রেকর্ড ৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি

রেকর্ড ৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি রেকর্ড ভাঙাই তার কাজ, কিন্তু এবারের মাইলফলকটি একটু আলাদা। কিংবদন্তি থেকে অবিনশ্বর হয়ে ওঠার পথে মেসি দাঁড়িয়ে আছেন মাত্র এক কদমের দূরত্বে। ইন্টার মায়ামির হয়ে ডিসি ইউনাইটেডের বিপক্ষে গোল করে নিজের পেশাদার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৮৯৯-এ পৌঁছে গেছেন মেসি। অর্থাৎ ৯০০ গোলের ঐতিহাসিক সীমা স্পর্শ করতে এখন তার প্রয়োজন মাত্র একটি গোল। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। রেকর্ড ৭২ হাজার ৫৬ জন দর্শকের সামনে হওয়া এই ম্যাচে গোল করেন মেসি ও তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পল। ম্যাচের প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। গোলটি ছিল তার স্বভাবসিদ্ধ দক্ষতার এক নিখুঁত উদাহরণ। গোলরক্ষক শন জনসনের ওপর দিয়ে বলকে আলতোভাবে তুলে জালে জড়ান তিনি। সেই মুহূর্তেই তার ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়ায় ৮৯৯। ৩৮ বছর বয়সেও মেসির গোল করার ধারাবাহিকতা এখনো অবিশ্বাস্য। ২০২৩ সালের জুনে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে ইতিমধ্যে ৮০টি গোল করেছেন তিনি। মেসির পুরো ক্যারিয়ারের গোলসংখ্যা এখন বিভিন্ন দল মিলিয়ে বিস্তৃত এক ইতিহাস। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে তিনি করেছেন ৬৭২ গোল। ফরাসি ক্লাব পিএসজির হয়ে করেছেন ৩২ গোল। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ১১৫। আর ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত করেছেন প্রায় ৮০ গোল। এই গোলগুলোর মাধ্যমে বার্সেলোনা, আর্জেন্টিনা জাতীয় দল এবং ইন্টার মায়ামি-এই তিন দলের ইতিহাসেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে লিখেছেন মেসি। তার এই ধারাবাহিকতা ফুটবল ইতিহাসে এক বিরল উদাহরণ। এখন ফুটবল বিশ্ব তাকিয়ে আছে তার পরবর্তী গোলটির দিকে। সেই গোলটি হলেই মেসি পেশাদার ফুটবলের ইতিহাসে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন।
ঈদ উদযাপনে ৭ দিনের সরকারি ছুটি পাচ্ছেন না তারা

ঈদ উদযাপনে ৭ দিনের সরকারি ছুটি পাচ্ছেন না তারা আগামী ঈদুল ফিতর ও পবিত্র শবে কদর উদযাপনের জন্য ১৮ মার্চ এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। রোববার (৮ মার্চ) জনপ্রশান মন্ত্রণালয় থেকে ছুটি বাড়িয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান এই ছুটির আওতায় পড়বে না।সরকারি বিশেষ ছুটির সময় জনস্বার্থে এবং জরুরি সেবা সচল রাখতে কিছু সেক্টরকে এই ছুটির বাইরে রাখা হয়েছে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ১ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার ঘোষিত এই বিশেষ ছুটির সময় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জনস্বার্থে এবং জরুরি সেবা সচল রাখতে বেশ কিছু সেক্টরকে এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে।জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবায় নিয়োজিত কর্মী ও সংশ্লিষ্ট যানবাহনগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। চিকিৎসা সেবার গুরুত্ব বিবেচনা করে হাসপাতাল ও জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক এবং অন্যান্য কর্মীদের জন্য এই ছুটি কার্যকর হবে না। একই সঙ্গে ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও কর্মস্থলে নিয়োজিত থাকবেন। এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অফিসসমূহও তাদের নিয়মিত কার্যক্রম চালু রাখবে। এছাড়াও কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবে। বেসরকারি খাতের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। একইসঙ্গে যুক্ত হলো ১৮ মার্চ সাধারণ ছুটি। এদিকে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি।
সংকট মোকাবিলায় চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ

সংকট মোকাবিলায় চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে বাংলাদেশ জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনা রাষ্ট্রদূত জানান, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন। তবে বাংলাদেশ কী ধরনের জ্বালানি সহায়তা চায়, সে বিষয়ে বেইজিং জানতে চেয়েছে। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প নতুন সরকার ও চীনের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি। এ প্রকল্পে দ্রুত কাজ শুরুর বিষয়ে উভয় পক্ষ আশাবাদী। পাশাপাশি নতুন ঋণ সুবিধা ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে।
ডিসি সম্মেলন শুরু আগামী ৩ মে

