পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন

পোস্টাল ভোট দিতে ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা রয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিবন্ধনকারী ভোটারদের মধ্যে ৫ লাখ ২৩ হাজার ২৩৮ জন পুরুষ এবং ৩৪ হাজার ৬১৯ জন নারী। প্রবাসী ভোটারদের মধ্যে সর্বাধিক নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে। দেশটি থেকে ১ লাখ ৩৬ হাজার ৩১৯ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া কাতার থেকে ৫১ হাজার ৫৮২ জন, ওমান থেকে ৩৭ হাজার ৭৫৫ জন, মালয়েশিয়া থেকে ৩৫ হাজার ৪৬৭ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৪১৮ জন, যুক্তরাষ্ট্র থেকে ২৩ হাজার ৮০২ জন, কুয়েত থেকে ১৯ হাজার ৬৭৯ জন, যুক্তরাজ্য থেকে ১৮ হাজার ৪৭৯ জন, সিঙ্গাপুর থেকে ১৭ হাজার ৫৯ জন, ইতালি থেকে ১৩ হাজার ৬৯২ জন এবং কানাডা থেকে ১১ হাজার ১১১ জন ভোটার নিবন্ধন করেছেন। অন্যদিকে, ইন-কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে দেশে অবস্থানরত ৮৩ হাজার ৮২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। জেলা ভিত্তিক নিবন্ধনে কুমিল্লা জেলা শীর্ষে রয়েছে। জেলাটি থেকে ৫৬ হাজার ৮৮৯ জন ভোটার নিবন্ধন করেছেন। ঢাকা জেলায় ৪৮ হাজার ২৫৪ জন, চট্টগ্রামে ৪৭ হাজার ৩৩৯ জন, নোয়াখালীতে ৩২ হাজার ৭৪৫ জন, সিলেটে ২৩ হাজার ৫৯৫ জন এবং চাঁদপুরে ২২ হাজার ৩০৫ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচনী আসন অনুযায়ী সর্বাধিক নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে, যেখানে ৮ হাজার ৭৯২ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ৮ হাজার ৭৫ জন, নোয়াখালী-১ আসনে ৭ হাজার ৭৫৭ জন, কুমিল্লা-১০ আসনে ৭ হাজার ৬৪৩ জন এবং নোয়াখালী-৩ আসনে ৭ হাজার ২৯০ জন ভোটার নিবন্ধন করেছেন। এদিকে, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে জানান, শুক্রবার ও শনিবার মোট ১০টি দেশের ৪১ হাজার ৫৪৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে ভোটাররা অ্যাপ বা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের তালিকা দেখতে পারবেন এবং নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ব্যালট পেপারে ভোট প্রদান করবেন। এছাড়া, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত দেশগুলোতে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। রোববার বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বেলা ১টা ৫ মিনিটের দিকে তিন বাহিনী প্রধান নির্বাচন কমিশন ভবন ত্যাগ করেন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তাদের বিদায় জানান। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অংশ নেন। এছাড়া বৈঠকে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, রোববার দুপুর ১২টায় তিন বাহিনী প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তিন বাহিনী প্রধানকে পৃথকভাবে অভ্যর্থনা জানান। এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত নির্বাচন কমিশনের একটি সভা রোববার দুপুর আড়াইটায় আগারগাঁওয়ের ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভাশেষে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফিং করা হবে। এ বিষয়ে ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার এই সভা প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সভায় নির্বাচন পূর্ব আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণ বিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচ্য সূচিতে থাকবে।

রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েছে, দুই দিন সূর্যের দেখা নেই

রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েছে, দুই দিন সূর্যের দেখা নেই রাজশাহী মহানগর ও আশপাশের উপজেলায় হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশার কারণে টানা দুই দিন সূর্যের দেখা মেলেনি। গভীর রাত থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। রোববার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (১৯ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে রাজশাহীসহ উত্তরাঞ্চলে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে। হঠাৎ শীত বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। কাজের সুযোগ কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন দিনমজুররা। শীতের কারণে অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তারেক রহমান জানান, শুক্রবার রাত থেকে তাপমাত্রা হঠাৎ কমে গেছে এবং সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। শনিবার সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। বিকেলের পর আবার সূর্য আড়ালে চলে যায়। তাপমাত্রা খুব বেশি না কমলেও শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তিনি আরও জানান, চলতি মাস থেকেই মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং এই পরিস্থিতি আগামী ১৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এবার শৈত্যপ্রবাহের স্থায়িত্ব তুলনামূলক বেশি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তীব্র শীতের প্রভাবে রাজশাহী নগরীতে মানুষের চলাচল কমে গেছে। সকালে দোকানপাট খুলছে দেরিতে এবং রাত ১০টার পর শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। গ্রামাঞ্চলে সন্ধ্যার পর লোকজনের উপস্থিতি কমে যাচ্ছে এবং দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে আগেভাগেই। এদিকে শীত বাড়ায় নগরীর গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। অভিজাত মার্কেট থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতেও গরম কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন মানুষ। নগরীর রেলগেট এলাকায় কাজের সন্ধানে বসে থাকা শ্রমিক নাজমুল হোসেন বলেন, শীতের কারণে সকালে আসতে দেরি হওয়ায় আজ আর কাজ পাননি। পবার পারভেজ জানান, শীত পড়লে কাজ পাওয়া যেমন কঠিন হয়ে যায়, তেমনি শীতের মধ্যে কাজ করাও কষ্টকর হয়ে পড়ে। শীতের তীব্রতায় বিশেষ করে গ্রামাঞ্চলের শ্রমিকরা বেশি বেকার হয়ে পড়ছেন। দিনের বেশিরভাগ সময় কুয়াশা থাকায় কাজের সুযোগ কমে যাচ্ছে, যা তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। সূত্র: বাসস

এলাচ খেলে কী হয় খাবারের পরে

এলাচ খেলে কী হয় খাবারের পরে এলাচ আমাদের রান্নাঘরের অন্যতম উপকরণ। এটি খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়ায়। অনেক সময় খাবারের শেষে মুখ সতেজ রাখতে চিবিয়েও খাওয়া হয়। এই অভ্যাসটি কি আসলেই উপকারী? বিশেষজ্ঞরা বলছেন, এলাচে প্রয়োজনীয় তেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হজমের আরাম এবং মুখের ভেতরের স্বাস্থ্যবিধিতে অবদান রাখে। তবে এলাচের মতো মসলা অল্প পরিমাণে ব্যবহার করা উচিত, কারণ এর প্রভাব পুষ্টির পরিমাণের চেয়ে সুগন্ধ এবং সক্রিয় যৌগ থেকে আসে। খাবারের পরে এলাচ খেলে কী হয়, চলুন জেনে নেওয়া যাক। * প্রাকৃতিকভাবে হজমে সাহায্য করে : এলাচে সুগন্ধযুক্ত যৌগ রয়েছে যা পাচক এনজাইমকে উদ্দীপিত করে। এলাচের তীব্র সুগন্ধ স্বাদ এবং সংবেদনশীল প্রতিক্রিয়া সক্রিয় করতে সাহায্য করে, যা পাচক এনজাইমকে সক্রিয় করে। এটি হজমের জন্য কার্যকর এনজাইমের নিঃসরণকে সক্ষম করে, বিশেষ করে যদি ভারী খাবারের পরে খাওয়া হয়। এলাচ পরিমিত পরিমাণে খাওয়া হলে তা পেট ফাঁপা এবং বদহজমের মতো সমস্যা কমাতে সাহায্য করে। * নিঃশ্বাস সতেজ করে : এলাচ দীর্ঘদিন ধরে একটি প্রাকৃতিক মুখ সতেজকারী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অ্যানেরোব বইয়ে প্রকাশিত ২০২০ সালের একটি অধ্যায় অনুসারে, এর প্রয়োজনীয় অয়েলের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। প্যাকেট করা মাউথ ফ্রেশনার জনপ্রিয় হওয়ার আগে খাবারের পরে পুরো মসলা চিবানো একটি সাধারণ মৌখিক স্বাস্থ্যবিধি অনুশীলন ছিল। * অ্যাসিডিটি এবং বদহজম কমায় : কিছু গবেষণায় দেখা গেছে যে, এলাচ পেটের অ্যাসিডিটির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। খাবারের পরে খাওয়া হলে এটি হালকা অ্যাসিডিটি বা অস্বস্তির জন্য প্রশান্তিদায়ক হতে পারে, বিশেষ করে মসলাদার খাবারের পরে। এলাচকে অ্যাসিড রিফ্লাক্সের চিকিৎসা হিসেবে দেখা উচিত নয়, বরং একটি সহায়ক অভ্যাস হিসেবে দেখা উচিত, যা নিয়মিত এবং অল্প পরিমাণে ব্যবহার করলে অনেকেই আরামদায়ক বলে মনে করেন।

