স্কোয়াড ঘোষণা: এশিয়া কাপের দলেও নেই বাবর ও রিজওয়ান

স্কোয়াড ঘোষণা: এশিয়া কাপের দলেও নেই বাবর ও রিজওয়ান দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি দলের বাইরে থাকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে এশিয়া কাপের দলেও রাখেনি পাকিস্তান। চোট কাটিয়ে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান ফাখার জামান। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য রোববার ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এই দল নিয়েই এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। পাকিস্তানের জার্সিতে বাবর সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচ দেশের হয়ে রিজওয়ানেরও সবশেষ টি-টোয়েন্টি। এরপর আরও চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। কিন্তু কোনোটিতেই সুযোগ পাননি অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। দেশের হয়ে এখন পর্যন্ত ১২৮ টি-টোয়েন্টি খেলে তিন সেঞ্চুরি ও ১২৯.২২ স্ট্রাইক রেটে চার হাজার ২২৩ রান করেছেন বাবর। পাকিস্তানের হয়ে সাড়ে তিন হাজার রানও করতে পারেননি আর কেউ। ১০৬ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১২৫.৩৭ স্ট্রাইক রেটে তিন হাজার ৪১৪ রান নিয়ে তালিকায় দুইয়ে রিজওয়ান। হ্যামস্ট্রিংয়ের চোটে সবশেষ ওয়েস্ট ইন্ডিজে সফরের মাঝপথে ছিটকে যান ফাখার। এশিয়া কাপে তাকে পাওয়া নিয়ে শুরুতে কিছুটা সংশয় জেগেছিল। সেই সমস্যা কাটিয়ে উঠেছেন বিস্ফোরক ব্যাটসম্যান। গত জুলাইয়ে বাংলাদেশ সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ পান সালমান মির্জা। এই সংস্করণে তিন ম্যাচে সাত উইকেট নেওয়া বাঁহাতি পেসারকে ফেরানো হয়েছে এশিয়া কাপের দলে। আরেক পেসার মোহাম্মদ ওয়াসিমকেও ফেরানো হয়েছে। পাকিস্তানের হয়ে গত জানুয়ারিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই সংস্করণে ২৯ ম্যাচ খেলে নিয়েছেন ৩৬ উইকেট। আগামী ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান। এক দিন পর তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। গ্রুপ পর্বে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলের শেষ প্রতিপক্ষ স্বাগতিক আরব আমিরাত, ১৭ সেপ্টেম্বর। এশিয়া কাপের ঠিক আগে আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ২৯ অগাস্ট আফগানদের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। আগামী ৭ সেপ্টেম্বর শেষ হবে এই সিরিজ। এশিয়া কাপের পাকিস্তান দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাখার জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (কিপার), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

একনেকে ১১ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা

একনেকে ১১ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা। রোববার (১৭ আগস্ট) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ; আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। পরিকল্পনা উপদেষ্টার কার্যালয় জানায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৬১ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ৬৭৭ কোটি টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ৩টি প্রকল্প রয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প; বাপবিবোর বিদ্যমান শিল্পসমৃদ্ধ এলাকার ৩৩/১১ কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প; বিএমআর অব কেরু অ্যান্ড কোং (বিডি) লি. (২য় সংশোধিত) প্রকল্প; রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন প্রকল্প; ৫টি নির্ধারিত মেডিকেল কলেজ হাসপাতালে (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প; ঢাকার আজিমপুর সরকারি কলোনির ভেতরে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ (জোন-সি) প্রকল্প; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প; ঢাকা এনভায়রনমেন্টাল সাসটেনেবল ওয়াটার সাপ্লাই (তৃতীয় সংশোধিত) ও বান্দরবান পৌরসভা এবং বান্দরবান জেলার ৩টি উপজেলা সদরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প; চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প; উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (দ্বিতীয় পর্যায়) (প্রস্তাবিত প্রথম সংশোধিত) প্রকল্প। সভায় পরিকল্পনা উপদেষ্টার নিজস্ব ক্ষমতাবলে এরইমধ্যে অনুমোদিত ৯টি প্রকল্প সর্ম্পকে একনেক সদস্যদের অবহিত করা হয়। প্রকল্পগুলো হচ্ছে- ১. হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন (২য় সংশোধিত), ২. রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্বাপন (১ম সংশোধিত) প্রকল্প, ৩. বরগুনা জেলার ২টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৪. তিন পার্বত্য জেলায় দুর্যোগ ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প, ৫. লাঙ্গলবন্দ মহাষ্টমী পুণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত), ৬. তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত), ৭. সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প, ৮. কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়) (১ম সংশোধিত), ৯. বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতা (২য় সংশোধিত) প্রকল্প।

