রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ

রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ গোমস্তাপুর রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ভর্তি পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ছাত্রীদের শ্রেণীবিন্যাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে বিদ্যালয়ের নোটিস বোর্ড মেধানুসারে এই ফলাফল প্রকাশ করা হয়। ক ও খ শাখায় ৬৪ জন করে ও গ শাখায় ৫৮ জনকে চুড়ান্ত করে ফল প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এরআগে গত ২৯ ডিসেম্বর লটারি মাধ্যমে ভর্তি পরীক্ষার্থীচ্ছু ছাত্রীদের বাছাই করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী বলেন, আগামী ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মেধাফলে নির্বাচিত ছাত্রীদের ভর্তি করা হবে। তাদেরকে ৫ম শ্রেণির প্রশংসাপত্র সঙ্গে নিয়ে এসে ভর্তি হতে বলা হয়েছে।  

‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে র‌্যালি

‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে র‌্যালি ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আজ সকালে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শুরুর আগে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন- আমরা সকলকে নিয়ে তারুণ্যের এই উৎসব উদ্যাপন করব। তিনি বলেন, আমরা যদি নিজেদের বদলাতে পারি তাহলে দেশ বদলে যাবে, একটি নতুন পৃথিবী গড়ে উঠবে। আমরা এক সাথে সবাই মিলে নতুন পৃথিবী গড়ে তুলব। র‌্যালিতে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক কুবরাতুল আইন কানিজ, কেন্দ্রীয় স্বাস্থ্য কো-অর্ডিনেটর নিশাত আহমেদ, জেলা আহ্বায়ক আব্দুর রাহিম ও যুগ্ম আহ্বায়ক সুজন বিশ্বাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।

শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত

শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারিচালিত রিক্সাভ্যানচালক ও ক্ষুদ্র পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের কানসাট মকিমপুর গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে আরিফ হোসেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ দুপুরের দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাকস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, সোনামসজিদ বন্দর থেকে পেঁয়াজ কিনে ভ্যানবোঝাই করে নিজেই ভ্যান চালিয়ে কানসাটের দিকে আসার সময় ভ্যানের সামনের চাকার এক্সেল ভেঙ্গে সড়কে ছিটকে পড়েন আরিফ। এ সময় বিপরীতে বন্দরগামী একটি দ্রুতগতির ট্রাকের নীচে চাপা পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই ট্রাকটি বন্দর এলাকায় চলে যায়। সেটি শনাক্ত ও আটকে চেষ্টা চলছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

জেলায় ৯ দফা দাবি সরকারি গাড়িচালকদের, স্মারকলিপি প্রদান

জেলায় ৯ দফা দাবি সরকারি গাড়িচালকদের, স্মারকলিপি প্রদান বৈষম্যমুক্ত নবম জাতীয় পে-কমিশন গঠনসহ সরকারের কাছে ৯ দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। আজ সকালে সরকারি গাড়িচালকরা জেলা প্রশাসক আব্দুস সামাদ এর হাতে স্মারকলিপি তুলে দেন। এসময় বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সড়ক ও জনপথ বিভাগের গাড়িচালক মতিউর রহমান, মোঃ তৌহিদসহ জেলার বিভিন্ন সরকারি অফিসের গাড়িচালকগণ উপস্থিত ছিলেন। গাড়িচালকদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে-বৈষম্যমুক্ত নবম জাতীয় পে-কমিশন গঠন, পে-কমিশনে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি রাখা, বেতন স্কেলের বৈষম্য নিরসনে দশ ধাপে যৌক্তিক ব্যবধানে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে-স্কেলে প্রত্যাহারকৃত হেভীছেলসহ ০৩টি টাইমস্কেল, সিলেকশন গ্রেডসহ বেতন জৈষ্ঠতা পূর্নবহাল করা, পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ৪০% মহার্ঘ ভাতা প্রজাতন্ত্রের সকল কর্মচারিকে প্রদান করা, সরকারি গাড়িচালক পদটি কারিগরি পদ হিসেবে ঘোষনা করা, সরকারি গাড়িচালক পদের নাম পরিবর্তন করে ‘মটর ট্রান্সর্পোট অপারেটর’ করা, সরকারি গাড়িচালক পদটি ব্লক পোষ্ট বাতিলপূর্বক যোগ্যতা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা করা, সরকারি গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজিকরণ, সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কার্যালয় ও ট্রেনিং ইনিস্টিটিউট ভবনসহ ঢাকায় স্থায়ী জায়গা বরাদ্দ, গাড়িচালকদের অধিকাল ভাতার ঘণ্টা নিরুপণ মহামান্য হাইকোর্টের ন্যয় করা, গাড়িচালকদের ঝুঁকিভাতা ও রেশন ব্যবস্থা চালু, ঝুঁকি ভাতা প্রদান, আউটসোসিং প্রথা বাতিল পূর্বক স্থায়ী সকল সরকারি গাড়িচালক শূণ্যপদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে।

গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। প্রধান অতিথি বলেন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের সুসম্পর্ক থাকতে হবে যাতে কোনো ভুল তথ্য স্থান না পায়। তিনি বলেন- যে গুজব সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয় তা কেউ যেন না ছড়ায়। এমন কোনও কাজ করা যাবে না যা সম্প্রীতিকে বাধাগ্রস্ত করতে পারে। অনুষ্ঠানের শুরুতে উপ-প্রধান তথ্য অফিসার একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন যাতে গুজব কিভাবে ছড়ায়, কিভাবে তা শনাক্ত করা যায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। মুক্ত আলোচনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ বিষয়ে কথা বলেন। সভা উপস্থাপনা করেন রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আজিজুর রহমান শাহ।

