গোমস্তাপুরে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

গোমস্তাপুরে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ গোমস্তাপুরে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে উপজেলার চারটি ইউনিয়নে ১০৯ দরিদ্র আদিবাসী মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সাইকেলগুলো বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেলগুলো বিতরণ করেন। পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবসহ ইউপি সদস্য, প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য পার্বতীপুর ইউনিয়নের ৩৭ জন, রাধানগর ইউনিয়নে ৩৫ জন, রহনপুর ইউনিয়নের ২৬ জন, গোমস্তাপুর ইউনিয়নের ১১ শিক্ষার্থীমোট ১০৯ জন দরিদ্র আদিবাসী মেধাবী শিক্ষার্থী মধ্যে এই সাইকেল বিতরণ করা হয়।

র‌্যাবের অভিযানে পরিত্যক্ত ৯ কেজি গাঁজা উদ্ধার

র‌্যাবের অভিযানে পরিত্যক্ত ৯ কেজি গাঁজা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঝিলিম ইউনিয়নের পাওয়েল ইসলামপুর নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী সড়কের পাশ থেকে ওই গাঁজা উদ্ধার হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ গাঁজা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ সাপেক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা করা হয়েছে।

গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনসহ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরির্শন, থানা পরিদর্শন, কৃষি প্রণোদনা বিতরণসহ ক্ষুদ্র নৃ -গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এসব পরিদর্শন ও বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। আজ সকালে প্রথমে তিনি গোমস্তাপুর থানা পরিদর্শন করে এলজিইডির বাস্তবায়িত গোমস্তাপুর মোড় হতে ফকিরপাড়া গালর্স স্কুল পর্যন্ত রাস্তার উন্নয়ন প্রকল্পের কাজ দেখেন। এরপর তিনি উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে তুলা প্রণোদনার বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক তুলে দেন। এছাড়া জেলা প্রশাসক রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করেন। পরে উপজেলা প্রশাসন আয়োজিত আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষাবৃত্তি কার্যক্রম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২০ জন শিক্ষার্থীকে ছয় হাজার টাকা করে উপবৃত্তি এবং কলেজ পর্যায়ে ১০০ জন শিক্ষার্থীকে সাড়ে নয় হাজার টাকা অর্থ তুলে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ওইসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন (আলিম), পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।

