শিবগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

শিবগঞ্জ উপজেলায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেওয়ার চেষ্টা করার অভিযোগে ওয়ালিউল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওয়ালিউল্লাহ শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের ইসারুল হকের ছেলে। শনিবার দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটের দিকে গোলাপ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওয়ালিউল্লাহ ধোপপুকুর এলাকার মেসার্স রাকিব ফিলিং স্টেশনে গিয়ে নিজেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দেন। তিনি সিরিয়াল ভেঙে দ্রুত তেল নেওয়ার চেষ্টা করলে সেখানে উপস্থিত অন্যান্য গ্রাহক ও স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে মামলা দায়ের করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।