পলশায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে কৃষি ও ক্ষুদ্র ঋণসহ কম্বল বিতরণ

পলশায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে কৃষি ও ক্ষুদ্র ঋণসহ কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমিতির সদস্যদের মধ্যে কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পলশা বাজারে সমিতির কার্যালয়ে অনুষ্ঠানে ৩০০ জনকে কম্বল এবং সমিতির ৩৫ জন সদস্যকে ২৫ লাখ ২০ হাজার টাকা কৃষি ও ক্ষুদ্র ঋণ দেয়া হয়। সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলে রাব্বি রেনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমান, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলবুল। সমিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক মেসবাহুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সমবায় অফিসের সরেজমিনে তদন্তকারী পলাশ কুমার প্রামিনক, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সাল, সমিতির কোষাধ্যক্ষ শামসুল আলম ও সদস্য আব্দুস সামাদ।
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়কে সড়ক দুর্ঘটনা কমছে না। গত দুই দিনে এই মহাসড়কে এক এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার ব্যাটারিচালিত রিকশাভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে রিয়াদ চৌধুরী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হন। সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঝিল্লিপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ নীলফামারী জেলার মধুপুর গ্রামের রতন চৌধুরীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবা চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন টেকনিশিয়ান হিসেবে কর্মরত। বিষয়টি নিশ্চত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির মহারাজপুর সাব-জোনাল আফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) শেখর চন্দ্র সাহা। তিনি বলেন, আমাদের অফিসের রতন চৌধুরীর ছেলে রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার সকালে রিয়াদ মোটরসাইকেলযোগে কোচিং সেন্টারে যাওয়ার পথে ঝিল্লিপাড়া মোড়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রিয়াদ ঘটনাস্থলেই মারা যায়। নিহতের বাবা চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত বলে তিনি জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। ওসি আরো জানান, এর আগে সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সোনামসজিদ বিজিবি স্কেলের সামনে ট্রাকচাপায় মোশারফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মৃত আয়েশ উদ্দিনের ছেলে।
সদর উপজেলার বারঘরিয়ায় উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা

সদর উপজেলার বারঘরিয়ায় উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক নাকিব হাসান তরফদার। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে নাকিব হাসান তরফদার বলেন, “তারুণ্য আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে তারা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে সক্ষম।” তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। স্মার্ট সেবা প্রদান এবং উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ সময়ের দাবি। বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, “আমাদের ইউনিয়নের তরুণরা শুধু বারঘরিয়া নয়, পুরো দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।” তিনি বলেন, স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে পরিষেবাগুলো আরো সহজ ও আধুনিক করতে চাই। সভায় আরো বক্তব্য দেন- ইউপি সদস্য তাসিকুল ইসলাম, মহিলা সংরক্ষিত আসনের সদস্য মোসা. সুলেখা বেগম, মনোনীত প্রতিনিধি মো. শহিদুল ইসলাম রেজা, উপসহকারী কৃষি কর্মকর্তা নূরজাহান খাতুন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান হাফিজুর রহমান ও ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আল আমীন। সভায় ইউনিয়ন পরিষদের কর্মচারী, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
সোনামসজিদে বিজিবি-বিএসএফ এর সৌজন্য সাক্ষাৎ

সোনামসজিদে বিজিবি-বিএসএফ এর সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপিতে বিজিবির রিজিয়ন কমান্ডার ও বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (আইজি) পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের বাস্তবায়নে মঙ্গলবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে চলমান সুসম্পর্ক আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া সীমান্তে আকস্মিক যে কোনো সমস্যা সংশ্লিষ্ট কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে একমত পোষণ করা হয়। সৌজন্য সাক্ষাৎে বিজিবির পক্ষে নেতৃত্ব দেনÑ রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেনÑ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী মানিন্দ্র প্রতাপ সিং পাওয়ার। এছাড়াও বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার এবং বিএসএফের মালদা সেক্টর কমান্ডারসহ উভয় দেশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
শিবগঞ্জে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

শিবগঞ্জে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ তারুণ্যের উৎসব উপলক্ষে শান্তি শৃঙ্খলা উন্নয়নে ও সামাজিক সচেতনতামূলক যুবদের ভূমিকা, পলিথিন বর্জন করে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি, প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার এবং কিশোর-কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিবগঞ্জে জনসচেতনামুলক সভা ও গবাদি পশু পালনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ বিকেলে কানসাট যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবের সভাপতিত্বে ও কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ইমরান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের কোষাধ্যক্ষ ইসাম উদ্দিন, আনোয়ার হোসেন, প্রশিক্ষক আব্দুল কাদের ও আহসান হাবীবসহ অন্যরা। পরে গবাদি পশু পালনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র দেয়া হয়।
সোনামসজিদে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

