শিবগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, বস্তুনিষ্ঠ সাংবাদ লেখনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হারুন আর রশিদ টুকু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন উর রশিদ, সাধারণ সম্পাদক নাদিম হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন আলী, সাবেক সভাপতি মাইনুল ইসলাম লাল্টু, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব, সফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাল্যবিয়ে বন্ধে শাহবাজপুরে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাল্যবিয়ে বন্ধে শাহবাজপুরে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধ করি দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করি- এই প্রতিপাদ্যে এফএসটিআইপির প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন, ইউএসএআইডি’স ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস অ্যাকটিভিটি-উইনরক ইন্টান্যাশন্যাল প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন। জেলা প্রজেক্ট অফিসার শহিদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় ও ইউপি সদস্য হুমায়ন কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের এফএসটিআইপির প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলাম, ইউপি সদস্য কাশেদ আলী, আব্দুর রশীদ, প্রভাষক নুরতাজ আলমসহ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর পেশাজীবী মানুষ। উল্লেখ্য, ক্যাম্পেইনে বাল্যবিয়ে প্রতিরোধ করে প্যারেন্টস চ্যাম্পিয়ন হওয়ায় তৈমুর রহমান, নাজমা বেগম ও মো: ইব্রাহিমকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

নাচোলের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সেন্টু’র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নাচোলের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সেন্টু’র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নাচোল উপজেলার কসবা ইউনিয়নের খেসবা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সেন্টু ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু গূণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১১টায় খেসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে ওই গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোলের উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা সভাপতি ইসমাইল এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, আব্দুর রশিদ সেন্টু শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের মৃত মৃত মুসলিম মন্ডলের ছেলে।

তেপান্ন বছরেও পরিবর্তন হয়নি কৃষকের ভাগ্যের : সাজ্জাদ জহির চন্দন

তেপান্ন বছরেও পরিবর্তন হয়নি কৃষকের ভাগ্যের : সাজ্জাদ জহির চন্দন চাঁপাইনবাবগঞ্জে ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় শোষণ-বষম্যহীন সমাজ গড়, কৃষি ক্ষেত্রে আমূল সংস্কার করো’- এমন সব স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষক সমিতির কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এসব কর্মসূচির আয়োজন করে জেলা কৃষক সমিতি। সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও আমার দেশের কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কৃষকবান্ধবের কথা বলে যারাই ক্ষমতায় এসেছে, তারাই কৃষকের সঙ্গে প্রতারণা করেছে, কৃষকের কথা না ভেবে লুটেরা সিন্ডিকেটের কথা ভেবেছে। একদিকে কৃষক যখন তার ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়, তখন মধ্যস্বত্বভোগীরা কৃষকের উৎপাদিত ফসলের লাভটা নিয়ে যায়। বিগত সরকার লুটেরাদের স্বার্থরক্ষায় বিদেশ থেকে চড়ামূল্যে সার কিনেছে আর সেই সার চড়ামূল্যে আমার কৃষককে কিনতে হয়েছে। অথচ আমাদের দেশের সার কারখানাগুলো সব বন্ধ করে দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেনÑ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান, সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু, জেলা কৃষক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আবু হাসিব ও হাসান আলী, সহসাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, সদস্য শারিফুল্লাহ গেদু মন্ডল, গোমস্তাপুর উপজেলা ক্ষেত মজুর সমিতির সাবেক সম্পাদক মোজাজুল হক। সমাবেশ পরিচালনা করেন কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক কুমার মিলন পাল। বক্তারা কৃষকের স্বার্থে কৃষক সমিতির দাবিসমূহ মেনে নেয়ার আহ্বান জানান। যেসব দাবিতে সমাবেশ করা হয় তা হলোÑ ‘ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, প্রকৃত উৎপাদক কৃষকদের কৃষি কার্ড প্রদান। সার-বীজ-কীটনাশক-সেচসহ কৃষি উপকরণের দাম কমানো, নির্ধারিত দামে সার বিতরণ করা, বরেন্দ্র অঞ্চলে সেচের পানি বিতরণে ও গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়ম-হয়রানি-দুর্নীতি বন্ধ করা। সেচ অপারেটরদের দৌরাত্ম্য রোধ করা। নদী, খাল, জলাশয় সংস্কার করে কৃষকদের পানির অবাধ ব্যবহার নিশ্চিত করা। বরেন্দ্র অঞ্চলের কৃষি কাজে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।”

