চাঁপাইনবাবগঞ্জে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আম উৎপাদন বিষয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আম উৎপাদন বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে ‘আম রপ্তানির জন্য চুক্তিবদ্ধ চাষের মাধ্যমে উত্তম কৃষিচর্চা (জিএপি ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল পয়েন্টের (এইচএসিসিপি) মাধ্যমে নিরাপদ আম উৎপাদন এবং এর প্রক্রিয়াজাতকরণ পণ্যের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের উপপরিচালক মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম, বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিল্লুসহ অন্যরা। প্রশিক্ষণ কর্মশালার প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য ক্ষতিকর কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে উৎপাদন, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ীরা। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে অ্যাথলেটিকস প্রশিক্ষণ নিচ্ছেন ৪০ শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জে অ্যাথলেটিকস প্রশিক্ষণ নিচ্ছেন ৪০ শিক্ষার্থী ‘সুস্থ দেহে সুন্দর মন’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে বালক-বালিকাদের অ্যাথলেটিকস প্রশিক্ষণ-২০২৫। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস ১১ দিনের এই প্রশিক্ষণের আয়োজন করেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে মাসুদ-উল-হক ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. নাসিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় ও মাসুদ-উল-হক ইনস্টিটিউটের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে ৪০ জন শিক্ষার্থী অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
কাল শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে মান বাঁচানোর লড়াই

কাল শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে মান বাঁচানোর লড়াই অস্বস্তি পরিবেশে স্বস্তি ফেরাতে পারে বাংলাদেশের চট্টগ্রাম টেস্ট জয়। দেশের ক্রিকেটে যা ঘটে যাচ্ছে তাতে অস্বস্তি চারিদিকে। মাঠে পারফরম্যান্স নেই। অথচ মাঠের বাইরে নানা বিতর্কে জর্জরিত ক্রিকেট। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের শাস্তি ঘিরে নানা বিতর্ক। এরপর বিসিবির ফান্ড ট্রান্সফার ঘিরে বিতর্ক। তাতে দমকা হাওয়াতে ক্রিকেটাঙ্গন থেকে ক্রিকেটাই হারিয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। এসব অস্বস্তি পরিবেশে ক্রিকেটারদের ২২ গজে মনোযোগ রাখার কাজটা কঠিন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে মান বাঁচানোর লড়াইয়ে সেই কঠিন কাজটাই তাদের করতে হবে চট্টগ্রামের ২২ গজে। যে জন্য কঠিন প্রস্তুতি নেওয়ার কথা বললেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স, ‘‘এই ব্যাপারটি (ঢাকার অস্থিরতা) কোচিং স্টাফ হিসেবে আমাদের নিশ্চিত করার চেষ্টা করতে হবে যে, ওরা যেন এসব থেকে দূরে থাকে, মনোযোগে যেন ব্যাঘাত না ঘটে, বাইরের এসব আলোচনার কথা আপনি বলছেন…। আমরা একটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি। আগামীকালের আগে আজকে সন্ধ্যায় আমাদের চূড়ান্ত মিটিং যখন হবে, তখন এই ব্যাপারটিতে গুরুত্ব দিতে হবে যেন ওদের মনোযোগে ব্যাঘাত না ঘটে। এটা আগামী পাঁচদিনের ব্যাপার, এই পাঁচদিনে শুধু বাংলাদেশ ক্রিকেটই ভাবতে হবে, বাইরের কোনো কিছু নয়।” প্রায় ২১ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। ইতিবাচক মানসিকতায় ম্যাচটি খেলার কথা বললেন কোচ, ‘‘আমরা জানি, প্রথম ম্যাচে দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি এবং নিজেদের সমস্যায় ফেলেছি। এখন আমাদের ভাবনা হলো, ইতিবাচক ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলতে চাই। এমন না যে, সারা দিন ব্যাটিং করে ২০০ রান করব।”
কাশ্মীরে ভারত ও পাকিস্তান সেনাদের গোলাগুলি

