সদর ও শিবগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা
সদর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ (কন্দ) উৎপাদনের জন্য ১৫ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরন, ২০০ কেজি জৈব সার এবং ৭ কেজি বালাইনাশক (কীটনাশক ও ছত্রাকনাশক) প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান, কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ইয়াসিন আলীসহ অন্যরা।

শিবগঞ্জ উপজেলা
শিবগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদ চাষে সহায়তা দিতে ২০ জন কৃষককে পেঁয়াজ বীজ (কন্দ) ১ কেজি, ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরণ, ২০০ কেজি জৈব সার, ৭ কেজি বালাইনাশক এবং একটি সাইনবোর্ড প্রদান করা হয়। এছাড়া ৩০ জন কৃষককে ১০০ কেজি হলুদের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ উপকরণ বিতরণ করেন। তিনি বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বাড়লে দেশের আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। তিনি সঠিকভাবে উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।