ডিসি সম্মেলন শুরু আগামী ৩ মে আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি স্মারক জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। স্মারকে সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্মারকে বলা হয়েছে, আগামী ৩ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন অধিবেশনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেবেন এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ চার বোতল বিদেশি মদ নিজ হেফাজতে রাখার অভিযোগে কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা মামলায় তাকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) শুনানি শেষে ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়ে এ রায় দেন। এর আগে, গত ৩ মার্চ আদালত মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য সোমবার (৯ মার্চ) দিন নির্ধারণ করেন। শুনানিকালে আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন। রায়ের প্রতিক্রিয়ায় তিনি জানান, তিনি ন্যায়বিচার পেয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভুক্ত পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়। পরে মদগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
ভিজিটর ভিসা ব্যবহার নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

ভিজিটর ভিসা ব্যবহার নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে শিশু দত্তক নেয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, এই প্রক্রিয়া অনুসরণের ফলে গুরুতর আইনি ও অভিবাসন সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। আজ ভিসা সংক্রান্ত এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত পর্যটন বা স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের জন্য। এই ভিসা ব্যবহার করে দত্তক নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনগত পথকে এড়িয়ে যাওয়ার শামিল। এর ফলে কয়েকটি স্তরে আইন লঙ্ঘনের ঝুঁকি থাকে। জেনেশুনে আইনি প্রক্রিয়া এড়িয়ে বি১/বি২ ভিসার জন্য আবেদন করলে তা ভিসা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে।
চলতি বছর ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকারের নির্বাচন করবে ইসি

চলতি বছর ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকারের নির্বাচন করবে ইসি চলতি বছর ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী হবে। ফলে এ বছরই নির্বাচনগুলো করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। আজ ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। তারা বলছেন, দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে এ বছর নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি। আগামী বছরে আরও ৩৪৯টি। এ ছাড়া ভেঙে দেওয়া ৩৩০ পৌরসভা, ৪৯৫ উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১ জেলা পরিষদ এখনই নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে। কর্মকর্তারা বলছেন, নির্বাচন উপযোগী হলেও তা সরকারের ওপর নির্ভর করবে কখন ভোট হবে। কেননা, স্থানীয় সরকার ভোটগুলোর সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে। কমিশন কেবল ভোটের আয়োজন করে। তবে এরই মধ্যে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি নির্বাচন করতে ইসিতে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এজন্য সব নির্বাচনের প্রস্তুতি রাখছে ভোট আয়োজনকারী সংস্থাটি। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নাই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে তা আয়োজন করতে হয়। সারা বছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে। তিনি আরও বলেন, দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে তার জন্য সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে।

চাঁপাইনবাবঞ্জে ৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল নেশার ট্যাবলেট জব্দ, ঈদ উপলক্ষে সীমান্তে বিশেষ সতর্কতা শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৩ হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টডল ট্যবলেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। এ ছাড়া জ্বালানি তেল পাচার রোধসহ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষেও সীমান্তে বিশেষ নজরদারি শুরু করেছে বিজিবি। বিজিবি জানায়, গত কাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকায় অভিযান চালায়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪ লক্ষাধিক টাকা মূল্যের ৩,০৫০ পিস ট্যাপেন্টডল জব্দ হয়। আজ ৫৩বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিগত ৩ মাসে ৫৩ বিজিবি আওতাধীন সীমান্তে একজন আসামীসহ ৩৮৯ বোতল মদ, ২৩২ বোতল ফেনসিডিল, ১ হাজার ৫৬৮ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ, ৭ হাজার ৫৫০ পিস ট্যাপেন্টডল ট্যবলেট,একটি ইঞ্জিনচালিত নৌকা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে। এসব মালামালের বাজার মূল্য ২২ লক্ষাধিক টাকা। অধিনায়ক মোস্তাফিজুর আরও বলেন, সীমান্তে নিয়মিত সার্বক্ষনিক দায়িত্বের পাশাপাশি আসন্ন ঈদ মৌসুমে ও জ্বালানি তেল চোরাচালন রোধে সীমান্তের স্থল ও নদীতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোষ্ট পরিচালনা শুরু করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী হতে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় সরবরাহের দায়ে দুজনের ৩ লক্ষ টাকা অর্থদন্ড

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী হতে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় সরবরাহের দায়ে দুজনের ৩ লক্ষ টাকা অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদী হতে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় সরবরাহের অভিযোগে দুজনকে ৩ লক্ষ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ওই দুজনের মধ্যে একজনকে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। আদালত সূত্র জানায়, গতকাল দিবাগত রাত ১২টার দিকে সুন্দরপুর ইউনিয়নের ৬,৭ ও ৮ নং স্পার বাঁধ এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে অভিযান টের পেয়ে মাটি উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে পরে পাশের ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বিএমএইচ ব্রিকস এর সামনে মাটিভর্তি ট্রাক্টরসহ সাকিব রানা নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তঅৎক্ষনিক জিজ্ঞাসাবাদে তিনি ৮ নং স্পার বাঁধ এলাকা হতে মাটি উত্তোলন করে ভাটায় সরবারহের বিষয়টি স্বীকার করেন। বিষয়টি ইটভাটার ম্যানেজার এনামুল হকও স্বীকার করেন। উভয়ের স্বীকারোক্তিতে সাকিবকে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ১৫ ধারায় ৫দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া তাঁকে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। অপরদিকে এনামুল হককে ১ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ করে তাৎক্ষনিক আদায় করা হয়। আজ ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ অভিযানটি নিশ্চিত করেছেন।
যুদ্ধের জেরে তীব্র পানিসংকটের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য

