জিংক সমৃদ্ধ ধান ও হুইল চেয়ার বিতরণ

জিংক সমৃদ্ধ ধান ও হুইল চেয়ার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪টি ইউনিয়নের ১৫জন কৃষকের মধ্যে ৫ কেজি করে জিংক সমৃদ্ধ ধান এবং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ জন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথ ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির এরিয়া প্রোগ্রা  ম্যানেজার মি. জেমস বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের জন্য এই হুইল চেয়ার ও পুষ্টি সমস্যা নিরসনে প্রান্তিক কৃষকদের মধ্যে জিংক সমৃদ্ধ এই ধান বিতরণ করা হয়। এসময় ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা মি. শ্যামল এইচ কস্তা, মি. সুজন গ্রেগরী, মি. উত্তম মন্ডল এবং রিপন গমেজ উপস্থিত ছিলেন।

গোমস্তাপুরে নিখোঁজের ৪দিন পর পুকুরে মিলল শিশুর মৃতদেহ

গোমস্তাপুরে নিখোঁজের ৪দিন পর পুকুরে মিলল শিশুর মৃতদেহ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পর বাড়ির পাশে পুকুরে মিলেছে নেপাল টপ্প (৫) নামে এক শিশুর মৃতদেহ। বুধবার সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া শিশু ওই গ্রামের দুলাল টপ্পর ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার জানান, গত শনিবার শিশু নেপাল টপ্প বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।  বুধবার সকালে বাড়ি সংলগ্ন মন্দিরের পাশে তার ভাসমান মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খরব পেয়ে ওই পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে বলেও জানান ওসি।

শিবগঞ্জে পদ্মায় ডুবে যুবক নিখোঁজ

শিবগঞ্জে পদ্মায় ডুবে যুবক নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে ডলার (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ডলার উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া গ্রামের বাবু মিয়ার ছেলে। বুধবার সকালে পাঁকার চর এলাকা থেকে বগলাউড়ির দিকে আসার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরী দল রাজশাহী থেকে এসে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, সকালে একটি নৌকায় ডলারসহ ৭-৮ জন যাত্রী পাঁকার চর এলাকা থেকে বগলাউড়ি ঘাটে আসছিলেন। এ সময় দশ রশিয়া এলাকায় পৌঁছালে চলন্ত নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে গেলে নিখোঁজ হন ডলার। পরে ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল পদ্মা নদীতে তিন ঘণ্টা তল্লাশি চালালেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। ডুবুরিদল অভিযান স্থগিত করেছেন। আজ আবারো উদ্ধার অভিযান চালানো হবে।

নাচোলে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ে দুদিনের প্রশিক্ষণ শুরু

নাচোলে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ে দুদিনের প্রশিক্ষণ শুরু  নভেম্বর ১৯, ২০২৪: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে উত্তম ব্যবস্থাপনায় মাছ চাষ বিষয়ে দুদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটভূক্ত মৎস্য খাতের আওতায় এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ফতেপুর ইউনিটের অধীনস্থ ২৫ জন মৎস্যচাষি এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও প্রয়াসের ফতেপুর ইউনিট ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন। প্রশিক্ষণে পুকুর নির্বাচন, পুকুর প্রস্তুতি, পুকুরকে মাছ চাষের উপযোগী করার কৌশল, প্রজাতি নির্বাচন, পোনা মজুত, চুন ও সার প্রয়োগ পদ্ধতি, মাছ চাষে সাধারণ সমস্যা ও সমাধান, মাছের রোগ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। চরঅনুপনগরে সরিষা বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার চরঅনুপনগরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১২ চরঅনুপনগর অফিসের সদস্যেদের মধ্যে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় ১০০ জন কৃষকের প্রত্যেককে সরিষা বীজ, জৈব সার ও ছত্রাকনাশক প্রদান করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে সরিষা চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ রিফাত আমিন হিরা। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ইউনিট-১২ এর ব্যবস্থাপক মো. জাকারিয়া, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, অফিসার শাহরিয়ার শিমুল, জুনিয়র অফিসার আলমাস উদ্দিনসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই বীজ এবং জৈব সার ও ছত্রাকনাশক বিতরণ করে।  

