আদিবাসীদের নিয়ে দেলবাড়ীতে কমিউনিটি সংলাপ

আদিবাসীদের নিয়ে দেলবাড়ীতে কমিউনিটি সংলাপ চাঁপাইনবাবগঞ্জে সমতলের আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন। কমিউনিটি সংলাপে বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। আদিবাসী নেতারা জানান, বিভিন্ন সমস্যার মধ্যেই তাদের বসবাস করতে হয়। তাই দ্রুতই এগুলোর প্রতিকার দরকার। আদিবাসীদের তুলে ধরা সমস্যার মধ্যে ছিল- অরক্ষিত শ্মশান ও শ্মশানের জায়গার স্বল্পতা, ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক গণশিক্ষা কার্যক্রম, মাধ্যমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক স্থাপন, ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন, মন্দির সংস্কার, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলার মাঠের ব্যবস্থা করা ইত্যাদি। এই সময় প্রধান অতিথি সমস্যাগুলো লিখিত আকারে মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ দেন এবং এ বিষয়ে তিনি সার্বিক সহযোগিতা করবেন বলে জানান। বালুগ্রাম আদর্শ কলেজের উপাধ্যক্ষ গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সইবুর রহমান, আদিবাসী নেতা ও সাবেক জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দেলবাড়ী গ্রামের মোড়ল মাতিন হেমব্রম, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। বৃহস্পতিবার গোবরাতলা ইউনিয়নের নাধাইকৃষ্ণপুর সরকারি প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একই ধরনের কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হবে। ফ্র্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা। উল্লেখ্য, সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।
সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করতে হবে। রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনি পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌবাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা। বিগত দিনে যেমন সহযোগিতা পেয়েছে, আগামীতেও যেন জনগণ তা পায় এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তাই দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে তা সঠিকভাবে পালনের আহ্বানও জানান তিনি। নানা প্রতিকূলতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে এ ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
ভুটানকে ৭ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

ভুটানকে ৭ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ ফরোয়ার্ড তহুরা খাতুন এবারের আসরে ভারতের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জোড়া গোলে ম্যাচ জয়ের মধ্যমণি হয়ে উঠেছিলেন। সেমিফাইনালেও ধারাবাহিকতা ধরে রাখলেন। এবার করলেন হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে তৃতীয়বারের মত নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। সপ্তম আসরের প্রথম সেমিফাইনালে আজ তারা হারিয়েছে ভুটানকে। সাফের আগের আসরের সেমিফাইনালে ভুটানকে পেয়েছিল বাংলাদেশ! সেবার তাদের পাত্তাই দেয়নি বাংলার বাঘিনীরা, প্রতিপক্ষকে আট উড়িয়ে দিয়েছিল। সেই স্মৃতি যেন আবারো কাঠমান্ডুতে ফেরাল লাল-সবুজের দল। এবার ৭-১ গোলের বিশাল জয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল বর্তমান শিরোপাধারীরা। ২০১৬ ও ২০২২ সালের আসরে ফাইনাল খেলেছিলো বাংলাদেশ। ২০১৬ সালে রানার্স-আপ হলেও, ২০২২ সালে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশ।
ঝিলিমে খরাসহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ

ঝিলিমে খরাসহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় রবিবার জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হাই। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, প্রকল্প সমন্বয়ক বকুল কুমার ঘোষ, টেকনিক্যাল অফিসার রায়হান মাহমুদ, কমিউিনিটি মোবিলাইজেশন অফিসার প্রসেনজিৎ কুমার সাহা। কর্মশালায় জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষে টেকসই কৃষি অনুশীলনের ওপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো- অংশগ্রহণকারী সদস্যদের জলবায়ু পরিবর্তনের সমস্যা এবং প্রশমন ব্যবস্থার ওপর ধারণা দেওয়া। খরাসহিষ্ণু ফল ও ফসলের জাত নির্বাচন, চাষ পদ্ধতি, বসতবাড়ির আশপাশ বা আঙ্গিনায় বাগান করার কৌশল, মাটির গুণাগুণের উন্নতি, পানি সংরক্ষণ এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে কার্যকর ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়া বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা। কর্মশালায় ২০ জন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন-সিসিএজি গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।
শিবগঞ্জে কিষান ও কিষানিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

