৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক

৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক। তিনি বলেন, শিশুদের টিকাদান কার্যক্রম জোরদারে সরকার কাজ করছে। শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সভা কক্ষে জরুরি হাম-রুবেলা টিকা কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অতীতে টিকাদানের হার কমে আসার বিষয়ে তদন্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাকে আমার মানুষকে বাঁচাতে হবে, আমার শিশুদের বাঁচাতে হবে। সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক। এই ক্যাম্পেইনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা চলছে। শিশু হাসপাতালের আইসিইউ সংকট নিয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় বিদ্যমান আইসিইউ সক্ষমতা চাপের মুখে পড়েছে। আইসিইউ বেড বাড়ানো সহজ নয়, তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, যেসব রোগীর আইসিইউ প্রয়োজন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়া হায়দার, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে অয়েল ট্যাংকার জাহাজ ‘শান গ্যাং ফা জিয়ান’। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে। জাহাজটি রাতেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে জানিয়েছে জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। এর আগে শুক্রবার দুপুর ২টায় ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ বার্থিং করে। ওই জাহাজেরও স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং। প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ এরই মধ্যে কুতুবদিয়া এসেছে। এটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। জাহাজটি মালয়েশিয়া থেকে এসেছে। এটি রাতেই বহির্নোঙরে আসবে। শনিবার জাহাজটি বার্থিং করার কথা রয়েছে।
৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু রবিবার: স্বাস্থ্যমন্ত্রী

৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু রবিবার: স্বাস্থ্যমন্ত্রী দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ১৮ জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা প্রদান করা হবে। শনিবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। এসময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্র বলেছেন, বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং যশোরসহ মোট ১৮টি জেলার ৩০টি উপজেলাকে এই বিশেষ কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেখানেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, টিকাদান কেন্দ্রের নিয়ম অনুযায়ী নির্ধারিত বয়সের সকল শিশুকে হামের টিকা দেওয়া হবে। টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে স্বাস্থ্যমন্ত্রী একটি বিশেষ নির্দেশনা দিয়ে বলেছেন, যেসকল শিশু অসুস্থ শুধু তারাই ভিটামিন-এ ক্যাপসুলটি পাবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, অনেক অভিভাবকের মনে প্রশ্ন থাকতে পারে, আগে টিকা নেওয়া থাকলে আবারও দেয়া যাবে কি না। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা ইতোপূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছেন, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবেন। একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা হওয়ার ঝুঁকি নেই।
লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা

লাইসেন্স ছাড়া বা ভুল ক্যাটাগরির যান চালালে জেল-জরিমানা লাইসেন্স ছাড়া কিংবা লাইসেন্সে নির্ধারিত শ্রেণির বাইরে ভিন্ন ধরনের যান চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। আজ বিআরটিএ সদর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স, শিক্ষানবিশ লাইসেন্স বা হালনাগাদ লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি জনসমক্ষে মোটরযান চালাতে পারবেন না কিংবা কাউকে চালাতে দিতে পারবেন না। এছাড়া ধারা ৪(২) অনুযায়ী, লাইসেন্সে উল্লেখিত ক্যাটাগরির বাইরে অন্য কোনো ধরনের যান চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৬৬ অনুযায়ী সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
দেশে হামের প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

দেশে হামের প্রাদুর্ভাবে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতে এ সিদ্ধান্ত। স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরের অধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এটি জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
সংকট মোকাবিলা ও জ্বালানি সাশ্রয়ে পদক্ষেপ সরকারের

সংকট মোকাবিলা ও জ্বালানি সাশ্রয়ে পদক্ষেপ সরকারের মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে উদ্ভূত সংকট মোকাবিলা ও জ্বালানি সাশ্রয়ে ব্যয় সংকোচনমূলক কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকের লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত; তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ করতে হবে। দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে। জরুরি সেবাগুলো যেমন কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে পৃথক নির্দেশনা দেওয়া হবে। সরকার শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে।
নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক ৬ এপ্রিল

নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক ৬ এপ্রিল নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ওইদিন সকাল সাড়ে ১০টায় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। প্রথম বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে, যার মধ্যে ৯টি নতুন প্রকল্প। এ ছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্প একনেকে অবহতির জন্য উপস্থাপন করা হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।
এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৭২৮ টাকা

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৭২৮ টাকা ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে এক হাজার ৭২৮ টাকা হয়েছে। ফলে এপ্রিল মাসে ভোক্তাদের প্রতি সিলিন্ডারে অতিরিক্ত ৩৮৭ টাকা ব্যয় করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে এ নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এ দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২২ কেজি সিলিন্ডার ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪২৮ টাকা। পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

হাম হঠাৎ করে বজ্রপাতের মতো আমাদের ওপর এসেছে : স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না।’বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাম হঠাৎ করে বজ্রপাতের মতো এসেছে আমাদের ওপর, যেটার কোনো প্রস্তুতি আমাদের ছিল না। তারমধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে, কমিউনিকেশন গ্যাপের কারণে আমাদের অনেকগুলো সন্তান চলে গেছেন। আমি অনেক মর্মাহত।’ তিনি বলেন, ‘এর আগে একটা ঘটনায় একটামাত্র ক্যাজুয়ালিটিজ হয়েছিল, সংক্রামকব্যাধী হাসপাতাল, মহাখালীতে। আমরা রাত ১টায় সেখানে গিয়েছিলাম। আমরা সমাধান করতে পেরেছিলাম। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আইসিইউ ছিল সেটা ১৮ ঘণ্টার মধ্যে তড়িত গতিতে ডাক্তার-নার্সদের নিয়ে চালু করেছি। যে কারণে সেখানে আর কোনো ক্যাজুয়ালিটিজ হয়নি।’
সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে এই বিশেষ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে বলেও জানানো হয়েছে।