ব্রাজিল ম্যাচে নেই মেসি

ব্রাজিল ম্যাচে নেই মেসি দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আসন্ন এই দুই ম্যাচের দলে নেই লিওনেল মেসি। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি আজ ২৬ সদস্যের স্কোয়াড দিয়েছেন। যেখানে নেই ইন্টার মায়ামি তারকা। মেসি ছাড়াও প্রাথমিক দলে থাকা আরো ৬ ফুটবলার- গনসালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা নেই দলে। আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেকবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে হবে ম্যাচটি। পরের ম্যাচে ২৬ মার্চ, ব্রাজিলের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়ালতার বেনিতেজ, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, , নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক আলিস্তার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো

ভারতের বিপক্ষে গোল করতে চান হামজা

ভারতের বিপক্ষে গোল করতে চান হামজা এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। দুই দলের লড়াই বেশ হাড্ডাহাড্ডি হয়। এবার সেটি জমজমাট হওয়ার কথা। কারণ এবারের বাংলাদেশ দলে আছেন হামজা চৌধুরী।  ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। দলের সঙ্গে যোগ দিতে আজ দেশে এসেছেন তিনি। নিজের জন্মভূমি সিলেটে আজকের দিনটি পরিবারের সঙ্গে কাটিয়ে আগামীকাল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।  হবিগঞ্জে নিজের বাড়িতে বসেই হামজা জানালেন, ভারতের বিপক্ষে গোল করতে চান তিনি। বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি চাপ। তবে এই ম্যাচের আগে শুধুই নিজেদের নিয়েই ভাবছেন হামজা।  বাংলাদেশ দলে হামজা-ফাহামেদুলের এর মতো ফুটবলার যোগ হওয়ায় ভিন্ন পরিকল্পনা করতে হয়েছে প্রতিপক্ষদের। দলের সেরা তারকা সুনীল ছেত্রী ফিরে এসেছেন অবসর ভেঙে। তবে এসব নিয়ে ভাবছেন না হামজা। তার চোখ শুধু নিজেদের উন্নতির দিকেই। তিনি বলেন, ‘আমরা ভারত নিয়ে ভাবছি না। আমরা খালি আমরার কতা কনসানট্রেট করছি (আমরা শুধু নিজেদের দিকেই মনোযোগ দিচ্ছি। দেখা যাক কিতা হয় (দেখা যাক কী হয়)। ‘ভারতের বিপক্ষে গোল করতে চান কিনা, এমন প্রশ্নের উত্তরে হামজা বলেন, ‘ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ‘ এর আগে বিমানবন্দরে নেমে তিনি বলেন, ‘কোচ কাবরেরার সঙ্গে আমার কথা হয়েছে। (ভারতের বিপক্ষে) ইনশাল্লাহ আমরা জিতব। বাংলাদেশকে নিয়ে কোচ হাভিয়েরের সঙ্গে বড় স্বপ্ন আছে আমার। ইনশাল্লাহ আমরা জিতে উন্নতি করতে পারব। ‘দলের সঙ্গে আগামীকাল যোগ দিলেও আগে থেকেই কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বলে জানিয়েছেন হামজা। তিনি বলেন, ‘আগে থেকেই যোগাযোগ ছিল। সর্বশেষ কয়েক মাস ধরে কোচের সঙ্গে নিয়মিত কথা হয়েছে। জামাল ভূঁইয়ার সঙ্গে কিছু কিছু কথা হইছে আমার। ইনশাআল্লাহ খুব ভালোই হবে। কোচের অধীনে তারা ভালো অনুশীলন করেছে। কোচ আমাকে কিছু বিষয়ে বলেছে। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে,’ যোগ করেন তিনি। পরিশেষে বাংলাদেশ দলের সমর্থকদের উদ্দেশে হামজা বলেন, ‘সবাইরে ভালবাসি, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা। ‘

