ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে। ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। জানা গেছে, আসন্ন ঈদের আগেই শুরু হতে যাওয়া এই পাইলট প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে মাসে ২ হাজার টাকা করে দেওয়া হতে পারে। এতে ৫০ লাখ সুবিধাভোগীর জন্য বছরে সরকারকে গুণতে হবে ১২ হাজার কোটি টাকার বেশি। ফ্যামিলি কার্ডের আবেদন প্রক্রিয়া এখনো পূর্ণাঙ্গভাবে শুরু না হলেও প্রাথমিক প্রস্তুতি হিসেবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID); পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও একটি সচল মোবাইল নম্বর সংগ্রহে রাখতে বলা হয়েছে। জানা গেছে, পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে। এ ছাড়া ঘরে বসে দ্রুত আবেদনের জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও নিচ্ছে সরকার। প্রতি পরিবারে শুধু একটি কার্ড ইস্যু করা হবে, যার মাধ্যমে মাসিক নগদ টাকা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে। সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরা অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড পাবেন।
ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কমতে পারে। আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ২৭ ফেব্রুয়ারি সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আজ রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়। কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে। এবার ঈদে ৫ জোটা-২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
শৃঙ্খলা জোরদারে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

শৃঙ্খলা জোরদারে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা সরকারি কর্মব্যবস্থায় শৃঙ্খলা জোরদারে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদের চিঠিতে বলা হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ এর নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীন দপ্তর/সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়েছে। মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা/কর্মচারীদেরকে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি গ্রহণক্রমে কর্মস্থল ত্যাগ করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ঈদুল ফিতরে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ, তবে-

ঈদুল ফিতরে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ, তবে- ঈদুল ফিতরে টানা ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এক দিনের ছুটি নিতে পারলেই টানা ৭ দিনের ছুটি ভোগ করবেন তারা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট ৫ দিন নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ রয়েছে শবে কদরের ছুটি। ১৮ মার্চ বুধবার ছুটি নিতে পারলে টানা ৭ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এদিকে ঈদুল ফিতরের পর পরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস। ২৭-২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। যদি কেউ ঈদুল ফিতরের পর ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব।
নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম-প্রজ্ঞাপন জারি

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম-প্রজ্ঞাপন জারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সকালে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগ পর্যন্ত তাজুল ইসলামের অধীনে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসবের বিচারকাজ চলছে ট্রাইব্যুনাল-১ ও ২-এ। রায় ঘোষণা হয়েছে তিনটির। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলা।
পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক হোক কিংবা সামাজিক হোক, কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না। পুলিশের কার্যক্রমও দেখা হবে যেন জনভোগান্তি না হয়। সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেটা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
প্রকৃত কৃষকদের শনাক্ত করে সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আজ দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় মন্ত্রিসভার সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকরা যাতে ন্যায্য পাওনা ও সরকারি ভর্তুকি সহজে পান, তা নিশ্চিত করতেই এই স্মার্ট কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে। সভায় দেশের প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে কৃষক কার্ড চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কৃষক কার্ডের কারিগরি দিক, বিতরণ পদ্ধতি এবং ডাটাবেজ তৈরির অগ্রগতি অবহিত করা হলে প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের দিক-নির্দেশনা দেন।
২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে আজ

২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে আজ দেশের বিভিন্ন এলাকায় কিছু গ্রাহকের মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিরেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। অ্যামটবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এনইআইআর পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে। যেসব গ্রাহক নিবন্ধনবিহীন হ্যান্ডসেটে সিম ব্যবহার করছেন, তাদের সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে বিচ্ছিন্ন হতে পারে। তবে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে বলেও জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
তিন বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

তিন বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় রবিবার (২২ ফেব্রুয়ারি) আবহাওয়া কিছুটা শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এদিন তাপমাত্রা বাড়ার কোনো স্পষ্ট পূর্বাভাস নেই। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি জানায়, আজ রবিবার ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আগামীকাল সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে । পরদিন মঙ্গলবারও আবহাওয়া একই রকম থাকতে পারে। তিন বিভাগেরই কিছু জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা অন্যদিনের মতো প্রায় অপরিবর্তিত থাকতে পারে।