পাকিস্তানে ইন্টারনেট ধীরগতির জন্য ভিপিএন দায়ী, বললেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী !

পাকিস্তানে ইন্টারনেট ধীরগতির জন্য ভিপিএন দায়ী, বললেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ! পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। আন্দোলনের কারণে সরকারের বিরুদ্ধে ইন্টারনেট ধীরগতির অভিযোগ উঠেছে। এটাকে আন্দোলনকারীদের কার্যক্রমে বাধা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে পাকিস্তানে ইন্টারনেটের ধীরগতির জন্য সরকারের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ফাতিমা খাজা। তিনি জানিয়েছেন, ভিপিএনের অতিরিক্ত ব্যবহারের কারণেই ইন্টারনেটের গতি কমেছে। গত ১৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই বক্তব্য দেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের একটি জাতীয় ফায়ারওয়াল এবং কন্টেন্ট ফিল্টারিং সিস্টেম পরীক্ষার কারণে ইন্টারনেটের গতি কমেছে। ফাতিমা খাজা বলেন, নির্দিষ্ট কিছু অ্যাপ ব্লক করার পর ব্যবহারকারীরা ভিপিএনের মাধ্যমে সেই অ্যাপগুলোর সেবা নেওয়ার চেষ্টা করেন, যা ইন্টারনেটের গতিকে প্রভাবিত করে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, ভিপিএন ব্যবহার শুধুমাত্র কিছু স্বতন্ত্র ব্যবহারকারীর সংযোগকে প্রভাবিত করতে পারে, যা দেশব্যাপী ইন্টারনেট সমস্যার জন্য যথেষ্ট নয়।
করাচি নয়, রাওয়ালপিন্ডিতেই হবে দুই টেস্ট

করাচি নয়, রাওয়ালপিন্ডিতেই হবে দুই টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন টাইগাররা। সূচি অনুসারে আগামী ২১ আগস্ট এই মাঠেই গড়াবে সিরিজের প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচিতে। তবে এবার ভেন্যুতে পরিবর্তন এনেছে পিসিবি। দুটি টেস্টই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। আর তাই শহর জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। দিন তিনেক আগে পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল করাচিতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। কারণ স্টেডিয়ামটিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য সংস্কার কাজ চলছে। তবে গতকাল এক বিবৃতি দিয়ে ভেন্যুই পরিবর্তন করে দিয়েছে পিসিবি। অবশ্য এই পরিবর্তনের কারণ হিসেবে তারা সংস্কার কাজের কথাই বলেছে। বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ভেন্যুটিতে (করাচি) চলমান সংস্কার কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করার পরে এবং অপারেশনাল ও লজিস্টিকাল বিষয়গুলো পর্যালোচনা করার পরে, রাওয়ালপিন্ডিতে দুটি টেস্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। যে কারণে স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ। যে কারণে গত ১৪ আগস্ট পিসিবি জানায়, দ্বিতীয় টেস্টে দর্শকরা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না। এবার দুই টেস্টের জন্যই এক ভেন্যু নির্ধারণ করা হলো।
বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। তিনি বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান পদের দায়িত্বেও ছিলেন। আজ জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পদত্যাগপত্র পাঠিয়ে তিনি পদত্যাগের কার্যক্রম সম্পন্ন করেন। এনএসসি থেকে মনোনীত হয়ে জালাল বিসিবির পরিচালক পদে আসেন। এনএসসির নির্দেশেই তাকে পদত্যাগ করতে হয়েছে। এনএসসি থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে গভর্নরের বৈঠক, ৪ সিদ্ধান্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে গভর্নরের বৈঠক, ৪ সিদ্ধান্ত দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে আর্থিক খাত স্থিতিশীল ও সংস্কার এবং মূল্যস্ফীতি মোকাবিলার জন্য অন্তর্বর্তী সরকার চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তগুলো হলো- ১। চাহিদা ও জোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। এজন্য মুদ্রানীতিকে সংকোচমূলক অবস্থায় ধরে রাখতে হবে এবং একই সঙ্গে সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। তবে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি পেতে সবাইকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। ২। বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড ১ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। ৩। ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সংস্কারের বিষয়টি চলে এসেছে। ব্যাংকিং খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করে দ্রুত কার্যক্রম নেওয়া হবে। ৪। আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কারের বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ১০০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
রাতে বারবার তৃষ্ণা লাগে? জেনে নিন কারণ

