ইউরোর সেরা একাদশ প্রকাশ

ইউরোর সেরা একাদশ প্রকাশ জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসর। যেখানে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। গত রোববার ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জেতে তারা। ইউরোর সেরা একাদশে স্পেনের খেলোয়াড়ই বেশি। ১১ জনের দলে ছয়জনই সুযোগ চ্যাম্পিয়ন দল থেকে পেয়েছে। ৪-৩-৩ ফর্মেশনে উয়েফা ইউরোর সেরা একাদশ প্রকাশ করেছে। সেরা একাদশের আক্রমণভাগে রয়েছে তরুণ ফুটবলারদের আধিপত্য। ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল, ২২ বছর বয়সী নিকো উইলিয়ামস রয়েছেন আক্রমণভাগে। আক্রমণভাগের অন্যজন হলেন ২১ বছর বয়সী জার্মানির জামাল মুসিয়ালা। সেরা একাদশের মিডফিল্ডে যে তিনজন রয়েছেন তাদের সবাই স্পেনের ফুটবলার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী রদ্রির সঙ্গে আছেন দানি ওলমো ও ফাবিয়ান রুইজ। রক্ষণভাগে রয়েছেন কাইল ওয়াকার, উইলিয়াম সালিবা, ম্যানুয়েল আকাঞ্জি ও মার্ক কুকুরেল্লা। গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ফ্রান্সের মাইক মাইগনান। ইউরো ২০২৪-এর সেরা একাদশ: মাইক মাইগনান (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), ম্যানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), মার্ক কুকুরেল্লা (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইজ (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি) ও নিকো উইলিয়ামস (স্পেন)
আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দিলেন এমবাপ্পে

আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দিলেন এমবাপ্পে অবশেষে অপেক্ষার অবসান। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ালেন কিলিয়ান এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাবুতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হল লস ব্লাঙ্কোসদের হয়ে ফরাসি এই তারকার পথচলা। এমবাপ্পেকে অভ্যর্থনা জানাতে এদিন প্রায় ৮০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। পাঁচ বছরের চুক্তি শেষে তিনি স্টেডিয়ামে প্রবেশ করতেই দর্শকরা হাততালি দিয়ে এই ফরোয়ার্ডকে বরণ করে নেন। স্টেডিয়ামের ভেতর মাঠে তৈরি করা হয়েছিল নীল রঙের মঞ্চ। তার ওপরে সারি সারি করে রাখা রিয়ালের চ্যাম্পিয়নস লিগ শিরোপা। দর্শক আসনে এমবাপ্পের মা ফাইজা লামারিকেও চোখ মুছতে দেখা যায়। সন্তানের এই অর্জনে আবেগ ভর করেছিল লামারির মনে। অনুষ্ঠানে এমবাপ্পে বলেন, ‘আমার জন্য আজকের দিনটি স্মরণীয়। ছোটকাল থেকে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আজ আমি এখানেই। যেটার মানে আমার কাছে অনেক কিছু। ’এমবাপ্পে মঞ্চে ওঠার আগে রিয়াল সভাপতি বলেন, ‘রিয়ালের প্রতি নিঃশর্ত ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমার চ্যারিটি ফাউন্ডেশনের কারণে ফ্রান্স থেকে হাজারো খুদেরা এসেছে। এসব দেখে খুব গর্ব লাগছে। কিলিয়ান, ঘরে তোমাকে স্বাগত, রিয়াল মাদ্রিদে স্বাগত।’
২ বছরের নিষেধাজ্ঞায় স্পেনের ফুটবল প্রধান

