সদর উপজেলায় উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ বিতরণের উদ্বোধন

সদর উপজেলায় উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ বিতরণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ পাচ্ছেন ২০২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে এই ধান বীজ বিতরণ করা হচ্ছে। আজ সোমবার বিতরণ শেষ হবে। রবিবার বিকেলে এই বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। প্রত্যেক কৃষককে ২ কেজি করে এই বীজ দেয়া হচ্ছে। উদ্বোধনকালে সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বীন জামান জানান, এই বীজ থেকে প্রতি বিঘায় ৪০ মণের উপর ধান উৎপন্ন হয়। বীজতলায় চারার বয়স ২৫-৩০ দিন এবং রোপণের পর ধান পাকার সময়কাল ১৩০-১৩৫ দিন। উপজেলা কৃষি অফিস আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এলিজা খাতুন, অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিমসহ অন্যরা।
শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: চালকের মৃত্যু

শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: চালকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেলের (বাইক) নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে আব্দুর রহিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আয়নাল হকের ছেলে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ও স্থানীয় সূত্র জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে ইটভাটা হতে বাড়ি ফিরছিলেন আব্দুর রহিম। পথে একলাশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ যে কোনো ফরম্যাটেই হোক, ভারতকে হারানোর আনন্দই আলাদা। সেটা সিনিয়র কিংবা জুনিয়র- যে কোনো পর্যায়েই হোক। এবার যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভালো কিছু উপহার দিতে পারেননি। ৪৯.১ ওভারে ১৯৮ রান করে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কোনঠাসা হয়ে যায় ভারতও। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ১৩৯ রানে অলআউট হলো ভারতীয় যুব ক্রিকেট দল এবং সে সঙ্গে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের যুবারা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম। ২ উইকেট দখল করেন আল ফাহাদ। ১টি করে উইকেট নেন মারুফ মৃধা ও রিজান হোসেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৭ রানের মাথায় ফিরে যান ওপেনার কলিম সিদ্দিকী। তার বিদায়ে অধিনায়ক আজিজুল হাকিমের সঙ্গে জুটি বাঁধেন অন্য ওপেনার জাওয়াদ আবরার। জাওয়াদ-আজিজুল মিলে প্রাথমিক ধাক্কাটা সামাল দেন। তবে জুটি বড় হয়নি। দলীয় ৪১ রানের মাথায় ২০ রান করে বিদায় নেন জাওয়াদ। তার বিদায়ের পর আজিজুলের সঙ্গে জুটি বাঁধেন মোহাম্মদ শিহাব জেমস। দুজন মিলে দলকে পঞ্চাশের ঘর পার করান। এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৬৬ রানের মাথায় তুলে মারতে গিয়ে ডিপ স্কয়ারে ধরা পড়েন আজিজুল। তিনি ২৮ বলে করেন ১৬ রান। এরপর শিহাব ও রিজান হোসেন মিলে দারুণ একটা জুটি গড়েন। দুজন মিলে সাবলীল খেলে দলকে নিয়ে আগাতে থাকেন। ১২৮ রানের মাথায় শিহাব ৪০ রান করে বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর দ্রুতই বিদায় নেন দেবাশীষ দেবা (১)। দলকে দেড়শ পার করে একই পথ ধরেন ৪৭ রান করা রিজান। তার ৬৫ বলের ইনিংসটিতে ছিল ৩টি চারের মার। রিজানের বিদায়ের পর সামিউন বশির এবং আল ফাহাদও বিদায় নেন দ্রুত। এক প্রান্ত আগলে খেলতে থাকেন ফরিদ হোসেন। তাকে সঙ্গ দেন মারুফ মৃধা। ফরিদ ও মারুফ মিলে দলের চাহিদা অনুয়ায়ী খেলতে থাকেন। দলীয় ১৯৭ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে পরে বিদায় নেন ফরিদ। ৪৯ বলে ৩৯ রান করেন তিনি। এরপর আর বড় হয়নি বাংলাদেশের ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন হার্দিক রাজ, যুধাজিত গুহ ও চেতন শর্মা। ১টি করে উইকেট নেন কিরন চরমালি, কার্তিকীয়া ও আয়ুশ মহাত্র। এক বছর আগে, ২০২৩ সালে এই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলদেশ।
ভোটার তালিকা প্রকাশ ২ জানুয়ারি, এনআইডি সংশোধনে জরুরি বার্তা

ভোটার তালিকা প্রকাশ ২ জানুয়ারি, এনআইডি সংশোধনে জরুরি বার্তা ৮ ডিসেম্বর, ২০২৪ আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধন করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদেরকে জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে’।
সিরিয়ায় আসাদ যুগের অবসান

