সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ট্রানজিট বাণিজ্য সহজ করতে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী কাস্টমসের কমিশনার মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— রাজশাহী কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন, সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস স্টেশনের উপ-কমিশনার ওমর মবিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি বাবুল হাসনাত দুরুল ও সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ইতিসহ অন্যরা। সভায় সীমান্ত বাণিজ্য কার্যক্রম আরো গতিশীল ও সুশৃঙ্খল করা, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমের গতি বৃদ্ধি, রাজস্ব আদায় বাড়ানো, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভার আয়োজন করে সোনামসজিদ স্থল কাস্টমস শুল্ক স্টেশন।