৯ এপ্রিল থেকে শুরু ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা


৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে। আজ এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। পিএসসির পরিকল্পনা অনুযায়ী, ৯ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়ে সম্ভাব্য ফল প্রকাশ করা হবে ৩০ জুলাই। এরপর ১০ আগস্ট থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে এবং ২৫ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কমিশন এক বছরের মধ্যে পুরো বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে। এর আগে গত ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি প্রকাশিত ফলে ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।