শীতকালীন রোগবালাই কারণ, প্রতিরোধ ও চিকিৎসা

শীতকালীন রোগবালাই কারণ, প্রতিরোধ ও চিকিৎসা বাংলাদেশে শীতকাল সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়। এ সময় আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা ও শুষ্ক হওয়ায় শরীরের স্বাভাবিক রোগ-প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়ে। ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন সংক্রমণ, বিশেষ করে শ্বাসযন্ত্রের রোগের প্রকোপ বেড়ে যায়। শিশু, বয়স্ক ব্যক্তি এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তরা এ সময় বেশি ঝুঁকিতে থাকেন। শীতকালে সবচেয়ে বেশি দেখা যায় সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা। রাইনোভাইরাস ও ইনফ্লুয়েঞ্জা প্রধানত ভাইরাসের কারণে হয়ে থাকে। এর লক্ষণ হিসেবে নাক দিয়ে পানি পড়া, হাঁচি, গলাব্যথা, কাশি, জ্বর ও মাথাব্যথা দেখা দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম, গরম পানি পান ও প্যারাসিটামল সেবনে উপসর্গ কমে যায়। তবে জ্বর বা শারীরিক জটিলতা বেশি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভাইরাল ওষুধ প্রয়োজন হতে পারে। শীতকালে নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিসের ঝুঁকিও বাড়ে। ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণের কারণে এটি হতে পারে। শিশু, বয়স্ক ব্যক্তি ও দীর্ঘদিনের ফুসফুসজনিত রোগে আক্রান্তরা এ ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ। জ্বর, তীব্র কাশি, বুকব্যথা শ্বাসকষ্ট এসব রোগের প্রধান লক্ষণ। প্রতিরোধের জন্য গরম কাপড় পরা, ঠান্ডা বাতাস এড়িয়ে চলা এবং ইনফ্লুয়েঞ্জা ও নিউমোকক্কাল টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠান্ডা আবহাওয়ায় অ্যাজমা ও অ্যালার্জিক কাশির সমস্যাও বাড়ে। ঠান্ডা বাতাস, ধুলোবালি, ধোঁয়া ও পরাগরেণুর প্রতি সংবেদনশীলতা এর প্রধান কারণ। শ্বাসকষ্ট, কাশি ও বুকের ভেতর শোঁ-শোঁ শব্দ হওয়া এ রোগের সাধারণ লক্ষণ। নিয়মিত ইনহেলার ব্যবহার, অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মুখ ও নাক ঢেকে রাখা উপকারী। এ সময় চর্মরোগের প্রকোপ বাড়ে। ত্বক ফেটে যাওয়া, চুলকানি ও খুশকি এ সময় সাধারণ সমস্যা। এ থেকে রক্ষা পেতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার, অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল না করা এবং পর্যাপ্ত পানি পান করা জরুরি। শীতকালে শিশুর রোটাভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ তুলনামূলকভাবে বেশি দেখা যায়। পাতলা পায়খানা, বমি ও পানিশূন্যতা এ রোগের প্রধান লক্ষণ। চিকিৎসার মূল ভিত্তি হলো ওরস্যালাইন, পর্যাপ্ত তরল গ্রহণ ও হালকা খাবার। জটিলতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এ ছাড়া ঠান্ডা লাগা বা ভাইরাস সংক্রমণের কারণে সাইনোসাইটিস ও টনসিলাইটিসও দেখা দিতে পারে। মাথাব্যথা, মুখমণ্ডলে চাপ অনুভব, গলাব্যথা ও গিলতে কষ্ট হওয়া এসব রোগের লক্ষণ। ঠান্ডা পানীয় পরিহার, গরম পানির ভাপ নেওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম এ ক্ষেত্রে সহায়ক। শীতকালে অনেকের জয়েন্ট পেইন বা আর্থ্রাইটিসের ব্যথা বাড়ে। উষ্ণ কাপড় পরা, হালকা ব্যায়াম করা ও উষ্ণ সেঁক ব্যথা কমাতে সাহায্য করে। শীতকালীন রোগ প্রতিরোধে কিছু সাধারণ অভ্যাস অত্যন্ত কার্যকর। এর মধ্যে রয়েছে গরম কাপড় পরিধান, নিয়মিত হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাদ্যগ্রহণ, নিয়মিত পানি পান করা এবং ফ্লু ও নিউমোনিয়ার টিকা গ্রহণ। ঘরোয়া উপায়ে জ্বর বা ঠান্ডা দীর্ঘদিন না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সামান্য উপসর্গকেও গুরুত্বের সঙ্গে দেখা জরুরি। নিজে নিজে অ্যান্টিবায়োটিক সেবন বিপজ্জনক হতে পারে এবং এতে ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। ডা. নাজমুন নাহার লেখক : মেডিসিন বিশেষজ্ঞ