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬ ডায়রিয়া রোগী

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬ ডায়রিয়া রোগী  নভেম্বর ১৯, ২০২৪: চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ জন রোগী। তাদের মধ্যে শিশুর সংখ্যায় বেশি। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৮ জন এবং নিউমনিয়া রোগী ভর্তি হয়েছে ৫ জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন রোগী। ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. নাজির আহমেদ এই তথ্য নিশ্চিত করে বলেছেন, রোটাভাইরাস নামক একধরনের ভাইরাস শীতকালে দেখা দেয়। এতে যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা এটা সেটা খাবার কারণে সেইসব শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। এই রোটাভাইরাস শীতকালে বেশি ছড়ায়। তিনি বলেন বর্তমানে ডায়রিয়াতে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। তবে হাসপাতালে ভর্তি থেকে টানা কয়েকদিন চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ জন। এবং একই সময়ে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ১৮ জন ও নিউমনিয়া রোগী ৫জন। এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে যেখানে ডায়রিয়া আক্রান্ত শিশুদের রাখা হয়েছে সেখানে দেখা যায় আসন শয্যা সংকুলান না হওয়ায় অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে কমেছে নিউমনিয়ায় আক্রান্তের সংখ্যা। সকল বয়সের মানুষকে বিশেষ করে শিশুদের এই শীতে বিশেষ যতেœ রাখার পরামর্শ দিয়েছেন আরএমও ডা. নাজির আহমেদ।

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৯ নভেম্বর, ২০২৪:  সদর উপজেলার বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করা হয়। আজ সকালে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় এবং বাল্যবিয়ের ক্ষতিকর দিক ও সামাজিক জীবনে এর প্রভাব। লটারির মাধ্যমে দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা। বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুশফিকুর রহমান, সহকারী শিক্ষক কাবিবুর রহমান ও খলিলুর রহমান। শেষে দুটি ক্যাটাগরিতে বিজয়ী ছয়জনকে পুরস্কার হিসেবে বই উপহার দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুষ্ঠানে তাঁর বক্তব্যে বলেন, দেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার অনেক বেশি। শহরের তুলনায় গ্রামে এ হার বেশি। অনেক শিক্ষার্থীই বাল্যবিয়ের শিকার হচ্ছে। বাল্যবিয়ে প্রতিরোধে আইন থাকলেও অনেকে তা মানছে না। এ জন্য জনসচেতনতা দরকার। এ ধরণের আয়োজনের জন্য তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিয়ের হার রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধীদের অধিকার আদায়ে জনসচেতনা সৃষ্টিমূলক এ কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন বিদ্যালয়ে আলোচনা, কুইজ বা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, নাটক বা লোকজ গম্ভীরা গান। পাশাপাশি থাকবে উঠান বৈঠকও।