রাতে বারবার তৃষ্ণা লাগে? জেনে নিন কারণ আপনার কি প্রায়ই মাঝরাতে ঘুম ভেঙে যায় আর তৃষ্ণা পায়? মনে হয় গলা শুকিয়ে আছে? এরকমটা হলে আপনি একা নন। অনেকে তৃষ্ণার কারণে মুখ শুকিয়ে যাওয়া এবং হঠাৎ জেগে ওঠার অভিযোগ করেন। এটি ডিহাইড্রেশন এবং মুখের শ্বাসকষ্ট সহ বিভিন্ন কারণে হতে পারে। এই সমস্যাকে ডাক্তারি ভাষায় পলিডিপসিয়া বলা হয়, চরম তৃষ্ণার বিভিন্ন কারণ থাকতে পারে। মুখের ভেতরে শুকিয়ে যাওয়া, সব সময় তরল পান করার একটি অস্বাভাবিক তাগিদ এবং ঘন ঘন প্রস্রাব করার তাগিদ এই সমস্যার অন্যতম লক্ষণ। দিনের বেলা ডিহাইড্রেশন, মুখ শুকিয়ে যাওয়া, নির্দিষ্ট কিছু ওষুধ এবং ডায়াবেটিস, কিডনির সমস্যা বা হরমোনের ভারসাম্যহীনতার মতো বিষয়গুলোও এক্ষেত্রে কারণ হতে পারে। খাবারের ভূমিকা বিশেষজ্ঞের মতে, ডায়েট মানুষের তৃষ্ণার মাত্রাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। শোবার আগে নোনতা বা মসলাদার খাবার খেলে তা শরীরকে ডিহাইড্রেট করতে পারে, যার ফলে তৃষ্ণা বেড়ে যায়। এছাড়া ক্যাফেইন বা অ্যালকোহল গ্রহণও ডিহাইড্রেশনের কারণ হতে পারে। এ কারণে সুষম খাদ্য বজায় রাখা এবং ঘুমের আগে এই খাবারগুলো এড়িয়ে যাওয়া উচিত। ওষুধের প্রভাব কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গলা শুকিয়ে যেতে পারে। আমেরিকান জেরিয়াট্রিক্স সোসাইটির জার্নালে প্রকাশিত ২০১৭ সালের একটি গবেষণায় দেখা গেছে যে, যেসব বয়স্ক ব্যক্তি নির্দিষ্ট ওষুধ খান তাদের গলা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। গবেষকরা অসংখ্য গবেষণা থেকে তথ্য বিশ্লেষণ করেছেন এবং গলা শুকানো এবং বারবার প্রস্রাবের সঙ্গে বিষণ্ণতা এবং উদ্বেগের জন্য ব্যবহৃত ওষুধের মধ্যে একটি শক্তিশালী সংযোগ আবিষ্কার করেছেন। স্লিপ অ্যাপনিয়া স্লিপ ফাউন্ডেশনের মতে, স্লিপ অ্যাপনিয়ার মতো ঘুমের ব্যাধি গলা শুকিয়ে যাওয়া এবং বারবার তৃষ্ণা পাওয়ার সমস্যা বাড়াতে পারে। চিকিৎসকদের মতে, এটি মুখের শ্বাস-প্রশ্বাসের কারণে ঘটে, যা স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে পরিচিত সমস্যা। রাতে অত্যধিক তৃষ্ণা কীভাবে নিয়ন্ত্রণ করবেন? রাতে বারবার তৃষ্ণা পাওয়ার সমস্যা নিয়ন্ত্রণে জীবনযাপনের ধরন পরিবর্তনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে ঘুমানোর আগে অত্যধিক স্ক্রিন টাইম এড়ানো, যা মেলাটোনিন উৎপাদন কমাতে পারে, ঘুম ব্যাহত করতে পারে এবং গলা শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে। এছাড়াও মানসিক চাপ নিয়ন্ত্রণ; নিয়মিত ঘুমের সময়সূচী বজায় রাখা; ঘুম উপযোগী পরিবেশ তৈরি করা ইত্যাদিও এই সমস্যা কমাতে কাজ করতে পারে।
কেন প্রতিদিন আপেল খাবেন?

