মাংকি পক্স সচেতনতায় হটলাইন চালু করল স্বাস্থ্য অধিদপ্তর

মাংকি পক্স সচেতনতায় হটলাইন চালু করল স্বাস্থ্য অধিদপ্তর দেশে মাংকি পক্স সচেতনতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কারো মাংকি পক্সের লক্ষণ দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপক্স (মাংকি পক্স) ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এটি। আপনার শরীরে এর কোনো লক্ষ্মণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে এই লক্ষ্মণ দেখা দিলে ১৬২৬৩, ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করুন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বিশ্বব্যাপী এমপক্স বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।এতে বলা হয়েছে, মাংকি পক্স একপ্রকার সংক্রামক রোগ। এর উপসর্গ অনেকটা জ্বর বা ফ্লুর মতো। এ রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাস-প্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে।

অস্ট্রেলিয়ায় সেমিফাইনালের পথে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় সেমিফাইনালের পথে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ এন্ড সিরিজে তৃতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। অস্ট্রেলিয়ার দল পার্থ স্করচার্সকে ৩ উইকেটে হারিয়েছে আকবর আলির দল। এই জয়ের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবে টিক থাকলো বাংলাদেশ।আজ  প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে পার্থ স্করচার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন টিয়াগু উইলি। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও রকিবুল হাসান নেন ২টি করে উইকেট। ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপরও বেশ কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। হারতে বসা ম্যাচে হাল ধরেন আরেক ওপেনার জিশান আলম। ২৬ রান করেন এই ব্যাটার। এছাড়া অধিনায়ক আকবর আলি করেন ৩৩ বলে ৩৫ রান। শেষ দিকে মাহফুজ রাব্বির ১৩ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নারী বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

নারী বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের আয়োজন করার কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিকল্প ভেন্যুর কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সম্ভাব্য বিকল্প হিসেবে শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে এবার বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে জিম্বাবুয়েও। আগামী ২০ আগস্ট আইসিসি বোর্ডে ভেন্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আয়োজন করতে আগ্রহী জিম্বাবুয়ে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে জিম্বাবুয়ে বেশ কিছু বিষয় নিজেদের অনুকূলে দেখছে। ২০১৮ ও ২০২৩ সালে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করেছে দেশটি। সামনে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা। তবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০টি দলের মধ্যে নেই জিম্বাবুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত। যদি এই দুই দেশে বিশ্বকাপ আয়োজিত হয় তাহলে সেটি হবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে। অন্তর্বর্তী সরকারের ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে টিকে থাকবে বলে আশা প্রকাশ করেছেন। বিসিবিও আইসিসির কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাড়তি সময় নিয়েছে, যা মঙ্গলবার শেষ হতে চলেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অস্থিরতার প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বা বাড়তি সতর্কতা আরোপ করেছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও ভারতের মেয়েদের ক্রিকেট দলের বিশ্বকাপে অংশ নেওয়ার কথা।

নতুন মৌসুমে আজ রাতে মাঠে নামছে বার্সা

নতুন মৌসুমে আজ রাতে মাঠে নামছে বার্সা আরও দুই দিন আগে লা লিগার নতুন মৌসুমের পর্দা উঠেছে। তবে বার্সেলোনা মাঠে নামছে আজ। ভ্যালেন্সিয়ার মাঠ মাস্তেয়ায় আতিথ্য নেবে কাতালানরা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ সাত দেখায় ছয়বারই জয়ী হয়েছে বার্সা। আজ রাতেও কাতালানদের জয়ের পূর্বানুমান ফুটবল বোদ্ধাদের। হ্যানসি ফ্লিকের কাছে আরও বড় প্রত্যাশা বার্সার, শিরোপা জয়ের। ক্লাব কিংবদন্তির জাভি হার্নান্দেজকে সরিয়ে কোচের চেয়ারে বসানো হয়েছে এই জার্মানকে। ফ্লিক ন্যু ক্যাম্পে ট্রফি ফিরিয়ে আনতে পারেন কি না এটা বলবে সময়, তবে কাজটা বড্ড কঠিন। কিলিয়ান এমবাপ্পে ও এন্ড্রিকে যোগ দেওয়ায় আরও বেড়েছে চ্যাম্পিয়ন রিয়ালের শক্তি। বার্সার স্কোয়াডেও নতুন অন্তর্ভুক্তি হয়েছে পাউ ভিক্তর এবং স্পেনের ইউরোজয়ী তারকা দানি ওলমো। নিকো উইলিয়ামসকেও দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে তারা। মাঠের খেলার পাশাপাশি তাই দলবদলের বাজারেও বাড়তি মনোযোগ থাকবে বার্সার।

