আগামীকাল শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে , থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি

আগামীকাল শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে , থাকছেন ১২শ দেশি-বিদেশি অতিথি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। আগামীকাল এ অনুষ্ঠানে প্রায় ১২শ দেশি-বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল বিকেল ৪টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এদিন নির্বাচিত সংসদ সদস্য (এমপি) শপথ নেবেন। একইসঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবন-এর পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় ১২শ জন দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার-এর উপস্থিত থাকার সম্ভাবনার কথা জানা গেছে। যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন। নতুন সরকারের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা। আজ সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছান তিনি। ঢাকার নেপাল দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে।অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এর আগে একই দিন সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন।

বিদায়ী সাক্ষাতে সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

বিদায়ী সাক্ষাতে সেনাপ্রধানকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিদায়ী সাক্ষাতে সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা হাইকোর্টের

রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা হাইকোর্টের আসন্ন পবিত্র রমজানে সব ধরনের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এদিকে হাইকোর্টের নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা নেই। এতে রোজায় প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, তারা একটি বাৎসরিক ছুটির তালিকা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তাতে রমজান, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে ১৯ দিন বন্ধ রাখার কথা রয়েছে। তবে সেটি এখনো ওয়েবসাইটে প্রকাশ হয়নি। অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের ওই ছুটির তালিকায় ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রোজা, ঈদসহ কয়েকটি ছুটি রয়েছে। শুক্র ও শনিবারসহ সেখানে মোট ছুটি ১৯ দিন। এর বাইরে প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে অধিদপ্তরের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কিছু বলা হয়নি জানিয়ে উপ-পরিচালক জয়নাল আবদীন বলেন, ‌যতদূর জেনেছি, ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে বলা হয়েছে। প্রাথমিকের কথা আমরা জানতে পারিনি। সেক্ষেত্রে অধিদপ্তর ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি রেখেছে। এটা থাকবে নাকি পরিবর্তন হবে, সেই সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। আজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান আগামীকাল হতে পারে। এজন্য নতুন মন্ত্রীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত যানবাহন অধিদফতর মিলনায়তনে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছেন, সেগুলোসহ সরকারি যানবাহন অধিদফতরে থাকা মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে ১০ থেকে ১২ জন উপদেষ্টা তাদের গাড়ি সরকারি যানবাহন অধিদফতরে জমা দিয়েছেন। তাছাড়া, যতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী হবেন, তার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যতটি গাড়ি চাওয়া হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে। গাড়ি ও বাসা প্রস্তুত হলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, এখনো তার কোনো ধারণা পাওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, বিএনপি এ ঘোষণা আগেই দিয়েছে। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সোনামসজিদ স্থলবন্দরে আজ থেকে ৩ দিন বন্ধ

সোনামসজিদ স্থলবন্দরে আজ থেকে ৩ দিন বন্ধ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আজ থেকে ৩ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও আগামীকাল ভোটগ্রহণের দিন যাত্রী পারাপার বন্ধ থাকবে। গতকাল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের সকল কার্যক্রম। এছাড়া ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সবমিলিয়ে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে। সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, নির্বাচনের জন্য ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন বন্ধ থাকবে শুধু ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য দিনে পূর্বের মতোই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে নির্বচানী সামগ্রী বিতরণ ও কেন্দ্রে প্রেরণ

চাঁপাইনবাবগঞ্জে নির্বচানী সামগ্রী বিতরণ ও কেন্দ্রে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলা নিয়ে গঠিত ৩টি সংসদীয় আসনের কেন্দ্রসমূহে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকাল থেকে সকল উপজেলা পরিষদ থেকে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী বুঝে নেন প্রিজাইডিং অফিসার সহ কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা। বিকেল পর্যন্ত সামগ্রী বিতরণ চলে। সামগ্রী গ্রহণের পর সংশ্লিস্টরা নিজ নিজ কেন্দ্রের পথে বিভিন্ন যানবাহন যোগে রওনা হন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুম জানান, ভোটগ্রহণ সামগ্রী প্রথমে সকল উপজেলায় পাঠানো হয়। আজ উপজেলা থেকে সেগুলো জেলার ৫১৫টি কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রেরণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তারাখা হচ্ছে। তিনি আরো জানান, জেলার সকল কেন্দ্র সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। ১১৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য বডিওর্ন ক্যামেরা ব্যবহার করছেন। জরুরী পরিস্থিতি মোকাবেলায় কি করা হবে তার পরিকল্পনা রয়েছে। মহড়াও করা হয়েছে। সামগ্রিক পরিস্থিতি ভাল। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন জানান, চরের কেন্দ্রের নির্বাচনী মালামাল প্রথমে বিতরণ করা হয়েছে। সেনাসহ সকল বাহিনীর মধ্যে নিরাপত্তা সমন্বয় করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১ জন সশস্ত্র ও ২ জন নিরস্ত্র পুলিশ এবং ১৬ জন আনসার সহ ১৯ জন নিরাপত্তা কর্মী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। এছাড়াও সকল বাহিনীর স্ট্রাইকিং ও ভ্রাম্যমান টিম কাজ করছেন বলেও জানান তিনি।