সিরিয়ায় আসাদ যুগের অবসান ৮ ডিসেম্বর, ২০২৪ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রোববার ভোরে অজানা গন্তব্যের উদ্দেশে দামেস্ক থেকে বিমানে পালিয়েছেন। এরই মাধ্যমে সিরিয়ায় আসাদ যুগের ৫০ বছরের শাসনের অবসান হলো। এদিকে বিদ্রোহীরা যুদ্ধে বাস্তুচ্যুতদের উদ্দেশ্যে বলেছেন, ‘মুক্ত স্বাধীন সিরিয়া আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা নিজ নিজ বাড়িঘরে ফিরে আসুন’। এদিকে সিরিয়ার সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, ‘আসাদ জমানার অবসান হলো’। স্কাই নিউজ, জেরুজালেম পোস্ট এবং ওয়াশিংটন টাইমস এই খবর জানিয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর কমান্ডার কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘বিদ্রোহীদের ঝটিকা অভিযানের ফলে সেনাবাহিনী আসাদের বাসভবন ছেড়ে চলে যাওয়ার মুহূর্তে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং এরই সাথে তার ২৪ বছরের স্বৈরশাসনের শাসনের অবসান হয়েছে’। বিদ্রোহীরা বলেছেন, তারা তৃতীয় বৃহত্তম শহর পুরোপুরি দখলে নেয়ার পর চারিদিক থেকে দামেস্ক ঘিরে ফেলে। এই সময় তারা দামেস্কতে সেনাবাহিনীর কোনো চিহ্নও দেখতে পাননি। একই সময়ে বিদেশে অবস্থানরত সিরিয়ার বিরোধী গ্রুপের প্রধান হাদি আল বাহরা জানিয়েছেন ‘সিরিয়া এখন বাশার মুক্ত হলো’। স্কাই নিউজ জানিয়েছে, বিদ্রোহী যোদ্ধারা একদিনের যুদ্ধের পর রোববার সকালে অন্যতম গুরুত্বপূর্ণ শহর হোমস দখলে নিয়েছে। শহর থেকে আসাদ বাহিনীর সেনা প্রত্যাহারের পর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে এসে আসাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। তারা ‘আসাদ পালিয়ে গেছে, হোমস মুক্ত’ এবং ‘সিরিয়া দীর্ঘজীবী হোক’ বলে গগনবিদারী স্লোগান দিতে থাকে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার মানুষ গাড়িতে করে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, একটি ব্যক্তিগত বিমান দামেস্ক ছেড়ে গেছে। বিমানটিতে সম্ভবত আসাদ ছিলেন। বিমানটি ছাড়ার সময় সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিদ্রোহীরা সেদনায়ায় বড় একটি কারাগার থেকে বহু বন্দীকে ছেড়ে দিয়েছে। এরপর বন্দীরা জনতার সঙ্গে দামেস্ক জয়ের উদযাপন শুরু করে। বিদ্রোহীরা সিরিয়ার প্রধান প্রধান সড়কের মোড়ে স্থাপিত প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রয়াত পিতা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে চুরমার করে ফেলে।
নিজের পারফরমেন্সের দিকে আরও মনোযোগ দিতে চান নাহিদ রানা

নিজের পারফরমেন্সের দিকে আরও মনোযোগ দিতে চান নাহিদ রানা ৭ ডিসেম্বর ২০২৪ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সমতায় শেষ করতে দলের হয়ে বড় ভূমিকা রাখেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। সিরিজ শেষে প্রশংসায় ভাসলেও, নিজের পারফরমেন্সের দিকে আরও মনোযোগ দিতে চান তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন রানা। বল হাতে গতির ঝড় তুলে প্রতিপক্ষের ব্যাটারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। শুধুমাত্র গতি দিয়েই নয়, লাইন-লেন্থ বজায় রেখে নিয়ন্ত্রিত বোলিংয়ে সুনামও কুড়িয়েছেন রানা। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে খেলার সুযোগ না পেলেও, দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই চমক দেখিয়েছেন রানা। প্রথম ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নেন তিনি। ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ে বড় অবদান রেখেছে রানার ক্যারিয়ার সেরা বোলিং। ১৫০ কিলোমিটার গতিতে বল করায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও রানাকে ঘিরে চলছে আলোচনা। তাকে ভবিষ্যতের তারকা হিসাবে মনে করেছেন ক্রিকেটপ্রেমিরা। রানার প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও। তবে প্রশংসায় নিজেকের না ভাসিয়ে দিয়ে শেখার দিকে আরও মনোনিবেশ করতে চান রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পোস্ট করা একটি ভিডিও বার্তায় আজ রানা বলেন, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা চলছে, সেগুলোতে আমি মনোযোগ দেই না। আমি একটি বিষয়ে ফোকাস করছি, মাঠে কিভাবে পারফর্ম করতে হয় এবং কিভাবে দলের জন্য সেরাটা দিতে হয়।’ তিনি আরও বলেন, ‘আমি কোচদের তত্ত্বাবধানে আছি যারা আমাকে প্রতিদিন নতুন কিছু শিখাচ্ছেন। আমি বিভিন্ন দেশের কন্ডিশনে খেলে প্রতিদিন নতুন কিছু শিখছি।’ টেস্ট ম্যাচের বিভিন্ন কন্ডিশনে গতি বাড়ানো ও কমানোর পারদর্শীতা দেখিয়েছেন রানা। তিনি বলেন, ‘শেখার কোন শেষ নেই। এখানে আসার পরও আমি শিখেছি। ওয়েস্ট ইন্ডিজের পিচে কিভাবে বল করতে হয় এবং এখানে কোন লাইন-লেন্থে বল করা উচিত। আমি এখনও শেখার প্রক্রিয়ায় আছি।’ ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার এবং বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সাথে দেখা করেছেন রানা। ওয়ালশের সাথে তার কথোপকথনের গল্প শেয়ার করেছেন তিনি। রানা বলেন, ‘আমি তার সাথে দেখা করেছি। ওয়ালশ বলেছেন, তুমি যেখানেই থাকেন না কেন, শিখতে থাকো এবং নিজের ফিটনেস ধরে রাখো। জীবনে যেখানেই যাবে, শিখবে। শেখার কোন শেষ নেই।’ তিনি আরও বলেন, ‘জ্যামাইকার শেষ ম্যাচের পর কোর্টনি ওয়ালশ আবার নিজের এবং ফিটনেসের যত্ন নিতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন নতুন নতুন জিনিস শিখো থাকুন, এটা তোমার জন্য উপকারী হবে।’
পুলিশের নিয়োগ পেতে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান পুলিশ সদর দফতরের

পুলিশের নিয়োগ পেতে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান পুলিশ সদর দফতরের ৮ ডিসেম্বর, ২০২৪ বাংলাদেশ পুলিশে চলমান সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়ায় কারো সঙ্গে আর্থিক অনিয়মে না জড়ানোর আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ চলছে। এ নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হচ্ছে। সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পেতে কারো প্রলোভনে পড়ে কোন ধরনের আর্থিক লেনদেন বা অন্য কোন অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। কেউ আর্থিক লেনদেনের বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতারকদের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
দেশে কাউকে অবৈধভাবে থাকতে দেওয়া হবে না: কাগজপত্রসহ বৈধতা অর্জনের অনুরোধ
দেশে কাউকে অবৈধভাবে থাকতে দেওয়া হবে না: কাগজপত্রসহ বৈধতা অর্জনের অনুরোধ ৮ ডিসেম্বর, ২০২৪ বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের কাগজপত্রসহ বৈধতা অর্জনের অনুরোধ করে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি আজ জারি করা হয়েছে। এতে বলা হয়, ‘বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশ অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’। এদিকে কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা নিয়ে রবিবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আয়োজিত এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘অবৈধ বিদেশিদের বিষয়ে আমরা পত্রিকায় একটি বিজ্ঞপ্তি দিয়েছি। কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।’’
ড. ইউনূসের বিরুদ্ধে পাঁচ মামলা বাতিলের রায় বহাল

ড. ইউনূসের বিরুদ্ধে পাঁচ মামলা বাতিলের রায় বহাল ৮ ডিসেম্বর, ২০২৪ নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষেও দায়েরকৃত ‘লিভ টু আপিল’ খারিজ করে দিয়েছেন আজ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ। এ আদেশের ফলে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রইলো বলে জানান ড. ইউনূসের পক্ষের আইনজীবী। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের এই পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে গত ২৪ অক্টোবর রায় দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিলে যায় রাষ্ট্রপক্ষ। ২০১৯ সালের ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত কয়েকজন কর্মচারি। এসব মামলা বাতিল চেয়ে ড. মুহাম্মদ ইউনূস ২০২০ সালে হাইকোর্টে আবেদন করেছিলেন। তখন হাইকোর্ট মামলা বাতিল প্রশ্নে রুল জারি করেছিলেন। শুনানি শেষে গত ২৪ অক্টোবর হাইকোর্ট ওই পাঁচ মামলা বাতিল করে রায় দেন।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। আজ সকালে শিবগঞ্জের মিলিক মোড়ে এক পথচারী বৃদ্ধা নিহত হন এবং গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুরে এক মটরসাইকেল চালক নিহত হন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার জানান, আজ সকাল ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক ধরে হেঁটে যাবার সময় মিলিক মোড় নামক স্থানে পেছন থেকে সোনামসজিদগামী একটি ট্রাক জাহানারাকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নারী শিবগঞ্জের কানসাট সেলিমাবাদ খানপাড়া গ্রামের মৃত ওয়াজেদ খানের স্ত্রী। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুর হাতাপাড়া এলাকায়, একটি মোটরসাইকেল ধান ও খড় বোঝাই ট্রলিটিকে ওভারটেক করার সময় ট্রলিতে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি দক্ষিনপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে নাহিদ। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা আব্দুল হাই।