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদের উদ্যোগে নায্যমূল্যে সবজি বিক্রি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদের উদ্যোগে নায্যমূল্যে সবজি বিক্রি   ১৯ নভেম্বর ২০২৪ বাজার সিন্ডিকেটকে রুখে দিতে ও দ্রব্যমূল্যের উর্ধগতির মধ্যে জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্ররা চালু করেছে নায্য মূল্যে সবজি বিক্রি কার্যক্রম। জেলা প্রশাসক আব্দুস সামাদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কার্যক্রম চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। অনেকে পঁজি দিয়েও সহযোগিতা করতে চেয়েছেন। আজ সকাল ৮টায় শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ বাউন্ডারি দেয়াল ঘেঁষে বৈষ্যম্যবিরোধি ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মতের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে একটি অস্থায়ী কাাঁচামালের দোকান নিয়ে বসেন ছাত্ররা। সকাল ১১টা পর্যন্ত তারা বিক্রি করেন ৬৭টাকা কেজি দরে ৫০ কেজি পেঁয়াজ, ৬৬ টাকা কেজি দরে ৬৫ কেজি আলু, ৪৭ টাকা হালি দরে ১৮০ পিস ডিম, ৩৩টাকা কেজি দরে ১০ কেজি পটল, ১০০টাকা কেজি দরে ৫ কেজি কাঁচামরিচ, ৭২ টাকা কেজি দরে ১০ কেজি ফুলকপি, ৪৭ টাকা কেজি দরে ১০ কেজি বাঁধাকপি ও ৩০ টাকা কেজি দরে ১০ কেজি পেঁপে। স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের অন্যতম সংগঠক ও চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ জানান, ছাত্ররা সবসময় নিপীড়িত সাধারণ মানুষের সাথে ছিল ও ভবিষ্যতেও থাকবে। সবজি বিক্রিতে সাধারণ ক্রেতাদের সাড়া পাওয়া গেছে। বিক্রেতা ছিল ছাত্ররাই। আজ চালু হওয়া দেকানটির টাটকা সবজি খুব ভোরে পুরাতন বাজার থেকে পাইকারি দরে ক্রয় করা। এসব সবজি শুধুমাত্র খরচ রেখে বিক্রি করা হচ্ছে। মূনাফার জন্য এই দোকান করা হয়নি। প্রথম দিন সামান্য কিছু অতিরিক্ত টাকা ছাত্রদের পকেট থেকেই গেছে। প্রাথমিক পুঁজি সংগঠনের সদস্যরা নিজ পকেট থেকে দিয়েছে। সাব্বির আরও জানান, এখন উদ্যোগ নেয়া হয়েছে দোকানটিতে আরও কিছু মাল উঠিয়ে একটু বড় করা। আগামীকাল বুধবার(২০ নভেম্বর) থেকে এ চেষ্টা করা হবে। যতদিন বাজার মূল্য কিছুটা সহনীয় না হচ্ছে ততদিন এ কার্যক্রম চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। যখনই বাজার সিন্ডিকেট মাথা চাড়া দিবে তখনই তাদের প্রতিরোধে এমন উদ্যোগ নেয়া হবে। আজ কার্যক্রমে অংশ নেন নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী সাকির আহমেদ. কাওসার আলী, রেদোয়ান আহমেদ ও সিটি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আব্দুস সুবহান।

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৯ জন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৯ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩১ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২০ জন রোগী। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। এইসব রোগীর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

টিটিসিতে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

টিটিসিতে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে ১৮ ধরনের পেশার প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল তৈরি করা হচ্ছে। এসব পেশার তরুণ যুবকরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশে এবং বিদেশে কর্মক্ষেত্রে যাচ্ছেন। এছাড়া দেশের উত্তরাঞ্চলের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বগুড়া প্রথম, পাবনা দ্বিতীয় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা তৃতীয় অবস্থানে রয়েছে। আজ দুপুরে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি এই সেমিনারের আয়োজন করে। টিটিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক আব্দুস সামাদ। টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। বিদেশ গমনেচ্ছুদের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন নূরে আলমসহ অন্যরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই সেমিারের আয়োজন করা হয়। এতে বিদেশ গমনেচ্ছু শতাধিক কর্মীসহ এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বিদেশ যেতে দালালের ফাঁদে পা দেবেন না। বিদেশে যাবার আগে পরিকল্পনা করুন কোন দেশে যাবেন, সেই দেশের ভাষা ভালোভাবে রপ্ত করে নিন, যে কাজের জন্য যাবেন, সেই কাজে দক্ষতা অর্জন করে বৈধপথে যাবেন তাহলে প্রতারণার শিকার হতে হবে না। সেমিনার সঞ্চালনা করেন টিটিসির সিনিয়র শিক্ষক সাঈদী হোসেন। এর আগে টিটিসিতে কোরিয়ান ভাষা ল্যাব উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস উদযাপন ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’-স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ সকালে কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এরপর ইনিষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে গণপূর্ত আবাসিক এলাকা চত্বরে আলোচনা সভা হয়। এসময় বক্তব্য দেন, আইডিইবি’র জেলা সভাপতি মেহেদী খান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সত্যজিৎ রায়, সাধারণ সম্পাদক নুরুল আওলিয়া বাবুল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রক্টর মোখলেসুর রহমানসহ অন্যরা। তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের কাঠামোগত উন্নয়নে দক্ষতার সাথে বিভিন্ন সেক্টরে কাজ করছে। দেশের অগ্রগতিতে তাঁরা প্রসংসনীয় ভূমিকা রাখছে। কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে প্রকৌশলীদের এক হয়ে কাজ করার পরামর্শ দেন বক্তারা।