‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য’-রোহিতকে নিয়ে মুখ খুললেন আফ্রিদি

‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য’-রোহিতকে নিয়ে মুখ খুললেন আফ্রিদি সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, এই দু’জনকে দল থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে তা একেবারেই অযৌক্তিক, কারণ তারা এখনো ভারতীয় ওয়ানডে দলের মেরুদণ্ড। টেলিকম এশিয়া স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘বিরাট ও রোহিত ভারতের ব্যাটিংয়ের মূল শক্তি। সাম্প্রতিক ওডিআই সিরিজে তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সহজেই তারা দলকে টেনে নিতে পারবেন। তিনি আরো যোগ করেন, বড় সিরিজগুলোতে এই দুই তারকাকে নিয়মিত খেলানো উচিত। ‘তাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। দুর্বল দলের বিপক্ষে খেললে নতুনদের সুযোগ দিন, আর রোহিত-কোহলিকে বিশ্রাম দিন,’- বলেন আফ্রিদি। গৌতম গম্ভীরকে উদ্দেশ করে আফ্রিদির কটাক্ষও ছিল তীর্যক। ‘গম্ভীর শুরুতে মনে করেছিলেন, তার ভাবনাই সবকিছু। কিন্তু পরে প্রমাণ হয়েছে, সবসময় তুমি ঠিক নও,’ মন্তব্য করেন তিনি। রোহিত শর্মা তার ওডিআই ছক্কার রেকর্ড ভাঙায় আফ্রিদি আনন্দও প্রকাশ করেন। ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি। আমি রোহিতকে সবসময়ই পছন্দ করেছি, তার হাতে আমার রেকর্ড ভাঙা দেখে ভালো লাগছে,’- বলেন তিনি। রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে রোহিত আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড পেরিয়ে ৩৫৫ ছক্কায় পৌঁছান। আফ্রিদি স্মরণ করেন ২০০৮ সালের আইপিএলে ডেকান চার্জার্সে রোহিতের সঙ্গে তার সময়ও। ‘অনুশীলনে তাকে দেখে বুঝেছিলাম, এই ছেলেটা একদিন ভারতের বড় তারকা হবে। সে এখন বিশ্বমানের ব্যাটার,’ যোগ করেন তিনি।

আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি গণ-অভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করেন। সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দানকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাগণ এসময় অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টা ইউএনওদের উদ্দেশে বলেন, ‘ইতিহাস আমাদের নতুন করে একটি সুযোগ দিয়েছে। অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। এই সুযোগকে কাজে লাগাতে পারলে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারব, আর যদি না পারি তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘এর আগেও আমরা নির্বাচন দেখেছি। বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে, যেকোনো সুস্থ মানুষ বলবে—এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে।’ তিনি বলেন, ‘আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়; বরং একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি ভালোভাবে এই দায়িত্বটি পালন করতে পারি, তাহলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্যও ঐতিহাসিক হবে।’ উপজেলা নির্বাহী অফিসারদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলেই সরকার তার দায়িত্বটি সফলভাবে পালন করতে সক্ষম হবে। আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য ‘ গণভোট সম্পর্কে তিনি বলেন, ‘এর মাধ্যমে আমরা বাংলাদেশটাকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারি। যে নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, তার ভিতটা এর মাধ্যমে গড়তে পারি।’ সদ্য যোগদান করা ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রধান দায়িত্ব হলো একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর নির্বাচন আয়োজন করা।’ তিনি ইউএনওদের নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ভোটারদের বোঝাতে হবে যে আপনারা মন ঠিক করে আসুন—‘হ্যাঁ’-তে দেবেন নাকি ‘না’-তে ভোট দেবেন—মন ঠিক করে আসুন।

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী নিহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী নিহত গোমস্তাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বিকেলে রহনপুর পৌর এলাকার তেতুলমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের সাজাহান আলির ছেলে আশিক আলি ও মৃত আপেল মাহমুদের ছেলে আব্দুল্লাহ নসু। তারা একই গ্রামের বাসিন্দা। দুপুরে বাড়ি থেকে বের হয়ে তারা গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় যাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রাম থেকে প্রতিবেশী আব্দুল্লাহকে নিয়ে আশিক মোটরসাইকেল করে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় যাচ্ছিলেন। পথে রহনপুর পৌর এলাকার তেতুলমোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা পেয়ে চাকার নিচে পড়ে যান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। এদিকে খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারিক ঘটস্থাহলে এসে উপস্থিত হন। ওসি জানান, পুলিশ দুজনের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃতদের পরিবারের লোকজন এসেছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইগতব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল সারা দেশে গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা চারশ ছাড়িয়ে দাঁড়িয়েছে ৪০১ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২১ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৯৮ হাজার ৭০৫ জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের দুইজন ঢাকা দক্ষিণ সিটি সরপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রোগী রয়েছেন। নতুন আক্রান্তেদের মধ্যে পুরুষ রোগী ৬১.৫ শতাংশ এবং নারী ৩৮.৫ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেলেন মোট ৯৬ হাজার ৭৬০ জন।

ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

ভোলাহাটে ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু ভোলাহাট উপজেলায় ট্রলির ধাক্কায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ দুপুর পৌনে ১টার দিকে দলদলী ইউনিয়নের ইসলামপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইসলামপুর গ্রামের আশরাফুলের ছেলে হাসান। স্থানীয়রা জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রলি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। ঘটনার পর ট্রলিচালক পালিয়ে যায় বলে জানা গেছে। ভোলাহাট থানার ওসি একরামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থান তদন্ত করেছেন। সড়ক ও পরিবহন আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। ট্রলিটি আটক করে রাখা হয়েছে। উলে¬খ, একমাসের মধ্যে আড়াই কিলো সড়কের মধ্যেই ৩ জন নিহত ও ৪ জন আহত হয়।

নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা

নাচোলে কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা নাচোল উপজেলার লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য উপজেলা ফোরামের সভাপতি হাফিজুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি ক্লিনিক সদস্য আব্দুল গাফ্ফার, কাইউম, শাহজাদী বেগম, সংরক্ষিত আসনের সদস্য রেবিনা খাতুনসহ অন্য সদস্যরা। বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এই সমন্বয় সভার আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, লক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ কামরুন নাহার, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। বুধবার সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে গণমাধ্যমে জানিয়েছেন ইসি রহমানেল মাসউদ। আজ মঙ্গলবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।’ তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি। তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামীকাল বুধবার বিকেল ৪টার দিকে রেকর্ড করা হবে। এর আগে সিইসি অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন। কমিশন সূত্র আরো জানায়, আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার জাতির উদ্দেশে সিইসির রেকর্ড করা ভাষণ সম্প্রচারের মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। তবে অতীতে সিইসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণার নজির রয়েছে। এবারও তেমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘এরই মধ্যে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে।’ ১০ ডিসেম্বর বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হবে। তবে কখন এই ভাষণ রেকর্ড করা হবে, সে তথ্য তিনি জানাননি। সূত্র জানায়, বিটিভি ও বাংলাদেশ বেতারকে দেওয়া চিঠিতে ভাষণ রেকর্ড করে তাৎক্ষণিকভাবে প্রচারের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

‘পপির জন্য অনেক তো অপেক্ষা করলাম, আর কত’

‘পপির জন্য অনেক তো অপেক্ষা করলাম, আর কত’ তরুণ পরিচালক আরিফুর জামান আরিফ ২০১৮ সালে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামে সিনেমা নির্মাণে হাত দেন। সিনেমাটিতে জুটি হওয়ার কথা ছিল ফেরদৌস ও পপির। মাত্র দুদিনের শুটিংয়ের পরই থেমে যায় পুরো প্রজেক্ট—ফেরদৌস রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন, আর পপি চলে যান আড়ালে। এরপর কেটে গেছে দীর্ঘ সাত বছর। মাস দুয়েক আগে পরিচালক জানান, ফেরদৌসকে সিনেমার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবার একইভাবে বাদ গেলেন নায়িকা পপিও। তাদের জায়গায় কারা আসছেন—এ বিষয়ে এখনো মুখ খুলছেন না এই নির্মাতা। আরিফুর জামান আরিফ বলেন, “কোনো কুল-কিনারা না পেয়েই তাদেরকে সিনেমা থেকে বাদ দিতে হচ্ছে। অনেক তো অপেক্ষা করলাম আর কত! নতুন শিল্পী কারা—প্রশ্ন উঠতেই পরিচালক বলেন, “এই মুহূর্তে বলতে চাচ্ছি না। পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগির জানাতে পারব।” নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের (২০২৬) ১৬ জানুয়ারি থেকে শুরু হবে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’-এর শুটিং। দিনটি নির্বাচন করা হয়েছে বিশেষ কারণে, এদিন বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৮তম মৃত্যুবার্ষিকী। আরিফ বলেন, “এই দিনটিতেই চূড়ান্ত ঘোষণার মাধ্যমে শুটিং শুরু হবে।” প্রসঙ্গত, শরৎচন্দ্রের জীবনদর্শন অবলম্বনে নির্মিত সিনেমাটিতে তার চরিত্রে অভিনয় করছেন গুণী অভিনেতা গাজী রাকায়েত। বাকি চরিত্র ও পূর্ণাঙ্গ তালিকা শিগগির প্রকাশ হবে বলে জানা গেছে।