কেন প্রতিদিন আপেল খাবেন? আপেলকে বলা হয় প্রাকৃতিক মিছরি। এতে ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের জন্য বিস্ময়করভাবে কাজ করে। প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে- একথা কিন্তু অনেকটাই সত্যি। সকালে একটি আপেল খেলে তা সারাদিন শক্তি ধরে রাখতে কাজ করে। আপেল ভিটামিন এ, ভিটামিন কে, ম্যাঙ্গানিজ, বায়োটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ। ভালো হজম, শক্তিশালী ইমিউন সিস্টেম এবং হৃদযন্ত্রের সুস্থতার জন্য এসব উপাদান জরুরি। জেনে নিন প্রতিদিন আপেল খাওয়ার উপকারিতা সম্পর্কে- ১. হজমশক্তি বাড়ায় আপেল পেকটিন নামক উপকারী উপাদান সমৃদ্ধ। এই পেকটিন হলো এক ধরনের ফাইবার যা পাচনতন্ত্রের জিনিসগুলোকে চলতে সাহায্য করে। আপনি যদি কখনো কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকে তবে সেক্ষেত্রে এটি বেশ কার্যকরী হতে পারে। এছাড়াও আপেলের এনজাইম হজমের জন্য বিস্ময়করভাবে কাজ করে। ২. ত্বক উজ্জ্বল করে আপেলের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। এই ফল আমাদের ত্বককে হাইড্রেটেড এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন সি ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে এবং সেইসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। যে কারণে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে ত্বক মুক্ত থাকে। ৩. ওজন কমাতে সাহায্য করে আপেলে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি, এ কারণে আপেল খেলে তা দীর্ঘ সময়ের জন্য পেট পূর্ণ রাখে। যার ফলে বারবার খাওয়ার প্রয়োজন পড়ে না এবং স্বাভাবিকভাবেই খাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে। তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য আদর্শ একটি ফল হলো আপেল।
এই সময়ে নিজেকে সুস্থ রাখতে যা খাবেন

এই সময়ে নিজেকে সুস্থ রাখতে যা খাবেন বর্ষা শেষ হয়ে শরৎ এলেও বৃষ্টি হচ্ছেই। এই রোদ তো পরক্ষণেই আবার ঝরছে বৃষ্টি। আবহাওয়ার এমন অবস্থায় থাকে বিভিন্ন অসুখের ভয়। সংক্রমণের ঝুঁকি, হজমের সমস্যা এবং শক্তির স্তরের ওঠানামা সেসবের মধ্যে অন্যতম। বিশেষ করে এই সময়ে পুষ্টিকর সুষম খাদ্য বজায় রাখা অপরিহার্য। স্বাস্থ্য ভালো রাখার একটি কার্যকর পদ্ধতি হলো মাল্টিভিটামিন যুক্ত খাবার খাওয়া। চলুন জেনে নেওয়া যাক, কোন খাবারগুলো আপনাকে সাহায্য করবে- ১. ভিটামিন সি ভিটামিন সি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে, সাধারণ সংক্রমণ এবং সর্দি থেকে রক্ষা করে, যা এসময়ে বেশি হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, অফিস অফ ডায়েটারি সাপ্লিমেন্টস অনুসারে, ভিটামিন সি, বা এল-অ্যাসকরবিক অ্যাসিড একটি পানিতে দ্রবণীয় অপরিহার্য পুষ্টি। মানুষ অভ্যন্তরীণভাবে ভিটামিন সি তৈরি করতে পারে না। এই ভিটামিন প্রাকৃতিকভাবে নির্দিষ্ট কিছু খাবারে থাকে এবং অন্য খাবারের সঙ্গে যোগ করা যায় বা সম্পূরক হিসেবে খাওয়া যায়। লেবু, কমলা, জাম্বুরা, আমলকি, কাঁচা মরিচ, ক্যাপসিকাম ও অন্যান্য সাইট্রাস ফলে পর্যাপ্ত ভিটামিন সি পাওয়া যায়। ২. ভিটামিন ডি বর্ষাকালে সূর্যালোক কমে গেলে ভিটামিন ডি এর মাত্রা কমে যেতে পারে, যা হাড়ের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে। ২০১০ সালের একটি গবেষণা অনুসারে, ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এটি ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা হাড়কে শক্তিশালী করে। উচ্চ ভিটামিন ডি শক্তিশালী হাড় বজায় রাখে। প্রাকৃতিক সূর্যালোক সর্বোত্তম উৎস হলেও, পর্যাপ্ত মাত্রা বজায় রাখার জন্য দুধ, সিরিয়াল এবং পরিপূরকের মতো শক্তিশালী খাবার বেছে নিতে পারে। ৩. বি ভিটামিন বি-৬, বি-১২ এবং ফলিক অ্যাসিড সহ বি ভিটামিন শক্তি উৎপাদন এবং স্বাস্থ্যকর বিপাক বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার খাবারে গোটা শস্য, শিম, বীজ, বাদাম এবং শাক-সবজি যোগ করুন। বি-১২ প্রাথমিকভাবে প্রাণিজ পণ্যে পাওয়া যায়, তাই আপনি যদি নিরামিষ বা নিরামিষাশী হন তবে একটি সম্পূরক খেতে পারেন। ৪. জিঙ্ক জিঙ্ক ইমিউন ফাংশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ২০১৮ সালের একটি সমীক্ষা অনুসারে, জিঙ্ক ইমিউন ফাংশনের জন্য অপরিহার্য, নিউট্রোফিলস এবং প্রাকৃতিক ঘাতক কোষের মতো প্রধান প্রতিরোধক কোষ কার্যকরী রাখতে কাজ করে। বাদাম, বীজ, লেবু এবং গোটা শস্যের মতো খাবার নিয়মিত খেতে হবে। ৫. প্রোবায়োটিকস এসময় খাবারে আর্দ্রতা এবং দূষণের ঝুঁকি বৃদ্ধির কারণে হজমের সমস্যা হতে পারে। প্রোবায়োটিক স্বাস্থ্যকর অন্ত্রের উদ্ভিদ বজায় রাখতে সাহায্য করে। আপনার খাদ্যতালিকায় দই, সাউরক্রাউট এবং অন্যান্য গাঁজনযুক্ত খাবার যোগ করুন। প্রোবায়োটিক সম্পূরকও উপকারী হতে পারে। ৬. অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ থেকে রক্ষা করতে সাহায্য করে, যা বর্ষাকালে আরও বেশি হতে পারে। আপনার খাদ্যতালিকায় বিভিন্ন রঙিন ফল এবং শাক-সবজি যোগ করুন, যেমন বেরি, টমেটো, পালং শাক এবং বেল পেপার।
শাকিবের বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পেছাল

