সেমিফাইনাল খেলতে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের করণীয়

ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেকায়দায় ভারত। গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবের দল সুপার এইটে এক হারেই সেমিফাইনাল খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছে। ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আরও বড় ধাক্কা খেয়েছে গতকাল ২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১০৭ রানের বিশাল জয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার আর ওয়েস্ট ইন্ডিজের এই বড় জয়ের ফলে ভারতের নেট রান রেট (এনআরআর) ভালো রাখতে বাকি ম্যাচগুলো বড় ব্যবধানে জিততেই হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে শিমরন হেটমেয়ারের ৩৪ বলে ৮৫ রান এবং রোভম্যান পাওয়েলের দ্রুতগতির অর্ধশতকে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। জবাবে জিম্বাবুয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং লক্ষ্য থেকে অনেক দূরে থাকতেই থেমে যায়। গুদাকেশ মোতি ৪টি উইকেট নেন। ভারত আগামীকাল চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। একই দিনে গ্রুপ ১-এর অন্য ম্যাচে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারতের সেমিফাইনাল ভাগ্য অনেকটাই নির্ভর করবে এই ম্যাচের ফলের ওপর। দক্ষিণ আফ্রিকা জিতলে ভারতের পথ কিছুটা সহজ হবে।