ছাত্র আন্দোলনে আহত ছাত্রকে চিকিৎসা ও পূনর্বাসনে অনুদান

ছাত্র আন্দোলনে আহত ছাত্রকে চিকিৎসা ও পূনর্বাসনে অনুদান চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের লঠিচার্জে পায়ের নীচে আঘাত পেয়ে আহত রাজশাহী কলেজের ছাত্র আসমাউল হুসনাকে নগদ ১ লক্ষ টাকা অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তিনি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদীঘি এলাকার ইনজামাম হকের ছেলে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির সদর দপ্তরে এক অনুষ্ঠানে আসমাউলকে চিকিৎসা ও পড়াশোনা বাবদ এই অনুদানের অর্থ তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এসময় অধিনায়ক বলেন, ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আহত কয়েকজন ছাত্রের খোঁজ পাওয়া গেছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশে তাঁদের চিকিৎসা,পড়াশোনা ও পূনর্বাসনে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আসমাউলকে সাহায্য করা হল। তাঁর জন্য এই সাহায্যই শেষ নয়। বিজিবি সর্বদাই তাঁর খোঁজ রাখবে ও প্রয়োজনে সাহায্য করবে। বিজিবি সর্বদাই বিভিন্ন সামজিক কর্মকান্ড নিয়ে সীমান্তবর্তী জন সাধারণের পাশে ও সাথে রয়েছে বলেও জানান অধিনায়ক। আহত ছাত্র আসমাউল বিজিবির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন,গত ২২ জুলাই সোনামসজিদে শান্তিপূর্ণ মিছিল করার সময় পালাতে গিয়ে পড়ে গিয়ে তিনি আহত হন। এরপর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলে। এখনও কলেজে যাতায়াত তাঁর জন্য কষ্টকর। তিনি আশা করেন, বিজিবি অনান্য আহতদেরও পাশে থাকবে। অনুদান প্রদান অনুষ্ঠানে ৫৯ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর ইমরুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার সিমেন্ট শিট নির্মাণশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার সিমেন্ট শিট নির্মাণশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার সিমেন্ট শিট নির্মাণশিল্পী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহীদ সাটু হলে মেসার্স সানজানা এন্টারপ্রাইজের পক্ষে মেসার্স লুনা ট্রেডার্স এই কর্মশালার আয়োজন করে। মেসার্স লুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী রাইহানুল ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন- আনোয়ার সিমেন্টের ডাইরেক্টর (বিজনেস) মো. মোজাম্মেল হক, আনোয়ার সিমেন্ট শিটের জিএম (সেলস) কাঞ্চন সাহা, এজিএম (সেলস) হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রইসুদ্দিন আহমেদ। কর্মশালায় আনোয়ার সিমেন্ট শিটের গুণাগুণ, ব্যবহার পদ্ধতি সম্পর্কে নির্মাণশিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা শেষে নির্মাণশিল্পীদের উপহার ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক নাগরিক টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী, চাঁপাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি জমশেদ আলী, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা। সঞ্চালনা করেন দেশ টিভি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন- সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাখাওয়াত জামিল দোলন, আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু, গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আক্তার, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেলসহ অন্য সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর বাংলামোটরে আতর্কিত হামলা চালিয়ে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম শফিক, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন মাল্টিমিডিয়ার সম্পাদক আতোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি বসির হোসেন খানকে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এঘটনায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি জানান তারা।

সদর উপজেলার রামজীবনপুর গ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

সদর উপজেলার রামজীবনপুর গ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বাল্য বিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় প্রথম আলো বন্ধুসভা এই সংলাপের আয়োজন করে। গ্রামের একটি আমবাগানে অনুষ্ঠিত এ সংলাপে নারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, নাফিসা আনজুম, মাশরুফা খাতুন, নাফিউল ইসলাম। অংশগ্রহণ করা নারীরা বাল্য বিয়ে প্রতিরোধে ভূমকিা রাখার প্রতিশ্রুতি দেন। আরাফাত মিলেনিয়াম বলেন, সারাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ের হার অনেক বেশি। বাল্যবিয়ে রোধে দরকার জনসচেতনতা। এ লক্ষ্যে ইতোমধ্যে বন্ধুসভা নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে। যার মধ্যে ছিল গম্ভীরা গান, নাটক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, উঠান বৈঠক, আলোচনা সভা।

রেডিও মহানন্দার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেডিও মহানন্দার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হাঁটি হাঁটি পা করে ১৩ বছর পার করে ১৪ বছরে পদার্পণ করেছে জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। এ উপলক্ষে জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত রেডিও মহানন্দার প্রধান কার্যালয়ে রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে শুরু হয় জন্মদিনের আনুষ্ঠানিকতা। রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুন সদস্য রফিক হাসান বাবলু, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক তাকিউর রহমান। এসময় বক্তারা রেডিও মহানন্দার উত্তরতর সাফল্য কামনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক গৌড়বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, চাঁপাই নিউজ ডটকমের নির্বাহী সম্পাদক মেহেদি হাসান, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি তারেক রহমান, শ্রোতা শুভানুধ্যায়ী, প্রয়াসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রেডিও মহানন্দা ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের কর্মীবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন- রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জ-বাসীর কণ্ঠস্বর, গণমানুষের প্রাণের প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা বিষয়ে সাধারণ মানুষকে সতেচন করে গড়ে তোলার কাজটি করছে এবং এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।