ফিরেই ভক্তদের ঘুম উড়ালেন কিয়ারা

ফিরেই ভক্তদের ঘুম উড়ালেন কিয়ারা ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি অন্তঃসত্ত্বা হওয়ার পরবর্তী পাঁচ মাস পর্যন্ত শুটিং করেন। প্রথম সন্তানের মা হয়েছেন তা-ও কেটে গেছে আরো পাঁচ মাস। মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দেখা দিলেন এই অভিনেত্রী। আর তার আবেদনময়ী উপস্থিতিতে ঘুম উড়েছে তার ভক্ত-অনুরাগীদের। সোমবার (৮ ডিসেম্বর) সকালে কিয়ারা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে চিরচেনা অঙ্গনে ফেরার আভাস দেন। ক্যাপশনে লিখেন—“পরবর্তী অধ্যায় আরো আগুন হবে। কাজটা করেই ফেলি।” তারপর থেকে অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দেওয়া আভাস বাস্তবে রূপ নেয়। মুম্বাইয়ের একটি শুটিং সেটে আবেদনময়ী রূপে হাজির হয়ে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। এ মুহূর্তের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, মাতৃত্বের পর ওজন ঝরিয়ে একেবারে ছিপছিপে গড়নে ফিরেছেন কিয়ারা। তার পরনে কাঁধখোলা ডেনিম শার্ট আর শর্টসে কিয়ারার চেহারা যেন মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ। অভিনেত্রীর এমন লুকই এখন আলোচনার বিষয়ে রূপ নিয়েছে। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।  একজন লেখেন, “সেক্সি মাম্মি, উফফ! সে নারীত্বকে আলিঙ্গন করেছে।” আরেকজন লেখেন, “সে এখন আরো বেশি আবেদনময়ী।” অক্ষয় লেখেন, “দেখতে চমৎকার লাগছে।” নীতেশ লেখেন, “বাহ, ওকে সত্যিই বিশ্ব সুন্দরীর মতো লাগছে।” শালিনি লেখেন, “উফফফ, এত সুন্দর মাম্মি!” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। তবে কোনো সিনেমার শুটিং দিয়ে নিজ ভুবনে ফিরেননি কিয়ারা আদভানি। গতকাল একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন এই অভিনেত্রী।  কিয়ারা আদভানি ব্যক্তিগত জীবনে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘর বেঁধেছেন। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ এক বিবৃতিতে বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দেন। গত ১৫ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা।

দেশের বাইরে যেতে চান না খালেদা জিয়া

দেশের বাইরে যেতে চান না খালেদা জিয়া শারীরিক অবস্থার সংকটাপন্ন থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে অনীহা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও তিনি নিজ দেশেই চিকিৎসা সেবা অব্যাহত রাখার ইচ্ছাপোষণ করেছেন। গত ২৩ নভেম্বর রাতে অসুস্থ বোধ করলে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এমন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জোর প্রস্তুতি নিচ্ছিল দল পরিবার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। পেশায় চিকিৎসক ডা. জুবাইদা মূলত শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই দেশে ফিরেছেন। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন। তবে বিএনপির ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ডা. জুবাইদা রহমানকে জানিয়েছেন, তার শাশুড়ি চিকিৎসার জন্য দেশ ছাড়তে চান না। তিনি এ দেশেই চিকিৎসা নিতে চান।  সূত্রটি আরও জানায়, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির সময়েও তিনি স্বজন ও চিকিৎসকদের বলেছিলেন, তার শারীরিক অবস্থা খারাপ হলে যেন তাকে দেশের বাইরে নেওয়া না হয়। তিনি দেশের মাটিতেই থাকতে চান। অন্যদিকে, বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে মেডিকেল বোর্ডও তাকে এই মুহূর্তে বিদেশে স্থানান্তরের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা মনে করছেন, দীর্ঘ আকাশপথে ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা বর্তমানে সাবেক এ প্রধানমন্ত্রীর নেই। তাকে এ অবস্থায় দেশের বাইরে নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে একদিকে পরিবারের উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার চেষ্টা এবং অন্যদিকে বেগম জিয়ার ব্যক্তিগত অনিচ্ছা ও মেডিকেল বোর্ডের ঝুঁকি বিষয়ক সতর্কতা- সব মিলিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। আপাতত এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়ার পরিবার।