৯ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশন এলাকায় আবারো তেলবাহী ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ফলে রাজশাহীর সঙ্গে রহনপুরগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান চালায়। দুপুর সোয়া ২টায় উদ্ধার কাজ শেষ হয়। এরপর রাজশাহী-রহনপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আমনুরা রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, আমনুরা জংশন এলাকায় অবস্থিত ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য খুলনা থেকে একটি তেলবাহী ট্রেন আসছিল। বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরেই তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী রুটে তিনটি ট্রেন আটকা পড়ে। পরে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেনের সদস্যরা দুপুর সোয়া ২টায় উদ্ধার কাজ সম্পন্ন করেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ২৪ জানুয়ারি আমনুরা জংশনে প্রবেশের সময় ২টি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়।