সোনামসজিদে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী নিহত শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পাথরভর্তি একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের আয়েস উদ্দিনের ছেলে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে সোনামসজিদ বিজিবি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোশারফ হোসেন মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় সোনামসজিদ বিজিবি চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন মোশারফ হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রানীহাটি এলাকায় মারা যান তিনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি।
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের ইসলামপুর মহল্লায় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহা. শাহ আলম, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। প্রশাসনের সহযোগিতায় ও সদর উপজেলা নির্বাহী অফিসারের ব্যবস্থাপনায় এইসব কম্বল বিতরণ করা হয়।
নাচোলে জি ৩ রুই মাছ চাষ বিষয়ে মাঠ দিবস

নাচোলে জি ৩ রুই মাছ চাষ বিষয়ে মাঠ দিবস চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রহনপুর ইউনিটের মৎস্যচাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায় ‘জি ৩ রুই মাছ চাষ’ বিষয়ে মৎস্যচাষিদের বিভিন্ন পরামর্শ দেন প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রহনপুর ইউনিটের ব্যবস্থাপক মোহা. জামাল হোসেন, সফল মৎস্য খামারি মো. ফারুক হোসেনসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
চাঁপাইনবাবগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরকরণের লক্ষে সেলাইমেশিন, গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরকরণের লক্ষে সেলাইমেশিন, গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরকরণের লক্ষে দরিদ্র অসচ্ছল পরিবারদের মধ্যে সেলাইমেশিন, গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধীদের হুইলচেয়ার দেয়া হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ২৩টি ছাগল, ১১টি সেলাইমেশিন, ৬টি হুইলচেয়ার, ১টি ড্রিল মেশিন ও ৫ জনকে নগদ টাকা দেয়া হয়। সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বলেন- রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার শেষ করে নির্বাচন দিতে হবে। শহীদদের রক্তের সাথে কাউকে বেঈমানি করতে দেওয়া হবে না। জনগণ চায়, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার কাজ ও গণহত্যার বিচার শেষ করে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেওয়া হোক। সংস্কার ও গণহত্যার বিচার শেষ না করে নির্বাচন দিলে ওই নির্বাচন হবে শহীদের রক্তের সাথে তামাশা আর আহতদের সাথে ঠাট্টা করার শামিল। তিনি আরো বলেন, মানুষের প্রয়োজনে মানবিক সেবা করাই জামায়াতে ইসলামীর বৈশিষ্ট্য, যেখানেই মানুষ বিপদে-আপদে পড়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সেখানেই সবার আগে ছুটে যান। জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অগ্নিদুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জরুরি সহায়তা নিয়ে হাজির হয় আমাদের নেতাকর্মী। আমরা সমাজসেবা দলমত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে বিবেচনা করি। জামায়াতে ইসলামী সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের বিভাজনে বিশ্বাস করে না, জামায়াতে ইসলামী রাষ্ট্রের প্রতিটি মানুষকে নাগরিক হিসেবে সমান দৃষ্টিতে মূল্যায়ন করে। পরে মাদ্রাসা মাঠে চকবহরম লাকী স্টার ক্লাবের আয়োজনে টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন মো. নূরুল ইসলাম বুলবুল। খেলায় নিচুধুমী একাদশ ২-১ গোলে চ্যাম্পিয়ান হয়। এতে রানার্সআপ হয় জমজম ফার্মেসি। চুনাখালি এনায়েতুল্লাহ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. এন্তাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬নং রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো. রহমত আলী, চাঁপাইনবাবগঞ্জ সদর আমির হাফেজ মাওলানা আব্দুল আলিম, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মো. হাবিবুর রহমান।
গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তারা এতে অংশ নেন। দিনব্যাপী আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, বাংলাদেশের গ্রামীণ এলাকায় জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করার লক্ষে গ্রাম আদালত পরিচালনায় এবং নথি ব্যবস্থাপনায় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের/ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব এবং করণীয় ও দিকনির্দেশনা দেওয়া হয়। গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন গ্রাম আদালত প্রকল্পের ইউএনডিপির প্রজেক্ট অ্যানালাইসিস্ট সুমন চাকমা ও এই প্রকল্পের রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী মারুফ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেনÑ সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র ও গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ।