চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬ জন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ২ জন এবং শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭ জন রোগী। এদের মধ্যে জেলা হাসপাতালে ৪ জন এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৭ জন। এছাড়া এই হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৪৪৪ জন। জেলায় মোট রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭১ জন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
রোটাভাইরাল ডায়রিয়ার প্রকোপ জেলা হাসপাতালে ভর্তি ৫৫ শিশু

রোটাভাইরাল ডায়রিয়ার প্রকোপ জেলা হাসপাতালে ভর্তি ৫৫ শিশু চাঁপাইনবাবগঞ্জে শীতের শুরুতেই রোটাভাইরাল ডারিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫ জন শিশু ভর্তি থাকছে। আক্রান্তের হার বছরের অন্য সময়ের তুলনায় তিনগুণ বেশি বলে চিকিৎসকরা জানিয়েছেন। জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত শিশুদের ওয়ার্ডে জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে ১৬ জন নবজাতক ও ৪৮ জন শিশু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮২ জন রোগী বিভিন্ন অসুখ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬০ জন ডায়রিয়া, ৩ জন ডেঙ্গু ও ৪ জন নিউমোনিয়া রোগী রয়েছে। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৪০ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন— বছরে দুটি সময়ে রোগী কম থাকে। একটি শীতের শুরুতে এবং অন্যটি হচ্ছে রমজান মাসে। বর্তমানে এখনো শীতের তীব্রতা কম থাকায় রোগীর সংখ্যা কম আছে। বছরের অন্য সময়ে ৪শ’র বেশি রোগী ভর্তি থাকে। কিন্তু বর্তমানে তা কমে ৩শতে দাঁড়িয়েছে। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত ডায়রিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, চর্মরোগ, ঠাণ্ডাজ্বর বৃদ্ধি পাবে। এদিকে আজ সকালে শিশু ওয়ার্ডে দেখা যায়, বিছানা সংকুলান না হওয়ায় অনেক শিশুকে মেঝেতেই চিকিৎসা দেয়া হচ্ছে। শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান ও ডা. রেজাউল করিমকে চিকিৎসা সেবা দিতে দেখা গছে। এসময় ডা. মাহফুজ রায়হান বলেন— শীতকালে প্রতিবছর শিশুরা রোটাভাইরাল ডায়য়ারিয়ায় আক্রান্ত হয়। এবারো ব্যাপক হারে শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫ জন শিশু ভর্তি থাকছে। শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ডাবের পানি পান করানো, ডায়রিয়া দেখা দিলে রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ শিশুকে না খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসবের ফাইনাল

শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসবের ফাইনাল তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসব টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উপজেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪-০ গোলে গৌড়মতি ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ক্ষীরসাপাত ফুটবল দল। টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, মাহমুদুর রশীদ তুহিন ও ফারুক হোসেনসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে নজেকশিসের সভাপতি তরিকুল সম্পাদক বাবুল

চাঁপাইনবাবগঞ্জে নজেকশিসের সভাপতি তরিকুল সম্পাদক বাবুল নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি-নজেকশিস চাঁপাইনবাবগঞ্জের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২০২৮ মেয়াদে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন সভাপতি ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের সহকারী অধ্যাপক বাবুল আকতারকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস) সভাপতি ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ, নজেকশিস এর সাবেক সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, মোশারফ হোসেন, নজেকশিস এর সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, শাহনেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম, নজেকশিস এর সদস্য আনোয়ার হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে সমিতির প্রয়াত সদস্যদের ৭ জন নমিনীকে চেক প্রদান করা হয়েছে এবং প্রয়াত সদস্যদের জন্য দোয়া করা হয়।
রহনপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা

রহনপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সভা গোমস্তাপুর উপজেলার রহনপুর শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রহনপুর বেগম কাচারি চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমিতির সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আজিজুর রহমান, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও সমিতির সাবেক সভাপতি তারিক আহমদ, সাবেক সভাপতি মুশা মার্চেন্ট, সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেনসহ অন্যরা। সভার শুরুতে সমিতির সভাপতি মাসুদ রানা সমিতির আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পরে পুনরায় আগামী ৩ বছরের জন্য বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশু নিহত সদর উপজেলায় বাবার হাত ধরে সড়ক পারাপারের সময় একটি ভটভটির ধাক্কায় মক্কা খাতুন নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। সে ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকাপাড়া এলাকার আশিকুজ্জামানের মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল বিকেলে বাড়ির কাছে আমনুরা থেকে নাচোলগামী সড়ক পারাপারের সময় বাবার হাত ছেড়ে সড়ক পার হবার জন্য হটাৎ দৌড় দিলে দ্রুতগতির ভটভটির ধাক্কায় আহত হয় শিশুটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথেই মক্কার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই ভটভটিটি পালিয়ে যায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।
শিবগঞ্জ সীমান্তে চোরাকারবারি ও বাংলাদেশী সহযোগিসহ আটক ৩