কাশ্মীরে ভারত ও পাকিস্তান সেনাদের গোলাগুলি কাশ্মীরে টানা তৃতীয় রাতের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (স্থানীয় সময়) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক বর্তমানে বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। শ্রীনগর থেকে এএফপি জানায়, ভারত, কাশ্মীরের পর্যটনকেন্দ্র পাহেলগামে ২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ‘সীমান্তপারের সন্ত্রাসবাদে’ মদদ দেওয়ার অভিযোগ তুলেছে। ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে বলেছে, ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করার প্রচেষ্টা ‘গুরুত্বহীন’ এবং যেকোনো ভারতীয় পদক্ষেপের জবাব দেওয়া হবে। এদিকে, ভারতীয় সেনাবাহিনী নৌমহড়া চালিয়েছে এবং যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ছবি প্রকাশ করেছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনী পাহেলগাম হামলার জন্য দায়ী ব্যক্তিদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্তে পাকিস্তানের ‘উসকানিমূলক’ গুলির জবাবে ভারতীয় সেনারা ‘উপযুক্ত’ অস্ত্র ব্যবহার করে পালটা প্রতিক্রিয়া জানিয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে এ নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ভারতীয় পুলিশ তিনজন সন্দেহভাজনের বিরুদ্ধে ওয়ান্টেড পোস্টার প্রকাশ করেছে। তাদের মধ্যে দুইজন পাকিস্তানি এবং একজন ভারতীয়। তারা পাকিস্তানভিত্তিক, জাতিসংঘ তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলে অভিযোগ। পাহেলগাম হামলার তদন্তভার ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) হাতে নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, দেশটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য কোনো তদন্তে অংশ নিতে প্রস্তুত।
অনলাইন জুয়া বন্ধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

অনলাইন জুয়া বন্ধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের অনলাইন জুয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে এর প্রচার-প্রচারণা বন্ধের স্থায়ী সমাধান বের করতে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসির) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজি) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)’র প্রধানের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি গঠনের ৯০ দিনের মধ্যে আদালতে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহিন এম রহমান। আদেশের বিষয়ে এই আইনজীবী বলেন, ‘যে সাতজনকে বিবাদী করা হয়েছিল রিটে, তাঁদের প্রত্যেকের দপ্তরের একজন করে মোট সাতজন প্রতিনিধির সমন্বয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি গঠনের পর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ৯০ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে প্রতিবেদন দিতে হবে।’ গণমাধ্যমের অনলাইন প্লাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে গত ১৬ এপ্রিল রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম রাফিদ। অনলাইন জুয়ার বিজ্ঞাপন নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে তিনি এই রিটটি করেন। রিটে বলা হয়, অনলাইন জুয়ার বিস্তার রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা সংবিধান পরিপন্থি, প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এবং ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৯২ ধারার লঙ্ঘন এবং একই সঙ্গে তা জনস্বার্থের পরিপন্থি।
নিয়োগের দীর্ঘসূত্রিতা ও অনিয়ম দূর করতে দুটি পিএসসি করার সিদ্ধান্ত

নিয়োগের দীর্ঘসূত্রিতা ও অনিয়ম দূর করতে দুটি পিএসসি করার সিদ্ধান্ত সরকারি নিয়োগে দীর্ঘসূত্রিতা ও অনিয়ম দূর করতে দুটি পিএসসি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারি নিয়োগে দীর্ঘসূত্রিতা ও অনিয়ম দূর করতে দুটি পিএসসি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ বিকেলে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি লিখেছেন, পিএসসি নিয়ে সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দীর্ঘসূত্রিতা, অনিয়ম এসব বিষয়ে আলোচনার পর সরকার দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে। পোস্টে চাকরিপ্রত্যাশীদের আন্দোলন নিয়ে উপদেষ্টা আসিফ লিখেন, ‘আন্দোলন শুরু হওয়ার পরপরই যারা দায়িত্বে আছেন, তাদের কাছে ছাত্রদের দাবিগুলো পৌঁছে দিয়েছি। গত সোমবার আন্দোলনকারীদের একটা টিমের সঙ্গে বসার কথা থাকলেও দুঃখজনকভাবে সেটা হয়ে ওঠেনি। তবে ছাত্রদের দাবিগুলো আমার পক্ষ থেকে কনসার্ন অথরিটিকে বারবার পাঠানো হয়েছে।’ উপদেষ্টা আরও লিখেছেন, বেকারত্ব নিরসনে এখন পর্যন্ত একক মন্ত্রণালয় হিসেবে পুলিশের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় থেকে সর্বোচ্চ নিয়োগ বিজ্ঞপ্তি গিয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান। সামনের কয়েক মাসে আরও অন্তত ১০ হাজার নিয়োগ হবে। পিএসসির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অথবা ডিক্টেট করার অথরিটি আমার নেই। আমার দিক থেকে যতটা সম্ভব করছি, সামনেও করে যাব, ইনশাআল্লাহ। উপদেষ্টা আসিফ বলেন, যত কাজই থাকুক না কেন; ছাত্রদের বিষয়গুলো সবসময়ই আমার জন্য প্রথম প্রায়োরিটি থাকে। কুয়েটেও আন্দোলন চরম পর্যায়ে আসার প্রায় ১০ দিন আগেই কুয়েটের একটা প্রতিনিধিদল বাসায় এসেছিল। তাদের দাবি, স্মারকলিপিটি পরদিনই শিক্ষা উপদেষ্টার হাতে নিজে গিয়ে পৌঁছে দিয়েছি। নিয়মিত আপডেট রেখেছি, দাবি মেনে নেয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার চেষ্টা করেছি। ফেসবুকে না বললেই যে কাজ হচ্ছে না, এটা ধরে নেয়া উচিত না।
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের কোদালকাটি রোডপাড়ার নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৫)। মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২২ সালের ১৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী মধ্যচর এলাকায় ফারুকের বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে মাদক মজুত রয়েছে। এরপর র্যাবের একটি দল দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বিশেষ কায়দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ ফারুককে আটক করে র্যাব। ওই দিন র্যাবের এসআই মো. শাহজাহান আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আকতারুজ্জামান তদন্ত শেষে ফারুককে অভিযুক্ত করে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড দেন।
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে গাঁজাসহ দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে গাঁজাসহ দুজন আটক চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে ডিএনসি। আটক দুজন হলেন- মোসা. রিমা (২৭) ও মো. রুবেল হোসেন (২৬)। পৃথক অভিযানে গাঁজাসহ এ দুজনকে আটক করা হয়। ১১ কেজি গাঁজাসহ আটক আটক রিমা জেলা শহরের স্বর্ণকারপট্টির মো. রবিউল ইসলাম এর স্ত্রী। গত শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা তাকে আটক করেন। তবে রিমার স্বামী রবিউল ইসলাম পালিয়ে যায়। ডিএনসি জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন জানান, ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টিম জেলাশহরের পুরাতন বাজার স্বর্ণকারপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ১১ কেজি গাঁজাসহ একাধিক মামলার আসামি রিমাকে আটক করা হয়। তবে তার স্বামী রবিউল ইসলাম পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা হতে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আসেন এবং বিশেষ কৌশলে পানিভর্তি ড্রাম ও বালতির মধ্যে গাঁজাগুলো লুকিয়ে রাখেন। অপর এক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম বাজার দরগাপাড়ার মৃত আনু মিয়ার ছেলে মো. রুবেল হোসেনকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। শনিবার বিকেলে তাকে আমনুরা থেকে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার ও উপপরিদর্শক খোন্দকার সুজাত আলী বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস) কোর্সের সমমানের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. মাসিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী রিফাত, সদস্য সচিব শাওয়াল আলী, সদস্য মাকসুদা খাতুন, সুমাইয়া আক্তার, সীমাসহ নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা যথাযথ কর্তৃপক্ষ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিন। আমরা রাস্তায় নয়, কর্মস্থলে থাকতে চাই। তারা নার্সিং ডিপ্লোমা কোর্সকে স্নাতক (পাস কোর্স) সমমান দেওয়ার দাবি জানান। দাবি পূরণ না হলে ক্লাস বর্জনসহ আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার টেকসই ব্যবস্থাপনা