ঘরোয়া ফেস মাস্ক দিয়ে ত্বকের বলিরেখা দূর করুন

ঘরোয়া ফেস মাস্ক দিয়ে ত্বকের বলিরেখা দূর করুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের ত্বকে বলিরেখা দেখা দেয়। কারও কারও আবার বয়সের আগেই ত্বকে বলিরেখা ফুটে ওঠে। অনেকেই বলিরেখা দূর করতে বাজারে কেনা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। দীর্ঘমেয়াদে এসব পণ্য ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলে। সেক্ষেত্রে ঘরে তৈরি ফেসমাস্ক ব্যবহারই হতে পারে দারুন বিকল্প। ঘরে অ্যান্টিরিঙ্কেল ফেস মাস্ক কীভাবে তৈরি করবেন দই ও হলুদের ফেস মাস্ক: ১ টেবিল চামচ টক দইয়ের সাথে সামান্য হলুদের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। ১০ মিনিট রেখে শুকাতে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মসুর ডালের ফেস মাস্ক: ২ টেবিল চামচ মসুর ডালের পেস্ট নিয়ে তাতে পরিমাণমতো পানি মিশান। মিশ্রণটি মুখ এবং ঘাড়ে লাগিয়ে শুকাতে দিন। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। লেবুর রস ও দুধের ক্রিম মাস্ক: ২ থেকে ৩ টেবিল চামচ দুধের সর বেটে তাতে ২ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এটি ত্বকে লাগিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। অলিভ অয়েল ও লেবুর রসের ফেস মাস্ক: ২ টেবিল চামচ লেবুর রসে ১ চা চামচ পরিমাণে অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগান এবং ম্যাসাজ করুন। ১০ থেকে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপেলের ফেস মাস্ক: একটি আপেল পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হতে দিন। আপেলের বীজ বের করে এটিকে ব্লেন্ড করুন। এখন এতে এক চা চামচ গুঁড়ো দুধ এবং এক চা চামচ মধু যোগ করুন। ১৫ মিনিট রাখুন। পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্কগুলি কিছুটা হলেও বলিরেখা কমাতে সাহায্য করতে পারে। এছাড়াও বলিরেখা ঠেকাতে কিছু কার্যকরী টিপস মাথায় রাখতে পারেন। যেমন- নিয়মিত রাতের ত্বকের যত্নের রুটিন করুন। এর মধ্যে রয়েছে ত্বক পরিষ্কার করা, টোনিং এবং ময়েশ্চারাইজিং। রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন। সপ্তাহে অন্তত একবার ফেস মাস্ক লাগান। এগুলি কেবল ত্বকের বার্ধক্য বিলম্বিত করে না, বরং ত্বকের স্বাস্থ্যেরও উন্নতি করে। দিনে অন্তত দুবার মুখ ধুয়ে নিন। নিযমিত ব্যায়াম করুন এবং সুষম খাদ্য গ্রহণ করুন।

