সুইমিংপুল থেকে উদ্ধার ফরাসি অভিনেত্রী, হাসপাতালে মৃত্যু

ফরাসি চলচ্চিত্রের জনপ্রিয় মুখ এবং প্রখ্যাত মরক্কান-ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। গত সপ্তাহে একটি সুইমিংপুলে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধারের পর কোমায় থাকা এই অভিনেত্রী শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। ফরাসি সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে তার দুই মেয়ে সিলিয়া এবং শানা চাসম্যান মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মায়ের মৃত্যু হয়েছে। তারা গভীর শোক প্রকাশ করে বলেন, ফ্রান্স একজন মহান শিল্পীকে হারাল, আর তারা হারালেন তাদের প্রিয় মাকে। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ম্যাথিউ ক্যাসোভিটজ পরিচালিত ব্লকবাস্টার থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’-এ অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান নাদিয়া। সেখানে তিনি জিন রেনো এবং ভিনসেন্ট কাসেলের বিপরীতে দুর্দান্ত অভিনয় করেছিলেন। ১৯৬৮ সালে মারাক্কেশে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী নিস শহরে বেড়ে ওঠেন এবং পরবর্তীতে অভিনয়ের টানে প্যারিসে পাড়ি জমান। ১৯৯২ সালে ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ সিনেমার মাধ্যমে তার রুপালি পর্দার যাত্রা শুরু হয়। এরপর তিনি জেট লি ও জেসন স্ট্যাথামের সঙ্গে অ্যাকশনধর্মী ‘ওয়ার’ এবং হরর মুভি ‘স্টর্ম ওয়ার্নিং’-এ নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন।

ব্যক্তিগত জীবনে ২০০৯ সালে মার্কিন প্রযোজক স্টিভ চাসম্যানকে বিয়ের পর তিনি সাময়িকভাবে অভিনয়জগৎ থেকে বিদায় নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। তবে ২০১৬ সালে নেটফ্লিক্সের ড্রামা সিরিজ ‘মার্সেই’-এর মাধ্যমে আবারও পর্দায় ফেরেন তিনি। ২০২২ সালে বিবাহবিচ্ছেদের পর নাদিয়া ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ফরাসি পত্রিকা লে মঁদ-এর তথ্যমতে, আগামী সেপ্টেম্বর মাসেই চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শুরু করার কথা ছিল তার। গত জানুয়ারিতে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, স্টুডিও টিএফওয়ান-এর সঙ্গে একটি অ্যাকশন কমেডি নিয়ে কঠোর পরিশ্রম করছেন তিনি।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী। ২০০৭ সালে তার মস্তিষ্কে একটি বড় অ্যানিউরিজম ধরা পড়ায় জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল। এ ছাড়া গত কয়েক বছরে তিনবার তার হার্ট সার্জারিও হয়। গত ১১ এপ্রিল প্যারিসের একটি প্রাইভেট ক্লাবের সুইমিংপুলের তলদেশ থেকে তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন এবং পরে অগ্নিনির্বাপক বাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে কৃত্রিম কোমায় রাখা হয়েছিল। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার নেপথ্যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ছিল কি না, তা খতিয়ে দেখছে ফরাসি পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।নাদিয়া ফারেসের মৃত্যুতে ফরাসি চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।