জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আজ রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাত্র ৭ দিনের মধ্যে প্রায় ৫ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্যোগ নিয়েছি। আজ দুপুর ২টায় শিক্ষার্থী ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে লগইন করে নিজেদের ফল দেখতে পারবে। এদিকে এবারের ভর্তি পরীক্ষায় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। সেই হিসেবে আসন প্রতি লড়েন প্রায় ২ জন শিক্ষার্থী। উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, এ পরীক্ষায় সারাদেশে মোট ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত হবে। সরকারি কলেজগুলোর ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন এবং বেসরকারি কলেজের ১ লাখ ৮২ লাখ ৩৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৮ হাজার ১১৯ জন শিক্ষার্থী। মুঠোফোনে ফল দেখবেন যেভাবে মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ওয়েবসাইটে দেখবেন যেভাবে ভর্তিবিষয়ক ওয়েবসাইট http://app11.nu.edu.bd/ এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে http://app11.nu.edu.bd/ ওয়েবসাইটে যেতে হবে। পরে সাইন ইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর লগইন করার পর, ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে এবং ফলাফল দেখা যাবে। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি

কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশে কোরবানিযোগ্য পশুর কোনও ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, “চাহিদার তুলনায় বরং উল্লেখযোগ্য সংখ্যক পশু উদ্বৃত্ত থাকবে। রবিবার (৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। সে হিসাবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু অতিরিক্ত থাকার সম্ভাবনা রয়েছে। প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, “এর মধ্যে গরু ও মহিষ রয়েছে প্রায় ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি, ছাগল ও ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং উট-দুম্বাসহ অন্যান্য পশুর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি। মন্ত্রী জোর দিয়ে বলেন, “দেশীয় খামারিরা এখন আগের যেকোনও সময়ের তুলনায় বেশি সক্ষম। সরকারের নীতিগত সহায়তা, প্রণোদনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ায় বাংলাদেশ এখন পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে পৌঁছেছে। ফলে এই বছর কোরবানির জন্য বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না। তিনি আরও উল্লেখ করেন, “গত ঈদুল আজহাতেও দেশে পশুর সরবরাহ চাহিদার তুলনায় বেশি ছিল। তখন প্রায় ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি দেওয়া হলেও প্রায় ৩৩ লাখের বেশি পশু অবিক্রিত থেকে যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, কোরবানির পশু পরিবহনে কোনও ধরনের প্রতিবন্ধকতা না থাকে সেজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীসহ বড় শহরগুলোতে পশু আনা-নেওয়া নির্বিঘ্ন করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় উপস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “খামারিদের সুরক্ষা এবং ভোক্তাদের জন্য সহনীয় দামে পশু নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় উৎপাদন দিয়েই কোরবানির পুরো চাহিদা পূরণ সম্ভব হচ্ছে। এতে একদিকে স্থানীয় খামারিরা লাভবান হচ্ছেন, অপরদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।

বিইআরসি এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো 

বিইআরসি এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো  মে মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তীত রাখা হয়েছে। রবিবার (৩ মে) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। সংস্থাটি জানায়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত মাসে দুইবার সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। এরপর গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এদিকে, রবিবার মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে ২ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসে দুইবার সমন্বয় করা হয় অটোগ্যাসের দামও। গত ২ এপ্রিল ভোক্তা পর্যায়ে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। এর গত ১৯ এপ্রিল ভোক্তা পর্যায়ে ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে বিইআরসি।

রাজশাহীতে র‌্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস নোটে জানানো হয়, গতকাল দিবাগত রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নবগঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‌্যাব এর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

রাজশাহীর বাগমারায় ১২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর বাগমারায় ১২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহী জেলার বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে ১২৬০ বোতল অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫), রাজশাহী। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ মে ২০২৬) রাত ১১টার দিকে বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২৬০ বোতল অ্যালকোহল মাদকদ্রব্যসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বাগমারা উপজেলার ধানগাছি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে বাগমারা ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। জব্দকৃত মাদকদ্রব্য তিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলেও জানান। র‌্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