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’বক্স অফিসে কত আয় করল

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’বক্স অফিসে কত আয় করল বিশ্বজুড়ে সিনেমা হলের পর্দা কাঁপাতে শুরু করেছে জেমস ক্যামেরনের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সিরিজের তৃতীয় এই কিস্তিটি মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে আধিপত্য বিস্তার করেছে। যদিও উৎসবের কারণে ভ্রমণের ধুম ও পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সিনেমাটির আয় পূর্বাভাস থেকে কিছুটা কম হয়েছে, তবুও এর ব্যবসায়িক সাফল্য নিয়ে কোনো সংশয় নেই বিশ্লেষকদের। টুয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওজের তথ্যমতে, ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম তিন দিনে প্রায় ৮৮ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে। শনিবার এক দিনেই সিনেমাটি ঘরে তুলেছে ২৮ মিলিয়ন ডলার। যদিও আগের কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’-এর তুলনায় এর শুরুটা কিছুটা ধীর, তবে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির দাপট চোখে পড়ার মতো। বিশ্বজুড়ে সব মিলিয়ে সিনেমাটির প্রথম সপ্তাহের আয় ৩৪০ থেকে ৩৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে চীনে বক্স অফিস চার্টে সিনেমাটি এখনও শীর্ষে রয়েছে, যেখানে এর আয় এখন পর্যন্ত ৫২ মিলিয়ন ডলার। সিনেমাটিতে এবার দর্শকদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে না’ভিদের নতুন ও ভয়ংকর গোত্র ‘অ্যাশ পিপল’-এর সাথে। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সাধারণ দর্শকরা সিনেমাটিকে লুফে নিয়েছেন। দর্শকদের জরিপে এটি ‘এ’ সিনেমা স্কোর পেয়েছে। প্রযুক্তিগত দিক থেকে জেমস ক্যামেরন আবারও নিজেকে ছাড়িয়ে গেছেন বলে মনে করছেন দর্শকরা। ভিএফএক্স এবং ভিজ্যুয়াল ইফেক্টের প্রশংসা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এদিকে বক্স অফিসে ‘অ্যাভাটার’-এর রাজত্ব থাকলেও চমক দেখিয়েছে অ্যাঞ্জেল স্টুডিওজের অ্যানিমেশন সিনেমা ‘ডেভিড’। ২১ মিলিয়ন ডলার আয় করে এটি স্টুডিওটির ইতিহাসে সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে। এছাড়া লাইন্সগেটের ‘দ্য হাউজমেড’ ১৯ মিলিয়ন এবং প্যারামাউন্টের ‘স্পঞ্জবব মুভি’ ১৭ মিলিয়ন ডলার আয় করে লড়াইয়ে টিকে আছে।

অভিনেত্রী নোরা সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন নিজেই জানালেন

