিহত দুলু ওই গ্রামের মৃত শাম মোহম্মদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মিলনের বাড়িতে ছুরিকাঘাতের ঘটনার পর রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুলুকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই গ্রামবাসি ভুটুকে হত্যায় ব্যবহৃত চাকুসহ পুলিশে সোপর্দ করে। ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বলেন, মিলনের সাথে তার ছেলে ভুটুর ঝগড়া ছলছিল। এক পর্যায়ে ভুটু পিতা মিলনকে মারতে উদ্যত হয়। এসময় পাশের বাড়িতে বসবাসরত ইসমাইল এগিয়ে এসে ভুটুকে একটি চড় মেরে ঝগড়া থামাতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ভুটু ঘর থেকে ছুরি এনে চাচার বুক,পিঠ ও পেটে একাধিক ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি আহত হন ও হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিদর্শক পাশা আরও বলেন এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে ভুটু ও তার মায়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। আজ পুলিশ গ্রেপ্তার ভুটুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মরদেহ জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ৪০ মিলিমিটার বৃষ্টি ২৪ ঘণ্টায়

চাঁপাইনবাবগঞ্জে ৪০ মিলিমিটার বৃষ্টি ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো হালকা আবার কখনো ভারী। এতে স্বাভাবিক জীবনযাত্রা খানিকটা বিঘিœত হলেও জনজীবনে নেমে এসেছে স্বস্তি। লোডশেডিং হলেও শীতল আবহাওয়ায় মানুষ স্বস্তির নিশ্বাস ফেলতে পারছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপপরিচালক ড. পলাশ সরকার জানান, গত বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় গড় বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার। এর মধ্যে সদরে বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার, শিবগঞ্জে ৫৫ মিলিমিটার, গোমস্তাপুরে ২৫ মিলিমিটার, নাচোলে ৫০ মিলিমিটার ও ভোলাহাট উপজেলায় ২০ মিলিমিটার। এদিকে বৃষ্টিার কারণে রাস্তায় ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশা চলাচল কম করেছে। ফলে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে। অনেককে বৃষ্টির পানিতে ভিজেই ঘরে ফিরতে দেখা গেছে।

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বন বিভাগ। মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহাবুব-উল-ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন- সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপপরিচালক ড. পলাশ সরকার, চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আজগর আলী। সূচনা বক্তব্য দেন- সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান। বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়ে বক্তব্য দেন- মনামিনা কৃষি খামারের স্বত্বাধিকারী মো. মতিউর রহমান মতি। সপ্তাহব্যাপীর বৃক্ষমেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টল অংশ নিয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছেÑ ‘বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’।

শারদীয় দুর্গাপূজা : পুলিশ সুপারের সঙ্গে মন্দির কমিটির মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা : পুলিশ সুপারের সঙ্গে মন্দির কমিটির মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে পুলিশ প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা  অনুষ্ঠিত হয়েছে।  আজ সকাল ১০টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। সভায় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. নুরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস এম জাকারিয়া, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. আরমান হোসেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও যুগ্ম সম্পাদক পলাশ দাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায় ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিব সাহা, গোমস্তাপুরের পূজা উদযাপন পরিষদের সভাপতি সচিন দেব বর্মণ, নাচোল পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধেন চন্দ্র বর্মণ, ভোলাহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ ঘোষ, শিবগঞ্জের পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ গড়গড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার দাসসহ অন্য নেতৃবৃন্দ। সভায় পুলিশ সুপার রেজাউল করিম বলেন, জেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। সব ধরনের গুজব থেকে সতর্ক থাকতে হবে। এছাড়া প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, জরুরি পরিষেবার প্রয়োজনীয় মোবাইল নম্বর দৃশ্যমান রাখা ও নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠনে ব্যবস্থা নিতে হবে। সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, জেলার বিভিন্ন পূজাম-পের নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, ২৪ ঘন্টায় পদ্মায় পানি কমেছে ১৫ সেমি ও মহানন্দার ২ সেমি

চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, ২৪ ঘন্টায় পদ্মায় পানি কমেছে ১৫ সেমি ও মহানন্দার ২ সেমি চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দার পানি কমতে শুরু করেছে। সামান্য হলেও উন্নতি হতে শুরু করেছে বন্যা পরিস্থিতি। তবে পানি বন্দি মানুষের দূর্ভোগ বাড়িয়েছে গতকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টি। আজ সকাল পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায় গড়ে ৪০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ। স্থানীয়রা জানিয়েছে, প্রায় ১০ দিন তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে হাজার হাজার বিঘা নদী তীরবতী ও নীচু জমির মূলত: মাসকলাই সহ বিভিন্ন কৃষি ফসল। ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা ৬ হাজার ৮১০ জন। পানি হ্রাস অব্যহত থাকলেও যে সব বাড়ি ও স্থাপনা নিমজ্জিত, যে সব পরিবার পানিবন্দি তাদের জীবন যাত্রা স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। বিশেষ করে তলিয়ে যাওয়া কাঁচা সড়ক চলাচল উপযোগি সহতে সময় লাগবে। যে সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়ে গেছে সেগুলো শুরু হতেও সময় লাগবে। পাউবো সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বিপদসীমা ২২.০৫ মিটার। আজ সন্ধ্যা ৬ টায় পদ্মা প্রবাহিত হচ্ছিল ২১. ১৫ মিটারে, গত ২৪ ঘন্টায় পদ্মা ১৫ সেমি কমেছে। চাঁপাইনবাবগঞ্জের অপর প্রধান নদী মহানন্দার বিপদসীমা ২০.৫৫ মিটার। আজ সন্ধ্যায় নদীটি প্রবাহিত হচ্ছিল ১৯.১২ মিটারে, তবে গত ২৪ ঘন্টায় মহানন্দার পানি কমেছে ২ সেমি। তবে জেলার অপর নদী গোমস্তাপুর উপজেলার পূর্ণভবার পানি বৃদ্ধি পেয়েছে ৬ সেমি, যার এর বিপদসীমা ২১.৫৫ মিটার। আজ সন্ধ্যায় নদীটি ১৯.১৩ মিটারে প্রবাহিত হচ্ছিল। জেলা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব বলেন, আপাতত বন্যার কোনো আশংকা নেই এবং পদ্মা, মহানন্দার পানি কমতে শুরু করেছে। আর পানি কমা অব্যহত থাকার আশা করা হচ্ছে। গতকাল থেকে জেলাবাপী শুরু হওয়া বৃষ্টিপাত বন্যার উপর প্রভাব ফেলবে না বলে আশা করা হচ্ছে । তবে সার্বিক পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা হচ্ছে। এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. পলাশ সরকার বলেন, জেলার নদীগুলোর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্থ ফসলী জমির পরিমান এখন ১ হাজার ৯৮৯ হেক্টর। এর মধ্যে ১ হাজার ৯৩২ হেক্টর মাসকলাই। নতুন করে কোন জমি প্লাবিত হয়নি। তবে, জেলায় বন্যায় বেশি আক্রান্ত শিবগঞ্জ উপজেলা। এরপর সদর ও গোমস্তাপুর উপজেলা। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্থ হয়েছেন ৬ হাজার ৮১০ জন কৃষক। শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল-ইমরান বলেন, সবথেকে ক্ষতিগ্রস্থ পদ্মাবেষ্টিত পাঁকা ইউনিয়নে আশ্রয় কেন্দ্রে ও আশপাশের উঁচু বাড়িতে পানিবন্দি মানুষের মাঝে দ্রুত শুকনো খাবার দেয়া হবে। পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, পদ্মা কমতে শুরু করেছে। কাঁচা সড়ক তলিয়ে পানিবন্দি দেড় হাজার পরিবার। নিমজ্জিত অর্ধশতাধিক বাড়ি, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। সদরের নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ২ হাজার পরিবার পানিবন্দি। নদীভাঙ্গন ও বন্যা উভয় দুর্য়োগে ক্ষতিগ্রস্থ ৫২০ জনের তালিকা প্রশাসনে জমা দেয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন বলেন, এদের আপাতত ২০ কেজি করে চাল দেয়া হবে। পরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে আরও সাহায্য পেলে করা হবে।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে স্মারকিলিপি

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে স্মারকিলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বীকৃতিপ্রাপ্ত সকল চলমান নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।  আজ চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের মাধ্যমে স্মারলিপিটি দেয় ‘নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ।’ স্মারকলিপিতে আরো বলা হয়, ‘শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতনবিহীন অবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ করেছেন। এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া সরকার প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেন। দুঃখের বিষয় বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিলপূর্বক এমপিওভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি হতে বঞ্চিত করেছেন। প্রতিবছর বাজেটে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও অদৃশ্য কারণে এমপিওভুক্তকরণ বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় বেতনবিহীন শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগ, দুর্দশা, বঞ্চনা, বৈষম্যের কথা বিবেচনা করে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ) একযোগে দ্রুততম সময়ের মধ্যে এমপিওভুক্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপিতে অনুরোধ জানানো হয়। এসময় সংগঠনটির সভাপতি মো. আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. মনিমুল হকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হুজরাপুরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

হুজরাপুরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুর এলাকায় বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর নাজনীন ফাতেমা জিনিয়া, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক, রাম-সীতা মন্দিরের পুরোহিত শ্রী চন্দন পান্ডে, মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতেন চৌধুরী। ২৫০টির বেশি ফলদ, বনজ, ঔষধি ও ফুলগাছের চারা বিতরণ করা হয়। যার মধ্যে অর্জুন, কাঞ্চন, কাঁঠাল, জলপাই, পেয়ারা, লেবু, কৃষ্ণচূড়া, পলাশ, শিউলি, বকুল ইত্যাদি রয়েছে। এসময় বক্তারা বলেন- আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে ক্ষৃক্ষ রোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। বৃক্ষরোপণের উপকারিতা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বিডিপিএ জেলা শাখার সহসভাপতি মো. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুইট, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ ডিপ্লোমা ফার্মাসিস্টবৃন্দ। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ফার্মাসিস্ট বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা মিটাচ্ছেন’। বক্তারা জানান, ২০১০ সাল থেকে বিশ্বে দিবসটি পালন শুরু হলেও বাংলাদেশে ২০১৪ সাল থেকে পালন শুরু হয়।