হাম সন্দেহে একদিনে আরও চার জনের মৃত্যু

হাম সন্দেহে একদিনে আরও চার জনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩৯ হাজার ৩২৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭২ জন, গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পাঁচ হাজার ২১৮ জন। ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৯১১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ২২৫ জন।  গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত নিশ্চিত হামে ৪৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৩৫ জনের মৃত্যু হয়েছে।        

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। থানা পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন; তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদেরকে) সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি ব্যক্ত করেন।

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো আমরা সেভাবে গ্রামে তা পৌঁছে দিতে পারিনি। আমরা চাই, আরও বেশি নাগরিকের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে। তাই মানুষ অসুস্থ হওয়ার আগে তাকে যদি স্বাস্থ্য বিষয়ক সচেতন করতে পারি, তাহলে সেই মানুষটি পরবর্তী সময়ে ডাক্তারের কাছে গেলে বেটার সার্ভিস পাবে। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরের সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা করছি, যার ৮০ শতাংশ হবে নারী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে ঘরে ঘরে মানুষের কাছে যাওয়া, শহরেও তারা থাকবে। ঘরে ঘরে গিয়ে তারা মানুষকে সচেতন করবে, বিশেষ করে নারীদের। তারা সচেতন করবে কোন খাবার খেলে কার্ডিয়াক সমস্যা হবে না, কোন খাবারটি খেলে কিডনি রোগ হবে না, হয়ে তারা সবাইকে সচেতন করবে। আমাদের লক্ষ্য দেশের মানুষকে সুস্থ রাখা, বিষয় তাদের সচেতন করা।  তারেক রহমান বলেন, অসুস্থ মানুষের সংখ্যা যখন কম হবে তখন মেডিকেলে আমাদের সার্ভিস দিতে, টেক-কেয়ার করতে বড় ধরনের সুবিধা পাওয়া যাবে। তিনি বলেন, দেশের অনেক জায়গায় কলকারখানা বন্ধ হয়ে পড়ে আছে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দ্রুত এসব চালু করব। প্রয়োজনে প্রাইভেটাইজ করা হবে, যারা এ বিষয়ে আগ্রহী আছেন তাদের দিয়ে। এটা করতে পারলে সারাদেশে কিছু কর্মসংস্থানের সৃষ্টি হবে। এছাড়া আমরা চেষ্টা করছি দেশে এবং বিদেশে যেসব বিনিয়োগকারীরা রয়েছেন তাদের সম্পৃক্ত করতে, যেন এসবের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়। এছাড়া আমাদের যেসব ভোকেশনাল ইনস্টিটিউট রয়েছে সেগুলোকে আমরা আরও কার্যকর করতে চেষ্টা করব। যাতে এখানে যারা রয়েছে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়, দেশে ও দেশের বাইরে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তার গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টা ২০ মিনিটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি প্লেনে করে রওয়া হয়ে সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সকালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় নেতারা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা দেশের তিন বিভাগে আগামী দুই দিন ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দুই দিনই তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।  শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।  এতে বলা হয়েছে, আগামী সোমবার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া আগামীকাল সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আগামী দুই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তত থাকতে পারে।  এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে ১৩৪ মিলিটার।

জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে খালগুলো খনন করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট নগরীর সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের জন্য বড় একটি সমস্যা হচ্ছে আমরা মাটির নিচ থেকে পানি তুলছি। কৃষিকাজের জন্যও পানি তুলছি। এটি ধীরে ধীরে ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতি। আমরা যদি এই পরিস্থিতিকে এখনই মোকাবেলা করতে চাই, তাহলে প্রথম কাজটি হচ্ছে আমাদের খাল খনন করতে হবে। তিনি বলেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে। মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখাই মানুষের লক্ষ্য।সমাবেশে কর্মসংস্থান বৃদ্ধিসহ অর্থনীতির ভিত্তি মজবুত করতে বন্ধ কল কারখানা চালু করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দ্রুত সিলেটে আইটি পার্ক করার চিন্তা রয়েছে সরকার বলেও জানান তিনি। এর আগে, সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।