অভিনেত্রী নোরা সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন নিজেই জানালেন সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাওয়ার পথে ভারতের মুম্বাইয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিলেন বলিউডের আইটেম গার্ল ও অভিনেত্রী নোরা ফাতেহি। শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে এক চালক নোরার গাড়িতে সজোরে ধাক্কা মারেন। দুর্ঘটনার পর নোরার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। যদিও প্রাথমিকভাবে জানানো হয়েছিল, তার বড় কোনো আঘাত লাগেনি। তবু অনেকের মনেই প্রশ্ন ছিল-আসলে কেমন আছেন অভিনেত্রী? সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের শারীরিক অবস্থার কথা জানান নোরা। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি আপনাদের সবাইকে জানাতে চাই, আমি ভালো আছি, সুস্থ আছি। আমি সত্যিই একটি গুরুতর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একজন মদ্যপ ব্যক্তি আমার গাড়িতে এসে জোরে ধাক্কা মারে। আমার গাড়ি খুবই ক্ষতিগ্রস্ত হয়। মাথায় সামান্য চোট লেগেছিল। তবে অল্প কিছু আঘাত ছাড়া বড় কোনও ক্ষতি হয়নি। আমি বেঁচে আছি-এটাই সবচেয়ে বড় কথা। এই দুর্ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারত। ভাগ্য ভালো ছিল বলেই রক্ষা পেয়েছি। সবাইকে একটাই অনুরোধ, দয়া করে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। দুর্ঘটনার পর চিকিৎসকেরা নোরাকে বিশ্রামের পরামর্শ দেন বলে জানা গেছে। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করেই সানবার্ন উৎসবের মঞ্চে ওঠার সিদ্ধান্ত নেন তিনি। দুর্ঘটনার ধাক্কা সামলে বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করে দর্শকদের মন জয় করে নেন নোরা। সাধারণত গোয়ায় আয়োজন করা হলেও এ বছর মুম্বাইয়েই হচ্ছে সানবার্ন ফেস্টিভ্যাল। ১৯ ডিসেম্বর শুরু হওয়া তিন দিনের এই সংগীত উৎসব শেষ হচ্ছে আজ, ২১ ডিসেম্বর। ২০০৭ সালে প্রথমবার শুরু হয়েছিল সানবার্ন। প্রথম কয়েক বছর টানা গোয়ার ভাগাতোরে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। পরে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পুনেতে অনুষ্ঠিত হয় সানবার্ন। এরপর আবার গোয়ায় ফিরে যায় উৎসবটি। চলতি বছর তার ব্যতিক্রম হিসেবে মুম্বাইয়ে আয়োজন করা হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সানবার্নের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি বিভিন্ন বিতর্ক ও সমস্যাও বেড়েছে বলে মনে করছেন অনেকে।

কনসার্ট বাতিল করেছে শিরোনামহীন যেটি সত্য নয়

কনসার্ট বাতিল করেছে শিরোনামহীন যেটি সত্য নয় রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে আজ রোববার কনসার্ট করার কথা ছিল ব্যান্ড শিরোনামহীনের। তবে গতকাল শনিবার ২০ ডিসেম্বর রাতে নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সমাবর্তনে অংশ নেওয়া অতিথিদের একাংশের অভিযোগ ছিল, ব্যান্ডটি ইচ্ছেকৃতভাবে এই কনসার্ট বাতিল করেছে! এবার সেই বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করল শিরোনামহীন। ব্যান্ডটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানায়, কনসার্টের জন্য অগ্রিম ৩০ শতাংশ সম্মানী নিয়েছিল শিরোনামহীন। এমনকি তারা অন্য একটি কনসার্ট বাতিল করেও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পারফর্মের জন্য প্রস্তুত ছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে অবশেষে তা বাতিল হয়ে যায়। আজ রোববার ফেসবুক পোস্টে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়, ‘রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে (সমাবর্তন) আজ শিরোনামহীনের পারফর্ম করার কথা ছিল। আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করার পর গতকাল রাত ৯টার দিকে আমাদেরকে জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন প্রয়োজনীয় পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ হওয়ায় তাদের কনভোকেশনের ২য় অংশ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। এতে আরও উল্লেখ করা হয়, ‘শিরোনামহীন এই কনসার্টের ৩০ শতাংশ সম্মানী অগ্রিম হিসেবে গ্রহণ করে। যেহেতু অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করছে, তাই শিরোনামহীন নিয়মের ব্যতিক্রম করে বাকি সম্মানী পরিশোধ না হওয়া সত্ত্বেও একই তারিখে স্টেট ইউনিভার্সিটি কনভোকেশনের কনসার্টটি বাতিল করে (যেটার তারিখ রাষ্ট্রীয় শোক দিবসের দিন থাকায় ২০ থেকে ২১ তারিখ করা হয়েছে) রাজশাহী যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। সবশেষে ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করে ‘ইচ্ছেকৃতভাবে’ অংশ না নেওয়ার অভিযোগ নিয়ে শিরোনামহীন বলে, ‘কনসার্টটি শেষ পর্যন্ত ক্যান্সেল হওয়ায় এখানে আগত অতিথিদের মতো আমরাও দুঃখ পেয়েছি এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। আগত অতিথিদের একাংশের ধারণা শিরোনামহীন ইচ্ছেকৃতভাবে এই কনসার্ট বাতিল করেছে, যেটি সত্য নয়। এদিকে, শিরোনামহীন ছাড়াও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীর পারফর্ম করার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত আয়োজনটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