২ বছরের নিষেধাজ্ঞায় স্পেনের ফুটবল প্রধান গত রোববারই ইউরোর শিরোপা জিতেছিল স্পেন। এই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হলো না দেশটির ফুটবল প্রধানের জন্য। আচরণবিধি ভঙ্গের দায়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি পেদ্রো রোচাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে স্পেনের প্রশাসনিক ক্রীড়া আদালত (টিএডি)। আগেই গুরুতর অসদাচরণের জন্য রোচার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল টিএডি। অবশেষে গতকাল রায় ঘোষণা করে আদালত। মূলত আরএফইএফ-এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে রোচার একমাত্র দায়িত্ব ছিল নতুন সভাপতি নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা করা। অথচ তিনি দায়িত্বে থাকাকালীন সাধারণ সম্পাদক বেশ কয়েকজন সিনিয়রকে বরখাস্ত করেন। পাশাপাশি নিজের ক্ষমতার বাইরেও সিদ্ধান্ত নেন। যে কারণে এখন সভাপতি পদও থাকছে না তার। সঙ্গে গুণতে হবে ৩৩ হাজার ইউরো জরিমানাও। গত বছরের আগস্টে এক বিতর্কিত কাণ্ড করে বসেন সাবেক স্পেন ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের ফরোয়ার্ড জেনিফার এরমোসোর ঠোঁটে চুম্বন করে বসেন তিনি। পরবর্তীতে চাপের মুখে পড়ে করেন পদত্যাগ। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন রোচা। গত এপ্রিলে সভাপতি হিসেবে নিয়োগ পান তিনি।
ব্যাংককে হোটেলে মিলল ৬ পর্যটকের মরদেহ

ব্যাংককে হোটেলে মিলল ৬ পর্যটকের মরদেহ ব্যাংককের গ্র্যান্ড হায়াত ইরায়ান হোটেলে ছয় পর্যটকের মরদেহ পেয়েছে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাদের। যারা মারা গেছেন, তারা সবাই জন্মসূত্রে ভিয়েতনামের। ৪জন ভিয়েতনামের নাগরিক, ২জন ভিয়েতনামের বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ৫ টি মরদেহ ঘরের ভেতর পাওয়া যায়। একটি ছিল ঘরের বাইরে। পুলিশ জানায়, ফরেনসিক পরীক্ষার প্রাথমিক প্রতিবেদন বলছে, ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি। তবে প্রত্যেকের দেহে বিষ পাওয়া গেছে। গতকাল বিকেলে ঘটনাস্থলে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি। পুলিশ জানায়, হোটেলের কর্মীদের কাছ থেকে ফোনকল পাওয়ার পরেই তারা ঘটনাস্থলে যান এবং মরদেহ পান। যারা মারা গেছেন, সবারই মঙ্গলবার চেক আউট করার কথা ছিল, এবং তাদের ব্যাগ গোছানো ছিল। ঘরে খাবারও মিলেছে। রুম সার্ভিসে ফোন করে ওই খাবার আনানো হয়েছিল বলে জানা গেছে। কিন্তু খাবার খাওয়া হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা নয়। বিষ দিয়ে ছয়জনকে হত্যা করা হয়েছে। ওই দলের সঙ্গে আরও এক সদস্য যুক্ত বলে মনে করা হচ্ছে। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। গ্র্যান্ড হায়াত বিখ্যাত হোটেল। বহু পর্যটক এই হোটেলে ওঠেন। এ ঘটনার প্রভাব যাতে পর্যটনে না পড়ে, তার দিকে কড়া দৃষ্টি রেখেছে থাই সরকার। প্রধানমন্ত্রী সব এজেন্সিকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। দুই কোটি ৮০ লাখ বিদেশি পর্যটক গত বছর থাইল্যান্ডে বেড়াতে যান। সব মিলিয়ে তারা কয়েক ট্রিলিয়ন বাট (থাই মুদ্রা) খরচ করেন। পর্যটন থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। এ ঘটনা সে ব্যবসায় যেন প্রভাব না ফেলে, তা নিয়ে সতর্ক থাই সরকার।
দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা পবিত্র আশুরা আজ। এটি বিশ্বের মুসলিম উম্মাহর কাছে শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি দিন। হিজরি ৬১ সালের ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) সপরিবারে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। ইসলামের ইতিহাসে এই মর্মন্তুদ বিয়োগাত্মক ঘটনা ছাড়াও মহররম মাসের ১০ তারিখ বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। এজন্যই দিনটি গুরুত্বসহকারে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ‘আশুরা’ নামটি আরবি শব্দ ‘আশারা’ থেকে এসেছে। যার অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত বা পবিত্র। ইসলামী পরিভাষায়, হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সৃষ্টির শুরু থেকে মহররমের ১০ তারিখে অর্থাৎ পবিত্র আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। হিজরি ৬১ সনের এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁদের আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। বিশ্বের মুসলমানদের কাছে এই দিনটি একদিকে যেমন শোকের, তেমনি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। তবে কারবালার বিয়োগান্ত ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে এই দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। মুসলমানদের বিশ্বাস, হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে এই দিনে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে। ইব্রাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ড থেকে এই দিনে মুক্তি পান। এমন অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দানখয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন। পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। পবিত্র আশুরার এ দিনে সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য প্রতিষ্ঠায় জনকল্যাণমুখী কাজে অংশ নিতে হবে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়, সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ শিক্ষার্থীদের

