স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ; আজ থেকে ছুটি শুরু

স্কুলের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ; আজ থেকে ছুটি শুরু সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি ব্যতিরেকে বছরে ছুটি থাকবে মোট ৬৭ দিন। শিক্ষাপঞ্জি অনুযায়ী, বড় ছুটির মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন বিদ্যালয় বন্ধ থাকবে। যা আজ থেকেই শুরু হয়েছে। এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং বছরের শেষে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষ্যে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসের জন্য নির্দিষ্ট দিবসগুলোতে ছুটি থাকবে। প্রজ্ঞাপনে ছুটির তালিকার পাশাপাশি পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে। নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর এবং বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রতিটি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য মন্ত্রণালয় নির্দিষ্ট তারিখও নির্ধারণ করে দিয়েছে। পরীক্ষা সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার সময়কাল ১২ কর্মদিবসের বেশি হবে না। বিদ্যালয়গুলোকে নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে; কোনোভাবেই বাইরে থেকে সংগৃহীত প্রশ্নে পরীক্ষা নেওয়া যাবে না। বিশেষ কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন করা নিষিদ্ধ, তবে একান্ত প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে। এতে আরো উল্লেখ করা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষ্যে বিদ্যালয় ছুটি দেওয়া বা শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না। এমনকি পরিদর্শনের সময় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ভর্তি কার্যক্রম বা অন্য পরীক্ষার প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখা যাবে। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশও দেওয়া হয়েছে।

২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা সকল জল্পনা-কল্পনা শেষে স্টল ভাড়া মওকুফের শর্তে প্রত্যাখ্যান করা ৩২১ জন প্রকাশকসহ সকল প্রকাশকদের অংশগ্রহণে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকালে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সৃজনশীল প্রকাশক ঐক্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির (বাপুস) নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত ডিসেম্বর থেকেই বইমেলা নিয়ে সৃষ্টি হয় নানা ধরনের জটিলতা। ১৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মেলার তারিখ ঘোষণার পর বাধ সাধে প্রকাশকরা। ভাষার মাসের মেলা বিজয়ের মাসে অনুষ্ঠিত হলে মেলায় অংশগ্রহণ করবে না বলে বেঁকে বসে তারা। ১ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের জন্য লিখিত চিঠিতে বিষয়টি তারা একাডেমির মহাপরিচালককে জানায়। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলার সময় নির্ধারণ করে বাংলা একাডেমি। আর একাডেমির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সৃজনশীল প্রকাশক ঐক্যের ব্যানারে ৩২১ জন প্রকাশক ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের জন্য বাংলা একাডেমির প্রতি দাবি জানায়। ঈদের পরে মেলা আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও লিখিত আবেদন জানায় সৃজনশীল প্রকাশক ঐক্য। এরপর ১৬ ফেব্রুয়ারি মেলা পরিচালনা কমিটি একদিন পিছিয়ে একুশে ফেব্রুয়ারিতে মেলা শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বুধবার হঠাৎ জরুরি বৈঠকে ২৫ ফেব্রুয়ারিতে মেলা শুরুর সিদ্ধান্ত নেয় আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেও সচিবালয়ে গেছেন। সচিবালয়ে নিজ দফতরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানেরা। আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.)। এর আগে সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ

একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের নয়জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আজ সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজম উদ্দীন তালুকদার। একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন- অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস। এছাড়া সংগীতে ওয়ারফেইজকে এ পুরস্কার দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।  আজ দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উত্তপত্তি। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও। আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১০ এবং এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাভার স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাভার স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা ১১টার দিকে এই শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন তারেক রহমান। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের প্রায় সব বৈঠকই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। এর আগে গতকাল বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সক্রিয় থাকলেও ‘চিফ অ্যাডভাইজার’ ফেসবুক পেজ’র কার্যক্রম বন্ধ

সক্রিয় থাকলেও ‘চিফ অ্যাডভাইজার’ ফেসবুক পেজ’র কার্যক্রম বন্ধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ‘চিফ অ্যাডভাইজার’ পেজটি সক্রিয় থাকছে। তবে এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে। আজ বিকেলে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। পোস্টে বলা হয়েছে- ভুল বোঝাবুঝি দূর করার জন্য আগের ঘোষণাটি স্পষ্ট করা হচ্ছে। বাংলাদেশের এক ঐতিহাসিক সময়ের দলিল হিসেবে এই পেইজটি যথারীতি থেকে যাবে, এর সকল কনটেন্ট সকল সময় অ‍্যাকসেসিবল থাকবে। শুধুমাত্র এই পেজের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে। To avoid any misunderstanding, the earlier announcement is being clarified further. This page will remain live as a document of a historic period in Bangladesh. All of its contents will remain accessible. Only the regular activities of this page will be discontinued. এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ‘চিফ অ্যাডভাইজার’ পেজটি আর সক্রিয় থাকবে না বলে বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে পেজটি থেকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। সেই পোস্টে বলা হয়- গত ১৮ মাস সময়কাল জুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় আর প্রধান উপদেষ্টা হন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তারপর অফিশিয়াল পেইজটি থেকে নিয়মিত অন্তর্বর্তী সরকারের বিবৃতি থেকে শুরু করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট দেওয়া হতো। এছাড়া পেজটি থেকে বিভিন্ন বিষয়ে জনগণকে অবহিত করতেন প্রধান উপদেষ্টা।

জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট

জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে। একই সঙ্গে এই সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে রিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।

আগামীকাল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

আগামীকাল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসেই ব্যস্ততম দিন পার করতে যাচ্ছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর বিকালে সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। আজ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চ্যানেল টোয়েন্টিফোর অনলাইন। এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। মঙ্গলবার বিকাল চারটার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা তিনটি আসন পায়।