ঈদে মুক্তির দৌড়ে ‘রঙবাজার’

ঈদে মুক্তির দৌড়ে ‘রঙবাজার’ মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা রাশিদ পলাশের আলোচিত সিনেমা ‘রঙবাজার’ এবার মুক্তির পথে এক ধাপ এগিয়ে গেল। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম ঝলকের পোস্টার। এর পরপরই ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে মুক্তির চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। পরিচালক রাশিদ পলাশ জানান, সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। তবে বিষয়বস্তুর স্পর্শকাতরতা বিবেচনায় তারা খুব সতর্কতার সঙ্গে এগোচ্ছেন। তিনি বলেন, ‘‘‘রঙবাজার’-এর গল্প কিছুটা ভিন্ন এবং বাস্তবতার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাই আমরা ধীরে ধীরে এগোচ্ছি। শিগগিরই ট্রেইলার প্রকাশ করব। দেশের বর্তমান পরিস্থিতিতে এই গল্প নিয়ে কিছুটা ঝুঁকি তো আছেই। ট্রেইলার প্রকাশের পর পরিস্থিতি বিবেচনা করে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা রোজার ঈদকে কেন্দ্র করেই মুক্তির প্রস্তুতি নিচ্ছি। প্রায় দুই বছর আগে একটি যৌনপল্লী উচ্ছেদের বাস্তব ঘটনা অবলম্বনে ‘রঙবাজার’ নির্মাণ শুরু করেন রাশিদ পলাশ। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এর আগে সেন্সর বোর্ডে সিনেমাটি নিয়ে জটিলতার আশঙ্কার কথাও জানিয়েছিলেন নির্মাতা। সে সময় পলাশ বলেছিলেন, ‘নারায়ণগঞ্জের টানবাজার।এক সময়ের ৪০০ বছরের পুরনো যৌনপল্লী উচ্ছেদের পরিকল্পনা এবং উচ্ছেদ-পরবর্তী যে সামাজিক বাস্তবতা তৈরি হয়েছিল, সেটাই আমাদের সিনেমার মূল বিষয়। গল্পে রাজনৈতিক প্রেক্ষাপটসহ বেশ কিছু স্পর্শকাতর জায়গা রয়েছে। নির্মাতার ভাষায়, নারায়ণগঞ্জকে ‘পাপমুক্ত’ করার নামে টানবাজার ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু সেই পাপমুক্ত করতে গিয়ে যে পুরো পাপ সমাজে ছড়িয়ে দেওয়া হলো এবং এর পেছনে যে অজানা রহস্য ছিল সেই গল্পটাই আমরা সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ‘রঙবাজার’-এ অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, জান্নাতুল পিয়া, নাজনীন হাসান চুমকি, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ একঝাঁক পরিচিত মুখ। প্রকাশ পাওয়া পোস্টারে জান্নাতুল পিয়া ও তানজিকা আমিনকে দেখা গেছে। সিনেমাটির শুটিং হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায়। লাইভ টেকনোলজি প্রযোজিত এই সিনেমায় থাকছে তিনটি গান। সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব। সব মিলিয়ে বাস্তব ঘটনা ও সাহসী গল্প বলার প্রতিশ্রুতি নিয়ে ঈদের প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায় রয়েছে ‘রঙবাজার’।