চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ৫০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় আব্দুল হালিম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। আজহ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন। দন্ডিত হালিম গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বিরামপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় অসিম নামে অপর আসামীকে বেকসুর খালাস প্রদান করে আদালত। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর চৌডালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌডাালা গ্রাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক হন হালিম। এ ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় দু’জনকে আসামী করে মামলা করেন ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) ও ডিবি’র তৎকালীন উপ-পরিদর্শক মাহফুজুর রহমান দু’জনকেই অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ পলাতক হালিমকে দোষী সাব্যস্ত করে এবং অসিমকে খালাস দিয়ে সাজা ঘোষণা করেন।
শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইমামরা

শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইমামরা চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং মোকাবিলার জন্য বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের মতামত গ্রহণ ও প্রশিক্ষণ-২০২৬’ চলছে। সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে গত রবিবার থেকে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। আগামীকাল মঙ্গলবার এ প্রশিক্ষণ শেষ হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে আলোচনা করেন— জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, সদর থানার নারী ও শিশু বিষয়ক ডেস্কের কর্মকর্তা এসআই রোক্সি খাতুন, এসএসবিসি প্রকল্পেরর ব্যবস্থাপক উত্তম মন্ডল, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। এর আগে গত শনিবার আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুফতি হানিফ মো. আব্দুল কাদের। গত দুই দিনের প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সদর উপজেলার লক্ষ্মীপুর জামে মসজিদের খতিব মো. এখলাসুর রহমান। বক্তারা শিশুদের সুরক্ষায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে বলেন— আপনারা সমাজের সবচেয়ে শ্রদ্ধেয় ও সম্মানিত মানুষ, আপনাদের নেতা মানা হয়, আপনাদের কথা মানুষ শোনে এবং মানে। কাজেই আপনারা মসজিদে নামাজের সময় মুসল্লিদের সচেতন করবেন। তাহলে অনেকাংশে নারী ও শিশু নির্যাতন বন্ধ হবে।
এপস্টিন তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন ক্লিনটন দম্পতি

এপস্টিন তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন ক্লিনটন দম্পতি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনকে নিয়ে কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মার্কিন কংগ্রেসকে অবমাননার অভিযোগে ক্লিনটন দম্পতিকে অভিযুক্ত করা হবে কি না, তা নিয়ে ভোটাভুটির কয়েক দিন আগে এ ঘোষণা এল। কংগ্রেসের হাউজ নজরদারি কমিটির তলব সত্ত্বেও এর আগে ক্লিনটন দম্পতি সাড়া দেননি। এ নিয়ে কয়েকমাস ধরে অচলাবস্থা চলার পর অবশেষ কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হলেন তারা। বিল ক্লিনটন ২০১৯ সালে কারাগারে মারা যাওয়া এপস্টিনের সাথে পরিচিত ছিলেন। কিন্তু তিনি এপস্টিনের যৌন অপরাধের বিষয়ে জ্ঞাত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, তিনি দুই দশক আগে এপস্টিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন। সাক্ষ্য গ্রহণ কখন অনুষ্ঠিত হবে তা স্পষ্ট নয়। তবে ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর এটিই হবে প্রথমবারের মতো কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের কংগ্রেসের প্যানেলে সাক্ষ্য প্রদান। সোমবার রাতে বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, ক্লিনটন দম্পতি প্যানেলের সামনে উপস্থিত হবেন।
শাকিব ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেই: চিত্রনায়ক সিয়াম

শাকিব ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেই: চিত্রনায়ক সিয়াম ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা। চিত্রনায়ক সিয়াম আহমেদের ‘রাক্ষস’ সিনেমাও ঈদে দেখতে পাবেন। ফলে ঈদে বক্স অফিসে মুখোমুখি লড়াই করবেন এই দুই তারকা। ওপার বাংলার দর্শকদের দাবি- সিয়াম আহমেদ শাকিব খানের ঘাড়ে শ্বাস ফেলছেন। ভারতীয় একটি গণমাধ্যম সিয়ামের কাছে এসব তথ্য তুলে ধরেন। এ বিষয়ে সিয়াম আহমেদ বলেন, সত্যিই যদি লোকে এমনটা বলে, তাহলে আমার দায়িত্ব আরো বাড়ল। ঘষেমেজে নিজেকে আরো তৈরি করতে হবে, আরো ত্রুটিমুক্ত হতে হবে। আসলে সেরকম কিছুই না। ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদনদুনিয়াকে কাঁধে নিয়ে বয়ে চলেছেন। উনার (শাকিব খান) সমতুল্য হওয়া সহজ নয়, আর সেই চেষ্টাও করি না। বরং নিজের কাজটা করে যাই। ঈদে সিনেমা মুক্তির বিষয়ে সিয়াম আহমেদ বলেন, ঈদ আমাদের বড় উৎসব। এ সময় সবার সেরা কাজগুলো পর্দায় জায়গা করে নেয়। শাকিব ভাইয়ের সঙ্গে আমিও জায়গা পাই, এটা ভেবেই আনন্দ লাগে। শাকিব খানের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই? এ প্রশ্নের জবাবে সিয়াম আহমেদ বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। নিজের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতা কাজ করে। দর্শক নতুন সিনেমা কতটা ভালোবাসল, তাদের নতুন কী দিতে পারলাম; আগের সিনেমা থেকে নিজেকে কতটা নিয়ে যেতে পারলাম, এটাই। বিনোদনধর্মী সিনেমায় সিয়াম আহমেদকে ভালো মানায়। দর্শকও সেভাবেই তাকে দেখতে চান। তাই কোনোভাবেই দর্শককে নিরাশ করতে চান না সিয়াম আহমেদ। পরিচালক হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমাও সেই ঘরানার। এতে সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে তাকে প্রেম করতে দেখা যাবে।
র্যাংকিংয়ে টাইগ্রেসদের জয়- ২০৬ ধাপ এগোলেন মারুফা

