ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়, স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়, স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। দেওয়া হয় গার্ড অব অনার। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন ভুটানের প্রধানমন্ত্রী এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থী খাতায় স্বাক্ষর করবেন। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ, নিশ্চিত প্রথম পদক

নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ, নিশ্চিত প্রথম পদক চলমান নারী কাবাডি বিশ্বকাপে আজ শনিবার (২২ নভেম্বর) সকালে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে থাইল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করল সেমিফাইনালের টিকিট। তাতে নিশ্চিত হলো নারী বিশ্বকাপের ইতিহাসে দেশের প্রথম পদকও। ঢাকায় চলমান আসরের শুরু থেকেই পদকের প্রত্যাশার কথা জানিয়ে আসছিলেন বাংলাদেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর থাইল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমে সেমিফাইনাল এবং পদক নিশ্চিত করার পর লাল-সবুজ শিবিরে ছিল উচ্ছ্বাস। দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দর্শকদের অভিবাদনের জবাব দিলেন লাল-সবুজ পতাকা নেড়ে। থাইল্যান্ড টস জিতে রেইড বেছে নেয়। থানিয়ালাক বেনরিথ বোনাস পয়েন্ট নিয়ে শুরু করেন। দ্বিতীয় রেইড থেকে শ্রাবণী মল্লিক বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেন। ওটা ছিল বোনাস পয়েন্ট। পরের রেইডে শ্রাবণী একজনকে আউট করেন। শুরু থেকে এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো লিড এনে দেন মেইবি চাকমা। ম্যাচ চলতে থাকে সমান তালে। রেখা আক্তারি ট্যাকল করতে গিয়ে পয়েন্ট দেন, ফিরতি রেইড থেকে পয়েন্ট নিয়ে আসেন বৃষ্টি বিশ্বাস। নবম মিনিটে ইনজুরি নিয়ে ম্যাট ছাড়েন বাংলাদেশি রেইডার শ্রাবণী মল্লিক। ১১-১১ সমতা থেকে বৃষ্টি এক রেইডে দুইজনকে আউট করেন, লিড পায় বাংলাদেশ। ১৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অলআউট করে বাংলাদেশ, এগিয়ে যায় ১৮-১৩ পয়েন্টে। সময়ের সঙ্গে অধিপত্য বাড়তে থাকে বাংলাদেশের। এই সময় রেইড এবং ট্যাকল; দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখায় লাল-সবুজরা। দ্বিতীয়বারের মতো থাইল্যান্ডকে অলআউট করে ৩১-১৮ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষদিকে থাইল্যান্ড মরিয়া হয়ে লড়াই করেছে বটে, তা হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। ৪০-৩১ পয়েন্টের জয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো পদক নিশ্চিত করল বাংলাদেশ।
ভারতের জন্য সহজ গ্রুপিং, ডেথ গ্রুপে শ্রীলঙ্কা-বাংলাদেশ

ভারতের জন্য সহজ গ্রুপিং, ডেথ গ্রুপে শ্রীলঙ্কা-বাংলাদেশ আগামী বছরের শুরুর দিকে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও আইসিসি আগামী ২৫ নভেম্বর মুম্বাইয়ে আনুষ্ঠানিক ড্র ও গ্রুপিং প্রকাশ করবে। তবে প্রকাশিত গ্রুপিংয়ে দেখা যাচ্ছে- ভারত ও শ্রীলঙ্কা; দুই সহ-আয়োজক দল সম্পূর্ণ ভিন্ন ধরনের গ্রুপিং পেয়েছে। আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতকে রাখা হয়েছে তুলনামূলক সহজ গ্রুপে। পাকিস্তানও চাইলে একই দাবি করতে পারে। তবে শ্রীলঙ্কা নিজেদের ভাগ্যকে এতটা সহায়ক মনে নাও করতে পারে। একই কথা বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জন্যও প্রযোজ্য। আইসিসি র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে থাকা শ্রীলঙ্কাকে পড়তে হয়েছে তিনটি শক্তিশালী টেস্ট খেলুড়ে দেশ অস্ট্রেলিয়া (২), জিম্বাবুয়ে (১১) ও আয়ারল্যান্ডের (১২) গ্রুপে। এর বাইরে আছে ওমান (২০)। সব মিলিয়ে এটি একেবারেই ‘গ্রুপ অব ডেথ’ বলা যায়। অন্যদিকে, ভারতের গ্রুপটি বেশ সহজ। এখানে টেস্ট খেলুড়ে দল কেবল ভারত ও পাকিস্তান (৭)। বাকি তিন দল হলো- নেদারল্যান্ডস (১৩), নামিবিয়া (১৫) ও যুক্তরাষ্ট্র (১৮)। গ্রুপ পর্ব থেকে দুটি দল সুপার এইটে উঠবে। সে হিসেবে ভারত-পাকিস্তানের যাত্রা খুব বেশি জটিল হওয়ার কথা নয়। তাদের মধ্যকার বহুল প্রতীক্ষিত লড়াইটি হবে টুর্নামেন্টের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে ১৫ ফেব্রুয়ারি। তবে এই গ্রুপেও সতর্কবার্তা থাকছে। কারণ, ২০২৪ আসরে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছেই হেরে গিয়েছিল। মোট চারটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। আর কয়েকটি গ্রুপেও দেখা যাচ্ছে কঠিন পরিস্থিতি। উদাহরণ হিসেবে ইংল্যান্ড (৩) ও ওয়েস্ট ইন্ডিজ (৬); দুই সাবেক চ্যাম্পিয়ন একই গ্রুপে পড়েছে বাংলাদেশের (৯) সঙ্গে। উপমহাদেশে বাংলাদেশ যে ভয়ংকর প্রতিপক্ষ, তা সবাই জানে। এই গ্রুপে আরও আছে নেপাল (১৭) এবং ২৮তম স্থানে থাকা ইতালি। পরের রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। রানার্স-আপ দক্ষিণ আফ্রিকাও (৫) কঠিন পরীক্ষার মুখে। পরের রাউন্ডে উঠতে হলে তাদের অন্তত নিউ জিল্যান্ড (৪) বা আফগানিস্তান (১০) যে কোনো একটিকে হারিয়ে এগোতে হতে পারে। কারণ, গ্রুপের বাকি দুই দল সংযুক্ত আরব আমিরাত (১৬) ও কানাডা (১৮)। ভারতের ম্যাচসূচি ও ভেন্যু: ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তাদের প্রতিপক্ষ নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডস। পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী ভারত–পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোয়। এছাড়া ভারতের বাকি ম্যাচগুলোর জন্য মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি ও আহমেদাবাদ বরাদ্দ করা আছে। শ্রীলঙ্কায় ম্যাচ হবে কলম্বোর দুই আন্তর্জাতিক ভেন্যু ছাড়াও ক্যান্ডিতে। ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারিত আছে আহমেদাবাদ। তবে পাকিস্তান ফাইনালে উঠলে পরিবর্তন আসতে পারে। সেমিফাইনালের ম্যাচগুলো আয়োজনের দৌড়ে আছে মুম্বাই ও কলকাতা। অন্যদিকে শ্রীলঙ্কায় সেমিফাইনাল ও ফাইনালের সম্ভাব্য ভেন্যু হিসেবে শর্টলিস্ট করা হয়েছে কলম্বোকে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার এইটে। সেখান থেকে শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে। এরপর হবে ফাইনাল।
ট্রাম্পের প্রস্তাব নিয়ে জি-২০ সম্মেলনে আলোচনায় বসছে ইউক্রেনের মিত্ররা