শিবগঞ্জে কিষান ও কিষানিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিষান-কিষানিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চর এলাকা আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উপজেলার চরাঞ্চলের ১০ জন নারী কৃষক ও ২০ জন পুরুষ কৃষক অংগ্রহণ করেন। প্রশিক্ষণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, চরাঞ্চলে অনেক কৃষক চাষাবাদের সঠিক পদ্ধতি না জানার কারণে সবজি ফলাতে পারেন না। ফলে চরাঞ্চলের কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হন। এছাড়া চরাঞ্চলের অনেক কিষানি রয়েছেন, যারা পুরুষদের পাশাপাশি কৃষিকাজে জড়িত রয়েছেন। তাদের কৃষিকাজে দক্ষ করার লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আশা করি, আজকের রবিবার প্রশিক্ষণ নিয়ে চরাঞ্চলের কিষান-কিষানিরা উপকৃত হবেন। এছাড়াও কর্মশালায় অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনয়ন, শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ, উৎপাদন বৃদ্ধিকরণ, শস্য মজুতকরণের সঠিক পদ্ধতিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেনÑ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি অফিসার সুনাইন বিন জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
গোমস্তাপুরে রবিশস্যের বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে রবিশস্যের বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার রবিশস্যের বীজ ও রাসায়নিক সার সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। চলতি মৌসুমে উপজেলায় ফসলের আবাদ ও উৎপাদনের লক্ষে ১২ হাজার ৫০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রবিশস্যের এই প্রণোদনা দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে সরিষার বীজ বিতরণ করা হয়। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন- গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, রইস উদ্দিন, ইব্রাহিম খলিলসহ কৃষকরা। উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার মোট ১২ হাজার ৫০৫ জন কৃষককে রবিশস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৫ হাজার ৮২০ জন, গম ৬ হাজার ২০০ জন, ভুট্টা ১২০ জন, চিনা বাদাম ২০ জন, শীতকালীন পেঁয়াজ ৮০ জন, মসুর ১১০ জন, খেসারি ১৩৫ জন, অড়হড় ২০ জনকে বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হবে।
ফুটবলের মধ্যে হেরোইন তবুও ধরা র্যাবের কাছে

ফুটবলের মধ্যে হেরোইন তবুও ধরা র্যাবের কাছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার স্বরমোংলা এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফুটবলের ভেতরে রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে এই অভিযান চালানো হয়। রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গোদাগাড়ী উপজেলার স্বরমোংলা এলাকায় অভিযান চালায়। অভিযানে অভিনব কায়দায় ফুটবলের ভেতরে রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। তবে এর মালিককে পাওয়া যায়নি। উদ্ধারকৃত হেরোইন গোদাগাড়ী থানায় জিডি মোতাবেক হস্তান্তর করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে দিনের বেলায় আবারো চুরি

