সেমিতে যেতে পাকিস্তানের সামনে এখন যে সমীকরণ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইটা বেশ জমে উঠেছে। বিশেষ করে সুপার এইটের গ্রুপ-২ থেকে সেমির লড়াইয়ে বর্তমানে এক জায়গার জন্য লড়ছে দুই দল। ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার এবং সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। সেমিফাইনালের বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে আছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। আপাতত লড়াইয়ে বেশ এগিয়ে নিউজিল্যান্ড। দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়া কিউইরা সেমিতে এক পা দিয়ে ফেলেছে। দুই পা দিতে হলে নিজেদের পরের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিলেই চলবে। তবে না হারিয়েও যাওয়ার সুযোগ রয়েছে। সেখানেই জটিল হিসাবের খেলা। নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনেও। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে পাকিস্তানকে। যেহেতু ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ আগেই হয়ে যাবে। ফলে নিজেদের জয়ের সমীকরণ জেনেই ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ, ২৮ ফেব্রুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। সমীকরণ মেলানোর সাথে সেমির লড়াই দেখার অপেক্ষায় সবাই।