র‌্যাবের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কারবারি গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ানশুট্যারগান, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ মাসুদ রানা লিটন নামে এক ব্যাক্তি আটক হয়েছে। আটক ব্যক্তি রাজশাহীর বোয়ালিয়া থানার তালাইমারি এলাকার মৃত আমজাদ হোসেন তালুকদারের ছেলে। গতকাল রাতে দিকে রসুল ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের মসুর মোড় নামক এলাকায় ধানসুড়া মোড় থেকে নওগাঁগামী আঞ্চলিক সড়কের উপর অভিযান চালানো হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী থেকে আসা এক ব্যাক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য নিয়ামতপুরে অবস্থান করছে মর্মে গোয়েন্দা তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা ওই এলাকায় নজরদারি বাড়ায়। এরপর মসুর মোড়ে সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি ব্যাটারিচালিত রিক্সাভ্যান তল্লাশী করে ভ্যানযাত্রী লিটনের দেহ তল্লাশী করলে ওইসব অস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে পারস্পরিক স্বার্থে বিশ্বের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এক শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এখন বাংলাদেশে বিনিয়োগের সময় এবং আমি আত্মবিশ্বাসী যে আমাদের হাতে হাত মিলিয়ে একসঙ্গে আমরা দুর্দান্ত কিছু অর্জন করতে পারি। প্রধানমন্ত্রী চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশের মূল খাতগুলো বিবেচনা করার জন্য উৎসাহিত করে বলেন, ‘আমরা আমাদের অবকাঠামো, জ্বালানি এবং লজিস্টিক খাতে বিনিয়োগকে স্বাগত জানাই’। চীনে তার চারদিনের দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে সম্মেলনে যোগ দিয়ে তিনি বাংলাদেশের সম্ভাব্য খাত আইসিটি, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বৃহত্তর পরিমাণে বিনিয়োগ করার জন্য চীনা উদ্যোক্তাদের এবং বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস,বিআইডিএ,বিএসইসি এবং সিসিপিআইটি চায়না ওয়ার্ল্ড সামিট উইং, শাংরি-লা সার্কেল, বেইজিং-এ এই সম্মেলনের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি চীনা বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাতে। তিনি আরো বলেন, জলবায়ু-সহনশীল স্মার্ট ফার্মিং চীনের সঙ্গে ক্রয়-ব্যাক ব্যবস্থাসহ কৃষি-প্রক্রিয়াকরণ শিল্পে সহযোগিতার সুযোগ উন্মুক্ত করে। শেখ হাসিনা বলেন, তারা তিনটি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে যেখানে চীন রিয়েল এস্টেট এবং আতিথেয়তা খাতে বিনিয়োগ করতে পারে। তিনি আরো বলেন, আমি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে পোর্টফোলিও বিনিয়োগ অন্বেষণ করার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে পুঁজিবাজারের আরো উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, আমরা একটি শক্তিশালী বন্ড বাজার বিকাশে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। আমরা ডেরিভেটিভ পণ্য প্রবর্তনের দ্বারপ্রান্তে রয়েছি, যা আমাদের আর্থিক বাজারকে আরো বৈচিত্র্য ও প্রসারিত করবে। বাংলাদেশ ডিজিটাল যুগকে উন্মুক্ত বাহুতে আলিঙ্গন করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার সরকার সক্রিয়ভাবে আইসিটি সেক্টরের প্রবৃদ্ধি জোরদার করছে, স্টার্টআপদের জন্য প্রণোদনা দিচ্ছে, টেক পার্কে বিনিয়োগ করছে এবং উদ্ভাবনা ও উদ্যোক্তাকে উৎসাহিত করে এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলছে। তিনি বলেন, আমাদের তরুণ উদ্যোক্তারা বিশ্ব মঞ্চে তাদের অবস্থান তৈরি করছে এবং আমরা আপনাদের এই আকর্ষণীয় যাত্রার শরিক হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, আমরা নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজ প্রযুক্তিতে অসংখ্য সুযোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ও চীনের বেশ কয়েকটি কোম্পানির মধ্যে ১৬টি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় হয়েছে।

বিসিএসের প্রশ্নফাঁস, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন পিএসসির

বিসিএসের প্রশ্নফাঁস, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন পিএসসির বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ  সকালে এ তথ্য জানিয়েছেন সরকারি কর্ম কমিশন-পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। ১ জন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করেছে পিএসসি। দ্রুত সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। পিএসসির চেয়ারম্যান বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় আমরা ব্যাখ্যা দিয়েছি। এরপরও পুরো ঘটনাটি আরো অধিকতর তদন্ত করতে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সবগুলো পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। জানা গেছে, তদন্ত কমিটির আহ্বায়ক হয়েছেন কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান। কমিটির অন্য ২ সদস্য হলেন- কমিশনের পরিচালক দিলাওয়েজ দুরদানা ও মোহাম্মদ আজিজুল হক। গত ১২ বছরে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির পক্ষ থেকে গতকাল রাতে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে এ মামলা করা হয়। মামলায় অর্ধ শতাধিক আসামি করা হয়েছে। আজ সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) বিশেষ পুলিশ সুপার তৌহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার রাতে বিসিএসের প্রশ্নফাঁস নিয়ে পিএসসির বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ফেসবুকে পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলীর পোস্টগুলো ভাইরাল হতে থাকে। এদিকে বেসরকারি একটি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর প্রশ্নফাঁসের যে অভিযোগ সামনে এসেছে, বিষয়টি যথাযথ কি না তা নিয়ে সন্দিহান সাংবিধানিক এই সংস্থাটি। গতকাল রাতে পিএসসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে ফিরেছেন ৫৯ হাজার ৩৩০ হাজি