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয়, সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ে আজ দিনের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বুধবার সকালে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঐ সভায় সিদ্ধান্ত মোতাবেক, অনির্দিষ্টকালের জন্য ঢাবি বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুর ১টার মধ্যে ছাত্রদের এবং ১৮ জুলাই সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে ইবি প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ২৬৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল বন্ধ করা হয়েছে। আজ বিকেল ৫ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। সকাল ১০টায় শেকৃবি উপাচার্যের ক্ষমতাবলে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশের সঙ্গে সংঘর্ষে আবু সাঈদ নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ১০৬তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বেরোবি বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বুধবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেে আজ বেলা ৩টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশ প্রদান করা হলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেয়েদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত সাড়ে ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ১৫১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রভোস্টদের সবগুলো রুম সিলগালা করার নির্দেশ দেয়া হয়। শিক্ষার্থীদের পৌঁছে দিতে আড়াইটা থেকে রাত পর্যন্ত নিয়মিত সিডিউলে চলবে শাটল ট্রেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও হল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও হল বন্ধের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলাম।
ঢাবি বন্ধ ঘোষণা, সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

ঢাবি বন্ধ ঘোষণা, সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। এর আগে, আজ সকালে চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর করণীয় কী হবে, তা ঠিক করতে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।
গোমস্তাপুরে তিনদিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গোমস্তাপুরে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেল ৪ টায় এই মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। উদ্বোধনের পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে রহনপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলার স্টল পরিদর্শন করেন তিনি। পরে একই স্থানে মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথির বক্তব্য দেন জিয়াউর রহমান এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলামসহ অন্যরা। আলোচনা শেষে কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম কৃষিক্ষেত্রে রপ্তানীযোগ্য উৎপাদনে (এআইপি) জাতীয় পর্যায়ে পুরস্কৃত হওয়ার তাকে সম্মানা দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ৩ দিনব্যাপি এই কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করছে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
চাঁপাইনবাবগঞ্জের ৩৫০টি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ৩৫০টি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের ৩৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলার শিবগঞ্জ উপজেলায় এ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সম্পাদক ও বাংলাদেশ রেশম বোর্ড মহাপরিচালক আনোওয়ার হোসেন। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা শিক্ষাঅফিসার পরিমল কুমার,চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদসহ কাব শিক্ষকরা উপস্থিত ছিলেন। জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাথমিক বিদ্যালয় সমূহের কাব স্কাউটিং স¤প্রসারণ (৪র্থ পর্য়ায়) প্রকল্পের আওতায় বাংলাদেশ স্কাউট থেকে প্রাপ্ত কাব উপকরণ হিসেবে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একসেট ড্রাম,ফাস্ট এইড বক্স,পতাকা স্কার্ফসহ ২৩টি কাব-স্কাউট উপকরণ প্রদান করা হয়েছে। জেলার ৫ উপজেলার ৩৫০ টি বিদ্যালয়ে বিতরন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কাব উপকরণ প্রদান করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউড লিডারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।