যুদ্ধের জেরে তীব্র পানিসংকটের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। এই যুদ্ধের মধ্যপ্রাচ্যজুড়ে পানিসংকটের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। কেননা, মরুপ্রধান এই অঞ্চলের টিকে থাকার প্রধান অবলম্বন ডিস্যালাইনেশন প্ল্যান্ট (পানির লবণাক্ততাদূরীকরণ কেন্দ্রগুলো) এখন সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত রবিবার বাহরাইনের একটি পানি শোধনগার ইরানি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মাত্র একদিন আগে ইরান জানিয়েছিল, তাদের কেশম দ্বীপের একটি পানি শোধনগারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ডিস্যালাইনেশন প্ল্যান্ট কী? ডিস্যালাইনেশন প্ল্যান্ট মূলত সমুদ্রের লবণাক্ত পানি থেকে লবণ ও দূষণ অপসারণ করে পানযোগ্য পানি তৈরি করে। এই প্রক্রিয়ায় সাধারণত দুটি প্রযুক্তি ব্যবহার করা হয়— তাপ প্রয়োগ করে পানি বাষ্পে পরিণত করে পরে তরলে রূপান্তর এবং মেমব্রেন প্রযুক্তি, বিশেষ করে ‘রিভার্স অসমোসিস’, যা লবণ ও অন্যান্য উপাদান আলাদা করে। উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ এই রিভার্স অসমোসিস প্রযুক্তি ব্যবহার করে। মধ্যপ্রাচ্যে এর গুরুত্ব মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল প্রাকৃতিকভাবে অত্যন্ত শুষ্ক। বৃষ্টিপাত কম এবং মিঠা পানির উৎস সীমিত। ফলে এই অঞ্চলের দেশগুলো পানির বড় অংশই পায় সমুদ্রের পানি বিশুদ্ধ করে। আরব সেন্টার ওয়াশিংটন ডিসির তথ্যমতে, বিশ্বে মোট ডিস্যালাইনেশন সক্ষমতার প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সদস্য দেশগুলো। বিশ্বের মোট পরিশুদ্ধ সমুদ্রের পানির প্রায় ৪০ শতাংশ এখানেই উৎপাদিত হয়। দেশভেদে পানির নির্ভরতার হারও অনেক বেশি। যেমন- কুয়েতে সুপেয় পানির প্রায় ৯০ শতাংশ, ওমানে ৮৬ শতাংশ, সৌদি আরবে প্রায় ৭০ শতাংশ ও সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪২ শতাংশ পানি ডিস্যালাইনেশন প্ল্যান্টের ওপর নির্ভরশীল। এসব দেশে চার শতাশিক ডিস্যালাইনেশন প্ল্যান্ট রয়েছে। হামলার সম্ভাব্য প্রভাব বিশেষজ্ঞদের মতে, এসব স্থাপনায় হামলা হলে শুধু পানি সরবরাহই নয়, পুরো অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে। অতীতে ১৯৯০–৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক কুয়েতের বেশিরভাগ ডিস্যালাইনেশন স্থাপনা ধ্বংস করে দেয়, যার ফলে দেশটির পানি সরবরাহে বড় সংকট তৈরি হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এসব প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হলে- শহরগুলোর পানির সরবরাহ দ্রুত কমে যেতে পারে, কৃষি ও খাদ্য উৎপাদনে চাপ তৈরি হতে পারে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। সবচেয়ে ঝুঁকিতে কোন দেশ বিশেষজ্ঞদের মতে, ছোট উপসাগরীয় দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে- যেমন: বাহরাইন, কুয়েত ও কাতার। কারণ এসব দেশের বিকল্প পানি উৎস খুবই সীমিত এবং কৌশলগত পানির মজুতও তুলনামূলক কম। তবে বড় দেশগুলো কিছুটা প্রস্তুতি রেখেছে। উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৪৫ দিনের পানির মজুত ধরে রাখার পরিকল্পনা করেছে। সমাধানের পথ বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলোকে পানি নিরাপত্তাকে আঞ্চলিক নিরাপত্তা হিসেবে বিবেচনা করতে হবে। সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- যৌথ আঞ্চলিক পানির মজুত গড়ে তোলা, সমন্বিত ডিস্যালাইনেশন নেটওয়ার্ক তৈরি ও নবায়নযোগ্য জ্বালানিচালিত ছোট প্ল্যান্ট বাড়ানো। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ আরও বিস্তৃত ও দীর্ঘ হলে এবং জ্বালানি ও বেসামরিক অবকাঠামোর মতো পানির স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হলে মধ্যপ্রাচ্যের অনেক দেশে মানবিক এই সংকট তৈরির আশঙ্কা রয়েছে।