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার থেকে দিনের বেলায় আবারো চুরি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টার থেকে আবারো দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে দিনের বেলায় প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। আগের চুরির ঘটনায় মূল আসামিরা আটক না হওয়ায় এ নিয়ে ভুক্তোভোগীদের মধ্যে ক্ষোভ লক্ষ করা গেছে। জানা গেছে, হাসপাতালে কর্মরত অফিস সহকারী সাব্বির আহম্মেদ ও আয়া সামসুন্নাহার প্রতিদিনের মতো রবিবার সকাল ৮টার দিকে বেরিয়ে যাবার পর দুপুরের আগে কোনো এক সময় চুরির ঘটনা ঘটে। বেলা ১টার দিকে তারা কোয়ার্টারে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। সাব্বির আহম্মেদ জানান, কোয়ার্টারের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন তিনি। রবিবার তারা বাড়ি থেকে বেরিয়ে যাবার পর প্রধান দরজার তালা ভেঙে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে ৫ আনা সোনার একটি চুড়ি, একই ওজনের একটি রুপার ব্রেসলেট, ১৪ হাজার টাকা এবং পাশের বাসাতেও একই কায়দায় ঢুকে ৭০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এ সময় বাসার সব আসবাবপত্র এলোমেলো পড়েছিল। তিনি আরো জানান, ঘটনার ৫ মাসেও আগের চুরির ঘটনায় আসামিরা আটক না হওয়ায় এবং বারবার চুরির ঘটনা ঘটলেও প্রশাসন ব্যবস্থা না নেয়ায় তারা আতঙ্কে বাস করছেন। এরই মধ্যে এমন ঘটনার পুনরাবৃত্তির কারণে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বসবাসকারীরা আর নিরাপদ নয় বলে জানান তিনি। মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি ও ইমোজিং কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, তারা সরকারি দায়িত্ব পালনে প্রতিদিন সকাল ৯টার দিকে কোয়ার্টারের ঘরের দরজায় তালা দিয়ে ডিউটিতে চলে যান। এই সুযোগে ফাঁকা বাসা পেয়ে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে ২৭ ভরি স্বর্ণালংকার চুরির পর অভিযোগ দেয়ার ৫ মাসেও কোনো ব্যবস্থা হয়নি। ফলে নিরাপত্তার অভাবে কোয়ার্টার ছেড়ে তিনি অন্যত্র বাসা ভাড়া নিয়ে চলে গেছেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া চুরির সত্যতা স্বীকার করে জানান, তিনি সরকারি কাজে বাইরে থাকায় এসআই খোকনের নেতৃত্বে একটি পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দেয়ার প্রস্তুতির পাশাপাশি তদন্ত চলছে। তবে তিনি নতুন যোগদান করায় আগের চুরির ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান। প্রসঙ্গত, চলতি বছরের ৩ জুন সকালে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সেস কোয়ার্টারে মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি ও ইমোজিং কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও সিনিয়র নার্স সাকেরা খাতুন দম্পতির বাড়িতে ঢুকে ২৭ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা চুর করে নিয়ে যায় চোরেরা।
চাঁপাইনবাবগঞ্জে প্রবাসী গৃহবধুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসী গৃহবধুর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ শহরের বালিগ্রাম নতুনপাড়া মহল্লা থেকে সারাবানু ওরফে রাফিয়া নামে এক তরুনী গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই মহল্লার পোল্যান্ড প্রবাসী মিরাজ আলীর স্ত্রী। আজ সকালে খবর পেয়ে পুলিশ স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের ভেতর থেকে আটকানো দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর পূর্বে রাফিয়ার বিয়ে হয়। তবে এখনও কোন সন্তান হয় নি। বর্তমানে স্বামী বিদেশে রয়েছেন। গতকাল দিবাগত গভীর রাতে বাড়িতে থাকা শ্মশুড়-শ্মাশুড়িসহ অন্য সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। সাংসারিক কোন্দলের কারণে তিনি একাজ করতে পারেন বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম জাকারিয়া বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পদ্মায় অভিযানে জব্দ ৮১ কেজি ইলিশ ও নিষিদ্ধ জাল

পদ্মায় অভিযানে জব্দ ৮১ কেজি ইলিশ ও নিষিদ্ধ জাল চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে পদ্মা নদীতে মোবাইল কোর্ট নিয়ে মৎস দপ্তরের অভিযানে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮১ কেজি ইলিশ জব্দ হয়েছে। এ ছাড়া জেলার গোমস্তাপুর উপজেলায় পূণর্ভবা নদীতে অভিযানে জব্দ হয়েছে নিষিদ্ধ ১৫টি চায়না দুয়ারী বা রিং জাল ও ১টি সুতি জাল। জব্দ এসব জালের মূল্য প্রায় ২ লক্ষ টাকা। জব্দ মাছ বিভিন্ন মাদ্রাসা, আশ্রঅয়ণ প্রকল্প ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ জাল নদীর তীরে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আজ দিনব্যাপী ও গতকাল গভীর রাতে এসব অভিযান চালানো হয়। সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা এলিজা খাতুন ও শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকি বলেন, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম,রাজশাহী বিভাগীয় মৎস কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা মৎস কর্মকর্তারা পদ্মা নদীতে নৌকা নিয়ে অভিযান চালান। অভিযানে সহয়তা করেন প্রশাসনের কর্মকর্তারা, এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট অনুজ চন্দ্র সহ বিজিবি,পুলিশ সহ সংশ্লিস্টরা। অভিযানে জব্দ হয় ৩ হাজার মিটার জাল ও ৮ কেজি ইলিশ। এর আগে বুধবার সকালে শিবগঞ্জের বিভিন্ন ঘাটে ও বাজারে জব্দ হয় ৭০ কেজি ইলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলায় পদ্মায় জব্দ হয় ২০ হাজার টাকার ৩টি ১হাজার মিটারর কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ। গোমস্তাপুর উপজেলা মৎস কর্মকর্তা সাজু চৌধুরী বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পূণর্ভবা নদীর কাজীগ্রাম এলাকায় অভিযানে পৌনে ২ লক্ষ টাকার ১৫টি রিং ও ১টি চায়না দুয়ারী জাল জব্দ হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।