র্যাংকিংয়ে টাইগ্রেসদের জয়- ২০৬ ধাপ এগোলেন মারুফা মাঠে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন মিলল এবার আইসিসি র্যাংকিংয়েও। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন মারুফা আক্তার, সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতিরা। আজ আইসিসি নারী ক্রিকেটের সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে সবচেয়ে চমকপ্রদ উন্নতি করেছেন তরুণ পেসার মারুফা আক্তার। বাছাইপর্বে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়ে তিনি র্যাংকিংয়ের বাইরে থেকে এক লাফে ২০৬ ধাপ এগিয়ে সেরা একশতে ঢুকে পড়েছেন। বর্তমানে ৩৬৪ রেটিং পয়েন্ট নিয়ে মারুফার অবস্থান ৯২ নম্বরে। ব্যাটারদের মধ্যে বরাবরের মতো উজ্জ্বল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টুর্নামেন্টে ১৫৪ রান করে তিনি তিন ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন। তবে নজর কেড়েছেন সোবহানা মোস্তারি; আসরে দ্বিতীয় সর্বোচ্চ ২৬২ রান করে ১৬ ধাপ এগিয়ে বর্তমানে ৩৬ নম্বরে আছেন তিনি। এছাড়া ৫ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার দোলা। তবে টুর্নামেন্টে ১৯৫ রান করলেও র্যাংকিংয়ে পিছিয়ে গেছেন অভিজ্ঞ শারমিন আক্তার সুপ্তা। তিনি ১৩ ধাপ পিছিয়ে বর্তমানে ৪৮ নম্বরে অবস্থান করছেন। বোলারদের মধ্যে নাহিদা আক্তার ৮ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন। এছাড়া বড় লাফ দিয়েছেন তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার; ৪৩ ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ৭৪ নম্বরে।
রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করতে পারেন, সে লক্ষ্যে রমজানের ২৬ দিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রি করবে সরকার। আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সৌভাগ্য রজনি পবিত্র শবে বরাত আজ

সৌভাগ্য রজনি পবিত্র শবে বরাত আজ আজ দিবাগত রাত পবিত্র শবেবরাত। হিজরি সনের ১৪ শাবান রাত লাইলাতুল মুবারাকা বা বরকতময় এক পবিত্র রজনি। মহান আল্লাহ রব্বুল আলামিন এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন এ রাতে মানুষের জন্ম-মৃত্যু ও আমল অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারণ করা হয়। তাই মুসলিম বিশ্বে পবিত্র এ রাতটি সৌভাগ্য রজনি হিসেবে পালিত হয়ে থাকে। এদিকে, পবিত্র শবে বরাত উপলক্ষে সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
র্যাবের নতুন নাম ‘এসআইএফ’

র্যাবের নতুন নাম ‘এসআইএফ’ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাহিনীটির নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’-এসআইএফ। আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অনুযায়ী বাহিনীর পোশাক প্রস্তুতের কাজও চলমান রয়েছে।
দেশে এসেছে ২ লাখ ৯৭ হাজারের বেশি পোস্টাল ব্যালট

দেশে এসেছে ২ লাখ ৯৭ হাজারের বেশি পোস্টাল ব্যালট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।
প্রবাসীদের ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে না এলে বাতিল ঝুঁকিতে .

প্রবাসীদের ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে না এলে বাতিল ঝুঁকিতে গণভোট ও পোস্টাল ব্যালটে যে সব প্রবাসী ভোট দিয়েছেন, তাদের ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে না পৌঁছালে বাতিলের ঝুঁকিতে পড়তে পারে। আজ পোস্টাল ভোট বিডি অ্যাপে এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনার ব্যালট অবশ্যই ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সঠিক সময়ে পৌঁছানো দেরি হতে পারে। এর আগে ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণনা করা হবে না।