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের তারুণ্যের উৎসবের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের তারুণ্যের উৎসবের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে লোকনাট্য সমারোহের মধ্যদিয়ে শুরু হয়েছে তিনদিনের তারুণ্যের উৎসব। শনিবার বিকেলে পুরাতন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম। সূচনা বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন- মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর সরাসরি এই তারুণের উৎসবের দেখভাল করছে। সেই আরো বেশ কিছু মন্ত্রণালয় কাজ করছে। জেলা প্রশাসক বলেন-আমাদের যুব সমাজকে একটি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ দেয়ার জন্যই এই লোকনাট্য উৎসব, এই তারুণ্যের উৎসব। আমরা চাই মাদকমুক্ত অপসংস্কৃতিমুক্ত আমাদের এই দেশ। সেকারণে তারুণ্যের এই উৎসবের পাশাপাশি, আমাদের গ্রাম বাংলার খেলাধুলা নিয়েও পর্যায়ক্রমে কর্মকাণ্ড পরিচালিত হবে। এজন্য জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হবে। শুধু তাই নয়-আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পরিবেশের দূষণ রোধে কী কী করণীয় আছে এবং কীভাবে আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখতে পারি তা নিয়ে কর্মসূচি গৃহীত হয়েছে, সেগুলো বাস্তবায়িত হবে। এছাড়াও আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ বিদ্যালয়ের পরিবেশ যেন সুন্দর থাকে সেই নিয়েও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে আমি সংশ্লিষ্ট সকলের ব্যাপক অংশগ্রহণ কামনা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে মহানন্দা ইসলামি শিল্পী গোষ্ঠীর শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সঞ্চারী শিল্পী গোষ্ঠী ও প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট পরিবেশন করে লোকনট্য। তিনদিনের এই উৎসবে জেলার ১৭টি শিল্পীগোষ্ঠী অংশগ্রহণ করছে।

যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (যাত্রীবাহী) নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর-খোসালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নব নির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আবু হাসিব, অ্যাডভোকেট শামসুদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের কামাল, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শামীম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, সাথী এন্টার প্রাইজের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহফুজুর রহমান। এরআগে সদ্য বিদায়ি বছরের ৩১ ডিসেম্বর বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রউফ যুলমাত নির্বাচিত হন। নতুন এই কমটির সদস্য মোট ১৩জন। নবনির্বাচিতরা আগামী দুবছর যাত্রীবাহী পরিবহন শ্রমিক ইউনিয়নকে নেতৃত্ব দেবেন।

উদীচীর ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত

উদীচীর ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের দশম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে বর্তমান সভাপতি অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম পূণরায় সভাপতি ও গোলাম মওলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ২০২৫-২৬ ইং দ্বি-বার্ষিক মেয়াদে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শহরের শিল্পকলা মার্কেটে অবস্থিত উদীচী জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান পথগুলো ঘুরে শহীদ সাটু হল মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সংগঠনের সংগীতের সাথে সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আব্দুস সালাম। শুরু হয় আলোচনা সভা। উদীচী জেলা সংসদ সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুলফিকার আহমেদ সোহাগ। বক্তব্য দেন জেলা সংসদ সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমীরুল মোমেনীন জীবন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন, গোলাম মওলা, সেলিনা বানু, সাদিকুল ইসলামসহ অন্যরা। বক্তরা দেশের সমসাময়িক সাংস্কৃতিক অবস্থা তুলে ধরেন। তাঁরা বলেন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে উদীচী দৃঢ়ভাবে তার অবস্থান ধরে রাখবে।, বাঙালি সংস্কৃতি চর্চা করে যাবে। পূর্বেও বহুবার উদীচীকে দমিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। উদীচীর উপর সহিংস হামলা করেছে প্রতিক্রিয়াশীলরা। কিন্তু উদীচীকে থামানো সম্ভব হয় নি। ভবিষ্যতেও তারা সফল হবে না। বিকালে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।

শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১

শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মাহাবুব মোল্লা নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক ব্যক্তি মাদারীপুর জেলার রাজৈর ইশিবপুর ইউনিয়নের পশ্চিম শখারপাড় গ্রামের রহমান মোল্লার ছেলে। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন মাহাবুব মোল্লা। এসময় স্থানীয় বিজিবি সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে বিজিবির দায়ের করা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভোলাহাট সীমান্তে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক

ভোলাহাট সীমান্তে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ যুবক আটক ভোলাহাট উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে। আটক যুবক ভোলাহাটের ফুটানীবাজার আলালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে নাজমুল হোসেন নাজিম। আজ সকালে মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোররাতের ভোলাহাট বিওপির একটি টহলদল গোয়েন্দা সূত্রের খবরে সীমান্তের ভেতরে ভোলাহাট ইউনিয়নের হাউসপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ২১৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আটক হয় নাজিম। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এঘটনায় আটক যুবককে জব্দ মালামালসহ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জের মহাডাঙ্গায় ট্রেনে ধাক্কা খেয়ে মৃত্যু একজনের

চাঁপাইনবাবগঞ্জের মহাডাঙ্গায় ট্রেনে ধাক্কা খেয়ে মৃত্যু একজনের চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে ধাক্কা খেয়ে ইব্রাহিম খলিলুল্লাহ নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাংগালিয়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। মারা যাওয়া ব্যক্তির ভাইয়ের বরাত দিয়ে সদর থানার এসআই আসগর আলী এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ইব্রাহিম খলিলুল্লাহ সম্ভবত বিকেল ৪টার দিকে ট্রেন থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে এক রিকশাওয়ালা তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং রাজশাহী নিয়ে যাবার প্রস্তুতিকালে তিনি মারা যান। চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম ঘটনার সত্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মহাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।