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার রাজশাহীর চন্দ্রীমা থানা এলাকা হতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব-৫। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১২টার দিকে ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার করা হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পেট্রোলবোমা ও ককটেল চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারে র‌্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।

নওগাঁয় পরিত্যাক্ত অবস্থায় ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার

নওগাঁয় পরিত্যাক্ত অবস্থায় ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার নওগাঁর বদলগাছী থানার ঝারঘড়িয়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করেছে র‌্যাব-৫। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৭টার দিকে ঝারঘড়িয়া গ্রামের কাশাইল মোড়গামী পাঁকা রাস্তার উত্তর পাশ থেকে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬টি ককটেল, ৪টি পেট্রোলবোমা ও ৪০০ গ্রাম বোমা তৈরির কেমিক্যাল পদার্থ উদ্ধার করা হয়। পরবর্তীতে বোম ডিসপোজাল টিমের সহায়তায় উদ্ধারকৃত আলামত পাশের ফাঁকা মাঠে ধ্বংস করা হয়। এঘটনায় বদলগাছী থানায় জিডি করা হয়েছে।

গুগলের সতর্কবার্তা: ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ঝুঁকিতে

গুগলের সতর্কবার্তা: ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ঝুঁকিতে বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উদ্বেগজনক বার্তা দিল গুগল। সম্প্রতি প্রকাশিত সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে, সারা বিশ্বের প্রায় ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইস এখন গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখে। কারণ এই বিপুল সংখ্যক ফোনে ব্যবহৃত হচ্ছে এমন সফটওয়্যার, যার জন্য আর কোনো গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্যাচ দেওয়া হয় না। গুগলের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০০ কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস এমন সংস্করণে চলছে, যেগুলোর নিরাপত্তা সহায়তা বন্ধ হয়ে গেছে। ফলে এই ফোনগুলো সহজেইম্যালওয়্যার, স্পাইওয়্যার ও অন্যান্য সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। গত বছর থেকেই গুগল আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড ১২ এবং তার আগের সব সংস্করণের জন্য নিরাপত্তা আপডেট বন্ধ করে দিয়েছে। তবুও বাস্তব চিত্র বলছে অন্য কথা। এখনো সক্রিয় ডিভাইসগুলোর মধ্যে মাত্র ৫৮ শতাংশ ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণে আপডেট করেছেন। সবচেয়ে নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১৬ বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র ৭.৫ শতাংশ ফোনে। যদিও অ্যান্ড্রয়েড ১৪ ও ১৫ ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি, তবুও কোটি কোটি মানুষ এখনো পুরোনো, ঝুঁকিপূর্ণ সংস্করণেই নির্ভর করছেন। আর সেখানেই বাড়ছে বিপদের আশঙ্কা। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পুরোনো অ্যান্ড্রয়েড ফোনগুলো এখন সাইবার অপরাধীদের জন্য একেবারে সহজ শিকার। কারণ, অফিসিয়াল সিকিউরিটি প্যাচ না থাকায় ইউজারের অজান্তেই ফোনে আড়ি পাততে পারে হ্যাকাররা। এমনকি ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত মেসেজ বা আর্থিক লেনদেনের তথ্য হাতিয়ে নেওয়াও কঠিন কিছু নয়। বিশেষভাবে সতর্ক করা হয়েছে তথাকথিত ‘ব্যাকগ্রাউন্ড স্পাইওয়্যার’ নিয়ে। এই ধরনের ক্ষতিকর সফটওয়্যার নীরবে ফোনে সক্রিয় থেকে ব্যক্তিগত চ্যাট, ছবি, কল লগ এমনকি অনলাইন লেনদেনের তথ্য পর্যন্ত নজরে রাখে। এই পরিস্থিতিতে গুগলের স্পষ্ট পরামর্শ, যাদের ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বা তার পরবর্তী সংস্করণ নেই, কিংবা যারা আর আপডেট পাচ্ছেন না, তাদের যত দ্রুত সম্ভব নতুন ডিভাইসে আপগ্রেড করা উচিত। পাশাপাশি ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে অটোমেটিক সফটওয়্যার আপডেট চালু রাখার কথাও জোর দিয়ে বলা হয়েছে। বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষিতে পুরোনো ও আপডেটহীন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করা যে বড়সড় ঝুঁকির শামিল, তা নতুন করে মনে করিয়ে দিল গুগলের এই সতর্কবার্তা। এখনই সচেতন না হলে বিপদ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।