শিবগঞ্জ সীমান্তে চোরাকারবারি ও বাংলাদেশী সহযোগিসহ আটক ৩ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী ঠুঠাপাড়া গ্রামে বিজিবির অভিযানে ২ ভারতীয় গরু চোকারবারি ও তাদের এক বাংলাদেশী সহযোগি আটক করা হয়েছে। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর পারবৈদ্যনাথপুর গ্রামের নয়মুদ্দিন শেখের ছেলে আব্দুল কাদির ও আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন এবং তাদের বাংলাদেশী সহযোগি মনাকষার সাহাপাড়া তারাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মারুফ। বিজিবি জানায়, গত ৩ ডিসেম্বর ভোররাতে ভারতীয় দুই গরু চোরকারবারি কাঁটাতারের বেড়াবিহীন শিবগঞ্জের ফতেপুর সীমান্ত দিয়ে ৪টি গরুসহ বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় চোরকারবারী ফজেলের নিকট হস্তান্তর করে। কিন্তু সকাল হয়ে যাওয়ায় ও বিজিবির টহল জোরদার হওয়ায় তারা আর ভারতে ফিরতে পারেনি। গত ৪ ডিসেম্বর তারা পদ্মা নদীর চরে লুকিয়ে থাকেন। পরে সহযোগি মারুফের সহায়তায় তারা ঠুঠাপাড়া বাজারে তার বাড়িতে আত্মগোপন করেন। গতকাল রাত সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আটক ৩ জনের ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪৮৬

সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪৮৬ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৬ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৯৪ জনের। এতে বলা হয়েছে, গত একদিনে সারা দেশে ৫৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ২০৪ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৭ হাজার ৩১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভারতে অবস্থানের সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন -জয়শঙ্কর

ভারতে অবস্থানের সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন -জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কতদিন অবস্থান করবেন সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। শনিবার এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও এবং প্রধান সম্পাদক রাহুল কানওয়ালকে তিনি এ কথা বলেছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যান। তার বিরুদ্ধে আন্দোলনে শত শত মানুষ মারা যায় এবং হাজার হাজার আহত হয়। তার সরকারের নৃশংস দমন-পীড়নের জন্য ‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। রাহুল কানওয়ালের সাথে কথা বলার সময় জয়শঙ্করকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাসিনা ‘যতদিন চান’ ভারতে থাকতে পারবেন কিনা। জবাবে জয়শঙ্কর বলেন, “আচ্ছা, এটি একটি ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছিলেন এবং আমি মনে করি সেই পরিস্থিতি স্পষ্টতই তার সাথে যা ঘটেছে তার একটি কারণ। কিন্তু আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে তাকে তার মন তৈরি করতে হবে।” ওই আলোচনায় নয়াদিল্লি-ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেছেন এস জয়শঙ্কর। বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের অবস্থানের ওপর জোর দেন তিনি।
গিলকে খেলায় ফেরা নিয়ে সুখবর পেল ভারত

গিলকে খেলায় ফেরা নিয়ে সুখবর পেল ভারত ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শুভমান গিল চোটমুক্ত হয়ে অবশেষে মাঠে ফিরতে প্রস্তুত। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স (সিওই) শনিবার জানায়, ঘাড়ের ইনজুরি থেকে সেরে ওঠা গিলকে খেলায় ফেরার জন্য মেডিক্যাল ও স্পোর্টস সায়েন্স বিভাগ সবুজ সংকেত দিয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই তাকে মাঠে দেখা যেতে পারে। কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ের ইনজুরিতে আক্রান্ত হয়ে গিলকে দুই দিন হাসপাতালে থাকতে হয়। ইনজেকশন নেওয়ার পর চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি রিহ্যাবে যান এবং চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন। তবে সিওই-এর কঠোর রিটার্ন টু প্লে (আরটিপি) প্রোটোকল অনুসরণ করে তিনি পুরোপুরি অনুশীলনে ফিরে এসেছেন। সিওই থেকে দল ব্যবস্থাপনার স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন টিমকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘শুভমান গিল সফলভাবে সব রিহ্যাব ধাপ সম্পন্ন করেছে এবং সব ফরম্যাটের ক্রিকেটে ফেরার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে।’