বলিউডের ‘টাইগার বুড়ো’ হয়ে গেছেন

বলিউডের ‘টাইগার বুড়ো’ হয়ে গেছেন গাড়িতে বসে আছেন সালমান খান। তার দুই কানে দুল। গাল যেন ভেঙে গেছে। মুখের দাড়িতেও পাক ধরেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবিতে এমন দৃশ্য দেখা যায়। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানকে এমন লুকে দেখে নানারকম প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। বলা যায়, আলোচনার ঝড় বইছে। কিষাণ নামে একজন লেখেন, “আমার শৈশবের নায়ক এখন বৃদ্ধ।” আরেকজন লেখেন, “আমাদের বলিউডের টাইগার বুড়ো হয়ে গেছেন।” মকবুল লেখেন, “মেকআপ ছাড়া সালমানের এটাই আসল লুক।” কেউ কেউ বলছেন, “সালমান খান তো দাদাজি হয়ে গিয়েছেন।” আগামী ডিসেম্বরে ষাট বছরে পা দেবেন সালমান খান। তাই অনেকে বলছেন, “৬০ বছরে পা রাখবেন সালমান খান। আর সেই ছাপই চোখেমুখে পড়েছে। যদিও সেই অনুযায়ী আমির বা শাহরুখের বয়স কম বোঝা যায়।” হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খানের পরবর্তী সিনেমা ‘সিকান্দার’। এ সিনেমার শেষ দৃশ্যের শুটিংয়ের পর এমন লুকে ক্যামেরাবন্দি হন সালমান। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে; যা নিয়ে চর্চা চলছে অন্তর্জালে। ‘সিকান্দার’ সিনেমায় ৩০ বছরের ছোট ‘পুষ্পা’ তারকা রাশমিকা মান্দানার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে সালমান খানকে। এটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল আলিম (২৬) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। সোমবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডিত আলিম জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর মুচড়াপাড়ার মোস্তফার ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুরে কাশিপুর সড়কে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল আলিমকে ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাব। ঘটনার পর দিন র‌্যাবের এসআই মো. আকরামুল হক বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস তদন্ত শেষে আলিমকে অভিযুক্ত করে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।

ঈদুল ফিতর : চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ চাল পাচ্ছে দুই লক্ষাধিক অতিদরিদ্র পরিবার

ঈদুল ফিতর : চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ চাল পাচ্ছে দুই লক্ষাধিক অতিদরিদ্র পরিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ২ লাখ ৬ হাজার ৯৭৩ জন দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি বা পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাচ্ছে। এর মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৫৪ হাজার ৮৪৯ জন কার্ডধারীর জন্য ৫৪৮.৪৯০ মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ৭৩ হাজার ৮৩৫ জন কার্ডধারীর জন্য ৭৩৮.৩৫০ মেট্রিক টন, শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৩৩ হাজার ৮০২ জন কার্ডধারীর জন্য ৩৩৮.০২০ মেট্রিক টন, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের ১৭ হাজার ৪৮৮ জন কার্ডধারীর জন্য ১৭৪.৮৮০ মেট্রিক টন চাল, নাচোল পৌরসভার ৩ হাজার ৮১ জন কার্ডধারীর জন্য ৩০.৮১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ভোলাহাট উপেজলার ৪টি ইউনিয়নের ৯ হাজার ৮৭৫ জন কার্ডধারীর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৯৮.৭৫০ মেট্রিক টন চাল। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রটি জানান, চালগুলো এরই মধ্যে কার্ডধারীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। এদিকে আমাদের নাচোল প্রতিনিধি জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গরিব, অসহায় ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে নাচোল পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাaদুস্থ ৩ হাজার ৮১টি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এদিকে নাচোল উপজেলার মোট চারটি ইউনিয়নে ১৭ হাজার ৪৮৮টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসিটি অফিসার সোহেল রানা, পৌর লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব উপস্থিত ছিলেন।

আরএমটিপি ডেইরি প্রকল্প মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষ হলো

আরএমটিপি ডেইরি প্রকল্প মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষ হলো চাঁপাইনবাবগঞ্জে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি-ডেইরি) প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন সোমবার শেষ হয়েছে। গত শনিবার থেকে মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শুরু করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-০১ এর পলশা, নশিপুর, শ্রীরামপুরে অবস্থিত চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় তিনি প্রাণিসম্পদ খাতের আওতায় ভেড়ার পশম দিয়ে তৈরি কম্বল, কৃষি ইউনিটের আওতায় উচ্চমূল্যের ফল উৎপাদন প্রদর্শনী ও মৎস্য ইউনিটের আওতায় পুকুর পরিদর্শনও করেন। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আরএমটিপি ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আকরাম আলী মোল্লা ও আব্দুল্লাহ-আল-কাফি, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ। পরিদর্শনকালে তিনি গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন প্রদর্শনী ও ভার্মি কম্পোস্ট উৎপাদন, দুগ্ধ পণ্য বিক্রয় কেন্দ্র, ঘি উৎপাদন ও ঘাস চাষ প্রদর্শনী পরিদর্শন করেন। পিকেএসএফ’র সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। উল্লেখ্য, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের ভ্যালুচেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ উপপ্রকল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহী সদর, গোদাগাড়ী, পবা ও মোহনপুর উপজেলায় কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পরিষেবা স্বাধীন বাংলাদেশ নির্বাচন কমিশন হতে সবিধিবিদ্ধ নতুন কমিশনে স্থানান্তর পরিকল্পনাকে একটি কুট ষড়যন্ত্র দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৩মার্চ) নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েসনের আয়োজনে জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের সামনের সড়কে কর্মসূচীতে অংশ নেন জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আসাদণজ্জামান,সদর উপজেলা সহকারী নির্বাচন অফিসার সাইফুল্লাহ খালেদ প্রমুখ। কর্মসুচী থেকে এনআইডি ও ভোটর তালিকা ইসির হাতে রেখে তা রক্ষার মাধ্যমে গণতন্ত্র নিশ্চিত করার আহব্বান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লূৎফল হকের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লূৎফল হকের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা লূৎফল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত তিনটার দিকে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট দুখুর মোড় এলাকায় তাঁর বর্তমান বাসস্থানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,২ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। দুপুর আড়াইটায় দুখুর মোড় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজা নামাজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজাহার আলী,শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