সুদানে আধাসামরিক বাহিনীর হাত থেকে মেয়েদের বাঁচাতে গিয়ে নিহত ৮০

সুদানে আধাসামরিক বাহিনীর হাত থেকে মেয়েদের বাঁচাতে গিয়ে নিহত ৮০ সুদানে একটি গ্রামে আধাসামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে দেশটির র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) সদস্যদের ছোড়া গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্য সুদানের সিন্নার রাজ্যের জলকনি গ্রামে ১৫ আগস্ট আধাসামরিক বাহিনী আরএসএফ সদস্যরা ওই গ্রামের মেয়েদের অপহরণের জন্য গিয়েছিল। এই সময় স্থানীয়রা বাধা দিলে নির্বিচারে গুলি চালায় আরএসএফ এতে কমপক্ষে ৮০ জন নিহত হন। সিন্নার রাজ্যের রাজধানী সিঙ্গাসহ বড় অংশ গত জুন থেকেই আরএসএফ’র নিয়ন্ত্রণে। রাজ্যের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে সুদানের আরেক আধাসামরিক বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ)। গত বছর থেকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়েছে যাচ্ছে আরএসএফ। তাছাড়া গত এপ্রিল থেকে এসএফ ও আরএসএফের মধ্যকার লড়াইয়ে প্রাণ হারিয়েছে ১৬ হাজার ৬৫০ জন। সিন্নার রাজ্যে লড়াইয়ে এখন পর্যন্ত সাত লাখ ২৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের বলছে, সুদানে চলমান সংঘাতে এক কোটি ৭০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। আর প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে ২২ লাখ সুদানি। গত ১৪ আগস্ট সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সুইস কর্মকর্তাদের মধ্যস্থতায় সুদানে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হয়। তবে এতে অংশ নেয়নি সুদানের সেনাবাহিনী।

ড. ইউনূসকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ড. ইউনূসকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর অভিনন্দন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কোফ। গত ১৫ আগস্ট লেখা ওই চিঠিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আগামী দিনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং কাজগুলোতে, বিশেষ করে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করার ক্ষেত্রে আপনার পূর্ণ সাফল্য কামনা করছি। ডিক স্কোফ বলেন, আমাদের দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে এবং আমাদের সহযোগিতা আরও গভীর করার জন্য আগ্রহী। উল্লেখ্য, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। আজ দক্ষিণ কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে দেশটির ঢাকার দূতাবাস এ তথ্য জানায়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কোরিয়ান সরকার আশা করে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যাত্রা দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কোরিয়া-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া ও অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য আমরা উন্মুখ। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে বলেছেন ফারুক ই আজম

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে বলেছেন ফারুক ই আজম মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, যাচাই-বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাদের আইনের আওতায় আনা হবে। আজ দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসময় তিনি বলেন, ভুয়া পরিচয় দিয়ে, জাল সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এতদিন রাষ্ট্রের ভাতাও তারা ভোগ করেছে। মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদের শাস্তি ভোগ করতে হবে।

শেষ ষোলোতেই মেসিহীন মায়ামির বিদায়

শেষ ষোলোতেই মেসিহীন মায়ামির বিদায় মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। ২-০ গোলে এগিয়ে থেকেও এদিন লিড হারিয়েছে মায়ামি। কলম্বাসের দুর্দান্ত প্রত্যাবর্তন তাদের ছিটকে দেয় ম্যাচ থেকে। প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের ১০ম মিনিটে করা গোলে এগিয়ে যায় মায়ামি। ব্যবধান তারা দ্বিগুণ করে ৬২ মিনিটে। আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ নাম ওঠান স্কোরশিটে। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় কলম্বাস। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে। এদিকে লিওনেল মেসি ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখন পর্যন্ত অনিশ্চয়তায় আটকানো। ক্লাবের সূত্রে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। যদিও ধারণা করা হচ্ছে, আগস্টের শেষদিকে ঠিকই মাঠে দেখা যাবে মেসিকে।

কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের সুযোগ দিতে নির্দেশ

কারাবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের সুযোগ দিতে নির্দেশ জেলকোড অনুসরণ করে কারাগারে থাকা আসামিদের সঙ্গে তার আত্মীয়-স্বজন ও আইনজীবীদের দেখা করার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুযোগ সাময়িকভাবে স্থগিত করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতার রিটের প্রাথমিক শুনানি শেষে আজ  বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে ওই প্রজ্ঞাপন স্থগিত করে রুল জারি করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট তোবারক হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ও ব্যারিস্টার প্রিয়া আহসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। পরে ব্যারিস্টার সারা হোসেন ও আইন তোবারক হোসেন জানান, গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়, কারা বন্দিদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত করা হলো। অথচ আমাদের সংবিধানে বলা হয়েছে, প্রত্যেক বন্দীর আইনজীবীর সঙ্গে কথা বলার অধিকার আছে। জেল কোডে আছে, কে কত সময় পর্যন্ত দেখা করতে পারবে। সেটা তোয়াক্কা না করে সুবিধাটা সাময়িকভাবে স্থগিত করা হয়। কিন্তু সেটা এখনো বাতিল না হওয়ায় রিট করা হয়।