শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

oplus_0

শিবগঞ্জে ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে| আজ সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এই ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম| এ সময় তিনি বলেন, সরকার কৃষকদের পাশে রয়েছে এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে| সঠিক সময়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সরকারের দেওয়া প্রণোদনা যথাযথভাবে কাজে লাগাতে হবে| পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুসরণ করলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে| তিনি বলেন, পতিত জমি আবাদে আনা, নতুন প্রজন্মকে কৃষিতে সম্পৃক্ত করা এবং কৃষিকে লাভজনক পেশায় রূপান্তর করা জরুরি| কৃষকের উন্নয়নই দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি বলেও উল্লেখ করেন তিনি| অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্যরা| উল্লেখ্য, উপজেলা কৃষি অধিদপ্তরের সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রত্যেক কৃষককে এই ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হলো|