দেশে ফিরেছেন ৫৯ হাজার ৩৩০ হাজি হজ পালন শেষে এখন পর্যন্ত ৫৯ হাজার ৩৩০ হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১৫৩টি ফ্লাইটে এসব হাজি দেশে এসেছেন। আজ হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭০টি ফ্লাইটে ২৫ হাজার ৩৯৮ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৫টি ফ্লাইটে ২০ হাজার ৭৪৮ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৩৪৭ হাজি দেশে ফিরেছেন। চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৯ এবং মহিলা ১৩ জন। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ঐদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। হজে গিয়ে এখন পর্যন্ত ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৩৬ এবং মহিলা ১১ জন। এদিকে, আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব। বিষয়টি নিশ্চিত করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, নির্ধারিত সংখ্যার মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করে দেবে।

আক্ষেপ নিয়ে টনি ক্রুসের বিদায়

আক্ষেপ নিয়ে টনি ক্রুসের বিদায় স্পেনের বিপক্ষে হেরে এবারের ইউরো মিশন শেষ হয়েছে জার্মানির। ঘরের মাঠে অন্যতম ফেভারিট হিসেবে খেলেও শিরোপা ঘরে তুলতে পারল না দলটি। সেই আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন টনি ক্রুস। বিদায়ের দিনে অনেকটা আবেগজড়িত কণ্ঠেই জানিয়েছেন, আরেকটু থাকতে চেয়েছিলেন তিনি। ম্যাচ শেষে টনি ক্রুস বলেন, ‘আমরা যা করেছি তার জন্য গর্ববোধ করতে পারি। দলকে সাহায্য করতে পেরে আমি খুশি। আমার ধারণা, আমরা জার্মান ফুটবলকে আবারও আশা দেখিয়েছি এবং সময় যত এগিয়েছে দল হিসেবে আমরা তত ভালো হয়েছি। এই দলটা ভবিষ্যতে আরও ভালো করবে। কিন্তু আজকে আমাদের অনেক মন খারাপ, কারণ আমরা আরেকটু সময় থাকতে চেয়েছিলাম।’ নিজের শেষ ম্যাচেও মাঠে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন ক্রুস। তার ট্যাকলেই ম্যাচের অষ্টম মিনিটে আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশ তারকা পেদ্রিকে। প্রতিপক্ষের সবচেয়ে বিপজ্জনক স্ট্রাইকার লামিন ইয়ামালকেও আটকে রেখেছেন তিনি। তবে জার্মানির স্বপ্নভঙ্গ হয়েছে ১১৯তম মিনিটে করা মিকেল মোরেনোর গোল। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫১ মিনিটে গোল করে এগিয়ে যায় স্পেন। জার্মানি ওই গোল পরিশোধ করেছে ম্যাচ শেষের স্রেফ ১ মিনিট আগে। নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দানি ওলমোর দুর্দান্ত এক ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন স্পেনের মোরেনো। আর তাতেই ইউরো থেকে ছিটকে যায় জার্মানি। বিদায় হয়ে যায় টনি ক্রুসেরও।

পবিত্র আশুরা কবে, জানা যাবে আজ

পবিত্র আশুরা কবে, জানা যাবে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ  সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ মহররম মাসের চাঁদ দেখা গেলে জিলহজ মাস ২৯ দিনের হবে এবং আগামীকাল রবিবার মহররম মাস শুরু হবে। সে ক্ষেত্রে আগামী ১৬ জুলাই আশুরা হবে। আর আজ মহররমের চাঁদ দেখা না গেলে জিলহজ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং আগামী সোমবার থেকে মহররম মাস শুরু হবে। এ ক্ষেত্রে ১৭ জুলাই আশুরা হবে।

১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া বিভিন্ন সময় আটক হওয়া ১২ জন বাংলাদেশিসহ মোট ১৯১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ গতকাল এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে ২ ও ৪ জুলাই পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ৯৫ জন ইন্দোনেশিয়ান, ৮৪ জন মিয়ানমারের এবং ১২ বাংলাদেশি বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য অ্যানফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে, তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর, আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।