প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী 

প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।

২১ ফেব্রুয়ারি ঘিরে কঠোর নিরাপত্তাগ্রহণ করা হয়েছে-র‌্যাব প্রধান

২১ ফেব্রুয়ারি ঘিরে কঠোর নিরাপত্তাগ্রহণ করা হয়েছে-র‌্যাব প্রধান আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আজ সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‌্যাব প্রধান এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

দায়িত্ব পালনে অবহেলা বরদাশত করা হবে না বলেছেন ভূমিমন্ত্রী

দায়িত্ব পালনে অবহেলা বরদাশত করা হবে না বলেছেন ভূমিমন্ত্রী দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না, বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়াও তিনি বলেন, সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব তৈরি করতে হবে। আজ বেলা ১১টায় রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মিনু বলেন, আমরা একে অপরের সহকর্মী, কেউ কারো বস নই। দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।  

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুদ

রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুদ   বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই। আজ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা।

বাংলাদেশের আকাশে ভারতের স্পাইসজেটকে নিষেধাজ্ঞা

বাংলাদেশের আকাশে ভারতের স্পাইসজেটকে নিষেধাজ্ঞা ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় বাংলাদেশ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এনডিটিভি ও পিটিআই’র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছে বিমান সংস্থাটি। এখন কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতের গুয়াহাটি বা ইম্ফলগামী বিমানগুলোকে এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইস জেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষ। এনিয়ে স্পাইসজেটের একজন মুখপাত্র বলেছেন, বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে।

চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না, সেটার সরেজমিন তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছে কি না, সেজন্য আমরা তাৎক্ষণিকভাবে যাব, দেখবো। সবাইকে জবাবদিহি করতে হবে। আমাদের কার্যক্রম দ্বারা যেন জনসাধারণ উপকৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমরা কোনো সিন্ডিকেটকে সুবিধা দেব না। আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করবো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, যারা আমাদের পক্ষে বা বিপক্ষে ভোট দিয়েছেন সবাই সমান। সবাইকে সমানভাবে সেবা দিতে হবে। স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১১-১২ মার্চ

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১১-১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১ মার্চ বিকেল সাড়ে নয়টায় মনোনয়নপত্র বাছাই এবং ৪ মার্চ বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়। কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দু’টি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দু’টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। আজ সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। এটা কার্যকর কীভাবে করা হবে, সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে-এটা নিয়েই আজ আলোচনা হয়েছে। কত পরিবারকে দেওয়া হবে-সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা কিন্তু সার্বজনীন। এতে কোনো রেস্ট্রিকশন থাকবে না। তবে এ জন্য একটি কমিটি করা হয়েছে। হয়তো শুরু করবে হতদরিদ্র থেকে, তারপর দরিদ্র, এরপর মধ্যবিত্ত-এভাবে এগোবে। এই রমজানেই এটি শুরু হচ্ছে কিনা-সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে। এইটুকু আমি জানি। কার্যক্রমটা কীভাবে চালু করা হবে, সেটা নিয়েই কথা হয়েছে।

ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাশেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা এবং পশ্চাৎপদ প্রায় পাঁচ কোটি পরিবারকে আমরা ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেব।

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত পবিত্র রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় বিবেচনা করে আজ থেকে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস চলবে নতুন সময়সূচি অনুযায়ী। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রমজানে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সময় অনুযায়ী রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। ফলে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানে নতুন সময় অনুযায়ী রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি। ফলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। এছাড়া রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।