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে ইরান-সমর্থিত হুতিদের ব্যবহৃত একটি জ্বালানি অবকাঠামো স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, হাজিজ পাওয়ার স্টেশন এই হামলার লক্ষ্য ছিল। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনী ইয়েমেনের গভীরে একটি জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে, যা হুতি সন্ত্রাসী শাসনের সেবা দিচ্ছিল।’ তবে বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কোন স্থাপনাটি লক্ষ্যবস্তু ছিল, তা উল্লেখ করা হয়নি। হুতিদের আল-মাসিরা টিভি একটি সিভিল ডিফেন্স সূত্রের বরাতে জানিয়েছে, সানার দক্ষিণে অবস্থিত হাজিজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: ফ্রান্স-২৪, আল-মাসিরা টিভি, টাইমস অব ইসরায়েল।

মেসির গোল, ইন্টার মায়ামির জয়

মেসির গোল, ইন্টার মায়ামির জয় স্কোয়াডে নাম থাকলেও শুরুর একাদশে ছিলেন না মেসি। অপেক্ষার অবসান দ্বিতীয়ার্ধের শুরুতেই। তাকে পেয়ে বেড়ে যায় দলের খেলার ধার। কিন্তু গোল হচ্ছিল না। শেষ পর্যন্ত তার একটু জাদুর ছোঁয়াতেই দূর হলো দলের দুর্ভাবনা। একটু পর তার আরেকটি জাদুকরি মুহূর্ত নিশ্চিত করে দিল দলের জয়। চোট কাটিয়ে তিন ম্যাচ পর মাঠে ফিরেই ইন্টার মায়ামির জয়ের নায়ক মেসি। মেজর লিগ সকারে তার দল ৩-১ গোলে হারাল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে।রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে গ্যালাক্সিকে আতিথ্য দেয় মায়ামি। ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের দিক থেকে অনেক এগিয়ে ছিল লিওরা। প্রথমার্ধের শেষ দিকে জর্ডি আলবার গোলে এগিয়ে যায় দলটি। ১-০ তে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। খানিক পর জোসেপের গোলে স্কোরলাইনে সমতা টানে গ্যালাক্সি। ম্যাচের ৮৪ মিনিটে ডি পলের পাস থেকে জালে বল জড়ান লিও। ১৯ গোল নিয়ে মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে এখন এলএমটেন। পাঁচ মিনিট পর মৌসুমের দশম অ্যাসিস্ট আসে রেকর্ড আটবারের বর্ষসেরার পা থেকে। মেসির অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ৪৫ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো মায়ামি। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার লিগ কাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টাইগ্রেসের মুখোমুখি হবে মেসি-সুয়ারেজরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর

রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার (১৭ আগস্ট) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খলিলুর রহমান বলেন, এই সম্মেলন হলো রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটি স্থায়ী সুযোগ। আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা-আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, এসব আমরা সেখানে নিয়ে যেতে চাই। এ সময়, সম্মেলনটির প্রস্তুতি হিসেবে আগামী ২৫শে আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, কক্সবাজারের সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশবিশেষ। এই সম্মেলনটি রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথনির্দেশিকা দেয়ার একটি বড় সুযোগ। ড. খলিলুর রহমান আরও বলেন, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সাড়া পাওয়া যায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করে। উল্লেখ্য, বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে।