শাকিবের বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং পেছাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই ঢাকাই সিনেমায় নেমে এসেছিল স্থবিরতা। এর ফলে দীর্ঘদিন ধরেই শুটিং থেকে শুরু করে নতুন সিনেমার মুক্তি বন্ধ রয়েছে। এর ফলে পিছিয়ে গেছে শাকিব খান অভিনীত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার শুটিং হওয়ার কথা ছিল আসছে সেপ্টেম্বরে তবে শুটিং পিছিয়ে গেছে। এতে ‘প্রিয়তমা’র পর শাকিব খানের বিপরীতে ফের জুটি বাঁধতে চলেছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের আরেকটি সিনেমা ‘শের’। যার শুটিং হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বর মাসে। সেটিরও শুটিং পিছিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছর তারা পরিকল্পনা করবেন সিনেমাটির। এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত সিনেমা। প্রসঙ্গত, বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। চলতি মাসের শেষদিকে তার দেশে ফেরার কথা রয়েছে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর একটি দল কিনে নিয়েছে রিমার্ক-হারল্যান কোম্পানি। যে কোম্পানিটির সঙ্গে যুক্ত রয়েছেন শাকিব খান। বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে শাকিব খানের কোম্পানিটি। যার মধ্য দিয়ে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে যুক্ত হলেন এ অভিনেতা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কেন অবৈধ নয় : হাইকোর্ট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কেন অবৈধ নয় : হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর রায়ের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।
৩২৩ পৌরসভার মেয়র, ৬০ জেলা এবং ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ

৩২৩ পৌরসভার মেয়র, ৬০ জেলা এবং ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থানীয় সরকার-পৌরসভা-সংশোধন অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো, এমন বিধান রেখে ২০২৪-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এদিকে, ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে এবং ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করেও পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইভাবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে এবং একই সঙ্গে প্রশাসক নিয়োগ অন্তর্বর্তী সরকার দিতে পারবে।