৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি, পথে আরো ৪ জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস হচ্ছে বলে জানিয়েছেন হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। আজ বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এলপিজি, এলএনজি ও জ্বালানি তেলবাহী আরো ৪টি জাহাজ দেশের পথে রয়েছে। ব্রিফিংয়ে আহমেদ আমিন আবদুল্লাহ জানান, দেশের পথে জ্বালানিবাহী চারটি জাহাজের মধ্যে একটি আজ এবং দুইটি ১২ মার্চ ও ১৪ মার্চ বন্দরের জলসীমায় প্রবেশ করার কথা রয়েছে। জ্বালানিবাহী সব জাহাজকে অগ্রাধিকার বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া বহির্নোঙরে মাদার ভেসেলের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।