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ জুলাই সনদের পূর্ণাঙ্গ, সমন্বিত ও সংশোধিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। খসড়াটি সম্পর্কে যে কোনো মতামত আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দিতে হবে। গতকাল (শনিবার) রাতে জাতীয় ঐকমত্য কমিশন থেকে এ তথ্য জানানো হয়। খসড়া সনদটি পর্যালোচনা করে দেখা যায়, এতে একটি পটভূমি, সংস্কার কমিশনসমূহ গঠন, জাতীয় ঐকমত্য কমিশন গঠন ও এর কার্যকলাপের সংক্ষিপ্ত পরিচিতি, ঐকমত্যে উপনীত হওয়া বিষয়সমূহ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আট দফা অঙ্গীকারনামা রয়েছে। পটভূমিতে বলা হয়েছে, ‘১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে সংঘটিত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, দীর্ঘ ৫৩ বছরেও তা অর্জন করা যায়নি। কারণ, শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক পদ্ধতি ও সংস্কৃতি বিকাশের ধারা বারবার হোঁচট খেয়েছে।’ বিগত ফ্যাসিবাদী সরকারের নানা কর্মকাণ্ড উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, ‘বিগত ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন একটি দলীয় সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ক্রমান্বয়ে অবশিষ্ট গণতান্ত্রিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী চরিত্র ধারণ করতে থাকে। তারা রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের গণতান্ত্রিক ও মানবাধিকার হরণ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, খুন, নিপীড়ন-নির্যাতন, মামলা, হামলার মাধ্যমে একটি নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাস ও ভীতির রাজত্ব কায়েম করে।’ খসড়ায় সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশোধনের ক্ষেত্রে গণভোট, জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্তকরণ, জরুরি অবস্থাকালীন সময়ে নাগরিকের জীবনের অধিকার ও ৩৫ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারসমূহ খর্ব না করা, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে না থাকা, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বারই হোক সর্বোচ্চ ১০ বছর থাকতে পারবেন এবং প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একইসঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না – এই বিধান সংবিধানে যুক্তকরণ- ইত্যাদি বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে। এতে আরও বলা হয়েছে, ‘মেয়াদ অবসানের কারণে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙ্গে যাওয়ার পরবর্তী নব্বই (৯০) দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের ৫৮ (খ) সংশোধনপূর্বক সংসদের মেয়াদ অবসান হওয়ার ১৫ দিন পূর্বে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙ্গে গেলে ভঙ্গ হওয়ার পরবর্তী পনের (১৫) দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে অনধিক ৯০ দিন। তবে দৈব-দুর্বিপাকজনিত কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আরও সর্বোচ্চ ৩০ দিন দায়িত্ব পালন করতে পারবে।’ রাষ্ট্রভাষা, নাগরিকত্ব ও সংবিধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত, আইনসভা, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ের মোট ৮৪টি প্রস্তাবিত দফা উল্লেখ করে এতে সুনির্দিষ্টভাবে ঐকমত্য, ও নোট অভ ডিসেন্টসহ কোন রাজনৈতিক দলের কি মতামত সেটি উল্লেখ করা হয়েছে। সবশেষে রয়েছে ‘জুলাই জাতীয় সনদ,২০২৫’ বাস্তবায়নের আট দফা অঙ্গীকারনামা। অঙ্গীকারনামার শুরুতেই বলা হয়েছে, ‘যেহেতু বাংলাদেশের সাংবিধানিক কনভেনশনের অংশ হিসেবে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোনো সংবিধান না থাকা সত্ত্বেও ওই সময়ের সব কার্যাবলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৭২ সালের সংবিধানে সন্নিবেশিত করে এর আইনি ও সাংবিধানিক বৈধতা প্রদান করা হয় এবং একইভাবে যেহেতু ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানোত্তর সময়ে প্রধান বিচারপতি পদত্যাগ করে উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ, অতঃপর অস্থায়ী রাষ্ট্রপতি পদের দায়িত্ব গ্রহণ এবং পরবর্তীকালে প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়া সংক্রান্ত কোনো আইনি কাঠামো না থাকা সত্ত্বেও রাজনৈতিক দল ও জোটসমূহের রূপরেখা ও অঙ্গীকারের ভিত্তিতে ওই ধরনের কার্যাবলীকে বৈধতা দিয়ে পরবর্তী সংসদ গণ-অভ্যুত্থানে প্রদত্ত জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সাংবিধানিক কনভেনশন এবং গণতন্ত্রকে সংহত করে; সুতরাং উল্লেখিত গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাবোধ এবং সাংবিধানিক কনভেনশন বজায় রেখে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে স্বাক্ষরকারীরা এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন।’ সমন্বিত খসড়ায় থাকা অঙ্গীকারগুলো হলো- ১) জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন-আকাঙ্ক্ষা প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসাবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। ২) এই রাষ্ট্রের মালিক জনগণ; তাদের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের অভিপ্রায় প্রতিফলিত ও প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। এমতাবস্থায় আমরা রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে দীর্ঘ আলাপ-আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট ও সর্বোচ্চ অভিব্যক্তি হিসাবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রণয়ন করেছি বিধায় এই সনদের সকল বিধান, নীতি ও সিদ্ধান্ত সংবিধানে অন্তর্ভুক্তকরণ নিশ্চিত করব এবং বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেই ক্ষেত্রে এই সনদের বিধান/প্রস্তাব/সুপারিশ প্রাধান্য পাবে। ৩) এই সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকবে। ৪) ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ ’-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা, কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। ৫) ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্রব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব/সুপারিশ লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করব। ৬) আমরা ঐকমত্যে স্থির হয়েছি যে, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত; ২০২৪ সালের অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। ৭) আমরা সম্মিলিতভাবে ঘোষণা করছি যে, রাষ্ট্র ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে ব্যবস্থা নিশ্চিত করবে। ৮) আমরা এই মর্মে একমত যে, জুলাই জাতীয় সনদ ২০২৫ এর যে সকল প্রস্তাব/সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, জুলাই জাতীয় সনদের আইনী বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং তা বাস্তবায়নের পদ্ধতি কী হবে তার উপায় খুঁজে বের করার লক্ষ্যে বিশেষজ্ঞজনের সাথে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এদের মধ্যে রয়েছেন দেশ-বিদেশের সংবিধান ও আইন বিশেষজ্ঞরা।