ট্রাম্পের প্রস্তাব নিয়ে জি-২০ সম্মেলনে আলোচনায় বসছে ইউক্রেনের মিত্ররা ইউক্রেনের মিত্র দেশগুলো দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর জন্য মার্কিন পরিকল্পনাকে ‘শক্তিশালী’ করার চেষ্টা করবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এ ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে সতর্ক করার একদিন পর এই শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। জেলেনস্কি গতকাল শুক্রবার সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের জন্য যে শান্তি পরিকল্পনা আনা হয়েছে, তা রাশিয়ার অনুকূলে যাবে। তিনি বলেন, তার দেশ এখন ইতিহাসের ‘সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর’ একটির মুখোমুখি। মার্কিন প্রস্তাব মেনে নিলে ইউক্রেনকে আত্মমর্যাদা হারাতে হবে, না মেনে নিলে দীর্ঘদিনের মিত্র (যুক্তরাষ্ট্র) হারানোর ঝুঁকি নিতে হবে। ট্রাম্পের প্রস্তাবের বিস্তারিত ফাঁস হওয়ার জেলেনস্কি শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ফ্রান্স ও জার্মানির নেতাদের সাথে ফোনে আলোচনা করেছেন। পরে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, ইউক্রেনের বন্ধু ও অংশীদাররা ‘চিরকালের জন্য স্থায়ী শান্তি’ নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেউই জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না। হোয়াইট হাউজের শান্তি পরিকল্পনায় এমন কিছু প্রস্তাব রয়েছে যা কিয়েভ এর আগে বাতিল করে দিয়েছিল। যেমন: ইউক্রেনের পূর্বাঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া, ইউক্রেনের সেনাবাহিনীর আকার কমানো এবং ন্যাটোতে যোগদান না করার প্রতিশ্রুতি দেওয়া। ওয়াশিংটন কিয়েভকে শান্তি পরিকল্পনাটি গ্রহণের জন্য চাপ দিচ্ছে। গত সপ্তাহের শেষের দিকে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করার জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগণের শীর্ষ কর্মকর্তারা ইউক্রেন সফর করেছেন।
নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সেলুন উদ্বোধন ও উপকরণ বিতরণ

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সেলুন উদ্বোধন ও উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্য উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ৩টি মুক্তি সেলুন উদ্বোধন ও উপকরণ বিতররণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসেডো’র মুক্তি-২ প্রকল্পের আয়োজনে ও ট্রেডক্র্যাফ্ট এক্সচেঞ্জ’র আর্থিক সহযোগিতায় নাচোল ইউনিয়নের বাঘরাইল বাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রশিক্ষিত উদ্যোক্তাদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য বরাদ্দকৃত মুক্তি সেলুনের উদ্বোধন ও পাঁচটি পেশাভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ১২৬ জন উদ্যোক্তার মধ্যে স্বাবলম্বী উপকরণ বিতরণ করেন নাচোল ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম। সংস্থার অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাপক আজাহার আলীর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ ও সংস্থার গণস্বাক্ষরতা প্রকল্পের সভাপতি যতীন হেমরম। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন— টুম্পা মুখার্জী ও স্মৃতি রাণী। মুক্তি ও স্বাবলম্বী করার লক্ষে সংস্থার মুক্তি-২ প্রকল্পের আওতায় ২৫ জনকে ইলেকট্রিক অ্যান্ড হাউজ ওয়ারিং, ১৬ জনকে হেয়ার কাটিং (সেলুন), ২৫ জনকে দর্জি, ৩০ জনকে ব্লক বাটিং ও ৩০ জনকে নকশিকাঁথা ছাপানো এবং সেলাই প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হলো। বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অয়োজিত প্রথম সেমিফাইনাল আলিনগর স্কুল অ্যান্ড কলেজ ও নাচোল সরকারি কলেজ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হলে টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারের মাধ্যমে ৩-২ গোলে আলিনগর স্কুল অ্যান্ড কলেজ জয়লাভ করে। দিনের অপর সেমিফাইনাল খেলা নবাবগঞ্জ সরকারি কলেজ বনাম প্রসাদপুর কামিল মাদ্রাসা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এ খেলায় নবাবগঞ্জ সরকারি কলেজ ১-০ গোলে জয়লাভ করে। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনলে নবাবগঞ্জ সরকারি কলেজ ও আলিনগর স্কুল অ্যান্ড কলেজ মুখোমুখি হবে। এর আগে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এই টুর্নামেন্টে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করলেন আইনজীবীরা

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করলেন আইনজীবীরা চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল ওদুদ, সরকারি প্রসিকিউটর (জিপি) মোসাদ্দেক হোসেন কাজল। এসময় তাদের সঙ্গে ছিলেন— অতিরিক্ত পিপি হাসান জামিল বাবলু, ময়েজ উদ্দন, ইউনুস মিয়া ফিটু ও আফজাল হোসেন এবং যুগ্ম দায়রা জজ আদালতের এপিপি জহির জামান জনি, ফরহাদ হোসেন মিলন, এপিপি আযাদ, মাসুদ রানা, মাশির আলি, এজিপি নাহিদ ইবনে মিজান ও রহিমা খাতুন। সাক্ষাতকালে প্রসিকিউশন বিষয়ে আলাপ-আলোচনা হয়।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে জেলা হাসপাতালে একজন রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭২২ জন।
সারা দেশে মোবাইল বিক্রির দোকান খুলল

সারা দেশে মোবাইল বিক্রির দোকান খুলল রাজধানী ঢাকাসহ সারা দেশের মোবাইল মার্কেটগুলো আজ বৃহস্পতিবার সকাল থেকে খুলেছেন ব্যবসায়ীরা। গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে থাকা স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকে গতকাল বুধবার সন্ধ্যায় ছেড়ে দেওয়ার পর দোকান খোলার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। এর আগে গতকাল সকালে সংবাদ সম্মেলন করে সারা দেশে মোবাইল বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দেয় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন। মোবাইল মার্কেটের ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার রাতে এমবিসিবির সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকে ডিবি পুলিশ আটক করার প্রতিবাদে মোবাইল বিক্রেতারা মোবাইল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। গতকাল সন্ধ্যায় আবু সাঈদ পিয়াসকে ডিবি ছেড়ে দেওয়ার পর আমরা আজ স্বাভাবিকভাবেই প্রতিদিনের মতো সব মোবাইল মার্কেটের দোকান খোলা হয়েছে। এর ফলে গতকাল দিনভর মার্কেট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়া ক্রেতা ও বিক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন। ডিবির কাছ থেকে ছাড়া পাওয়ার পর আজ আবু সাঈদ পিয়াস গণমাধ্যমে বলেন, ‘আমাকে আটকের উদ্দেশ্য ছিল গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘এনইআইআর বাস্তবায়ন : মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলন ঠেকানো। কিন্তু আমার আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন থেকেই ব্যবসায়ীরা প্রতীকী ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন। যেহেতু গতকাল সন্ধ্যায় আমাকে ডিবি ছেড়ে দিয়েছে, সেহেতু রাতেই মোবাইল ব্যবসায়ীরা আজ থেকে সারা দেশের মোবাইল মার্কেটগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমাকে আটক করে সংবাদ সম্মেলন বন্ধ করার চেষ্টা সফল হয়নি।