কানাডার প্রধানমন্ত্রী পদে কার্নির শপথ শুক্রবার

কানাডার প্রধানমন্ত্রী পদে কার্নির শপথ শুক্রবার কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হওয়া মার্ক কার্নি আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এর মাধ্যমে কানাডায় শেষ হতে চলেছে প্রায় এক দশক ধরে চলা জাস্টিন ট্রুডোর জমানা। বৃহস্পতিবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কানাডার গভর্নর জেনারেল ম্যারি সাইমনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী এবং কানাডিয়ান মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রিডো হলের বলরুমে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। মার্ক কার্নি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হবেন। টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। একইসঙ্গে তিনি দলীয় প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর গত ৯ মার্চ লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা নির্বাচিত করে। নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন দলের প্রধানই কানাডায় সরকারপ্রধান হয়ে থাকেন। সেই হিসাবে, মার্ক কার্নি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হচ্ছেন। কার্নি এমন এক সময়ে কানাডার দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন দেশটি দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে এবং এর ভেতরেই আগামী ২০ অক্টোবরের মধ্যে কার্নিকে একটি সাধারণ নির্বাচনও আয়োজন করতে হবে।  কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া কার্নি ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপকে কানাডিয়ান কর্মী, পরিবার এবং ব্যবসার উপর আক্রমণ হিসেবে অভিহিত করেছেন।

সাত বছর পর ফিরলেন বুবলী

সাত বছর পর ফিরলেন বুবলী সিনেমায় নাম লিখিয়ে যখন জনপ্রিয়তার পালে ডানা মেলেছিলেন ঠিক সেসময় বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। কোহিনূর কেমিক্যালের তিব্বত লাক্সারী সোপের বিজ্ঞাপনে কাজ করেছিলেন ২০১৮ সালে। সে বছরের ৩ মার্চ প্রচারে আসা বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সনক মিত্র। টিভিসিতে বুবলীর নান্দনিক উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছিল। বুবলী মনে করেন এই বিজ্ঞাপনটি তাকে শহর-নগর ছাড়িয়ে গ্রাম বাংলার মানুষের কাছেও রাতারাতি পৌঁছে দিয়েছিল। প্রায় সাত বছর পর আবারও সেই পণ্যের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। সম্প্রতি নির্মিত হয়েছে তিব্বত লাক্সারী সোপের বিজ্ঞাপন। তবে এবার ভারতে নয়, বাংলাদেশেই চিত্রায়িত হয়েছে টিভিসিটি। ভারতের সনক মিত্র এবং তার পুরো টিম বাংলাদেশে এসে বিজ্ঞাপনটি নির্মাণ করে গেছেন। আবারও তিব্বত বিউটি সোপের মডেল হওয়া প্রসঙ্গে বুবলী বলেন, ‘বিশ্বের অনেক বড় তারকারা সাবানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এইসব বিজ্ঞাপনগুলো খুব সহজেই দর্শকের নজর কাড়ে। আমি সাত বছর আগে তিব্বত সাবানের মডেল হয়ে সেই অভিজ্ঞতা পেয়েছি। আশা করছি নতুন বিজ্ঞাপনটি আরও অনেক বেশি আলোচিত হবে।’ এদিকে কিছুদিন আগে বুবলী ‘বিগ প্রোডাকশনস’ নামে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এর। নায়িকা জানান, আগামী কোরবানি ঈদেই তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত নাটক প্রচারে আসবে। এরপর তিনি হাত দেবেন সিনেমা নির্মাণে।