গোমস্তাপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

গোমস্তাপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে ৬ বছর বয়সী মায়া খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার দুপুর আড়াইটার দিকে রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের পার্শ্ববর্তী বিলে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের বাসিন্দা এজাবুলের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে শিশু মায়া খাতুন বাড়ির পাশে বিলের পানিতে পরিবারের অগোচরে পড়ে যায়। বেলা আড়াইটার দিকে ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে শিশুটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনা গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউপি) মামলা হয়েছে।

গোমস্তাপুরে দুই মাদ্রাসা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

গোমস্তাপুরে দুই মাদ্রাসা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডুবার মোড় শেফালী বেগম মহিলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ওই মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিক্ষার্থীরা হলেন— উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা (১০)। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে ওই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। জানতে পেরে মাদ্রাসা শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। ওই মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী অন্যদিনের মতো একসাথে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষিকা তাদের হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবদুল আলিম জানান, মারা যাওয়াদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরে মারা যায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, ওই দুই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষধর সাপে কেটে মারা যেতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই আসল ঘটনা জানা যবে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দায় পানি কমলেও বাড়ছে পুনর্ভবায়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দায় পানি কমলেও বাড়ছে পুনর্ভবায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা ও মহানন্দা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। পদ্মায় কমেছে ৯ সেন্টিমিটার আর মহানন্দায় কমেছে ১ সেন্টিমিটার । তবে পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ৫ সেন্টিমিটার। এদিকে পদ্মায় পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। তা ছাড়া স্বাস্থ্য ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। বন্যার পানিতে চরাঞ্চলের প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়ে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দি হয় হাজার হাজার পরিবার। চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান বন্ধ হয়ে যায়। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েন গ্রামবাসী। এখনো মানবেতর জীবনযাপন করছেন চরাঞ্চলের মানুষ। অধিকাংশ টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২১.৭২ মিটার; যা শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ২১.৬৩ মিটার। অন্যদিকে গত শুক্রবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৯.৭৯ মিটার; যা ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৮ মিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.০১ মিটার; যা  শনিবার সকাল ৯টা পর্যন্ত ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ২০.০৬ মিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলাশহরের শিবতলা চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সভাপতি বাসুদেব নন্দী, ইসকন প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক নরোত্তম দাস। অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের ওপর বক্তব্য দেন রাজশাহী সরকারি সিটি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জয়কুমার দাস। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল। পরে দুপুর ১২টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। এসময় মন্দির থেকে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ নানান বাদ্যযন্ত্র সহকারে অংশ নেন। অনেকের হাতেই শোভা পাচ্ছিল শ্রীকৃষ্ণের প্রতিকৃতি। কেউ কেউ আবার এসেছিলেন রাধা-কৃষ্ণের বেশে। তবে শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। শেষে বিভিন্ন সাজে সজ্জিত শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় শোভাযাত্রাটি শিবগঞ্জ শ্রী শ্রী রক্ষা কালী মন্দির থেকে শুরু হয়ে রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। আলোচনায় অংশগ্রহণ করেন— শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলী, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী গৌর কৃষ্ণ পাল, যুগ্ম আহ্বায়ক সুশান্ত সাহা রাজু ও সদস্য সচিব আশীষ কুমার বাড়ালা। এ সময় যুগ্ম সদস্য সচিব সঞ্জয় কুমার দাস, ডা. তড়িৎ কুমার সাহা, বিদ্যুৎ পালসহ শিবগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। নাচোল: নাচোল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।। আজ সকালে নাচোল বাজার কেন্দ্রীয় মন্দিরে শুভজন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দিবসটি উপলক্ষে পথ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।