ফিলিপাইনে ‘চীনা গুপ্তচর’ মেয়রকে যাবজ্জীবন কারাদন্ড

ফিলিপাইনে ‘চীনা গুপ্তচর’ মেয়রকে যাবজ্জীবন কারাদন্ড চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত ফিলিপাইনের সাবেক মেয়র অ্যালিস গুও-কে একটি জালিয়াতি কেন্দ্র পরিচালনার ভূমিকার জন্য মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর), তাকে এবং আরো তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ মিলিয়ন পেসো (৩৩ হাজার ৮৩২ ডলার ) জরিমানা করা হয়েছে। খবর বিবিসির। কর্তৃপক্ষ মেয়র অ্যালিসের ছোট শহর বাম্বানে দেশের বৃহত্তম জালিয়াতি কেন্দ্রগুলোর মধ্যে একটি উদঘাটন করার পর অ্যালিস গুওর মামলাটি বছরের পর বছর ধরে ফিলিপাইনকে আচ্ছন্ন করে রেখেছে। অভিযানের পর প্রায় ৮০০ ফিলিপিনো এবং বিদেশিকে জালিয়াতির কেন্দ্র থেকে উদ্ধার করা হয়। এরপর গুওর বিরুদ্ধে অনলাইন ক্যাসিনোর আড়ালে জালিয়াতি কেন্দ্র এবং মানব পাচার সিন্ডিকেট পরিচালনার অভিযোগ আনা হয়। ফিলিপাইন কর্তৃপক্ষ গত জুলাই মাসে অ্যালিস গুওর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত শুরু করে। ৩৫ বছর বয়সী এই নারী এরপর কয়েক সপ্তাহ পলাতক থাকার পর গত ৪ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছিলেন, তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আপিল করতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। গুওর বিরুদ্ধে এখনও পাঁচটি মামলা চলমান রয়েছে, যার মধ্যে একটিতে তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ২০২২ সালে, গুও রাজধানী ম্যানিলার উত্তরে অবস্থিত বাম্বানের মেয়র নির্বাচিত হন। বাম্বানের বাসিন্দারা আগে বিবিসিকে বলেছিলেন যে, তিনি একজন যত্নশীল ও সহানুভূতিশীল নেতা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ২০২৪ সালে, কর্তৃপক্ষ সেখানে একটি বড় জালিয়াতি কেন্দ্র উদঘাটন করার পর নীরব শহরটি জাতীয় আলোচনায় আসে। গুও প্রথমে ওই জায়গা সম্পর্কে তার সমস্ত জ্ঞান অস্বীকার করেছিলেন, কিন্তু পরবর্তীতে সিনেটের তদন্তে তার অফিসের কাছে অবস্থিত আট হেক্টর কেন্দ্রটি সনাক্ত করতে তার অক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। পরে জানা যায় যে কম্পাউন্ড- যার মধ্যে ৩৬টি ভবন ছিল- গুওর পূর্বে মালিকানাধীন জমিতে নির্মিত হয়েছিল। কর্তৃপক্ষ গুওর জীবন কাহিনীতেও অসঙ্গতি খুঁজে পেয়েছে। গুও দাবি করেছিলেন, তিনি ফিলিপাইনে জন্মগ্রহণ করেননি, বরং কিশোর বয়সে তার পরিবারের সাথে চীন থেকে চলে এসেছিলেন। পরে তদন্তকারী সংসদ সদস্যরা দেখতে পান যে, তার আঙুলের ছাপ হুয়া পিং নামে একজন চীনা নাগরিকের সাথে মিলে যায়। তাকে দ্রুতই মেয়রের পদ থেকে অপসারণ করা হয়। মামলার আরো বিস্তারিত তথ্য প্রকাশের সাথে সাথে, ২০২৪ সালের জুলাই মাসে তিনি নিখোঁজ হন, যার ফলে তাকে ফিরিয়ে আনার জন্য চারটি দেশে আন্তর্জাতিক অভিযান শুরু হয়। একই বছরের সেপ্টেম্বরে, তাকে ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার করা হয় এবং ফিলিপাইনে প্রত্যর্পণ করা হয়। তার ফিলিপাইনের পাসপোর্টও বাতিল করা হয়। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে ফিলিপাইন ও চীনের বিবাদ অব্যাহত থাকায় গুওর মামলাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফিলিপাইনে মামলাটি ব্যাপক আলোচিত হলেও, অ্যালিসের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে চীন এখনও কোনো মন্তব্য করেনি।