বছরের প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জে আংশিক বই বিতরণ

বছরের প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জে আংশিক বই বিতরণ চাঁপাইনবাবগঞ্জে এবার প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রায় শতভাগ বই পাওয়া গেছে। এবার চাহিদা রয়েছে ৯ লাখ ২৬ হাজার বাইয়ের। এর বিপরীতে পাওয়া গেছে ৭ লাখ বই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী এই তথ্য নিশ্চিত করে জানান, ৪র্থ ও ৫ম শ্রেণীর কিছু বই এখনো পাওয়া যায়নি। তবে দ্রুতই পাওয়া যাবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন। অন্যদিকে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন জানান, শুধুমাত্র ৯ম ও ৭ম শ্রেণীর বাংলা, ইংরেজি ও অঙ্ক এই তিন বিষয়ের বই পাওয়া গেছে। তিনি জানান, বইয়ের চাহিদা রয়েছে ২৯ লাখ ৫৬ হাজার ৭৬৭টি। এর মধ্যে এখন পর্যন্ত পাওয়া গেছে ৮৯ হাজার ৮৪টি বই। তিনি আরো জানান, এই মুহূর্তে সঠিক তথ্য দেয়া কঠিন। কারণ বই নিয়ে একের পর এক গাড়ি আসছে। এদিকে যেসব বই পাওয়া গেছে সেসব বই বুধবার বছরের প্রথম দিন থেকেই স্কুলগুলো থেকে বিতরণ শুরু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে তিবনা ট্রাস্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে তিবনা ট্রাস্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে তিবনা ট্রাস্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেষপুর গ্রামে ট্রাস্টের অধীনে পরিচালিত উম্মে মাকতুম অন্ধ মাদ্ররাসা ও স্কুল, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আশ্রয়কেন্দ্র “এ্যাঞ্জেল’স গার্ডেন’’ এবং আবুল হায়াত মিঞা ইতমখানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ডা. আনোয়ার জাহিদের সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মো. আব্দুল মতিন। এতে বিশেষ অতিথি ছিলেন, মুফতি মাওলানা মো. আলি আশরাফ।

চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার সিমেন্ট শিট নির্মাণশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার সিমেন্ট শিট নির্মাণশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার সিমেন্ট শিট নির্মাণশিল্পী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শহীদ সাটু হলে মেসার্স সানজানা এন্টারপ্রাইজের পক্ষে মেসার্স লুনা ট্রেডার্স এই কর্মশালার আয়োজন করে। মেসার্স লুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী রাইহানুল ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন- আনোয়ার সিমেন্টের ডাইরেক্টর (বিজনেস) মো. মোজাম্মেল হক, আনোয়ার সিমেন্ট শিটের জিএম (সেলস) কাঞ্চন সাহা, এজিএম (সেলস) হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রইসুদ্দিন আহমেদ। কর্মশালায় আনোয়ার সিমেন্ট শিটের গুণাগুণ, ব্যবহার পদ্ধতি সম্পর্কে নির্মাণশিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা শেষে নির্মাণশিল্পীদের উপহার ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ’র ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক নাগরিক টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী, চাঁপাই প্রেস ক্লাবের সভাপতি দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি জমশেদ আলী, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল রানা। সঞ্চালনা করেন দেশ টিভি ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন- সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাখাওয়াত জামিল দোলন, আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু, গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আক্তার, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেলসহ অন্য সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর বাংলামোটরে আতর্কিত হামলা চালিয়ে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম শফিক, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, অনলাইন মাল্টিমিডিয়ার সম্পাদক আতোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি বসির হোসেন খানকে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এঘটনায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি জানান তারা।

সদর উপজেলার রামজীবনপুর গ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

সদর উপজেলার রামজীবনপুর গ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে কমিউনিটি সংলাপ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বাল্য বিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় প্রথম আলো বন্ধুসভা এই সংলাপের আয়োজন করে। গ্রামের একটি আমবাগানে অনুষ্ঠিত এ সংলাপে নারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম, নাফিসা আনজুম, মাশরুফা খাতুন, নাফিউল ইসলাম। অংশগ্রহণ করা নারীরা বাল্য বিয়ে প্রতিরোধে ভূমকিা রাখার প্রতিশ্রুতি দেন। আরাফাত মিলেনিয়াম বলেন, সারাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ের হার অনেক বেশি। বাল্যবিয়ে রোধে দরকার জনসচেতনতা। এ লক্ষ্যে ইতোমধ্যে বন্ধুসভা নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে। যার মধ্যে ছিল গম্ভীরা গান, নাটক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, উঠান বৈঠক, আলোচনা সভা।