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার টেকসই ব্যবস্থাপনা আয়ক্ষয় রোধের মাধ্যমে দারিদ্র্য পরিস্থিতির উন্নয়নে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসারের ওপর গুরুত্বারোপ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রয়োজন কার্যকর, টেকসই ব্যবস্থাপনা। স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় নির্বাহের চাপ মানুষের দারিদ্র্য নিরসনের অন্যতম প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তারা। রবিবার রাজধানীর পিকেএসএফ ভবনে আয়োজিত ‘টেকসই স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সভায় জাতীয় পর্যায়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিনিধি, সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক ও পিকেএসএফ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, “পিকেএসএফ টেকসইভাবে মানুষের আয়বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য নিরসন এবং দারিদ্র্য-পরবর্তী উন্নয়নকে প্রাধান্য দেয়। কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তার চিকিৎসা ব্যয় মেটাতে মানুষের নিজের পকেট থেকে যে পরিমাণ ব্যয় করতে হয়, তা তাদের আয়ক্ষয়ের অন্যতম প্রধান কারণ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দেশব্যাপী প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করতে হবে। এ লক্ষে পিকেএসএফ পূর্ববর্তী বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের আওতায় বাস্তবায়িত স্বাস্ব্যসেবা সংক্রান্ত কাজের অভিজ্ঞতার আলোকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। এরই অংশ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।” স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আহমেদ এহসানূর রহমান বলেন, “স্বাস্থ্যসেবাকে রাজনৈতিক অঙ্গীকারের অংশ করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকারকে আইন প্রণয়ন করে এ অধিকার নিশ্চিত করতে হবে। আইনে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে রাষ্ট্র নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কী ভূমিকা নেবে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, “বর্তমানে তিন বছরের শিশুও স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে; ৩০-৩৫ বছর বয়সী মানুষ ডায়াবেটিসে ভুগছে; এগুলো জনস্বাস্থ্যের জন্য অশনিসংকেত। এর জন্য দায়ী অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, জীবনাচরণ এবং মাদকের অপব্যবহার। এ সমস্যা সমাধানে স্কুলভিত্তিক সচেতনতামূলক প্রচার কার্যক্রম জরুরি, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যবান্ধব সমাজ গঠনে সহায়ক হবে।” ওয়াটারএইড’র আঞ্চলিক পরিচালক ড. খায়রুল ইসলাম বলেন, “বিপর্যয় সৃষ্টিকারী অসুস্থতা দরিদ্র মানুষকে আবারো দারিদ্র্যের চক্রে ফেলে দেয়। বর্তমানে বাংলাদেশে ব্যক্তিগত খরচে স্বাস্থ্যব্যয়ের হার ৭৩ শতাংশ, যা তাদের দারিদ্র্য নিরসনে বড় বাধা।” আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ডা. মোহাম্মদ আব্দুস সবুর বলেন, “সঠিক জীবনাচরণ, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ এবং পরিবেশবান্ধব আবাসন নিশ্চিতের মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যা আমাদের বিপর্যয় সৃষ্টিকারী রোগব্যাধি থেকে সুরক্ষিত রাখবে।” সভায় পিকেএসএফ’র স্বাস্থ্য ও পুষ্টি সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে কার্যকর সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেনÑ বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের সভাপতি ড. এস. কে. রয়, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসের (সিদীপ) নির্বাহী পরিচালক মিফতা নাইম হুদা।