রহনপুরে নুনগোলায় নতুন ঢাকা বাস টার্মিনালের উদ্বোধন

রহনপুরে নুনগোলায় নতুন ঢাকা বাস টার্মিনালের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ঢাকাগামী বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে ফিতা কেটে এই টার্মিনালের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান। রহনপুর পৌর এলাকার নুনগোলায় এই টার্মিনাল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান। প্রসঙ্গত, রহনপুর স্টেশন বাজারে ঢাকাগামী এই বাসস্ট্যান্ডটি অবস্থিত ছিল। সেটি স্থানান্তর হয়ে আগামী ১ জানুয়ারি থেকে ভোলাহাট-রহনপুর সড়কের নুনগোলায় এই নতুন টার্মিনাল থেকে নৈশকোচগুলো ছেড়ে যাবে।

গোমস্তাপুরে ডিবির অভিযানে ফেনসিডিল জব্দ দুজন আটক

গোমস্তাপুরে ডিবির অভিযানে ফেনসিডিল জব্দ দুজন আটক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৭০ বোতল কথিত ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার পাঁচটিকরী গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মো. জাহিরুল ইসলাম (৪০) ও মো. সাইদুর রহমানের ছেলে মো. ওয়াসিম রেজা (৩৮)। গত শনিবার দিবাগত মধ্যরাতে জেলার গোমস্তাপুর উপজেলার মকরমপুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, শনিবার দিবাগত মধ্য রাতে এসআই পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মকরমপুর টোল প্লাজার সামনে অভিযান চালায়। এসময় ৭০ বোতল কথিত ফেনসিডিলসহ মো. জাহিরুল ইসলাম ও মো. ওয়াসিম রেজাকে আটক করা হয়।

শিবগঞ্জে চোরাইপথে আনা ভারতীয় মোবাইল ফোনসহ একজন আটক

শিবগঞ্জে চোরাইপথে আনা ভারতীয় মোবাইল ফোনসহ একজন আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকায় চোরাইপথে আনা ভারতীয় মোবাইল ফোন, মোটরসাইকেল (বাইক) ও নৌকাসহ এক যুবককে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। রবিবার সকাল ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বুগলাউড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে হয় উল্লিখিত পণ্যসহ যুবককে আটক করা হয়। আটক হওয়া যুবক উপজেলার পাঁচকাঠা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. মুক্তার হোসেন (২৪)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি জানিয়েছেন। তিনি আরো জানান, মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল বুগলাউড়ি ঘাট এলাকায় অভিযান চালায়। সেখানে এক যুবক ব্যাগ নিয়ে নৌকা থেকে নামার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ব্যাগটি তল্লাশি করে অবৈধ ও চোরাচালানকৃত ১৮টি মোবাইল ফোন, ১টি নৌকা ও ১টি মোটরসাইকেল আটক করা হয়।

সদর উপজেলার বাখেরআলী সীমান্তে তিনটি ভারতীয় গরুসহ আটক ৩

সদর উপজেলার বাখেরআলী সীমান্তে তিনটি ভারতীয় গরুসহ আটক ৩ চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী সীমান্তবর্তী গোয়ালডুবি ঘাট এলাকা থেকে চোরাইপথে আনা ৩টি ভারতীয় গরুসহ তিনজনকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল পৌনে ৭টার দিকে নিয়মিত টহল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনার কথা জানা যায়। এর প্রেক্ষিতে টহলদল সোমবার সকাল পৌনে ৭টার দিকে টহল দল সেখানে অভিযান চালায়। এসম টহল দল ৩ জন ব্যক্তিকে ৩টি গরুসহ আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে। আটককৃতরা হলো- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাকিদুর রহমান (৩৫), বেলপাড়ার মো. সোনাউদ্দির ছেলে মো. শাহিদুল ইসলাম (৩৫) ও জেলার শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর বাদশাপাড়ার শফিকুল ইসলামের ছেলে মো. আব্দুল করিম (৩০)। এসময় তাদের কাছ থেকে চোরাইপথে আনা ৩টি ভারতীয় গরু আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের আয়োজনে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষক/মেন্টর তৈরি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলায় আইসিটি ল্যাবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন। প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুন। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকম-লী অংশগ্রহণ করেন।